× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইল মিষ্টি মেলা

চমচমের ঘ্রাণে উৎসবের সমাপ্তি

প্রবা প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৩ পিএম

ঐতিহ্যবাহী মিষ্টির পসরা নিয়ে টাঙ্গাইলে প্রথমবারের মতো বসেছিল ‘সুইট ফেস্টিভ্যাল’। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিন দিনব্যাপী এ উৎসবে জেলার ১২ উপজেলার প্রসিদ্ধ মিষ্টি মিলেছিল একই প্রাঙ্গণে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঐতিহ্যবাহী মিষ্টির পসরা নিয়ে টাঙ্গাইলে প্রথমবারের মতো বসেছিল ‘সুইট ফেস্টিভ্যাল’। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিন দিনব্যাপী এ উৎসবে জেলার ১২ উপজেলার প্রসিদ্ধ মিষ্টি মিলেছিল একই প্রাঙ্গণে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চমচম, সন্দেশ, জিলাপি, রসগোল্লা, কাঁচা গোল্লা কিংবা সাদা দই বাঙালির রসনাতৃপ্তির এসব ঐতিহ্যবাহী মিষ্টির পসরা নিয়ে টাঙ্গাইলে প্রথমবারের মতো বসেছিল ‘সুইট ফেস্টিভ্যাল’। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিন দিনব্যাপী এ উৎসবে জেলার ১২ উপজেলার প্রসিদ্ধ মিষ্টি মিলেছিল একই প্রাঙ্গণে। মিষ্টির স্বাদ ও কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয় টাঙ্গাইলের সমৃদ্ধ লোকঐতিহ্য ও সংস্কৃতিও।

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবের লক্ষ্য ছিল জেলার শতবর্ষের মিষ্টি তৈরির ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা ও স্থানীয় পণ্যকে দেশ-বিদেশে পরিচিত করে তোলা। উৎসবে ১২ উপজেলা থেকে অংশ নেয় ২৩টি স্টল। এর মধ্যে ২০টি স্টলে ছিল নানা ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি। বাকি তিনটি স্টলে প্রদর্শন ও বিক্রি করা হয় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি।

গত শুক্রবার বিকালে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উৎসবে সদর উপজেলার চমচম, মির্জাপুরের জামুর্কীর সন্দেশ, মধুপুরের জিলাপি ও গারো বাজারের রসগোল্লা, নাগরপুরের কাঁচা গোল্লা এবং বাসাইলের সাদা দইসহ জেলার বিভিন্ন এলাকার প্রসিদ্ধ মিষ্টি স্থান পায়।

গতকাল রবিবার রাতে শেষ হয় তিন দিনের এ আয়োজন। বৃষ্টি উপেক্ষা করে শেষ দুই দিনও মেলা প্রাঙ্গণে ছিল নানা বয়সী মানুষের ভিড়। পরিবার ও বন্ধুদের সঙ্গে এসে অনেকে মিষ্টির স্বাদ নেওয়ার পাশাপাশি পছন্দের মিষ্টি কিনে নিয়ে গেছেন বাড়ির জন্য।

এসএসসি পাস করা টাঙ্গাইল শহরের বাসিন্দা রূপম বলেন, জেলার বিভিন্ন এলাকার নানা মিষ্টির নাম শুনলেও অনেকগুলোর স্বাদ নেওয়ার সুযোগ হয়নি। মেলায় একসঙ্গে এত ধরনের মিষ্টি দেখে ও স্বাদ নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

গৃহিণী লিজা মনিকার ভাষায়, ‘অনেক নতুন ধরনের মিষ্টি দেখেছি, খেয়েছিও। এক মাঠে জেলার বিভিন্ন এলাকার এত মিষ্টি একসঙ্গে দেখে ভালো লেগেছে।’

মিষ্টির জন্য টাঙ্গাইলের দীর্ঘদিনের সুনামের কথা তুলে ধরে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা হাজী খালেকুজ্জামান বাবলু বলেন, ঐতিহ্যবাহী মিষ্টির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই পরিবার নিয়ে উৎসবে এসেছি।

সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা বলেন, টাঙ্গাইলে আগে এমন আয়োজন হয়নি। তার মতে, প্রতিবছর এ ধরনের উৎসব হলে নতুন প্রজন্ম দেশীয় ও ঐতিহ্যবাহী মিষ্টির প্রতি আরও আগ্রহী হবে এবং জেলার ঐতিহ্যও ধরে রাখা সম্ভব হবে।

মিষ্টি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বপন ঘোষ বলেন, মেলায় মানুষের ভালো উপস্থিতি ছিল এবং মিষ্টির প্রতি মানুষের আগ্রহও স্পষ্ট হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের চমচম দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় পরিচিত। টাঙ্গাইলের শাড়ির মতো চমচমও জেলার ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

জেলা প্রশাসক শরীফা হক বলেন, টাঙ্গাইলের জিআই পণ্য শুধু জেলার নয়, বাংলাদেশের গর্ব। এসব পণ্যের পরিচিতি দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি, পর্যটন ও তরুণ উদ্যোক্তাদের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা