রবিউল কমল
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০২ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
সেই সকাল থেকে আরিশার মন খারাপ। কারো সাথে কোনো কথা বলছে না। মুখ গোমড়া করে ব্যালকনিতে বসে আছে। কিচ্ছুটি মুখে তুলছে না। আরিশার মন খারাপ কেন জানো? আম্মু খুব বকেছেন! কেবল বকেই থামেননি! আরও বলেছেন, কানটা আচ্ছা করে মলে দেবে। তাই আরিশা রাগ করেছে। মন খারাপ করেছে। ভেবেছে, আম্মুর সাথে আর কোনো কথাই বলবে না!
তাই ব্যালকনিতে বসে আকাশ দেখছে। মেঘ দেখছে। পাখি দেখছে। আর ভাবছে, আম্মুর নামে কার কাছে নালিশ করা যায়। নালিশ করতে না পারলে আরিশার ভালো লাগে না। মুখের মধ্যে নালিশগুলো ডালপাল মেলেছে। সারাক্ষণ মাথা ও মুখের মধ্যে কিড়বিড় করছে।
তখন ওঘর থেকে বুয়া ডাকেন, ‘আরিশা, দাদু ফোন করেছেন। তোমার সাথে কথা বলবে।’
দাদুর কথা শুনে ছুটে যায় আরিশা। দাদুর কাছেই সবসময় নালিশ করে। দাদু খুব মনোযোগ দিয়ে সেগুলো শোনেন। তারপর সুন্দর করে সমাধান দেন।
ফোনটা কানে নিয়েই আরিশা বলে, ‘হ্যালো, দাদু!’
দাদু মজা করে বলেন, ‘এই তো হেলছি! আর কত হেলব দাদু ভাই।’
‘দাদু, এভাবে মজা করবে না তো, জানো না, আজ আমার মন ভালো নেই। আম্মু খুব বকেছে’অভিমান করে বলে আরিশা।
‘আম্মু আবার বকেছে, এটা একদমই ঠিক করেনি। আচ্ছা কেন বকেছে বলো তো?’ জানতে চান দাদু।
আরিশা জবাব দেয়, ‘ছাদ থেকে পানি ফেলেছি বলে।’
‘না না, এটাতো সত্যি খারাপ হয়েছে। ছাদ থেকে পানি ফেলতেই পারো, এজন্য কেন বকতে হবে?’ বলেন দাদু।
আরিশা ফোনটা নিয়ে বলে, ‘হয়েছে কী, ওই পানি পড়েছে টিপুন আঙ্কেলের গায়ে। যে আঙ্কেলটা প্রতিদিন সকালে অফিসে যান উনিই টিপুন আঙ্কেল। তারপর আম্মুর কাছে নালিশ দিলেন। আর আম্মু আমাকে এত্তগুলো বকা দিয়েছে।’
‘কেবলই বকেছে? নাকি আরও কিছু বলেছে?’ জানতে চাইলেন দাদু।
‘আরও বলেছে, তুলে একটা আছাড় মারবে! আর বলেছে, আচ্ছা করে কান মলে দেবে। জানো আম্মু খুব পচা’বলল আরিশা।
দাদু যা বোঝার বুঝে গেছে। তাই বললেন, ‘আচ্ছা দাদুভাই, তুমি তো প্রতিদিন সেজেগুজে স্কুলে যাও, তাই না?’
আরিশা তখন মোবাইলের এপাশে মাথা নেড়ে বলে, ‘হুমম, যাই তো।’দাদু আবার বলেন, ‘তখন যদি কেউ তোমার গায়ে পানি ফেলে, কেমন লাগবে?’
‘একটুও ভালো লাগবে না। আমি তাকে আচ্ছা করে বকে দেব!’ বেশ জোরেশোরে বলে আরিশা।
এই সুযোগে দাদু বলেন, ‘হ্যাঁ, ওই কাজটাই আম্মু তোমার সাথে করেছে। তুমি টিপুন আঙ্কেলের গায়ে পানি ফেলেছ, তাই বকেছে। তার তো জামাটা নষ্ট হলো, অফিসে যাবে কীভাবে?’
আরিশা আক্ষেপ করে বলেন, ‘তাই তো, আমি তো এভাবে ভাবিনি! তাহলে তো আমার ভুল হয়েছে।’
‘এই তো আমার লক্ষ্মী দাদু ভাই। তবে একই ভুল আবার করা যাবে না। তাই এবার যখন পানি ফেলবে, নিচে দেখে ফেলবে। যেন কারো গায়ে না পড়ে,’ আদরের সুরে বললেন দাদু।
আরিশা বলে, ‘আমি শুধু শুধু আম্মুর ওপর রাগ করেছি। এখন যদি আম্মু উল্টো আমার ওপর রাগ করে?’
দাদু হাসতে হাসতে বলেন, ‘আম্মু রাগ করবে না। তুমি গিয়ে তাকে দুঃখিত বলবে। টিপুন আঙ্কেলকেও দুঃখিত বলবে। দেখবে আম্মু খুব খুশি হবে। আর আম্মুরা পচা হয় না, সব আম্মুরা হলো মিষ্টি।’
‘ঠিক আছে, দাদু’ বলে ফোনটা রাখে আরিশা। তারপর ছুটে যায় আম্মুর কাছে। আম্মু তখন রান্নাঘরে ছিলেন। আরিশা তাকে জড়িয়ে ধরে বলে, ‘আম্মু আমার ভুল হয়েছে। আর কখনও এমন করব না।’ আম্মু বলেন, ‘ঠিক আছে, এখন খাবে চলো।’ আরিশা আম্মুর গালে চুমু দিয়ে বলে, ‘তুমি আমার মিষ্টি আম্মু।’