প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৯ পিএম
আমড়া কেন খাবেন
কাঁচা আমড়া খেতে টক স্বাদের হলেও খেতে বেশ ভালো লাগে, শরীরের জন্যও দারুণ উপকারী। সাধারণত বর্ষাকাল থেকেই আমড়া বাজারে পাওয়া যায়। বিভিন্ন ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই ফল শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। এটি খেলে স্কার্ভি রোগ এড়ানো যায়। বিভিন্ন প্রকার ভাইরাল ফ্লু প্রতিরোধ করা যায়।
আমড়ার যত উপকারিতা
বদহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ
আমড়ায় প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকায় এটি হজমশক্তি বাড়ায়। এ ছাড়া বদহজমের কারণে সৃষ্ট সমস্যা যেমন গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দূর করতেও ফলটি বেশ কার্যকর। আহারের পর নিয়মিত আমড়া খেলে ডায়াবেটিস ও হৃদ্রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়।
হিমোগ্লোবিনের উৎপাদন বৃদ্ধি
আমড়ার আয়রন দৈনিক আয়রনের চাহিদার ১৫.৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ পূরণ করতে পারে। আয়রন রক্ত চলাচল স্বাভাবিক করে ও হিমোগ্লোবিন উৎপন্ন করে। তাই আমড়া শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করতে পারে।
ত্বক ভালো রাখে
ব্রণ কমিয়ে ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে আমড়া দারুণ উপকারী। আমড়ায় প্রচুর ভিটামিন ‘সি’ রয়েছে, যা ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। এ ছাড়া আমড়ায় এমন কিছু উপাদান রয়েছেÑ যা ত্বকের ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে।
দাঁতের সমস্যা সমাধানে
দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের গোড়া থেকে রক্ত পড়ার মতো সমস্যা প্রতিরোধে আমড়ার ভূমিকা অনন্য। হাড় ও দাঁতের গঠনে সহায়তা করে আমড়ায় থাকা ক্যালসিয়াম ও ভিটামিন সি।
হাড় মজবুত করতে সহায়তা করে
আমড়ায় ফ্যাট, সোডিয়াম নেই। এতে ভিটামিন কে থাকেÑ যা হাড় মজবুত করতে সহায়তা করে। আমড়ায় থাকে কপারÑ যা হাড় ও শরীরের জন্য উপকারী।
মাংসপেশি গঠনে ভূমিকা রাখে
আমড়ায় থিয়ামিন নামের একটি উপাদান থাকেÑ যা মাংসপেশি গঠনে ভূমিকা রাখে। শরীরে এই উপাদানের ঘাটতি হলে পেশি দুর্বল হয়ে যায়, দেখা দেয় আরও নানা সমস্যা।
সর্দি-কাশি ও ইনফ্লুয়েঞ্জার প্রতিরোধ
আমড়া বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে এবং সর্দি-কাশি ও ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর বিরুদ্ধে কাজ করে। তাই আমড়ার মৌসুমে প্রতিদিন এ ফল খেলে নানা সংক্রমণ থেকে সহজেই রক্ষা পাওয়া যেতে পারে।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক
আমড়ায় আছে প্রচুর ফাইবার বা খাদ্য–আঁশ, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। তাই যারা ওজন কমাতে চান, আমড়া তাদের জন্য বেশ উপকারী।
রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকর
আমড়ায় পাবেন ভিটামিন সি, যা আয়রনের শোষণ বাড়ায় এবং অ্যানিমিয়া বা রক্তাল্পতা প্রতিরোধে সহায়ক।
রুচি বৃদ্ধি
অসুস্থদের মুখের স্বাদ ফিরিয়ে আনতে আমড়া দারুণ কার্যকর। আমড়া খেলে মুখের অরুচিভাব দূর হয় ও ক্ষুধা বৃদ্ধি পায়। তাই রুচি বাড়াতে নিয়মিত ফলটি খেতে পারেন।