মাহবুবা মিতু
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০০ পিএম
মশলার স্বাদ অটুট থাক
রান্নাঘরের আসল প্রাণ হলো মশলা। তরকারির চোখজুড়ানো রঙ, মনকাড়া সুবাস আর চমৎকার স্বাদÑ সবই নির্ভর করে মশলার মানের ওপর। কিন্তু ভুলভাবে সংরক্ষণ করলে বাতাস, আর্দ্রতা, আলো ও তাপের সংস্পর্শে গুঁড়ো কিংবা বাটা মশলা দ্রুত স্যাঁতসেঁতে হয়ে সতেজতা হারায়। ফলে কমে যায় মশলার স্বাভাবিক ঝাঁঝ, ঘ্রাণ ও স্বাদ। তাই শুধু ভালো মানের মশলা কেনাই যথেষ্ট নয়, রান্নাঘরে তা কীভাবে এবং কোন পরিবেশে রাখছেন, সেটিও সমান গুরুত্বপূর্ণ। মশলার নিজস্ব প্রাকৃতিক তেল ও অ্যারোমা দীর্ঘদিন অক্ষুণ্ন রাখতে প্রয়োজন সঠিক সংরক্ষণ-পদ্ধতি। সামান্য সচেতনতা ও কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই মশলা দীর্ঘদিন টাটকা, সুগন্ধি ও স্বাদে ভরপুর রাখা সম্ভব। কী কী নিয়ম মেনে চললে রান্নাঘরের এই অমূল্য অনুষঙ্গগুলোকে দীর্ঘদিন সেরা মানে ধরে রাখা যায়, আজকের আয়োজনে থাকছে তারই বিস্তারিত আলোচনা।
কাঁচের এয়ারটাইট কৌটা
দীর্ঘমেয়াদি সংরক্ষণের জন্য কাঁচের এয়ারটাইট বয়াম বেশি উপযোগী। তাই সর্বদা এয়ারটাইট কাঁচের বয়াম ব্যবহার করুন। এতে বাতাস ঢুকতে পারে না বলে মশলার সুবাস কৌটার ভেতরেই বন্দি থাকে।
গোটা মশলা কিনুন
সম্ভব হলে জিরা, ধনে, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গসহ বিভিন্ন মশলা গোটা অবস্থায় কিনুন। রান্নার প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে গুঁড়ো করলে মশলার স্বাদ ও ঘ্রাণ অনেকদিন ভালো থাকে। কারণ গোটা মশলার ভেতরের সুগন্ধি তেল বাতাসের সংস্পর্শে তুলনামূলক কম আসে।
তাপ ও আলো থেকে দূরত্ব
অনেকেরই অভ্যাস চুলার ঠিক পাশে বা ওপরের তাকে মশলার কৌটা রাখা। চুলার বাষ্প ও তাপে গুঁড়ো মশলা জমে শক্ত হয়ে যায় এবং দ্রুত স্বাদ হারায়। সরাসরি সূর্যালোক ও তাপ থেকে দূরে, রান্নাঘরের ঠান্ডা ও শুষ্ক ক্যাবিনেটে মশলা রাখুন।
ভেজা চামচের ব্যবহার এড়ানো
রান্নার সময় তাড়াহুড়ো করে ভেজা চামচ বা হাত দিয়ে মশলা নিলে তাতে আর্দ্রতা ঢুকে ফাঙ্গাস বা ছত্রাক পড়ে যায়। প্রতিবার সম্পূর্ণ শুকনো চামচ ব্যবহার করা জরুরি।
মশলার পাত্র পরিষ্কার রাখা
পুরনো মশলার ওপর নতুন মশলা ঢেলে রাখার অভ্যাস বাদ দিতে হবে। নতুন মশলা ভরার আগে পাত্রটি ভালোভাবে খালি করে পরিষ্কার ও সম্পূর্ণ শুকিয়ে নিন। কারণ পাত্রের নিচে বা কোণে পুরনো মশলা জমে থাকলে তা নতুন মশলার সঙ্গে মিশে গুণমান নষ্ট করতে পারে।
চাল ও সরিষার তেল যেভাবে রাখলে ভালো থাকবে
গুঁড়ো মশলায় চাল : গুঁড়ো মশলা স্যাঁতসেঁতে হওয়া ঠেকাতে কৌটার নিচে কয়েক দানা শুকনো চাল রেখে দিন। চাল বাড়তি আর্দ্রতা টেনে নেবে।
বাটা মশলায় তেল-লবণ : আদা, রসুন বা জিরে বাটা ফ্রিজে রাখার আগে সামান্য সরিষার তেল ও এক চিমটি লবণ মিশিয়ে নিলে এর রঙ ও স্বাদ দীর্ঘদিন অপরিবর্তিত থাকে।
ডিপ ফ্রিজিং ও কিউব ট্রিক
বাটা মশলা বেশিদিন ভালো রাখতে আইস ট্রেতে জমিয়ে ছোট কিউব তৈরি করে জিপলক ব্যাগে রাখুন। রান্নার সময় প্রয়োজন অনুযায়ী কিউব বের করে ব্যবহার করা বেশ সুবিধাজনক।
হালকা ভেজে নিয়ে গুঁড়ো করা
জিরা, ধনিয়া বা এলাচ-দারুচিনির মতো গোটা মশলা সংরক্ষণের আগে হালকা আঁচে (ড্রাই রোস্ট) টেলে ঠান্ডা করে বয়ামে ভরুন। এতে মশলার আর্দ্রতা দূর হয় এবং সুবাস বাড়ে।
বেশি করে না কেনা
দীর্ঘদিনের জন্য একসঙ্গে অনেক গুঁড়ো মশলা কিনে রাখার চেয়ে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে কেনা ভালো। বিশেষ করে মরিচ, ধনে, জিরা বা গরম মশলার গুঁড়ো দীর্ঘদিন সংরক্ষণ করলে ধীরে ধীরে ঘ্রাণ ও স্বাদ কমে যায়। তাই নিয়মিত ব্যবহার হয় এমন পরিমাণই কেনা উচিত।
রোদে শুকানো সব সময় সমাধান নয়
মশলা কিছুটা স্যাঁতসেঁতে মনে হলেই অনেকে তা কড়া রোদে শুকাতে দিয়ে দেন। সামান্য আর্দ্রতা কাটাতে হালকা রোদ হয়তো কাজে দেয়, কিন্তু দীর্ঘক্ষণ তীব্র রোদে রাখলে মশলার প্রাকৃতিক তেল শুকিয়ে গিয়ে এর আসল রঙ, গন্ধ ও স্বাদ নষ্ট হয়ে যায়। তাই রোদ দেওয়ার ওপর ভরসা না করে, শুরু থেকেই যেন কৌটায় বাতাস বা আর্দ্রতা ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখাই আসল বুদ্ধিমানের কাজ।
প্রতিদিনের সাধারণ রান্নাকেও অনন্য করে তোলার মূল জাদু লুকিয়ে থাকে টাটকা মশলায়। একটুখানি খেয়াল রাখলেই রান্নাঘরের প্রতিটি মশলাই থাকবে বাজার থেকে কেনার দিনের মতোই টাটকা ও সুবাসিত। ভুল নিয়মে সংরক্ষিত অপচয় না করে, সঠিক যত্নে ধরে রাখুন মশলার নিজস্ব ঝাঁঝ, গাঢ় রঙ আর প্রাকৃতিক সুবাস। একটু বাড়তি যত্ন আর সামান্য সতর্কতা বজায় রাখলেই আপনার রান্নাঘর সবসময় ভরে থাকবে সেরা মানের টাটকা মশলার মনকাড়া সুবাসে।