প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫২ পিএম
সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ। ছবি: বাসস
উপমহাদেশের রাগসংগীতের কিংবদন্তি, প্রখ্যাত সংগীতজ্ঞ ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর (রবিবার)। ১৯৭২ সালের এই দিনে ভারতের মাইহারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ববরেণ্য এই সংগীত সাধক।
সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ১৮৬২ সালের ৮ অক্টোবর তৎকালীন ভারতের ত্রিপুরা জেলার বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সাবদর হোসেন খাঁ ওরফে সদু খাঁ এবং মাতা সুন্দরী বেগম। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার স্ত্রী মদনী বিবির ঘরে এক ছেলে আলী আকবর খাঁ এবং দুই কন্যা সরিজা ও রৌশন আরা (যিনি পরবর্তীতে অন্নপূর্ণা নামে পরিচিত হন) জন্মগ্রহণ করেন।
শৈশব থেকেই সংগীতের প্রতি ছিল তার গভীর অনুরাগ। পাঠশালার ধরাবাঁধা নিয়ম তার কাছে অসহ্য মনে হওয়ায় মাত্র ৮ বছর বয়সে সংগীত সাধনার নেশায় গভীর রাতে বাড়ি ছেড়ে কলকাতায় পাড়ি জমান তিনি। সেখানে ‘মনমোহন দেব’ নাম ধারণ করে ওস্তাদ নুলো বাবুর কাছে যন্ত্রসংগীতের তালিম শুরু করেন।
দীর্ঘ ৩৩ বছরের কঠোর সাধনা এবং বিভিন্ন গুরুর কাছে সংগীত শিক্ষা গ্রহণের পর তিনি উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সংগীতজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ওস্তাদ ওয়াজির খাঁর কাছে বীণা শিক্ষার মাধ্যমে তার দীর্ঘ সংগীত শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। ওস্তাদ আলাউদ্দিন খাঁ রাগ সংগীতকে রাজ দরবারের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি ছিলেন সর্ববাদ্যযন্ত্র বিশারদ এবং মাইহার ঘরানার অন্যতম প্রধান স্রষ্টা। তার সৃষ্ট উল্লেখযোগ্য রাগের মধ্যে রয়েছে মদিনা মঞ্জুরী, শোভাবতী, ধবলশ্রী, ভুবনেশ্বর, দুর্গেশ্বরী, হেমন্ত, উমাবতী, প্রভাবতী, হেম বেহাগ ও নাগার্জুন।
১৯৩৬ সালে বিশ্বভ্রমণের সময় লন্ডনসহ বিভিন্ন দেশে তার সংগীত পরিবেশনা ব্যাপক প্রশংসা অর্জন করে। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দেশীকোত্তম, ডক্টরেট ও ফেলোশিপসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সম্মানে ভূষিত হন।
তিনি ভারতের কেন্দ্রীয় শিক্ষা কমিশনেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরের প্রতি তার ছিল গভীর টান। মায়ের ইচ্ছায় তিনি শিবপুরে পুকুর খনন এবং পাকা মসজিদ নির্মাণ করেন। ১৯৫৪ সালে জীবনের শেষবারের মতো তিনি নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে এসেছিলেন।