× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢেউ পেরিয়ে ইতিহাসের পথে ফাতেমা

গোলাম কিবরিয়া

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৮ পিএম

কক্সবাজরের লাবনী বিচের ঢেউ পেরিয়ে এবার ইতিহাসের পথে বাংলাদেশের ফাতেমা আক্তার

কক্সবাজরের লাবনী বিচের ঢেউ পেরিয়ে এবার ইতিহাসের পথে বাংলাদেশের ফাতেমা আক্তার

কক্সবাজরের লাবনী বিচের ঢেউ পেরিয়ে এবার ইতিহাসের পথে বাংলাদেশের ফাতেমা আক্তার। বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে এশিয়ান গেমসে কোয়ালিফাই করে ইতিহাস গড়েছেন ফাতেমা আক্তার। এবার দেশের হয়ে নতুন ইতিহাস সৃষ্টির স্বপ্ন নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে কঠোর অনুশীলন করছেন দশম শ্রেণির এই শিক্ষার্থী

সমুদ্রের ঢেউ সবার কাছে একরকম নয়। কারও কাছে তা নিছক আনন্দের, কারও কাছে সৌন্দর্যের; আবার কারও কাছে জীবনের কঠিন পরীক্ষার নাম। কক্সবাজারের কিশোরী ফাতেমার কাছে বঙ্গোপসাগর যেন দুটোইÑ প্রতিপক্ষ এবং শিক্ষক। উত্তাল ঢেউ, গভীর স্রোত আর কখনও কখনও মৃত্যুফাঁদ হয়ে ওঠা সমুদ্রকে ভয় না পেয়ে বছরের পর বছর অনুশীলনের সঙ্গী করেছেন তিনি। সেই সমুদ্রের বুকেই গড়ে উঠেছে তার স্বপ্ন। এবার সেই স্বপ্নের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরার অপেক্ষায় ফাতেমা।

আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের সার্ফিং ইভেন্টে বাংলাদেশের হয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা। দেশের প্রথম নারী সার্ফার হিসেবে এশিয়ান গেমসে অংশ নেওয়ার সুযোগ তার সামনে। একই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নিচ্ছেন তার সহ-সার্ফার মো. মান্নান। দুজনই কোচ সার্ফার রাশেদ আলমের তত্ত্বাবধানে নিজেদের প্রস্তুত করছেন। তবে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার এই গল্পের শুরুটা কোনো ঝলমলে ক্রীড়া একাডেমিতে নয়; শুরু কক্সবাজারের সৈকতে, এক সংগ্রামী পরিবারের হাত ধরে।

অভাবের ঘর থেকে সমুদ্রের দিকে

ফাতেমাদের আদি বাড়ি মহেশখালীতে। জীবিকার প্রয়োজনে পরিবার একসময় চলে আসে কক্সবাজার শহরের কলাতলী এলাকায়। চার ভাইবোনের মধ্যে তৃতীয় ফাতেমা ছোট থাকতেই হারান বাবাকে। এরপর সন্তানদের ভবিষ্যৎ আর সংসারের চাকা সচল রাখতে মানুষের বাড়িতে কাজ শুরু করেন তার মা।

অভাবের সংসারে খেলাধুলা করার স্বপ্ন দেখাটাই ছিল এক ধরনের বিলাসিতা। সার্ফিংয়ের মতো ব্যয়বহুল ও সরঞ্জামনির্ভর একটি খেলায় নিয়মিত থাকা তো আরও কঠিন। কিন্তু ফাতেমার জন্য সমুদ্রের টান ছিল অন্যরকম। মায়ের উৎসাহে ধীরে ধীরে ঢেউয়ের সঙ্গে পরিচয়, তারপর ভয় কাটিয়ে ওঠা- এভাবেই সার্ফিং তার কাছে খেলাধুলার চেয়ে বড় কিছু হয়ে ওঠে। সমুদ্রের প্রতিটি ঢেউ যেন তাকে নতুন করে শিখিয়েছেÑ ভয় পেলেও এগিয়ে যেতে হয়।

‘কালো হয়ে গেছ, বিয়ে করবে কে?’

ফাতেমার লড়াই শুধু অর্থের অভাবের সঙ্গে ছিল না। সামাজিক দৃষ্টিভঙ্গিও তাকে বারবার থামানোর চেষ্টা করেছে। একজন মেয়ের সমুদ্রে গিয়ে সার্ফিং করা অনেকের কাছেই ছিল অস্বাভাবিক। ফাতেমা বলেন, তাকে শুনতে হয়েছে, ‘কালো হয়ে গেছ, বিয়ে করবে কে?’ কেউ প্রশ্ন করেছে, মেয়েরা কেন সার্ফিং করবে। স্কুলেও শুনতে হয়েছে, সার্ফিং করতে গিয়ে তিনি কালো হয়ে গেছেন। এসব কথার জবাব অবশ্য তর্ক করে দেননি ফাতেমা। চুপ থেকেছেন। কারণ তার উপলব্ধি ছিল, যারা এসব কথা বলছে, তারা হয়তো সার্ফিং খেলাটাই ঠিকমতো জানে না। তাই কথার উত্তর দেওয়ার বদলে নিজের কাজ দিয়েই উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার মা-কেও শুনতে হয়েছে নানা কথা। কিন্তু মেয়ের স্বপ্নের সামনে সামাজিক কথাবার্তাকে বড় হতে দেননি তিনি।

পাশে ছিলেন একজন কোচ

স্বপ্ন থাকলেই হয় না, সেটিকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজন সুযোগ এবং একজন বিশ্বাসী মানুষের। ফাতেমার ক্ষেত্রে সেই মানুষটি কোচ সার্ফার রাশেদ আলম। বাংলাদেশ সার্ফার গার্লস অ্যান্ড বয়েজ ক্লাবের অধীনে প্রশিক্ষণের সময় ফাতেমার আগ্রহ ও সম্ভাবনা নজরে আসে রাশেদ আলমের। এরপর নিয়মিত প্রশিক্ষণের সুযোগ করে দেন তাকে। আর্থিক সংকটে যখন ফাতেমার পক্ষে খেলাটি চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল, তখন নিজের সামর্থ্য অনুযায়ী প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জামের ক্ষেত্রেও সহযোগিতা করেন তিনি। একদিকে সার্ফিং, অন্যদিকে পড়াশোনা- দুটোর ভারসাম্যও রাখতে হচ্ছে ফাতেমাকে। আগামী বছর এসএসসি পরীক্ষায় বসবেন তিনি। ফলে স্কুলের পড়া শেষ করে কঠোর অনুশীলনে নামা এখন তার প্রতিদিনের রুটিন।

জাতীয় চ্যাম্পিয়ন থেকে আন্তর্জাতিক স্বপ্ন

কঠিন পরিশ্রমের ফলও মিলেছে। জাতীয় পর্যায়ের বিভিন্ন সার্ফিং প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন ফাতেমা। কক্সবাজারের ঢেউয়ে নিজের দক্ষতার প্রমাণ দেওয়ার পর এখন তার চোখ আরও দূরে- জাপানের এশিয়ান গেমসের মঞ্চে। তবে এশিয়ান গেমসের প্রস্তুতি অন্য যেকোনো প্রতিযোগিতার তুলনায় কঠিন। সমুদ্রের স্রোত, ঢেউয়ের উচ্চতা ও গতি, শরীরের ভারসাম্যÑ প্রতিটি বিষয়েই নিজেকে আরও নিখুঁত করে তুলতে হচ্ছে তাকে। প্রতিদিনের অনুশীলনে তাই শুধু শারীরিক সক্ষমতা নয়, মানসিক দৃঢ়তাও তৈরি করছেন ফাতেমা। কারণ তিনি জানেন, আন্তর্জাতিক মঞ্চে শুধু নিজের জন্য নয়, বাংলাদেশের হয়েই লড়তে হবে।

সমুদ্রই তার সবচেয়ে বড় শিক্ষক

বছরের পর বছর সমুদ্রের সঙ্গে লড়াই করতে করতে ফাতেমা শিখেছেন জীবনের আরও বড় কিছু পাঠ। ঢেউ যেমন কখনও সামনে এগিয়ে দেয়, কখনও ছিটকে ফেলে দেয়। কিন্তু পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোই সার্ফারের সবচেয়ে বড় শিক্ষা। ফাতেমার জীবনও যেন তেমনই। বাবাকে হারানোর পর পরিবারের আর্থিক সংকট, খেলাধুলায় সামাজিক বাধা, প্রয়োজনীয় সরঞ্জামের অভাবÑ কিছুই তাকে থামাতে পারেনি। বরং প্রতিটি বাধা তার স্বপ্নকে আরও শক্ত করেছে। যে মেয়েটির পরিবারের কাছে একসময় প্রতিদিনের প্রয়োজন মেটানোই ছিল বড় চ্যালেঞ্জ, আজ সেই মেয়েটিই বাংলাদেশের পতাকা হাতে আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে নামার প্রস্তুতি নিচ্ছেন।

একজন ফাতেমা, অনেক মেয়ের স্বপ্ন

এশিয়ান গেমসে অংশ নেওয়াকে শুধু নিজের সাফল্য হিসেবে দেখছেন না ফাতেমা। তার স্বপ্ন আরও বড়। তিনি চান, তাকে দেখে বাংলাদেশের আরও মেয়েরা সার্ফিংয়ে আসুক। ফাতেমার ভাষায়, ‘আমি যখন জাপানে এশিয়ান গেমসে সার্ফিংয়ে অংশ নেব, ইনশাআল্লাহ আরও অনেক মেয়ে সার্ফিং করবে। আমি চাই, আরও অনেক মেয়ে এই খেলায় এগিয়ে আসুক।’ এই একটি কথাতেই যেন তার পুরো লড়াইয়ের অর্থ লুকিয়ে আছে। কক্সবাজারের সমুদ্রসৈকত থেকে জাপানের এশিয়ান গেমস- দূরত্বটা শুধু কয়েক হাজার কিলোমিটারের নয়। এই পথ তৈরি হয়েছে সংগ্রাম, সাহস, মায়ের উৎসাহ, কোচের সহযোগিতা আর নিজের অদম্য ইচ্ছাশক্তিতে।

এখন ফাতেমার সামনে উত্তাল বঙ্গোপসাগরের ঢেউ নয়, অপেক্ষা করছে আরও বড় এক মঞ্চ। সেখানে তার হাতে থাকবে বাংলাদেশের পতাকা। আর চোখে থাকবে সেই স্বপ্ন- দেশের প্রথম নারী সার্ফার হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম লেখা। সমুদ্র তাকে এতদিন শিখিয়েছে কীভাবে ঢেউয়ের সঙ্গে লড়তে হয়। এবার সেই শিক্ষাই কাজে লাগিয়ে ফাতেমা চান, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তৈরি করতে নতুন এক ঢেউ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা