অনাথ মণ্ডল, শ্যামনগর (সাতক্ষীরা)
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৭ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৭ পিএম
শিশুদের নিয়ে বেড়িবাঁধে খেজুর, বাবলা ও নিমের বীজ ছড়াচ্ছে শেখ কামরুজ্জামান
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, তাপমাত্রা বৃদ্ধি এবং ক্রমাগত বৃক্ষনিধনের মধ্যে যখন সবুজ হারানোর শঙ্কা বাড়ছে, তখন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক প্রকৃতিপ্রেমী যুবক নীরবে চালিয়ে যাচ্ছেন ব্যতিক্রমী এক উদ্যোগ। তিনি উপজেলার যাদবপুর গ্রামের শেখ হোসেন আলীর ছেলে শেখ কামরুজ্জামান। কোনো সরকারি প্রকল্প বা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই নিজের অর্থ ও শ্রমে উপজেলার বিভিন্ন সড়কের দুই পাশে খেজুর, তাল, বাবলা ও নিম গাছের বীজ ছড়িয়ে দিচ্ছেন। ভবিষ্যতের সবুজ পৃথিবী গড়ে তোলার স্বপ্ন দেখছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলাই তার এই ব্যতিক্রমী উদ্যোগের মূল লক্ষ্য।
সবুজ পৃথিবী গড়ার তাগিদ
সকাল হলেই তিনি বস্তা হাতে কয়েকজন ছোট ভাই ও বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েন বিভিন্ন গ্রামে। গ্রামের গাছতলা ঘুরে ঘুরে খেজুর, তাল, বাবলা ও নিমের বীজ সংগ্রহ করে নিয়ে আসেন বাড়িতে। কয়েক দিনের সংগ্রহ করা বীজের বস্তা সাইকেলের পেছনে বেঁধে বেরিয়ে পড়েন বিভিন্ন এলাকায়। তারপর ফাঁকা জায়গা দেখে রাস্তার দুই পাশে ছিটিয়ে দেন সেই বীজ। তার বিশ্বাস, সব বীজ অঙ্কুরিত না হলেও কিছু গাছ বড় হবে, যা ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা, ছায়া সৃষ্টি, ভূমি ক্ষয় রোধ করবে ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে।

স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করছেন
প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্পান, সিডরসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ও তাকে দেখা যায় স্বেচ্ছাসেবী হিসেবে উপকূল রক্ষা বাঁধের কাজ করতে। এ ছাড়াও বাঁশের সাঁকো তৈরি, পানির ফিল্টার পরিষ্কার করে থাকেন কামরুজ্জামান। মানুষের বিপদে পাশে থাকাই তার নেশা। প্রতি তিন মাস পরপর তিনি স্বেচ্ছায় রক্ত দান করেন। গত ছয় বছর ধরে গ্রামে গ্রামে গিয়ে শিশুদের সাঁতার শিখিয়ে চলেছেন। মাদক, জুয়া ও মোবাইল গেম শিশু ও যুবকদের যাতে আকৃষ্ট করতে না পারে সেই লক্ষ্যে কামরুজামান বিদ্যালয়ে ও খেলার মাঠে বিভিন্ন সচেতনতা মূলক ক্যাম্পাইন করেন এবং খেলাধুলা শেখান।
আরও যা করেন
বৃক্ষপ্রেম ছাড়াও কামরুজ্জামান বই পড়তে ভালোবাসেন। প্রতিদিন বিকাল হলেই সাইকেল নিয়ে শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে বই ও পত্র-পত্রিকা পড়তে চলে যান। কোনো কোনো দিন সাইকেল খারাপ থাকলে ৫ কিলোমিটার পথ হেঁটেই যাওয়া-আসা করেন। মাঝে মধ্যে এনজিওর সেমিনারে তার ডাক পড়ে। এনজিওর দেওয়া সেই সম্মানী, ভ্যান ভাড়া ও চা না খেয়ে চায়ের খরচ বাঁচিয়ে সেই টাকা দিয়ে গাছ কিনে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে লাগিয়ে থাকেন।
যেভাবে স্থানীয়দের নজরে এলেন
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে কামরুজ্জামান সাইকেলের পিছনে বীজের বস্তা নিয়ে উপজেলা গাবুরা, রমজাননগর, শ্যামনগর, আটুলিয়া, নূরনগরসহ বিভিন্ন ইউনিয়নের রাস্তার ধারে খালি জায়গা, বাঁধসংলগ্ন এলাকায় বীজ ছড়িয়ে দেন। ইতোমধ্যে তার ছড়িয়ে দেওয়া অনেক বীজ থেকে চারা গজিয়েছে, যা স্থানীয়দের নজর কেড়েছে। উপকূলীয় অঞ্চল দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়নের উপকূল রক্ষা বাঁধের দুই পাশ দিয়ে খেজুর, তাল, বাবলা ও নিমের বীজ বপন করেন। এ কাজে তার নিজের কয়েকজন বন্ধু ও গাবুরা ইউনিয়নের মেম্বারসহ কয়েকজন শিশু ও তরুণ তাকে বীজ বপনে সহযোগিতা করেন।
প্রকৃতিপ্রেমী কামরুজ্জামান বলেন, ছোটবেলা থেকেই গাছপালার প্রতি আমার ভালোবাসা। অনেক জায়গায় দেখি রাস্তার পাশে খালি জায়গা পড়ে থাকে। তাই ভাবলাম, যদি খেজুর, তাল বা বাবলার বীজ ছড়িয়ে দিই, তাহলে অন্তত কিছু গাছ তো হবে। এভাবেই আমার এই উদ্যোগ শুরু। খেজুর, তাল, বাবলা ও নিমের বীজ সহজে জন্মায় এবং পরিবেশের জন্যও উপকারী। আমার একটাই স্বপ্ন, আগামী প্রজন্ম যেন আরও সবুজ বাংলাদেশ পায়। আমি বিশ্বাস করি, হাজার হাজার বীজের মধ্যে যদি কিছু গাছও বেঁচে থাকে, তাহলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটি বড় সম্পদ। কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, প্রকৃতি ও মানুষের কল্যাণের কথা ভেবেই এই কাজ করছি।
সরেজমিন কয়েকটি এলাকায় দেখা যায়, রাস্তার পাশে ছোট ছোট খেজুর, তাল, বাবলা ও নিমের চারা গজিয়ে উঠেছে। স্থানীয়রা জানান, এসব চারার বেশিরভাগই কামরুজামান এর ছড়িয়ে দেওয়া বীজ থেকে জন্মেছে। তবে পরিচর্যার অভাবে অনেক চারা নষ্টও হয়ে যাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য শেখ মাসুদুর রহমান, শেখ আজাদ আলী, এলাকাবাসী নজরুল ইসলাম বলেন, প্রথমে আমরা বিষয়টি গুরুত্ব দেইনি। পরে দেখি সত্যিই অনেক জায়গায় নতুন গাছ জন্মাচ্ছে। একটি ছেলে একাই পরিবেশের জন্য এত কিছু করছেন, এটি আমাদেরও অনুপ্রাণিত করে।