× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিয়ান্ডারথালদের গল্পে আধুনিক মানুষের ভবিষ্যতের প্রশ্ন

বরিশালে বিজ্ঞান বক্তৃতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৫ পিএম

বিজ্ঞান অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিজ্ঞান বক্তা আসিফের বিশেষ বক্তৃতা

বিজ্ঞান অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিজ্ঞান বক্তা আসিফের বিশেষ বক্তৃতা

নিয়ান্ডারথাল থেকে হোমো স্যাপিয়েন্স: টিকে থাকার গল্প— এই প্রতিপাদ্যে বরিশালে অনুষ্ঠিত হলো মানববিবর্তন, প্রাগৈতিহাসিক জীবন ও আধুনিক মানুষের ভবিষ্যৎ নিয়ে একটি বিশেষ বিজ্ঞান বক্তৃতা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নতুন বাজারের বনলতা বুক ক্যাফেতে আয়োজিত দিনব্যাপী বিজ্ঞান অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিজ্ঞান বক্তা ও লেখক, ‘মহাবৃত্ত’-এর সম্পাদক আসিফ-এর এই বিশেষ বক্তৃতা। ২৫০ টাকা টিকিট কেটে ৪৫ জন শ্রোতা এসেছিল এই বুক ক্যাফেতে।

কসমিক কালচার আয়োজিত এবং বনলতা বুক ক্যাফে-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল ডিসকাশন প্রজেক্ট ও অনলাইন বিজ্ঞানভিত্তিক বুকশপ চন্দ্রদ্বীপ.কম। বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানশিক্ষার বিস্তার এবং সাধারণ মানুষের মধ্যে যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক চিন্তার প্রসারই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

বক্তৃতায় আসিফ নিয়ান্ডারথালদের প্রচলিত 'হিংস্র, রুক্ষ ও আদিম গুহামানব' ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে প্রত্নতাত্ত্বিক, নৃতাত্ত্বিক ও জিনগত গবেষণার আলোকে তাদের জীবন ও অস্তিত্বের একটি ভিন্ন ছবি তুলে ধরেন। তিনি বলেন, নিয়ান্ডারথালরা কেবল প্রতিকূল পরিবেশে টিকে থাকা একটি প্রাচীন মানবগোষ্ঠী ছিল না; বরং তাদের জীবনযাপন, পারস্পরিক সহযোগিতা, আহত ও অসুস্থ সদস্যদের যত্ন এবং সম্ভাব্য প্রতীকী আচরণ আমাদের মানবতার ধারণাকেই নতুন করে ভাবতে বাধ্য করে। নিয়ান্ডারথাল মা ও সন্তানের ঘনিষ্ঠতা, প্রবীণ ও যুবকের পারস্পরিক স্নেহ—এসব দৃশ্য প্রাগৈতিহাসিক মানুষকে অনুভূতি ও সামাজিক সম্পর্কসম্পন্ন এক মানবগোষ্ঠী হিসেবে দেখতে সাহায্য করে।

বক্তৃতায় আরও উঠে আসে প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে নিয়ান্ডারথালদের সক্ষমতা, জ্ঞান ও অভিজ্ঞতার নানা দিক। আধুনিক জিনোম বিশ্লেষণ দেখিয়েছে, নিয়ান্ডারথাল ও হোমো স্যাপিয়েন্সের ইতিহাস সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল না। আফ্রিকার বাইরে বসবাসকারী আধুনিক মানুষের জিনোমে নিয়ান্ডারথাল-উৎসের একটি ক্ষুদ্র অংশ রয়েছে - যা অতীতে দুই মানবগোষ্ঠীর মধ্যে আন্তঃপ্রজননের গুরুত্বপূর্ণ প্রমাণ। আর সাইবেরিয়ার ডেনিসোভা গুহার গবেষণা মানববিবর্তনের গল্পকে আরও বিস্ময়কর করে তুলেছে। সেখানে নিয়ান্ডারথাল, ডেনিসোভান এবং পরবর্তী সময়ে আধুনিক মানুষের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। 

বক্তৃতার শেষভাগে নিয়ান্ডারথালদের বিলুপ্তিকে কেন্দ্র করে শ্রোতাবৃন্দ ও বিজ্ঞান বক্তা আসিফ এর এক নিমগ্ন আলোচনা শুরু হয়। উঠে আসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন - একটি বুদ্ধিমান, অভিযোজনক্ষম মানবগোষ্ঠী যদি পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে, তাহলে হোমো স্যাপিয়েন্স কতটা নিরাপদ? এর সঙ্গে আমাদের আচরণগত কোন সমস্যা লুকিয়ে আছে কীনা? প্রায় ৪০ হাজার বছর আগে নিয়ান্ডারথালদের বিলুপ্তির পেছনে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত চাপ, জনসংখ্যাগত দুর্বলতা, সম্পদের প্রতিযোগিতা, রোগ, হোমো স্যাপিয়েন্সের সঙ্গে প্রতিযোগিতা -একাধিক কারণ ভূমিকা রাখতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন। ফলে তাদের বিলুপ্তির গল্পকে কোনো একক কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। বরং এটি আমাদের শেখায় যে বুদ্ধিমত্তা ও প্রযুক্তি থাকলেই কোনো প্রজাতির টিকে থাকা নিশ্চিত হয় না।

অনুষ্ঠানের আয়োজকরা বলেন, বিজ্ঞান আমাদের নিজেদের অতীত এবং আমাদের ভবিষ্যৎকে বোঝার একটি পথ। মানুষের জীবন ও সভ্যতার গল্পের সঙ্গে বিজ্ঞানকে যুক্ত করে কৌতূহল এবং যুক্তিবাদী চিন্তার চর্চা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।  দিনব্যাপী এ আয়োজনে বিজ্ঞান বক্তৃতা ছাড়াও শিশুদের জন্য 'মহাকাশ ও আগামীর পৃথিবী' বিষয়ক চিত্রাঙ্কন, বিজ্ঞান মডেল তৈরি, মাধ্যমিক শিক্ষার্থীদের বিজ্ঞান কুইজ ও আলোচনা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সহযোগিতা করেন অধ্যাপক অনীশ মন্ডল, বিজ্ঞান লেখক খালেদা ইয়াসমিন ইতি, বিজ্ঞান কর্মী যোয়েল কর্মকার, রাহাত, বনলতা বুক ক্যাফের পরিচালক জাহিদ আবদুল্লাহ রাহাতসহ আরও অনেকে।   

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা