× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রচ্ছদ রচনা

ভুলগুলো মধুক্ষরা

হামিম কামাল

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২০ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২১ পিএম

অলংকরণ: তানভীর মালেক

অলংকরণ: তানভীর মালেক

যখন পৃথিবী ক্রমশ ঠান্ডা হচ্ছে, তখনও প্রকৃতি এই গ্রহে মানুষ নামের কোনো প্রাণের আবির্ভাবের কথা চিন্তা করেনি। মানুষের অবচেতন মন যেভাবে চিন্তা করে, তথ্য খোঁজে, প্রকৃতিও সেভাবে চিন্তা করে, তবে তথ্য সে খোঁজে না, নির্মাণ করে। অবচেতন মন কিন্তু ধাপ ছাড়া কোনো পা ফেলে না। প্রকৃতিও তেমনি পৃথিবীতে প্রথম জৈব শেকল তৈরির জন্য অপেক্ষা করে থেকেছে। তারপর একসময় মানুষ এলো। একসময় আমি এলাম।

ছুটির দিন সকাল, জানালা দিয়ে আসা রোদের বিছানায় মা বালিকার মতো শুয়ে আছে। আমি চৌকাঠ ধরে দাঁড়িয়ে আমার কিশোরী বেলার মাকে কল্পনায় দেখছিলাম। তখন তিনি ভেবেছিলেন, আমি জন্ম নেব? কেউ একজন জন্ম নিতে পারেÑ এমন হয়তো ভেবেছিলেন। কিন্তু হুবহু এই আমার জন্ম হবে, সমস্ত ছুটির দিন মাটি করবে, জীবনভর কষ্ট দেবে, এমন নিশ্চয়ই ভাবেননি তখনও। মা শুক্রবারের সাহিত্য পাতা পড়ছিলেন, নিয়মিতই পড়েন। হঠাৎ মুখ তুলে আমাকে দেখতে পেয়ে হাতের ইশারায় কাছে ডাকলেন। চৌকাঠে দাঁড়িয়েছিলাম আজকের আমি, কিন্তু যে এগিয়ে গেল সে শৈশবের আমি। আমি কল্পনায় যেমন আমার মাকে ‘কিশোরী’ হিসেবে দেখছিলাম, মা-ও তেমনি শৈশবের আমাকে। পার্থক্যÑ আমারটা শুধুই কল্পনা, মায়েরটুকু স্মৃতি। আমি যখন ছিলাম মায়ের কল্পনায় তখন হয়তো আরেকটু সুদর্শন ছিলাম। কিন্তু তার সঙ্গে প্রকৃত মায়া যুক্ত ছিল না, যে মায়া আসে অভিজ্ঞতা থেকে। তখন যে মায়া ছিল তা ভ্রম। সেই মায়া এক বুদ্বুদের মতো স্পর্শকাতর। আমি এগিয়ে যেতে মা বললেন, ‘আয় পাগল। কী দেখছিলি?’

‘মা, আপনাকে আজ একটা কথার উত্তর দিতেই হবে।’ মা বললেন, ‘সর্বনাশ! না, তোকে কুড়িয়ে পাইনি। তুই আমারই ছেলে। আমার পেটের ভেতরে এত আরামে ছিলি যে বেরই হতে চাইছিলি না। আল্লাহ বলল, তুই বেরো, অনেক ঘুমিয়েছিস। কিন্তু তখন থেকেই তার কথা শুনিস না। এমনকি আমার কথাও না। তা কী সেই প্রশ্ন? আমাকে কি এক গ্লাস পানি খেয়ে নিতে হবে?’

‘আপনার আর আল্লাহর একটা কথাবার্তা কল্পনা করছি। আপনি বলছেন, ‘হে আল্লাহ, আমার ছেলে আমার কথা শোনে না। তখন আল্লাহ বলছেন, ‘রাখো! আমার কথাই শোনে না, আর তুমি।’ শুনে আপনার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ আবার আমাকে শাস্তি দেবেন না তো! তখন আপনি বললেন, ‘ও ছোটবেলায় আপনার অনেক ভক্ত ছিল। অল্প বয়সে সালাতুত তাসবিহ পড়ে ফেলেছিল। ‘আল্লাহ’বলতেই কেমন ধ্যান জমে উঠত ওর।’ আল্লাহ বললেন, ‘একজনের সঙ্গে বেশ মিল পাচ্ছি। আজাজিল নাম।’ হা হা হা হা। আপনি তখন স্তব্ধ হয়ে গেলেন। সন্তানের বিপদাশঙ্কা পেলে মায়েরা ঈশ্বরের বিরুদ্ধেও দাঁড়াতে পারে। এই পর্যায়ে আপনি ক্ষেপে বললেন, ‘যথেষ্ট হয়েছে। কৌতুক করুন কিন্তু এমন কালো কৌতুক কেন?’

মা আমাকে হাত তুলে থামিয়ে দিলেন। ‘কী বলতে চেয়েছিলি সেটা বলো। নিজে বিগড়েছ আমাকেও বিগড়ে দেওয়ার চেষ্টা করো না। বলো কী বলবে। পানি খাওয়া ছাড়াই উত্তর দেবো।’ বললাম, ‘আমার জন্মের আগে কি প্রকৃতি কোনো ইঙ্গিত ইশারায় আপনাকে সতর্ক করেছিল? ধরুন প্রথম যেদিন শুনতে বা বুঝতে পারলেন আমি পেটে এসেছি, আকাশ কালো হয়ে গেল। দুঃস্বপ্ন দেখতে থাকলেন রাতে। ভাতের মাড় গালতে গিয়ে হাত পুড়ে গেল। জন্মের দিনটি যতই ঘনিয়ে এলো, বাড়ির কাছে আসর বসিয়ে কুকুর কাঁদতে বসল লম্বা সময় ধরে। হয়নি এমন?’ মা আমার দিকে আহত চোখে তাকিয়ে বললেন। ‘তোমার কী হয়েছে? কষ্ট পেয়েছ কোনো কারণে? আমার কোনো আচরণে?’ আমি বললাম, ‘না মা, কষ্ট পাইনি। পেলে নিজেকে আরও একটু খাঁটি করে তোলার চেষ্টা করতে পারতাম। যে যাই বলুক, যাই করুক, কেন যেন আমি কষ্ট পাই না। তবে হ্যাঁ, আমার কথায়, কাজে কষ্ট পায় এমন লোক আমি গুনে শেষ করতে পারব না, মা। আমি মানুষকে অনেক আঘাত করি। সেই আঘাত তাকে আকার দেয় না। বিধ্বস্ত করে দেয়। সবচেয়ে বেশি কষ্ট পায় আমার ভালোবাসার মানুষরা। আমাকে ভালোবাসাটা আসলে অকারণ বিনিয়োগ। না বাসলেই তারা বরং ভালো থাকত। কখনও মনে হয়, ‘আমি না জন্মালেই হয়তো’— মা ঠোঁটে আঙুল দিয়ে আমায় থামিয়ে দিলেন। ‘এবার তুমি আমাকে আঘাত করছ। আর এগিয়ো না। এখানেই থেকে যাও। একটা সুন্দর সকাল কাটাচ্ছিলাম আমি, অথচ...’ মায়ের মুখের কথা কেড়ে নিয়ে বললাম, ‘দেখেছেন? ঠিক এই কথাটাই বলছিলাম। আমি কেমন যেন স্থান কাল পাত্র বুঝতে পারি না। কী সুন্দর একটা সকাল কাটাচ্ছিলেন, একটা খুকির মতোন, একটা কিশোরীর মতোন। রোদের দিকে উপুড় হয়ে শুয়ে কবিতা পড়ছিলেন। হয়তো ভাবছিলেন, বাকি দিনটাও খুব ভালো কাটবে, মধুর কাটবে। এরপর আমি এলাম। এবং এসে আমি আজকের সকালটা আক্ষরিক অর্থেই তছনছ করে দিলাম।’

‘না! আমি তা বলতে চাইনি।’ বললেন মা। ‘আমি একটা সুন্দর সকাল কাটাচ্ছিলাম অথচ আমি ভাবতেই পারিনি আমার সন্তান এমন কষ্ট বয়ে বেড়াচ্ছে। কাছে এসো। মা আদর করে দিই।’ আমি বললাম, ‘না মা। আমি বরং দূরেই থাকি। নিজের ঘরেই থাকি বরং। বের হলেই চারদিকে দুঃখ ছড়ায়। আমি কাছে আসব না।’ মা উঠে বসলেন, বিছানা থেকে পা নামিয়ে। আবার হাতছানি। আমি দুদিকে মাথা নাড়ি, আসব না। আবার মায়ের হাতছানি। আবার মাথা নাড়ি আমি। আবারও হাতছানি।

মা কী করে জানলেন, প্রতিটা বার আমি ভাবছিলাম, আরেকবার ডাকলেই যাব। সত্যিই ডাকলে মনে হচ্ছিল আরেকবার, আরও একবার। কেমন একটা পরীক্ষা নিচ্ছিলাম যেন। মায়ের? আমার? মা আবারও হাত তুললেন। আমি তৃষ্ণা নিয়ে তাকিয়ে আছি। আঙুলগুলো চোখের পাতার মতো নামছে না; কেন?

যেন একটা গাছের পাতা বৃন্তচ্যুত হয়েছে। পৃথিবীর ডাকে সাড়া দিতে যাচ্ছিল, হঠাৎ থেমে গেছে। পৃথিবী তাকে আর টানছে না। যেন একটা প্রভাতমিতা পাখি ডানা ঝাপটাতে বাহু দুটো ওপরে তুলল, আর নামাল না। ছবি হয়ে গেছে। সময় ঝরে পড়ছে, সময়ের পাত্রও ক্রমশ নিচে নামছে, নামছেই। সময় তাকে ছুঁতে পারছে না। সে বুঝি বেগ বাড়াবে? বাড়াল না। পাত্র হঠাৎ কোথাও স্থির জলের ওপর শব্দ করে পড়ল। চারদিকে জলের মুকুট উঠেছে। ঠিক তখনই, সময় তাকে স্পর্শ করল। বৃন্তচ্যুত পাতা নামতে শুরু করল আবার। পাখসাট শোনা গেল কোথাও। মায়ের হাতের পাঁচটি আঙুল চোখের পাতার মতো নেমে এলো। মা ডাকছে। আমি পা বাড়ালাম।

মা আমার পিঠে হাত রেখে বললেন, ‘ভেবেছিলে শেষবার ডাকছি?’ মা আমার চিন্তা পড়তে পারেন। আমি মেনে নিয়েছি। হেসে সায় জানালাম। মা বললেন, ‘আমার একজন ব্যক্তিগত জ্যোতিষ ছিল। তুমি হওয়ার আগে সে কী বলেছিল জানো? বলেছিল, ‘তোমার স্বপ্নটা তুমি আর কাউকে বলোনি, সবার আগে আমাকে বলেছ, এটা খুব ভালো করেছ নাহার। অন্য কেউ ভুল ব্যাখ্যা করে তোমাকে কষ্ট দিতো।’আমি বললাম, ‘কাউকে বলিনি তা নয়। আমার স্বামীকে বলেছি।’জ্যোতিষ বলেছিল, ‘আমার মন বলছে তিনি তোমাকে ঘাবড়ে দেননি। তোমার চোখেমুখে তেমন মনের ছায়া নেই। শুনে কী বলেছেন তিনি?’ বললাম, তিনি বলেছেন,‘যা দেখেছ ভালো দেখেছ।’ শুনে জ্যোতিষ বললেন, ‘ঠিক এভাবেই বলতে হয়। যাক। তোমার পায়ের কাছে একটা নেকড়ে বসে আছেÑ এই স্বপ্নের অর্থ তুমি মাতৃভক্ত সন্তানের মা হতে চলেছ। তোমার মনে হয়নি নেকড়েটা ছেলে নাকি মেয়ে— এটাও খুব ভালো। তোমার মানসিকতা বোঝাচ্ছে। তুমি গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তা নিয়ে সচেতন মনে কিছু ভাবোনি। অবচেতন মনের কথাও তুমি জানো না। স্বপ্নে সে তা জানায়নি। তবে সন্তানের মন কেমন হবে জানিয়েছে। সে মাতৃভক্ত হবে, কিন্তু বন্যও। সে হবে পরিবারের সন্তান। কিন্তু সে বাধ্য কেউ হবে না। তার নখ দাঁত থাকবে, ভয়াল। কিন্তু সেটা তোমাকে আঘাত করার জন্য না। রক্ষা করার জন্য’ মা থামলেন। বললাম, ‘নেকড়ে দেখেছিলেন আপনি! আমাকে তো কখনও বলেননি। প্রায়ই নিজেকে আমার নেকড়ে মনে হতো, মনে হয়। যেন আমি ঠিক মানুষ নই। কখনও মনে হয় আমার আত্মা কোনো নেকড়ের ভেতর বাস করছে। বহু দূরে, গহিন বনে, তীব্র ঠান্ডা সেখানে’। মা বললেন, ‘তুমি খুব আবেগী। আবেগটা তোমার অস্ত্র। আবেগই তোমার ফাঁদ। শিকারির মতো তোমাকে অপেক্ষা করতে শিখতে হবে। তোমার অস্ত্র, অপরকে আঘাতের জন্য না। এ কথা তুমি আগেই জেনেছ। আমি আজ বলার আগেই। তাই না?’ বললাম, ‘তাতে কিছু এসে যায়নি মা।’ মা বললেন, ‘কারণ তুমি অপেক্ষাটা, ধৈর্য্যটুকু, এখনও আয়ত্ব করতে পারনি। এখনও। কিন্তু তুমি আজ একটা সীমা বোঝার ক্ষমতার পরীক্ষায় উৎরে গেছ। পরীক্ষা তুমিও আমার নিচ্ছিলে, আমিও তোমার নিচ্ছিলাম। দুজনই দুজনের পরীক্ষায় উৎরে গেছি, তাই না?’ দ্বিমতের সুযোগ নেই। মা বললেন, ‘তোমার অরণ্য আছে। যখন দেখবে ধৈর্য্যের পরীক্ষায় উৎরাতে পারবে না, ফাঁকা উত্তরপত্রে পরীক্ষার হল ত্যাগ করবে। কখনও অপরের পরীক্ষা নেবে না। দুঃখ পেতে ভয় করবে না, অপমানিত হতে ভয় করবে না। কিছু না কিছু পাবে। আনন্দের সময়গুলো দুঃখের উপহার— কখনও পরে আসে, কখনও আগাম। তাকে উদযাপন করো। দুঃখগুলো নীরবে পার করবে। বেশি উদযাপন করবে অপরের আনন্দ। তাতে ভয় কাটবে। সম্পর্ক নিয়ে ভয়। এই ভয় কাটলেই তোমার আবেগ কাউকে আঘাত করবে না। তোমার দল বাড়াবে। তুমি তো নেকড়ে!’ বললাম, ‘মা, মাঝখানে আপনাকে ছেড়ে চলে গিয়েছিলাম। তখনও কি একবারও আপনার মনে হয়নি, আমাকে জন্ম দিয়ে ভুল হয়েছে?’ মা বললেন, ‘মহাবিশ্বে পৃথিবীর আবির্ভাবটাই একটা ভুল। মধুর ভুল। পৃথিবীর বুক ফেটে চাঁদের জন্মটাও ভুল। মধুর ভুল। প্রাণের আবির্ভাব মধুর ভুল। মানুষের আবির্ভাবও তাই। তোমারও,’ মা কষ্ট চেপে হাসছেন, ‘আমারও।’ কী নিয়ন্ত্রিত তার আবেগ! আমি বিস্ময়ে দেখে যাই।

তাহলে এই তো দাঁড়াল? মানুষের অবচেতনের মতোই প্রকৃতি ধাপ ছাড়া পা ফেলে না। প্রতিটি পদক্ষেপ ভুলের ফসল। এবং ভুলগুলো মধুক্ষরা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা