ফারুক হাসান
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৮ পিএম
নীলা ওয়ান রাখাইন
কক্সবাজারের নীলা ওয়ান রাখাইন যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ পেয়েছেন। পূর্ণ বৃত্তিতে ক্লেমসন ইউনিভার্সিটিকে বেছে নিয়েছেন তিনি। বাবা ছিলেন পেশায় দরজি। পড়াশোনার খরচ চালাতে তিনি নিজেও চাকরি করেছেন ক্লিনিকে। ক্লিনিকে চাকরি করে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। দেশে ফিরে বিশেষ করে শিক্ষার উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখেন তিনি।
কক্সবাজারের প্রত্যন্ত বাস্তবতা আর নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে উচ্চশিক্ষার নতুন দিগন্তে পা রাখতে যাচ্ছেন নীলা ওয়ান রাখাইন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এই সাবেক শিক্ষার্থী একসঙ্গে যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ পেয়েছেন। শেষ পর্যন্ত পাঁচ বছরের পূর্ণ অর্থায়নসহ ক্লেমসন ইউনিভার্সিটিতে পিএইচডি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেখানে তার গবেষণার বিষয় হবে শিক্ষা, বিশেষ করে ‘টিচিং অ্যান্ড লার্নিং’। ভবিষ্যতে গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে অবদান রাখাই তার লক্ষ্য।
নীলার শিক্ষাজীবনের শুরু কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। সেখান থেকে এসএসসি এবং পরে কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি। তবে তার এই পথ মোটেও মসৃণ ছিল না। ছোটবেলা থেকেই আর্থিক সংকটের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন নীলা। তার বাবা মংফ্রুথেন রাখাইন পেশায় একজন দরজি এবং চার সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময়ও অর্থের সংকট ছিল নীলার নিত্যসঙ্গী। ভর্তি কোচিং করার সামর্থ্য ছিল না। তাই পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি একটি প্যাথলজি ক্লিনিকে কাজ নেন তিনি। মাসে প্রায় চার হাজার টাকা আয় করতেন। সেই সামান্য আয়ের একটি অংশ পরিবারের খরচে দিতেন, আর বাকি টাকা জমাতেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য।
শুধু অর্থনৈতিক প্রতিবন্ধকতাই নয়, সামাজিক নানা কথাও শুনতে হয়েছে তাকে। ছোটবেলা থেকেই শুনতেন, মেয়েকে এত পড়াশোনা করিয়ে কী হবেÑ শেষ পর্যন্ত তো সংসারই করতে হবে। এসব কথা কষ্ট দিলেও দমে যাননি নীলা। বরং তার বিশ্বাস ছিল, কথার জবাব কথায় নয়, নিজের কাজ ও সাফল্যের মাধ্যমে দিতে হয়।
বৌদ্ধ ধর্মীয় শিক্ষার প্রতি ছোটবেলা থেকেই ছিল তার বিশেষ আগ্রহ। সেই আগ্রহ থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে ভর্তি হন। স্নাতকে ৩ দশমিক ৪৫ সিজিপিএ অর্জনের পর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে শিক্ষা বিষয়ে ৩ দশমিক ৫২ সিজিপিএ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
পড়ানো ছিল নীলার বরাবরের আগ্রহের জায়গা। টিউশনের পাশাপাশি স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে কাজ করেছেন, তৈরি করেছেন শিক্ষামূলক ভিডিও। এমনকি মিয়ানমারের শিক্ষার্থীদেরও অনলাইনে পড়িয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার এসব অভিজ্ঞতা ধীরে ধীরে তাকে শিক্ষা নিয়ে গবেষণার দিকে আগ্রহী করে তোলে।
তবে পিএইচডির প্রস্তুতি তার জন্য কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না। দীর্ঘ সময় ধরে নিজেকে গবেষণার জন্য প্রস্তুত করেছেন তিনি। বিশ্ববিদ্যালয় জীবনে বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, অঙ্গন ও রঁদেভু শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনগুলোর কার্যক্রমে অংশ নিয়ে নেতৃত্ব, যোগাযোগ ও দলগত কাজের দক্ষতা অর্জন করেন। পাশাপাশি বিভিন্ন পেশাগত অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের দক্ষতার পরিধিও বাড়িয়েছেন।
স্নাতকোত্তর পড়ার সময় বিয়ে হয় নীলার। তার স্বামী নি জ রাখাইন। বিয়ের পর যৌথ পরিবারে থেকেও পড়াশোনা ও ক্যারিয়ার এগিয়ে নেওয়া সহজ ছিল না। তবে স্বামী ও বাবার উৎসাহ তাকে লক্ষ্যে অটুট থাকতে সাহায্য করেছে।নীলার পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় স্নাতকোত্তরের শেষ সেমিস্টারে। সে সময় ইউনিসেফের একটি প্রকল্পে শিক্ষক প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন তিনি। পরবর্তী সময়ে ইউনিসেফ ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিভিন্ন কর্মসূচিতেও শিক্ষক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ১০ মিনিট স্কুলে ইংরেজি প্রশিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও কাজ করেছেন।
নিজের সম্প্রদায়ের শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করছেন নীলা। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছেন ‘চালুং একাডেমি’। সেখানে মাতৃভাষাভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষা নিয়ে মাঠপর্যায়ের এই অভিজ্ঞতাই তার গবেষণার আগ্রহকে আরও গভীর করেছে।
ছোটবেলা থেকেই যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন দেখতেন নীলা। ইংরেজি ভাষার প্রতি আগ্রহ থেকেই সেই স্বপ্নের বীজ বোনা হয়েছিল। দীর্ঘ প্রস্তুতির পর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে। তার এই যাত্রায় সবচেয়ে বড় প্রেরণা ও সহযোগিতার উৎস ছিলেন স্বামী নি জ রাখাইন। বিশ্ববিদ্যালয় বাছাই থেকে শুরু করে আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে তিনি নীলাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন।
শেষ পর্যন্ত একসঙ্গে তিনটি মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডির সুযোগ পান নীলা। ক্লেমসন ইউনিভার্সিটিতে ‘টিচিং অ্যান্ড লার্নিং’ এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে ‘কারিকুলাম অ্যান্ড ইন্সট্রাকশন’ বিষয়ে পূর্ণ বৃত্তিসহ পিএইচডির সুযোগ আসে তার। একই সঙ্গে কেন্ট স্টেট ইউনিভার্সিটিতেও ‘কারিকুলাম অ্যান্ড ইন্সট্রাকশন’ বিষয়ে পিএইচডির সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সেখানে পূর্ণ অর্থায়ন নিশ্চিত করতে টিউশন ফি মওকুফের জন্য আবেদন করতে বলা হয়েছিল। শেষ পর্যন্ত পাঁচ বছরের পূর্ণ বৃত্তি নিয়ে ক্লেমসন ইউনিভার্সিটিকেই বেছে নিয়েছেন নীলা ওয়ান। সামনে তার লক্ষ্য শিক্ষা নিয়ে গভীর গবেষণা করা, বিশেষ করে কীভাবে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক পাঠদান এবং শেখার পরিবেশ তৈরি করা যায়, তা নিয়ে কাজ করা।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার নতুন অধ্যায় শুরু হলেও নিজের শিকড়ের কথা ভুলতে চান না নীলা। বরং তার স্বপ্ন, বিদেশের বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও গবেষণার অভিজ্ঞতা একদিন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কাজে লাগানো। ব্যক্তিগত সংগ্রাম থেকে উঠে আসা এই তরুণীর বিশ্বাস- শিক্ষার সুযোগ যত বিস্তৃত হবে, ততই বদলে যাবে মানুষের জীবন। আর সেই পরিবর্তনের অংশ হতে চান তিনিও।