× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরতের ত্বকচর্চা

আফসানা মিমি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০২ পিএম

শরতের ত্বকচর্চা   মডেল : মাশফি ও প্রিয়াঙ্কা ছবি : মনজু আলম

শরতের ত্বকচর্চা মডেল : মাশফি ও প্রিয়াঙ্কা ছবি : মনজু আলম

শরৎকালে ত্বকের যত্নে বর্ষা বা গ্রীষ্মের রুটিন একইভাবে অনুসরণ না করে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন। ত্বক ভালো রাখতে অনেক পণ্যের প্রয়োজন নেই; বরং ত্বকের ধরন ও প্রয়োজন বুঝে নিয়মিত যত্ন নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কোমলতার সঙ্গে ত্বক পরিষ্কার 

ত্বকের যত্নের প্রথম ধাপ হলোÑ ত্বক পরিষ্কার রাখা। বাইরে বের হলে ধুলাবালি, দূষণ, ঘাম ও সানস্ক্রিনের অবশিষ্টাংশ ত্বকে জমে থাকতে পারে। তাই সকাল ও রাতে ত্বক পরিষ্কার করা জরুরি। তবে ত্বক পরিষ্কার করতে গিয়ে অতিরিক্ত ক্ষারযুক্ত ফেসওয়াশ ব্যবহার বা বারবার মুখ ধোয়ার অভ্যাস করা উচিত নয়। ত্বকের ধরন অনুযায়ী মৃদু ক্লিনজার বেছে নেওয়া ভালো। বিশেষ করে শুষ্ক ও সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে অতিরিক্ত শুষ্ককারী ক্লিনজার ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যেতে পারে। মুখ ধোয়ার পর যদি ত্বকে টানটান ভাব অনুভূত হয়, তাহলে ব্যবহৃত ক্লিনজারটি ত্বকের জন্য উপযুক্ত কি না, তা ভেবে দেখা দরকার।

ময়েশ্চারাইজিংয়ে দিন বাড়তি গুরুত্ব

শরতের ত্বকচর্চায় ময়েশ্চারাইজার হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী। ঋতু পরিবর্তনের সঙ্গে বাতাসের আর্দ্রতা কমতে শুরু করলে ত্বকের আর্দ্রতাও কমে যেতে পারে। এর ফলে ত্বকে টানটান ভাব, শুষ্কতা, খসখসে ভাব কিংবা সূক্ষ্ম রেখা বেশি দৃশ্যমান হতে পারে।

মুখ ধোয়ার পর ত্বক পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। শুষ্ক ত্বকের জন্য তুলনামূলক ঘন ক্রিম এবং তৈলাক্ত বা ব্রণপ্রবণ ত্বকের জন্য হালকা, নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার বেছে নেওয়া যেতে পারে। ময়েশ্চারাইজারে সিরামাইড, গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড বা পেট্রোলাটামের মতো উপাদান থাকলে তা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়ক হতে পারে।

সানস্ক্রিন বাদ দেওয়ার সুযোগ নেই

শরৎ এসেছে বলে সানস্ক্রিনের প্রয়োজন শেষ- এমন ধারণা ঠিক নয়। আকাশে মেঘ থাকলেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ওপর প্রভাব ফেলতে পারে। দীর্ঘ সময় সূর্যের আলোতে থাকলে ত্বকে ট্যান, অকাল বার্ধক্যের লক্ষণ এবং অন্যান্য ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। তাই দিনের বেলা বাইরে যাওয়ার আগে এসপিএফ ৩০ বা তার বেশি ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা উচিত। শুধু মুখে নয়, গলা, কান ও হাতের মতো সূর্যের আলো পড়ে এমন স্থানেও সানস্ক্রিন লাগাতে হবে। দীর্ঘ সময় বাইরে থাকলে বা ঘাম হলে প্রয়োজন অনুযায়ী পুনরায় সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

অতিরিক্ত স্ক্রাবিং থেকে দূরে থাকুন

মুখের মৃতকোষ দূর করে ত্বক মসৃণ করতে অনেকেই নিয়মিত স্ক্রাব ব্যবহার করেন। তবে শরতে ত্বক যদি শুষ্ক বা সংবেদনশীল হয়ে পড়ে, তখন অতিরিক্ত স্ক্রাব বা এক্সফোলিয়েশন ত্বকের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। ত্বক খসখসে মনে হলেই জোরে জোরে স্ক্রাব করা উচিত নয়। অতিরিক্ত ঘষাঘষির কারণে ত্বকের প্রাকৃতিক প্রতিরোধী স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে। ত্বকে জ্বালা, লালচে ভাব বা অতিরিক্ত শুষ্কতা দেখা দিলে কিছুদিন এক্সফোলিয়েশন থেকে বিরতি দিয়ে ময়েশ্চারাইজিংয়ে বেশি গুরুত্ব দেওয়া ভালো।

গরম পানিতে দীর্ঘক্ষণ গোসল নয়

আবহাওয়া কিছুটা ঠান্ডা হতে শুরু করলে গরম পানিতে দীর্ঘ সময় গোসল করতে ভালো লাগে। কিন্তু অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে দিতে পারে। এতে ত্বক আরও শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই খুব গরম পানির পরিবর্তে হালকা উষ্ণ পানি ব্যবহার করা ভালো। গোসলের সময়ও খুব বেশি দীর্ঘ না করাই ভালো। গোসল শেষে নরম তোয়ালে দিয়ে ত্বক ঘষে না মুছে আলতোভাবে পানি শুষে নিতে হবে। এরপর ত্বক সামান্য ভেজা থাকা অবস্থায় ময়েশ্চারাইজার ব্যবহার করলে আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়।

ঠোঁটের যত্নেও নজর দিন

শরতের শুষ্ক বাতাসে ঠোঁট দ্রুত শুষ্ক হয়ে ফেটে যেতে পারে। ঠোঁট শুকিয়ে গেলে অনেকেই বারবার জিহ্বা দিয়ে ভেজানোর চেষ্টা করেন। এতে সাময়িক স্বস্তি পাওয়া গেলেও ঠোঁটের শুষ্কতা আরও বাড়তে পারে। তাই নিয়মিত ময়েশ্চারাইজিং লিপ বাম ব্যবহার করা ভালো। বাইরে যাওয়ার সময় সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ঠোঁট সুরক্ষিত রাখতে এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার করা যেতে পারে। ঠোঁটের শুকনো চামড়া টেনে তোলা বা কামড়ানোর অভ্যাসও এড়িয়ে চলা উচিত।

হাত-পায়ের ত্বকের যত্ন

শুধু মুখের ত্বকের যত্ন নিলেই হবে না। শরতের শুষ্কতায় হাত-পায়ের ত্বকও রুক্ষ হয়ে উঠতে পারে। 

বিশেষ করে বারবার হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহারের কারণে হাতের ত্বক শুষ্ক হলে প্রতিবার হাত ধোয়ার পর হ্যান্ড ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। রাতে ঘুমানোর আগে হাত, পা, কনুই ও হাঁটুর মতো তুলনামূলক শুষ্ক স্থানে ময়েশ্চারাইজার লাগানোর অভ্যাস করা ভালো। এতে এসব স্থানের রুক্ষতা কমাতে সাহায্য করতে পারে।

ত্বকের ধরন বুঝে প্রসাধন ব্যবহার করুন

একজনের ত্বকে যে পণ্য ভালো কাজ করে, অন্যজনের ত্বকে সেটি একইভাবে কাজ নাও করতে পারে। তাই শুধু জনপ্রিয় বা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হওয়ার কারণে কোনো স্কিনকেয়ার পণ্য ব্যবহার না করে নিজের ত্বকের ধরন ও প্রয়োজন বুঝে পণ্য নির্বাচন করা উচিত। নতুন কোনো পণ্য ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া যেতে পারে। ব্যবহারের পর অতিরিক্ত জ্বালা, চুলকানি, লালচে ভাব বা ফুসকুড়ি দেখা দিলে পণ্যটি ব্যবহার বন্ধ করা প্রয়োজন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা