আলমগীর কবির
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৬ পিএম
আঁকছো তুমি খাতার পাতায় নদীর ছবি নাকি?
আমি কিন্তু সবুজ ছোঁয়া নদীর কাছেই থাকি।
তোমার নদীর ঘুম ভেঙে যায় ভোরের পাখির ডাকে,
সবুজ বনের পাখি আমার বন্ধু হয়েই থাকে।
খাতায় আঁকা তোমার নদী বইছে এঁকেবেঁকে,
আমি নদীর সুর কলতান শুনছি কাছে থেকে।
নদীর বুকে জেলের নৌকা দিচ্ছো তুলির টানও,
আমি কিন্তু জেলের কণ্ঠে শুনছি ভাটির গানও!
নদীর জলে কী এঁকেছো শাপলা ফুলের মেলা?
ফুল তুলে রোজ আমি কিন্তু করি কত খেলা।
নদীর জন্য তোমার বুঝি মায়া আছে বুকে?
কোন সে নদীর নাম রেখেছো বুকের খাতায় টুকে?