জাহিদ খান
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৪ পিএম
‘শেফ’ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটি ব্যস্ত রান্নাঘর। আগুনের তীব্র তাপ, ছুটে চলা অর্ডার, ছুরি-কাটার অবিরাম শব্দ, দীর্ঘ কর্মঘণ্টা আর রান্নার প্রতি গভীর মনোযোগ। সাধারণ ধারণায় একজন শেফের গল্প বুঝি এখানেই শেষ। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা বাংলাদেশি পেশাদার শেফ জাহেদের জীবন ও ভাবনা এই গতানুগতিক ধারণাকে সম্পূর্ণ বদলে দেয়। তার মতে, একজন শেফের ক্যারিয়ার একটি কিচেন দিয়ে শুরু হতে পারে, কিন্তু সেটি কোনোভাবেই তার শেষ গন্তব্য হওয়া উচিত নয়।
বাংলাদেশ থেকে কুলিনারি পেশায় যাত্রা শুরু করে শেফ জাহেদ কাজ করেছেন দুবাই, সৌদি আরব এবং আয়ারল্যান্ডের আন্তর্জাতিক কিচেনে। বিভিন্ন দেশের খাবার, রান্নার কৌশল, কিচেন ম্যানেজমেন্ট এবং কর্মসংস্কৃতি কাছ থেকে দেখতে দেখতে তিনি উপলব্ধি করেছেন, একজন শেফের দক্ষতার মূল্য শুধু একটি খাবার কতটা সুস্বাদু হলো তার ওপর নির্ভর করে না। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, কিচেন পরিচালনা, নতুন কর্মীদের প্রশিক্ষণ, ফুড কস্ট কন্ট্রোল, মেনু ডেভেলপমেন্ট এবং নিজের জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার দক্ষতাও একজন প্রফেশনাল শেফের সাফল্যের অপরিহার্য অংশ।
বর্তমানে আয়ারল্যান্ডে ইউরোপিয়ান ও ব্রিটিশ কুইজিন নিয়ে কাজ করার সুবাদে তিনি লক্ষ্য করেছেন, আইরিশ স্টু, ফরাসি সস, ইতালিয়ান পাস্তা কিংবা জাপানি সুশির মতো বিশ্বজুড়ে বিভিন্ন দেশের খাবারের নিজস্ব পরিচিতি রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গবেষণা, সংরক্ষণ, প্রশিক্ষণ এবং গল্প বলার মাধ্যমেই তৈরি হয়েছে সেই ঐতিহ্য। অথচ ইলিশ, কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি, মেজবানি মাংস, সাতকড়া কিংবা হরেক রকমের পিঠার সমৃদ্ধ ঐতিহ্য থাকা সত্ত্বেও বাংলাদেশের কুইজিন আন্তর্জাতিক পরিমণ্ডলে এখনো অনেকটাই অচেনা। একজন শেফ হিসেবে এই ভাবনাটি তাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। তার মতে, আমাদের খাবারের স্বাদ বা সম্ভাবনার কমতি নেই; ঘাটতি কেবল বিশ্বমঞ্চে পরিকল্পিতভাবে সেই গল্পগুলো তুলে ধরার ক্ষেত্রে।
আন্তর্জাতিক কিচেনে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন, বিদেশি সহকর্মীরা যখন বাংলাদেশের বৈচিত্র্যময় ৬৪ জেলার খাবার বা রান্নার ঐতিহ্যের গল্প শোনেন, তখন তারা দারুণ কৌতূহলী হন। এখান থেকেই তার মধ্যে জন্ম নিয়েছে এক গভীর দায়িত্ববোধ। তিনি বিশ্বাস করেন, একজন বাংলাদেশি শেফ যখন বিদেশে শেফের কোট গায়ে জড়ান, তখন তিনি কেবল ব্যক্তিগত পরিচয়ে সীমাবদ্ধ থাকেন না; তিনি হয়ে ওঠেন নিজের দেশের সাংস্কৃতিক প্রতিনিধি।
এই দায়িত্ববোধ থেকেই শেফ জাহেদের কর্মপরিধি কেবল একটি হোটেলের চুলার পাশে সীমাবদ্ধ থাকেনি। রান্নার পাশাপাশি তিনি নিয়মিত কাজ করে চলেছেন বাংলা ভাষায় কুলিনারি শিক্ষা ও পেশাগত জ্ঞানভিত্তিক কনটেন্ট তৈরিতে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্ম এবং রান্নায় আগ্রহী মানুষের সামনে পেশাটির বাস্তব দিকগুলো তুলে ধরতে তিনি সচেষ্ট। পাশাপাশি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘আদি ঢাকাইয়া খানাপিনা’ এবং আঞ্চলিক খাবার নিয়ে গবেষণা ও ডকুমেন্টেশনের কাজ করছেন, যাতে হারিয়ে যেতে বসা রেসিপিগুলো ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে।
তার দূরদর্শী ভাবনা অনুযায়ী, রান্নার দক্ষতাকে কেন্দ্র করে একজন শেফের সামনে উন্মুক্ত হতে পারে একাধিক ক্যারিয়ারের পথ। সঠিক মেনু পরিকল্পনা, খাদ্য ব্যয় নিয়ন্ত্রণ, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং অপারেশনাল জ্ঞানের ওপর ভিত্তি করে অভিজ্ঞ শেফরা সফল ‘রেস্টুরেন্ট কনসালট্যান্ট’ হিসেবে কাজ করতে পারেন। আবার বাস্তব অভিজ্ঞতাকে পুঁজি করে তারা হতে পারেন দক্ষ প্রশিক্ষক বা শিক্ষক। দীর্ঘ মেয়াদে ব্যবসায়িক জ্ঞান—যেমন লেবার কস্ট, মার্কেটিং এবং ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সঙ্গে রান্নার দক্ষতাকে যুক্ত করে অনেকেই গড়ে তুলতে পারেন নিজস্ব রেস্টুরেন্ট ব্র্যান্ড বা খাদ্য ব্যবসা।
বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে কুলিনারি পেশার প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। বহু তরুণই আজ প্রবাসে কাজ করার স্বপ্ন দেখছেন। তবে শেফ জাহেদের বার্তাটি স্পষ্ট—শেফ হওয়া মানে কেবল রান্না শেখা নয়। রান্না হলো মূল ভিত্তি, যার ওপর গড়ে তুলতে হবে নেতৃত্ব, যোগাযোগ, আধুনিক প্রযুক্তি ও ব্যবসায়িক দক্ষতার সৌধ।
একজন শেফের হাতে আগুন, ছুরি আর উপাদানের পাশাপাশি সবচেয়ে বড় শক্তি থাকে তার জ্ঞান ও অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা যদি শুধু একটি কিচেনের দেয়ালের ভেতরে বন্দি থাকে, তবে তার প্রভাব সীমিতই থেকে যায়। কিন্তু সেই জ্ঞান দিয়েই যদি নতুন শেফ তৈরি করা যায়, বই লেখা যায়, গবেষণা হয় কিংবা নিজের দেশের খাবারের গল্প বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায়, তবে রান্নার মানুষটি হয়ে ওঠেন পুরো ইন্ডাস্ট্রির অংশীদার। শেফ জাহেদের এই বিস্তৃত ও স্বপ্নময় চিন্তাই আজ বাংলাদেশের উদীয়মান কুলিনারি খাতের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।