× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করপোরেট ডিহাইড্রেশন

লাবিবা ইরম

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৫ পিএম

এসিতে থাকলেও পর্যাপ্ত পানি পান না করায় শরীর পানিশূন্য হয়ে যেতে পারে 	মডেল : বীনায়রা বীনা, পোশাক : শরদিন্দু, ছবি : আরিফুল আমিন প্লাবন

এসিতে থাকলেও পর্যাপ্ত পানি পান না করায় শরীর পানিশূন্য হয়ে যেতে পারে মডেল : বীনায়রা বীনা, পোশাক : শরদিন্দু, ছবি : আরিফুল আমিন প্লাবন

সকালবেলা খুব তাড়াহুড়ো করে অফিসে আসা। একটু গুছিয়ে নিয়ে ডেস্কে বসা। এরপর এক বোতল পানি ভরে সেখান থেকে একটু খাওয়া। ডেস্কে বসে কম্পিউটার অন করার পর শুরু হয় মেইল, মিটিং, রিপোর্ট, ফোনকল, ডেডলাইন। এরপর সময় কখন গড়িয়ে সকাল থেকে দুপুর আর দুপুর থেকে বিকাল হয় তার যেন খোঁজই থাকে না আমাদের। আর পানির বোতলটা পড়ে থাকে টেবিলেই। এটাই হয়ে উঠেছে চাকরিজীবীদের নিয়মিত রুটিন। অথচ এই রুটিনের ফাঁকে যে পানির বোতলটাকে আমরা অবহেলা করছি, এ অভ্যাসটাই আমাদের জন্য হয়ে উঠছে এক নীরব ঘাতক। যার নাম করপোরেট ডিহাইড্রেশন। 

করপোরেট ডিহাইড্রেশন কী

‘করপোরেট ডিহাইড্রেশন’ চিকিৎসাবিজ্ঞানের আলাদা কোনো রোগের নাম নয়। বরং দীর্ঘ সময় অফিস ডেস্কে বসে কাজ করতে গিয়ে পর্যাপ্ত পানি না খাওয়ার যে অভ্যাস তৈরি হয়, সেটিকে বোঝাতেই কথাটি ব্যবহার করা হচ্ছে। সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকা, কাজের ব্যস্ততায় পানি খাওয়ার কথা ভুলে যাওয়া, বাথরুমে যাওয়ার ঝামেলা এড়াতে ইচ্ছা করে পানি কম খাওয়া, আর পানির বদলে বারবার চা-কফি বা অন্য পানীয় বেছে নেওয়াÑ সব মিলিয়ে অফিসকেন্দ্রিক এই পানিশূন্যতার অভ্যাসকে বলা যায় ‘করপোরেট ডিহাইড্রেশন’।

বিশেষ করে এসিসহ অফিসে দীর্ঘ সময় বসে থাকলে ঘাম কম হওয়ায় অনেকের তৃষ্ণাও তেমন অনুভূত হয় না। ফলে শরীর যে পানি হারাচ্ছে, সেটি অনেক সময় বুঝতেই পারেন না। তৃষ্ণা লাগছে না বলে পানি খাওয়ার প্রয়োজন নেইÑ এই ধারণাই সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।

কীভাবে বুঝবেন করপোরেট ডিহাইড্রেশন হচ্ছে কি না

শরীর সবসময় সরাসরি বলে না, ‘আমার পানি দরকার’। তবে কিছু লক্ষণ খেয়াল করলে বোঝা যেতে পারেÑ

বারবার তৃষ্ণা পাওয়া : অল্প সময় পর পর পানি খেতে ইচ্ছা করা শরীরে তরলের ঘাটতির একটি সাধারণ সংকেত।

মুখ ও ঠোঁট শুকিয়ে যাওয়া : মুখে শুষ্কভাব বা ঠোঁট শুকিয়ে আসা পানি কম খাওয়ার লক্ষণ হতে পারে।

জিহ্বা শুকনো লাগা : বিশেষ করে জিহ্বার ডগায় অতিরিক্ত শুষ্কতা অনুভূত হতে পারে।

প্রস্রাবের রঙ গাঢ় হওয়া : স্বাভাবিকের তুলনায় গাঢ় হলুদ প্রস্রাব পর্যাপ্ত পানি না খাওয়ার ইঙ্গিত দিতে পারে।

প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া : পানি কম খেলে শরীর পানি ধরে রাখার চেষ্টা করে, ফলে প্রস্রাবের পরিমাণও কমতে পারে।

অকারণে ক্লান্ত বা ঝিমঝিম লাগা : পর্যাপ্ত পানি না পেলে শরীরে দুর্বলতা, অবসাদ বা অস্বাভাবিক ক্লান্তি দেখা দিতে পারে।

মাথাব্যথা বা মাথা হালকা লাগা : পানিশূন্যতার সঙ্গে মাথাব্যথা, মাথা ঘোরা বা হালকা লাগার সম্পর্ক থাকতে পারে।

ত্বক বেশি শুষ্ক লাগা : স্বাভাবিকের তুলনায় ত্বক শুষ্ক বা টানটান মনে হতে পারে।

কোষ্ঠকাঠিন্য : শরীরে তরলের ঘাটতি থাকলে মল শক্ত হয়ে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।

পেশিতে টান বা ক্র্যাম্প : বিশেষ করে শরীরে পানি ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য নষ্ট হলে এমনটা হতে পারে।

তবে একটি লক্ষণ দেখেই নিশ্চিত হওয়া যায় না যে শরীরে পানি কমেছে। খাবার, ওষুধ, শারীরিক পরিশ্রম, আবহাওয়া ও বিভিন্ন শারীরিক সমস্যার কারণেও এসব উপসর্গ দেখা দিতে পারে।

এসির মধ্যে থেকেও পানিশূন্যতা

এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে, আমি তো ঘামছি না, রোদের যাচ্ছি না। এসির মাঝে ঠান্ডা আবহাওয়ায় আছি। তারপরও আমার পানিশূন্যতা হতে পারে? উত্তর হলোÑ পারে।

বাস্তবে ঘাম ছাড়াও শরীরের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবেই প্রতিনিয়ত পানি  শোষণ হয়। শ্বাস-প্রশ্বাসের সময় জলীয়বাষ্প বের হয়ে যায়, প্রস্রাবের মাধ্যমে পানি বের হয় এবং ত্বকের মাধ্যমেও অল্প পরিমাণে পানি শোষণ হয়ে থাকে। অর্থাৎ বাইরে রোদে না বের হলেও শরীরের পানির চাহিদা থেমে থাকে না।

শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বাতাস তুলনামূলক শুষ্ক থাকায় শ্বাস-প্রশ্বাস ও ত্বকের মাধ্যমেও পানি শোষণের বিষয়টি কিছুটা বাড়তে পারে। কিন্তু অফিসে ডিহাইড্রেশনের বড় সমস্যা শুধু এসি নয়, বরং কম শারীরিক পরিশ্রম, তৃষ্ণার অনুভূতি কমে যাওয়া এবং নিয়মিত পানি না খাওয়ার অভ্যাস।

বাইরে হাঁটাহাঁটি বা শারীরিক পরিশ্রম করলে ঘাম হওয়ার কারণে শরীর সহজেই জানান দেয় যে পানির প্রয়োজন হচ্ছে। কিন্তু ডেস্কে ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করার সময় সেই সংকেতটি ততটা স্পষ্ট নাও হতে পারে। ফলে তৃষ্ণা না লাগায় অনেকেই দীর্ঘ সময় পানি না খেয়েই কাটিয়ে দেন।

এর সঙ্গে যোগ হয় অফিসের ব্যস্ততা। মিটিং, ফোন, কম্পিউটারের স্ক্রিন আর ডেডলাইনের মধ্যে পানি খাওয়ার কথা মনে থাকে না। কেউ কেউ আবার বারবার বাথরুমে যাওয়ার ঝামেলা এড়াতে ইচ্ছা করেই পানি কম খান। ফলে শরীর স্বাভাবিকভাবেই যে পানি হারাচ্ছে, তার ঘাটতি পূরণ হচ্ছে না।

চাপ পড়তে পারে কিডনিতে

শরীরে পানির ঘাটতি হলে শুধু ক্লান্তি বা মাথাব্যথাই হয় না, এর প্রভাব পড়তে পারে কিডনি ও মূত্রনালির স্বাভাবিক কার্যক্রমেও। কিডনির অন্যতম প্রধান কাজ হলো রক্ত ছেঁকে শরীরের বর্জ্য ও অতিরিক্ত তরল প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া। এই প্রক্রিয়ায় পর্যাপ্ত পানি গুরুত্বপূর্ণ।

পানি কম খেলে প্রস্রাবের পরিমাণ কমে গিয়ে তা অপেক্ষাকৃত ঘন হয়ে যায়। ফলে প্রস্রাবের মধ্যে থাকা বিভিন্ন খনিজ ও অন্যান্য পদার্থের ঘনত্ব বেড়ে যেতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে দীর্ঘদিন এমন অবস্থা চলতে থাকলে কিডনিতে পাথর তৈরির ঝুঁকি বাড়তে পারে। তাই যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা রয়েছে, তাদের জন্য পর্যাপ্ত তরল গ্রহণ অর্থাৎ পানি পান করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

গুরুতর পানিশূন্যতার ক্ষেত্রে শরীরে রক্তের প্রবাহ কমে কিডনিতেও রক্তপ্রবাহ কমতে পারে। এর ফলে হঠাৎ কিডনির কার্যকারিতা কমে যাওয়ার মতো acute kidney injury (AKI) হতে পারে। এটির ঝুঁকি অনেকটাই নির্ভর করে পানিশূন্যতার মাত্রা, কতদিন ধরে হচ্ছে এবং ব্যক্তির সামগ্রিক শারীরিক অবস্থার ওপর।

করপোরেট ডিহাইড্রেশন কীভাবে কিডনির উপর প্রভাব ফেলে এ সম্পর্কে ইউরোলজি কনসালট্যান্ট ডা. জিশান রহমান বলেন, যখন শরীরে পানির পরিমাণ কমে যায়, তখন রক্ত সঞ্চালন প্রক্রিয়া শিথিল হতে থাকে। ফলে কিডনিতে রক্ত প্রবাহ কমে যায়। কিডনির প্রধান কাজ হলোÑ রক্ত পরিশ্রুতকরণ, রক্তচাপ নিয়ন্ত্রণ ও রেচন প্রক্রিয়া সচল রাখা। রক্ত সঞ্চালনে সমস্যা হওয়ায় কিডনির উপর বাড়তি চাপ পড়ে। পাশাপাশি বর্জ্য পদার্থ (মলমূত্র) পরিশ্রুতকরণে নির্দিষ্ট পরিমাণ পানির প্রয়োজন হয়। প্রয়োজনীয় পানির অভাব হলে ইউরেটিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয় এবং এর জেরে অদূর ভবিষ্যতে ব্যক্তির কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে। 

ইউটিআইয়ের ঝুঁকিও বাড়তে পারে

পানি কম খাওয়ার প্রভাব পড়তে পারে মূত্রনালির ওপরও। পর্যাপ্ত পানি খেলে নিয়মিত প্রস্রাবের মাধ্যমে মূত্রনালি থেকে ব্যাকটেরিয়া বের হয়ে যেতে সাহায্য করে। বিপরীতে পানি কম খেলে প্রস্রাবের পরিমাণ কমে যায়, ফলে জীবাণু মূত্রনালিতে থেকে যাওয়ার সুযোগ পেতে পারে। এতে Urinary Tract Infection (UTI) বা ইউরিন ইনফেকশনের ঝুঁকি তৈরি হতে পারে।

আর অফিসে পানি কম খাওয়ার অন্যতম কারণ? বাথরুমে যাওয়ার ঝামেলা। মিটিং আছে, ডেস্ক ছেড়ে উঠতে হবে, বাথরুম দূরেÑ এসব কারণে অনেকে ইচ্ছা করেই পানি কম খান। কিন্তু বাথরুম এড়াতে পানি এড়িয়ে চলা কোনো স্বাস্থ্যকর সমাধান নয়। বরং নিয়মিত পানি পান এবং প্রয়োজন হলে সময়মতো বাথরুমে যাওয়াই ভালো অভ্যাস। প্রস্রাবে জ্বালা, রক্ত, তীব্র ব্যথা বা জ্বরের মতো লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দিনে কতটুকু পানি পান করা উচিত এবং পর্যাপ্ত পানি না পান করলে কী কী সমস্যা হতে পারেÑ সে বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ ও ইউরোলজি এর ইউরোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডা. মো. মশিউর আরেফিন বলেন, করপোরেট ডিহাইড্রেশন সম্পর্কে জানতে হলে আমাদের আগে বুঝতে হবে ২৪ ঘণ্টায় শরীরের জন্য কতটুকু পানি প্রয়োজন। ৬০ থেকে ৭০ কেজি এভারেজ ওজনের মানুষের প্রতিদিন শীতকালে ১ থেকে দেড় লিটার আর গরমের সময় পানি লাগে ২ থেকে সর্বোচ্চ আড়াই লিটার। এখন কেউ যদি এর চেয়ে কম পানি পান করেন, তাহলে প্রস্রাব অনেক কনসেন্ট্রেটেড হয়ে যায়। প্রস্রাব কনসেন্ট্রেটেড হওয়ার জন্য যে সমস্যাগুলো হতে পারে, তার মধ্যে এক নম্বর সমস্যা হচ্ছে পাথর তৈরি, রেনাল কিডনি স্টোন তৈরি। যখন আমাদের ফ্রিকোয়েন্টলি কনসেন্ট্রেটেড ইউরিন থাকে, তখন রেনাল স্টোনের সম্ভাবনা বেশি হয়। ২৪ ঘণ্টায় প্রস্রাব যদি কনসেন্ট্রেটেড না হয়ে যদি ক্লিয়ার ইউরিন পাস করি তাহলে স্টোনটা কম হবে।

পানি পান করার কথা বলা হলেও একসাথে অনেক পানি পান করা যাবে না। পানি খেতে হবে একটা নির্দিষ্ট বিরতি দিয়ে, যেমন ১ থেকে দেড় ঘণ্টা পর পর, যদি আমরা ১০০ থেকে ১৫০ মিলি পর্যন্ত পানি পান করি, তাহলে দেখবেন যে আমাদের ২ লিটার পানিতে হয়ে যায়Ñ সেটা গরমের সময়। কিন্তু আমরা যদি অনেক লম্বা সময় বিরতি দেই, যেটা আমরা সাধারণত করি যে সকালে একবার খাওয়ার সময় পানি খাচ্ছি, মাঝখানে পানি খাচ্ছি না, দুপুরে লাঞ্চে পানি খাচ্ছি আর বাসায় গিয়ে রাতে একবার পানি খাচ্ছি। এতে মাঝখান ইন্টারমিডিয়েট পিরিয়ডটাতে কনসেন্ট্রেটেড ইউরিন হচ্ছে। সেই ইউরিনের জন্য আমাদের পাথর হতে পারে। মেয়েদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি।  

চা-কফি কি পানির জায়গা নিতে পারে

সকাল শুরু হয় চা দিয়ে, দুপুরে কফি, বিকালে আবার চা। চা-কফি শরীরে একেবারেই পানি যোগ করে নাÑ এতে শক্তভাবে বলা যায় না। তবে চা-কফি কখনই পানির বিকল্প নয়। এগুলো হয়তো শরীরের মোট তরল চাহিদার কিছুটা পূরণ করে। তাই অতিরিক্ত চা-কফির ওপর নির্ভর না করে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করাই ভালো। বিশেষ করে বেশি চিনি দেওয়া কোমল পানীয় বা মিষ্টি পানীয়কে পানির বিকল্প হিসেবে ধরা উচিত নয়। তাই চা-কফি থাক, এবং ডেস্কে পানির বোতলটাও থাক সঙ্গী হয়ে।

ডিহাইড্রেশন কেড়ে নিতে পারে মনোযোগও

পানি কম খেলে শরীরে যেমন ক্লান্তি আসে, তেমনি মস্তিষ্কের কাজেও প্রভাব পড়তে পারে। শরীরে পানির ঘাটতি হলে মাথাব্যথা, ঝিমুনি বা মাথা ভার লাগতে পারে, ফলে কোনো কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়। অফিসে দীর্ঘ সময় কাজের মধ্যে এসব কারণে কাজের গতি ও মনোযোগ কমে যেতে পারে। তাই বিকালে হঠাৎ মাথা ভার বা ঝিমঝিম লাগলে আরেক কাপ কফির আগে এক গ্লাস পানি খেয়ে দেখা যেতে পারে। 

বাঁচার উপায় খুব কঠিন নয়

চাকরির ধরন বা মিটিং সবসময় নিজের ইচ্ছামতো কমানো সম্ভব নয়। তবে পানি খাওয়ার অভ্যাসটা সহজ করা যায়। ডেস্কে এমন জায়গায় পানির বোতল রাখুন, যাতে চোখে পড়ে। পরিমাণের নির্দেশকসহ বোতল ব্যবহার করলে দিনে কতটা পানি খাচ্ছেন, তারও ধারণা পাওয়া যায়। অফিসে ঢোকার পর, খাবারের সময় এবং নির্দিষ্ট বিরতিতে পানি খাওয়ার একটি রুটিন করতে পারেন। ফোনে রিমাইন্ডারও দেওয়া যায়। শুধু বাথরুমে যেতে হবে বলে পানি খাওয়া বন্ধ করবেন না।

পানি কতটা

সবার জন্য পানির প্রয়োজন এক নয়। বয়স, শরীরের আকার, খাবার, আবহাওয়া, শারীরিক পরিশ্রম ও ঘামের পরিমাণ অনুযায়ী পানি প্রয়োজনে তারতম্য হতে পারে।  খাবার থেকেও শরীর কিছুটা পানি পায়। তাই সবার জন্য ‘দিনে ঠিক তিন লিটারÑ এমন নিয়ম নেই। একসঙ্গে অনেক পানি না খেয়ে সারা দিন প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে নিয়মিত তরল গ্রহণ করাই ভালো। 

অফিসের টিফিনেও পানি লুকিয়ে থাকতে পারে

শুধু বোতলের পানি নয়, খাবার থেকেও শরীর কিছু ফ্লুইড পায়। তাই অফিসের টিফিনে পানির পরিমাণ বেশি এমন ফল রাখা যেতে পারে। যেমন- তরমুজ, শসা, কমলা বা অন্যান্য মৌসুমি ফল। স্যুপ, ডাবের পানির মতো কিছু খাবার ও পানীয়ও যোগ হতে পারে।

সঙ্গে দই, ফল বা হালকা খাবার রাখা যেতে পারে। তবে অতিরিক্ত লবণ ও চিনি দেওয়া পানীয়কে স্বাস্থ্যকর সমাধান ভাবা উচিত নয়।

যাদের কিডনি, হার্ট বা অন্য কোনো রোগের কারণে নির্দিষ্ট পরিমাণ পানি খেতে হয়, তাদের ক্ষেত্রে অবশ্য এগুলো অনুসরণ করা যাবে না। চিকিৎসকের নির্দেশই প্রাধান্য পাবে।

অফিসের ডেডলাইন, মিটিং, মেইল কিংবা বসের ফোনÑ সবই চলবে। কিন্তু এর মাঝেও শরীরের মৌলিক প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। ডেস্কে পড়ে থাকা পানির বোতলটি তাই অবহেলা করার মতো বিষয় নয়। করপোরেট জীবনে আমরা কাজের গতি ও উৎপাদনশীলতা নিয়ে অনেক কথা বলি, অথচ শরীর ঠিক না থাকলে কোনোটিই ঠিকভাবে সম্ভব নয়। তাই বিকালে মাথা ভার, ঝিমুনি বা ক্লান্তি এলে শুধু আরেক কাপ কফির কথা না ভেবে পানির বোতলটির দিকেও তাকান। কারণ কাজের সময় বাঁচাতে গিয়ে হাইড্রেশনের দিকে না তাকালে, শরীর কিন্তু তার মূল্য চাইবেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা