মৃত্যুঞ্জয় রায়
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৭ পিএম
আমরা তো ভাত, রুটি, মাছ, মাংস খাই। কিন্তু গাছেরা কি খায়? বেশিরভাগ গাছ মাটি থেকে পানি ও মাটির রস শিকড় দিয়ে টেনে নেয় এবং পাতায় তা পৌঁছে যায়। পাতার ভেতরে সূর্যের আলোতে তা খাদ্যে রূপান্তরিত হয়ে আবার গাছের দেহের সব জায়গায় ছড়িয়ে পড়ে। কিন্তু এমন কিছু গাছ আছে যেগুলো অন্য কিছু খায়, এরা বিভিন্ন ছোট ছোট পোকামাকড় ধরে খায়। গাছের তো হাত পা নেই, তাই ওরা ওদের বিভিন্ন অংশকে হাতের মতো রূপান্তর করে এমন ফাঁদ তৈরি করে যেখানে এসব পোকা আটকা পড়ে। পোকামাকড়দের মাংস খেয়ে যেসব গাছ বাঁচে তাদের বলে মাংসাশী উদ্ভিদ। পৃথিবীতে এমন উদ্ভিদ একটি দুটি নয়, অন্তত ৬৩০ প্রজাতির গাছ আছে। এগুলোর মধ্যে ভেনাস ফ্লাইট্র্যাপ নামের গাছটি মাছি ধরার ওস্তাদ। বিশ্ববিখ্যাত জীব বিজ্ঞানী চার্লস ডারউইন একবার সেই গাছের দেখা পেয়েছিলেন। দেখার পর নিজেই অবাক হয়ে তাকে বিশ্বের সেরা বিস্ময়কর উদ্ভিদ বলেছিলেন।
ভেনাস ফ্লাইট্র্যাপ গাছের মাছি ধরার এক অদ্ভুত কৌশল আছে। মাছিরা গুড়, চিনি, মিষ্টি ইত্যাদির রস খেতে খুব পছন্দ করে। সে গাছও তা জানে। তাই মাছিদের আকর্ষণ করার জন্য সে গাছ থলির মতো ফাঁদ তৈরি করে, তার ভিতরে মিষ্টি মধুর মতো রস ছাড়ে। মাছিরা তা খেতে এসে সেখানে বসলে ঝপাৎ করে সে থলির মুখটা বন্ধ করে দেয়। থলির মতো সে অঙ্গটার ভেতরে এক ধরনের শুঁয়ার মতো থাকে। মাছিরা সেখানে বসলেই সেসব শুঁয়া তা বুঝতে পারে, তখন ঢাকনা বন্ধ করার জন্য গাছটিকে ইঙ্গিত করে। আর গাছটি মাছিটিকে আটকে ফেলে, আটকানোর পর গাছটি মাছিটির উপর আর এক ধরনের রস ছাড়ে; যাকে বলে এনজাই । গাছ এ রস দিয়ে মাছির দেহ গলিয়ে নরম করে হজম করে ফেলে।