× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যথার্থ জীবনশিল্পী ইমদাদুল হক মিলন

হরিশংকর জলদাস

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৩ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৬ পিএম

ইমদাদুল হক মিলন। প্রতিকৃতি: মাসুক হেলাল

ইমদাদুল হক মিলন। প্রতিকৃতি: মাসুক হেলাল

কী শ্রুতিসুন্দর নামÑ মেদিনীমণ্ডল! কত কত গ্রামে ঘোরা হয়েছে আমার! কত বিপুল সংখ্যক গ্রামের নামই তো শুনেছি জীবনে! কিন্তু সত্য বলছি, ‘মেদিনীমণ্ডল’ নামটির মতো এত সুখপ্রদ নাম এ জীবনে শোনা হয়নি। যাইনি কখনও ওই গ্রামে। এর শোভা, জনপথ, অরণ্য-খালবিল, শস্যমাঠ, মনুষ্যজীবন স্বচক্ষে দেখা হয়নি আমার। না-দেখার, না-ছোঁয়ার যে আফসোস, তা ষোল আনাই মিটিয়ে দিয়েছেন ইমদাদুল হক মিলন। তিনি ওই মেদিনীমণ্ডলেরই সন্তান। তার লেখার মধ্য দিয়ে আমি মেদিনীমণ্ডলকে ছুঁতে পারি, এর জল-হাওয়ায় শ্বাস নিতে পারি, ফসলি মাঠের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের ঢেউ দেখতে পারি, নদী-পুকুর-খালে অবগাহন করার স্বাদ পাই।

আমি নই শুধু, তিনি তার সকল পাঠককে এই স্বাদ দিতে সক্ষম হয়েছেন। এই সক্ষমতাই একজন লেখকের প্রকৃত গুণ। কোনো স্থানকে প্রত্যক্ষ করে তোলা, কোনো চরিত্রকে বাস্তব করে তোলা, কোনো ঘটনাকে বিশ্বাস্য করে তোলা। মিলনদা পেরেছেন তা, পারেনও। ইমদাদুল হক মিলন আসলে আমার দাদাই। লেখকদাদা। বয়সে আমি একটু বড়। সামান্য বছর দুয়েকের। কিন্তু লেখকবয়স তার আমার চেয়ে অনেক বেশি। তার লেখকজীবনের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে। আমার মাত্র আঠারো। আমার যদ্দুর মনে পড়ে, তার প্রথম উপন্যাস ‘যাবজ্জীবন’ বেরোয় ১৯৭৬-এ। তখন আমি ছাত্র, এমএ-র। এজন্যই তাকে আমি দাদা ডাকি। তিনিও আমাকে ওই রকমই সম্বোধন করেন।

আমি ইমদাদুল হক মিলনকে সমীহ করি। লেখক হিসেবে সমীহ পাওয়ার যোগ্য বলেই তাকে সমাদর করি। বলা হচ্ছেÑ তিনি দুশটির মতন উপন্যাস লিখেছেন। সব উপন্যাস আমার পড়া হয়ে ওঠেনি। অর্ধেক বা অধিকাংশও না। কিন্তু আমি মিলনদার ‘অধিবাস’, ‘পরাধীনতা’, ‘কালাকাল’, ‘বাঁকাজল’, ‘নিরন্নের কাল’, ‘পরবাস’, ‘কালোঘোড়া’, ‘মাটি ও মানুষের উপাখ্যান’, ‘কেমন আছ সবুজপাতা’, ‘জিন্দাবাহার’, ‘যাবজ্জীবন’, ‘জীবনপুর’, ‘ভূমিপুত্র’Ñ এসব উপন্যাস মনোযোগ দিয়ে পড়েছি এবং পড়েছি ‘নূরজাহান’, অখণ্ড। একাগ্রতা নিয়ে পড়া যাকে বলে, ঠিক সেরকম করেই পড়েছি। পড়তে পড়তে ওপরে যেকথাগুলো বলেছি, ওই যে কোনো স্থানকে স্পর্শ করতে পারা, বাস্তব মানুষদের দেখতে পাওয়া, জীবনকে অনুভব করতে পারাÑ এসবের প্রমাণÑ উদাহরণ খুঁজে পেয়েছি আমি। একবার আমি তার ‘বাঁকাজল’ উপন্যাসটি নিয়ে অল্পবিস্তর লিখেছিলাম। ভয়ে ভয়েই লিখেছিলাম। কারণ এই উপন্যাসটির বহুগুণের পরও যে এক-দুটো খুঁত ছিল, লিখেছিলাম। না-জানি, লেখাটি পড়ে মিলনদা কী প্রতিক্রিয়া জানান! তিনি উদারভাবে আমার লেখাটি গ্রহণ করেছিলেন। এই লেখাটির আগে বন্ধু মোহিত কামালের অনুরোধে আরেক খ্যাতিমান লেখকের একটি উপন্যাসের পাঠ-প্রতিক্রিয়া লিখেছিলাম। লেখাটি পড়ে ওই লেখক আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। এখানেই দুই লেখকের মধ্যে তফাত। একজন উদারচিত্তে মেনে নেন, অন্যজন অবহেলা দেখান।

এদেশে মুক্তিযুদ্ধ নিয়ে যে ক’জন কথাসাহিত্যিক বিশ্বস্ততার সঙ্গে লিখেছেন, তাদের মধ্যে বিপুলভাবে উল্লেখযোগ্য ইমদাদুল হক মিলন। ১৯৭১ নিয়ে লিখতে তিনি কখনও ক্লান্তিবোধ করেননি। তার মুক্তিযুদ্ধবিষয়ক গল্প-উপন্যাস পড়তে গিয়ে আমার কখনও মনে হয়নিÑ তিনি বানিয়ে বলছেন, কল্পনা থেকে লিখছেন। আমার বারবার মনে হয়েছেÑ ঘটনাটা তার প্রত্যক্ষ করা, চরিত্রগুলো তার খুব চেনা। এটা সত্য যে সব ঘটনা, সকলচরিত্র তার দেখা ও জানা, তা কিন্তু নয়। কল্পিত চরিত্র, কল্পিত পটভূমি, কল্পিত ঘটনা নিয়েও তিনি ’৭১-এর মুক্তিযুদ্ধকে তার কথাসাহিত্যে উপস্থাপন করেছেন। কিন্তু মিলনদাকে পড়তে গিয়ে মনে হয়েছেÑ এসবকিছু তার জীবনাভিজ্ঞতারই উপস্থাপন। এই যে মনে হওয়া আমার, এটা কিন্তু লেখকের চাট্টিখানি গুণ নয়। এ এক অসাধারণ প্রতিভা! কল্পিত ঘটনাকে বিশ্বাস্য করে তুলতে পারা শুধু একজন মহান শিল্পীর পক্ষেই সম্ভব। মিলনদা যথার্থ একজন শিল্পী। শিল্পীরা রঙ-তুলি দিয়ে জীবন আঁকেন, কথাশিল্পীরা শব্দের রঙ দিয়ে মানবজীবনের নানা অনুষঙ্গ চিহ্নিত করেন। ইমদাদুল হক মিলন যথার্থ এক জীবনশিল্পী। ইমদাদুল হক মিলনের স্বাধীনতাযুদ্ধলগ্ন উপন্যাস ‘সুতোয় বাঁধা প্রজাপতি’, ‘কালোঘোড়া’, ‘প্রিয়জন’, ‘সুপুরুষ’, ‘হে প্রিয় মুখ’, ‘জীবনপুর’ উপন্যাস কে বিস্মরিত হতে পারে বলুন। ছোট গল্পেও কি তিনি পিছিয়ে আছেন? তা তো নয়। তার ‘রতনমৃধার বাংলাদেশ’, ‘প্রস্তুতিপর্ব’, ‘লোকটি রাজাকার ছিল’ বারবার বহুবার পড়ার মতোই গল্প।

ভুলে যাব বলেই লিখে ফেলছি তার কালজয়ী উপন্যাস ‘নূরজাহানে’র কথা। তার সাহিত্যকর্ম নিয়ে যত লেখালিখি হয়েছে। তার সিংহভাগই কিন্তু ‘নূরজাহান’কে নিয়ে। অনেক লেখা হয়েছে বলে, এই গ্রন্থটি নিয়ে আমি কিছু লিখছি না। তবে একটি কথা তো বলার আছে। সেটা এই উপন্যাসের কালোত্তীর্ণতা নিয়ে। প্রত্যেক লেখকের বাসনাÑ তার অনেক লেখার মধ্যে অন্তত দু-চার-পাঁচটি গ্রন্থ পরের কালের পাঠকরা পড়ুন। শোভনভাষায় যাকে কালোত্তীর্ণতা বলে। বহু লেখকের তেমন বই আছে। যেমন সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’, সতীনাথ ভাদুড়ীর ‘জাগরী’, শহীদুল্লাহ কায়সারের ‘সংসপ্তক’, আবু ইসহাক-এর ‘সূর্য দীঘল বাড়ী’, গৌরকিশোর ঘোষের ‘প্রেম নেই’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘প্রথম আলো’, রবিশংকর বলের ‘দোজখনামা’Ñ আরও কত কত! ‘আমার মনে হয়, শুধু মনে হয় বলছি কেন, দৃঢ় বিশ্বাস আমার ‘নূরজাহান’ উপন্যাসটি ইমদাদুল হক মিলনকে প্রাতঃস্মরণীয় করবে। শতবর্ষের পরের পাঠকরা তার এই উপন্যাসটি পড়বে।

মিলনদার যত উপন্যাস, তাদের অধিকাংশই বুঝি প্রেমের! প্রথমদিকে বেশ কয়েকটি অপ্রেমের উপন্যাস লিখেই তিনি প্রেমের উপন্যাসের দিকে ঝুঁকেছিলেন। দু’হাতে লেখা যাকে বলে, ঠিক সেরকম করেই প্রেমের উপন্যাস লিখে গেছেন তিনি। তার প্রেমের উপন্যাসের জয়জয়কার আমি নিজ চোখে দেখেছি। ছাত্র যখন তখন দেখেছি, পড়াচ্ছি যখন তখনও দেখেছিÑ ছাত্রছাত্রীদের মধ্যে মিলনের প্রেমের উপন্যাসের সে কী ক্রেজ! অনেককে বলতে শুনেছিÑ আমার প্রেমের ছবক নিয়েছি মিলনের প্রেমের উপন্যাস পড়ে। প্রেম করতে সহজ। কিন্তু প্রেমকে নিয়ে উপন্যাস লেখা কী নিদারুণ কঠিন কাজ, তা নিজেকে দিয়ে বুঝে গেছি। গেল আঠারো বছর ধরে চেষ্টা করে যাচ্ছি নিটোল একটা প্রেমের উপন্যাস লেখার। কিন্তু প্রেমের উপন্যাস লেখা হলো না আমার। দু’একবার যে চেষ্টা করিনি, তা নয়। কিন্তু যতবারই লেখা শেষ করেছি, হয়ে গেছে ট্র্যাজিক উপন্যাস। জানি না, মিলনদা প্রেমের এত পাঠ নিলেন কোত্থেকে? যেখান থেকেই নিন, যথাযথ জায়গা থেকে নিয়েছেন। প্রেমের উপন্যাসের কারিগর বলতে আমি ইমদাদুল হক মিলনকেই বুঝি।

তার সঙ্গে আমার খুব বেশি দেখা সাক্ষাৎ হয়নি। হাতে গোনা চার-পাঁচবার। টুকটাক কুশলাদি বিনিময় হয়েছে। ফোনে কেজো কথা হয়েছে বার কয়েক। একজন মানুষকে ভালোবাসার জন্য দেখা-সাক্ষাৎ যে তেমন জরুরি নয়, তা মিলনদাকে দিয়ে বুঝেছি আমি। আসলে একজন লেখককে ভালোবাসার জন্য তার সাহিত্যকর্মই যথেষ্ট। ব্যক্তিগত পরিচয়ের তেমন গুরুত্ব নেই। মিলনদার ক্ষেত্রেও তাই হয়েছে তার লেখা পড়েই তাকে ভালো লেগে গেছে আমার। একদিন একটা দুঃসাহসের কাজ করলাম। তার অনুমতি না নিয়ে একটা বই-ই উৎসর্গ করে বসলাম। ‘জলগদ্য’ নামের একটি আত্মস্মৃতিমূলক বই। ২০১৭-এর বইমেলায় হাতে তুলে দিয়েছিলাম তার। পড়ন্ত রোদে মিলনদার মুখটি উচ্ছল হয়ে উঠেছিল সেদিন। তিনিও আমাকে একটি বই উৎসর্গ করেছিলেনÑ ‘ভূমিপুত্র’। বইটি ১৯৮৪-তে বের হয়েছিল। ২০১৮-তে যখন বইটি অনন্যা থেকে নতুন কলেবরে বেরোয়, তখন বইটি উৎসর্গ করেছিলেন আমায়। লিখেছিলেনÑ ‘কথাশিল্পী হরিশংকর জলদাস, সুহৃদবরেষু।’

এই উপন্যাসটির ভাষা অসাধারণ। সংলাপগুলো লিখেছেনÑ আঞ্চলিক ভাষায়। এ এক মর্মছোঁয়া ভাষা!

অনেকটা পরেই আত্মজীবনী লেখা শুরু করলেন ইমদাদুল হক মিলন। যদিও এমন নয় যে তার লেখাগুলোর মধ্যে তার যাপিত জীবনকে খুঁজে পাওয়া যায় না। প্রত্যেক লেখকের লেখার ‘ভান্ডার’ কিন্তু তার নিজেরই জীবনাভিজ্ঞতা। মিলনদার ক্ষেত্রেও সেকথা প্রযোজ্য। তার লেখায় বারবার মিলনদার স্বরূপে বা অন্যজনের ছায়ায় এসেছেন। কিন্তু তার পরও পাঠকের এক ধরনের বাসনা থাকেÑ লেখককে উত্তমপুরুষের বয়ানে পেতে। একটা সময়ে লেখকেরও মনে এ চিন্তা জাগে যে গল্প-উপন্যাসের বাইরে পাঠকদের তার অন্যকিছু শোনানোর আছে। সেই বাসনা থেকে লেখকরা নিজের জীবনকথা শোনানোর জন্য কলম ধরেন। সাহসী লেখকরা জীবনের আগাপাশতলা শোনান, কেউ আবার রেখেঢেকে লেখেন। যেমন লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, তার ‘অর্ধেকজীবন’ নামের জীবনকথায়। সেই অর্ধেক জীবনের কথাই শুনিয়েছেন ইমদাদুল হক মিলন, তার ‘যে জীবন আমার ছিল’ গ্রন্থে। পরের জীবনের কথা পড়বার জন্য বহু পাঠকের মতো আমিও অপেক্ষায় আছি। আশা করে আছিÑ সে লেখাতে তার লেখকজীবনের আদ্যোপ্রান্ত খুলেমেলে বলবেন লেখক। তার বড় সংগ্রামী জীবন। লেখাকেই পেশা হিসেবে বেছে নিলেন। তার সেই এখনও না-লেখা আত্মস্মৃতিতে। নাম দিতে পারেনÑ‘কলমের সঙ্গে একটি জীবন।’

এই মহান লেখকের জন্মদিনে এটুকু বলারÑ তিনি সুস্বাস্থ্যের অধিকারী থাকুন, এবং নিখুঁত নিরলসতায় লিখে যান।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা