প্রতীকী ছবি
মাটি, ঘাস, গাছের বাকল কিংবা শ্যাওলা ছুঁয়ে হাত নোংরা করাকে আমরা সাধারণত এড়িয়ে চলি। তবে গবেষণা বলছে, প্রকৃতির সঙ্গে সরাসরি এমন সংস্পর্শ ত্বকের অণুজীবের বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি শরীরের রোগপ্রতিরোধী ব্যবস্থার ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখতে পারে। শিশুদের কাদামাটিতে খেলাধুলা থেকে শুরু করে ঘরে গাছ লাগানোÑ সবই হতে পারে স্বাস্থ্যের জন্য উপকারী।
গতকাল মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে জনানো হয়, ফিনিশ এনভায়রনমেন্ট ইনস্টিটিউটের পরিবেশবিদ ও প্রকৃতি-স্বাস্থ্য গবেষক মিরা গ্রোনরুসের এক পরীক্ষায় অংশগ্রহণকারীরা ২০ সেকেন্ড ধরে মাটি, পিট ও শ্যাওলা দিয়ে হাত ঘষেন। পরে কলের পানিতে হাত ধুয়ে নেওয়ার পরও তাদের ত্বকে অণুজীবের সংখ্যা ও বৈচিত্র্য বেড়ে যায়। গবেষকদের মতে, ত্বকে বিভিন্ন ধরনের অণুজীবের উপস্থিতি ক্ষতিকর রোগজীবাণুর আধিপত্য ঠেকাতে এবং ত্বকের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
ফিনল্যান্ডের ৪৩টি ডে-কেয়ার সেন্টারে চলমান ‘ভাহভিস্তু’ গবেষণা প্রকল্পেও শিশুদের প্রকৃতির সংস্পর্শে থাকার প্রভাব পরীক্ষা করা হচ্ছে। এর আগে পরিবেশবিজ্ঞানী মারজা রসলুন্ডের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় শিশুদের খেলার মাঠে বনের মাটির পরিবেশ তৈরি করা হয়। ২৮ দিন নিয়মিত সেখানে খেলার পর দেখা যায়, পাকা মাঠে খেলা শিশুদের তুলনায় তাদের ত্বকে অণুজীবের বৈচিত্র্য বেশি। এক বছর পরও এ পার্থক্য দেখা যায়।
গবেষণায় আরও দেখা গেছে, অণুজীবসমৃদ্ধ মাটিতে খেলা শিশুদের ত্বকে সম্ভাব্য রোগজীবাণুর সংখ্যা কমে এবং রোগপ্রতিরোধী ব্যবস্থার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘটে। গামাপ্রোটিওব্যাকটেরিয়ার বৈচিত্র্য বৃদ্ধির সঙ্গে নিয়ন্ত্রক টি-সেলের বৃদ্ধিরও সম্পর্ক পাওয়া গেছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের ফল পাওয়া গেছে। অণুজীবসমৃদ্ধ মাটিতে ঘরের ভেতর সবজি চাষ করা ব্যক্তিদের ত্বকে ব্যাকটেরিয়ার বৈচিত্র্য বেড়েছে এবং রক্তে প্রদাহবিরোধী সাইটোকাইনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। গ্রোনরুসের মতে, শহরগুলোও এমনভাবে পরিকল্পনা করা উচিত, যাতে মানুষ দৈনন্দিন চলাচলের সময় স্বাভাবিকভাবেই প্রকৃতির সংস্পর্শে আসতে পারে। তার ভাষায়, ‘এটি কম ঝুঁকিপূর্ণ, অথচ বড় ধরনের কোনো স্পষ্ট ক্ষতি ছাড়াই এর সম্ভাব্য উপকার অনেক।’