মঙ্গল বা চাঁদের মতো গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযানে হঠাৎ সব ইলেকট্রনিক নেভিগেশন সিস্টেম বিকল হয়ে গেলে কীভাবে পথ চিনবেন মহাকাশচারীরা? নাসা জানিয়েছে, এর সমাধান লুকিয়ে রয়েছে প্রায় ৩০০ বছরের পুরনো এক সামুদ্রিক যন্ত্র ‘সেক্সট্যান্ট’-এ। ছবি: সংগৃহীত
মঙ্গল বা চাঁদের মতো গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযানে হঠাৎ সব ইলেকট্রনিক নেভিগেশন সিস্টেম বিকল হয়ে গেলে কীভাবে পথ চিনবেন মহাকাশচারীরা? নাসা জানিয়েছে, এর সমাধান লুকিয়ে রয়েছে প্রায় ৩০০ বছরের পুরনো এক সামুদ্রিক যন্ত্র ‘সেক্সট্যান্ট’-এ।
অতীতে নাবিকরা সমুদ্রপথে তারা ও গ্রহের কোণ মেপে অবস্থান নির্ণয় করতে এটি ব্যবহার করতেন। নাসার ওরিয়ন মহাকাশযানের নেভিগেশন ম্যানেজার গ্রেগ হোল্ট জানান, পৃথিবী থেকে দূরে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হলে স্যাটেলাইট প্রযুক্তি কাজ করে না। এমন চরম জরুরি মুহূর্তে মহাকাশচারীরা এই প্রাচীন যন্ত্রের সাহায্যে নক্ষত্র দেখে নিরাপদে পৃথিবীতে ফেরার পথ খুঁজে পাবেন। সর্বশেষ ২০১৮ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এর সফল পরীক্ষা চালানো হয়েছে।
গ্রেগ হোল্ট আরও জানান, আগে সমুদ্রযাত্রার সময় যেভাবে উজ্জ্বল তারা ও তারামণ্ডলগুলো নাবিকদের পথ দেখাত, আধুনিক নভোচারীদের জন্যও সেগুলো সমানভাবে কার্যকর। কারণ এসব তারা মানুষ খুব সহজেই শনাক্ত করতে পারে, তা সে পৃথিবীর মাটি থেকেই হোক বা গভীর মহাকাশযানের জানালা দিয়ে।
এর আগে ১৯৯০-এর দশকে নাসা প্রাচীন এই স্টার-সাইটিং বা তারা দেখে দিক নির্ণয়ের পদ্ধতি মহাকাশ ফ্লাইটে সফলভাবে প্রয়োগ করেছিল। ওই সময় চাঁদের বুকে পা রাখা প্রথম মানুষ নিল আর্মস্ট্রংয়ের মনেও প্রশ্ন ছিল, পৃথিবীর সঙ্গে যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেলে কেবল এই ক্লাসিক্যাল নেভিগেশনের ওপর ভরসা করে নিরাপদে ফিরে আসা সম্ভব কি না। তারও আগে ১৯৬৬ সালে ‘জেমিনাই’ মহাকাশযানে রাডারে ত্রুটি দেখা দিলে বাজ অলড্রিন বাধ্য হয়েই হাতে ধরা সেক্সট্যান্ট ও চার্ট ব্যবহার করেন। এ ছাড়া ১৯৭০ সালে প্রায় বিপর্যয়ের মুখে পড়া অ্যাপোলো-১৩ মিশনে জিম লোভেল পৃথিবীর দিগন্তকে চোখের সামনে রেখে ঘরে ফিরে আসার ঐতিহাসিক কাজটি করেছিলেন।