শারমিন আরা হোসেন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৬ পিএম
আমড়ানন্দ
চলছে আমড়ার মৌসুম। দেশীয় এই ফলটি জোগান দেয় ভিটামিনের, সাথে খাওয়ার ভালো লাগাত আছেই। অনেকেই জানেন না, এই ফল দিয়ে রান্না করা যায় দারুণ দারুণ খাবার। চলুন তবে কিছু রেসিপি জেনে নেয়া যাক-
আমড়া আলু চিংড়ির ঝোল
যা যা লাগবে
চিংড়ি ২০০ গ্রাম, আমড়া ৩-৪টি, আলু ২টি (লম্বাটে বা ডুমো করে কাটা), পেঁয়াজকুচি ১/৪ কাপ, হলুদ ১ চা চামচ, মরিচগুঁড়ো ১ চা চামচ (স্বাদমতো), জিরাগুঁড়া ১/২ চা চামচ, সরিষাবাটা ১ চা চামচ (ঐচ্ছিক), কাঁচা মরিচ ৪-৫টি (ফালি করা), ফোঁড়নের জন্য ১/২ চা চামচ কালোজিরা বা সরিষা এবং ১টি শুকনো মরিচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদমতো

যেভাবে বানাবেন
চিংড়ি মাছ সামান্য হলুদ ও লবণ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন (বেশি ভাজলে শক্ত হয়ে যাবে)। ওই তেলেই কেটে রাখা আলু ও আমড়ার টুকরোগুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন। কড়াইতে আরেকটু তেল দিয়ে কালোজিরা বা সরষে এবং শুকনো মরিচ ফোঁড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। এরপর হলুদ, মরিচ, জিরাগুঁড়ো এবং সামান্য পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা আলু, আমড়া ও সরিষা বাটা দিয়ে দিন। সামান্য নেড়েচেড়ে পরিমাণমতো পানি (ঝোল যেমন রাখতে চান) দিয়ে ঢেকে দিন। আলু ও আমড়া সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা চিংড়ি মাছ ও কাঁচামরিচের ফালি দিয়ে দিন। আমড়ার টক ভাব ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিন। ঝোল মাখামাখা বা হালকা পাতলা হলে নামিয়ে নিন।
নারকেলের দুধে ডিম আমড়া
যা যা লাগবে
হাঁস/মুরগির ডিম ৮ পিস, আমড়া ৮ পিস, মরিচগুঁড়ো ১/২ চা চামচ, লবণ, নারকেলের ঘন দুধ ২ কাপ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, আস্ত জিরা ১ টেবিল চামচ, রসুন কোয়া ৩-৪টি, তেজপাতা ১টা, এলাচ ২ পিস, দারুচিনি ছোট ১ টুকরা, আস্ত কাঁচা মরিচ ১টা, চিনি ১চা চামচ বা স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

যেভাবে বানাবেন
ডিম সেদ্ধ করে ছিলে এবং আমড়া ছিলে একটু চিরে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে তাতে ডিমগুলো হালকা ভেজে তুলে নিতে হবে। ওই তেলেই এলাচ, দারুচিনি, তেজপাতা পেঁয়াজকুচি, আস্ত কাঁচামরিচ, রসুনকোয়া অল্প লবণ দিয়ে ভেজে তুলে নিতে হবে। এবার ভাজা পেঁয়াজের মিশ্রণ ঠান্ডা হলে পাটায় মিহি করে বেটে নিতে হবে। তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে আমড়াগুলো লবণ আর শুকনা মরিচগুঁড়ো দিয়ে নেড়েচেড়ে অল্প পানি দিয়ে সেদ্ধ দিতে হবে। আমড়া আধাসেদ্ধ হলে তাতে ডিম আর নারকেলের দুধ দিয়ে দিতে হবে। আমড়া সেদ্ধ হয়ে আসলে তাতে ভাজা পেঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিন। প্রয়োজনে লবণ আর চিনি দিতে হবে। ঝোল ঘন হয়ে উপরে তেল ভেসে উঠলে নামিয়ে নিতে হবে। গরম ভাত বা পোলাও দিয়ে খেতে অসাধারণ এই রান্নাটি।
আমড়া আলু টমেটোর রসা
যা যা লাগবে
আলু সেদ্ধ ২টা বড়, আমড়া ৩টা বড়, টমেটো টুকরো ৩টা বড়, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১/২ চা চামচ করে, কাঁচামরিচ বাটা ১চা চামচ, ধনেগুঁড়া ১/৩ চা চামচ, চিনি ১/২ চা চামচ, লবণ, হলুদ পরিমাণ মতো, তেজপাতা ১টা, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ।

যেভাবে বানাবেন
আলুসিদ্ধ খোসা ছাড়িয়ে, আমড়ার সাথে ডুমো করে নিতে হবে, টমেটো ছোট টুকরা করে নিন। কড়াইতে সরিষার তেল গরম করে তেজপাতা দিয়ে পেঁয়াজ ও আদা-রসুনবাটা, কাঁচা মরিচ বাটা, ধনেগুঁড়া, লবণ হলুদ ও চিনি দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। মশলা কষানো হলে টমেটো আর আমড়ার টুকরা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। ঢাকনা খুলে আলুর টুকরো দিয়ে নেড়েচেড়ে অল্প আঁচে চুলায় রেখে দিন। নামানোর আগে ধনেপাতাকুচি দিয়ে নামাতে হবে।
আমড়া বোয়াল
যা যা লাগবে
আমড়া ৩টা বড়, বোয়াল মাছ ৬পিস, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ, হলুদ, শুকনো মরিচগুড়া ১চা চামচ, আস্ত কাঁচা মরিচ ৩-৪টি, পেঁয়াজকুচি ১টা বড়, আদাবাটা ১/২ চা চামচ, রসুনবাটা ১/২ চা চামচ, জিরাগুঁড়া ১/২ চা চামচ, আস্ত সরিষা ১/৩ চা চামচ, আস্ত শুকনো মরিচ ১টা, তেজপাতা ১টা, চিনি অল্প, সরিষার তেল প্রয়োজনমতো।

যেভাবে বানাবেন
মাছ ধুয়ে পানি ঝরিয়ে তাতে অল্প লবণ, হলুদ, মরিচগুঁড়া আর লেবুর রস দিয়ে মেখে রাখতে হবে ১/২ ঘণ্টা প্যানে সরিষার তেল গরম করে মাছগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে ঠান্ডা করে বেটে নিতে হবে। আমড়া খোসা ছাড়িয়ে ধুয়ে লম্বা ফালি করে নিতে হবে। এবার কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে তাতে তেজপাতা, আস্ত শুকনো মরিচ মাঝ থেকে ভেঙে, আর আস্ত সরিষা ফোঁড়ন দিয়ে ভাজা পেঁয়াজবাটা, আদা-রসুনবাটা, মরিচগুঁড়া, জিরাগুঁড়া,লবণ, হলুদ দিয়ে অল্প পানি দিয়ে মশলা ভালোভাবে কষাতে হবে। আমড়া টুকরা দিয়ে কষে পরিমাণমতো পানি দিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। আমড়া আধাসেদ্ধ হলে ঢাকনা খুলে মাছভাজা দিয়ে হালকা হাতে নেড়ে আবার ঢাকনা দিয়ে ৫ মিনিট রান্না করতে হবে। ঢাকনা খুলে তাতে অল্প চিনি আর আস্ত কাঁচামরিচ দিয়ে আরও ৫ মিনিট চুলায় রেখে চুলা বন্ধ করে দিন।