সাহিত্য জার্নাল
অলংকরণ: তানভীর মালেক
কবি শামসুর রাহমানের কাছে কাজী নজরুল ইসলাম ছিলেন তেমন এক অসাধারণ শিল্পী, যিনি ‘অমর কবিতা’ লেখার লোভ জয় করতে পেরেছিলেন; আর সে কারণে নিপীড়িত, নির্যাতিত মানুষের কথা তুলে ধরার জন্য কখনও কখনও অশিল্পকেও প্রশ্রয় দিয়েছেন নির্দ্বিধায়। শিল্পগুণ ক্ষুণ্ন হলেও তেমন কবিতা লিখতে তাঁর কোনো দ্বিধা ছিল না; যেখানে গণমানুষের কথা থাকবে, থাকবে জনগণের হৃদয়ের সত্য। শামসুর রাহমান এই কথা বলেছিলেন স্রোতের বাইরে দাঁড়িয়ে।
শুধু সাহিত্য নয়, কী শিল্পসংস্কৃতি, কী রাজনীতিÑ সবখানেই কারও কারও জনপ্রিয়তা এত গগনস্পর্শী হয়ে ওঠে যে, শিল্পের বিচার সেখানে করতে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। একইভাবে বলা চলে, কাজী নজরুলের শিল্পের লক্ষ্য যে সারল্য, এ কথাটি বলতে যাওয়া কখনও কখনও কঠিন। শুধু কবিতায় নয়, এমনকি তাঁর প্রবন্ধেও আমরা উঁকি মারতে দেখি রোমান্টিকতাকে; একধরনের নৈরাজ্যিকতাও তরঙ্গিত হয় তাঁর লেখাতে, নৈরাজ্যের মাধ্যম ধরে প্রকাশিত হয় তাঁর ভাবপ্রবণতা এবং এ কারণে তাঁর কবিতা-গানে যে আবেগের বিভিন্ন মোটিফ ফুটে উঠতে থাকে, সেসব কখনও একত্রে বিন্যস্ত হতে গিয়েও হয় না। বরং ছড়িয়ে পড়ে আতশবাজির মতো। নিবিড় নিমগ্ন হলে তাই অনুভব করতে কষ্ট হয় না যে, নজরুলের নৈরাজ্যবাদ বিকশিত হয়েছে রোমান্টিক কাব্যাদর্শ মেনে; যার প্রধান সূত্র ও মিত্র আবেগ। ঔপনিবেশিকতাবিরোধী জাতীয় মুক্তি আন্দোলনের ওই সময়ে নৈরাজ্যবাদী দর্শন যে সামাজিক গ্রহণযোগ্যতা পেয়েছিল, তাই যেন প্রাণতা পেয়েছে তাঁর লেখায়। এই নৈরাজ্যিক রোমান্টিকতায় স্পন্দিত শেষ জীবনের কাজী নজরুল ইসলামের দিকে তাকিয়ে কবি শামসুর রাহমানের মনে হয়েছে আরও এক বিখ্যাত কবি ফ্রিডরিশ হ্যোল্ডার্লিনের কথা। জার্মানির এই কবির দীর্ঘ শেষ জীবন কেটেছিল অপ্রকৃতিস্থ অবস্থায়। এদের কথা ভাবতে ভাবতে কবি শামসুর রাহমানের মনে হতো টমাস মানের সেই বহুল প্রচারিত কথাটিÑ শিল্পীর সঙ্গে অসুস্থতার নিবিড় এক সংযোগ রয়েছে। ব্যথিত হৃদয়ে তিনি ভেবেছেন, সৃষ্টি সুখের উল্লাসে মগ্ন যে মানুষটি একসময় সারা বাংলাকে আনন্দের রাজ্যে ভাসিয়েছিলেন, এখনও যার গান বাঙালিকে প্রসন্ন ও প্রশান্ত করে তোলে, সেই মানুষটিই কি না কেমন নীরবতা ও নিরানন্দের চাদরে ঢেকে গেছেন। তার নিজস্ব বাগানে আজ অজস্র ফুল থাকার পরও যেন কোনো ফুল নেই, শূন্য গাছের সবগুলো শাখা।
এই কাজী নজরুল ইসলামকে আমরা এখন চর্চা করছি আমাদের সময়ের প্রান্তরে দাঁড়িয়ে। তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো, তাঁর বিকাশমানতা ও সীমাবদ্ধতাকে আমরা তাঁর সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মূল্যায়ন করতে চাইছি না। চাইছি না সাহিত্যের ভবিষ্যতের অনিবার্য সত্যের গ্রন্থিতে তাঁকে অনুসন্ধান করতে। প্রাবন্ধিক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর লিখেছিলেন, সমাজের দর্শন যেখানে নৈরাজ্যবাদ, কবিতার ভাবাদর্শ যেখানে রোমান্টিকতা এবং ব্যক্তির ঝোঁক যেখানে ছন্নছাড়া বন্ধনহীন, সেখানে নজরুলের কবিতা অমন না হয়ে কেমন হবে! যুগসন্ধিকালের এমন একজন মানুষকে কেবলমাত্র তাঁর লেখা বই পড়ে চর্চা করা সম্ভব নয়, চর্চা করতে যাওয়াও উচিত নয়। কারণ এমন একজন মানুষ ঘিরে তাঁর সমসময়েই পল্লবিত হয়েছে নানামাত্রিক রাজনীতি। মধ্যযুগের রাষ্ট্র-সমাজ-সংস্কৃতির দর্শনে শাহজাদা দারাশিকো যে বন্ধন, বিকাশ ও মৈত্রীর সূত্র প্রতিষ্ঠার প্রয়াস চালিয়েছিলেন, কাজী নজরুল ইসলাম সেই উদ্যোগের কর্ণধার হয়েছেন এক ঔপনিবেশিক রাষ্ট্র-সমাজেÑ যেখানে সাম্রাজ্যবাদী শক্তি উপনিবেশ পরিচালনার স্বার্থে বেছে নিয়েছিল সাম্প্রদায়িকতাকে। পার্থক্য এখানে যে, একজন ছিলেন জন্মসূত্রেই ক্ষমতাকাঠামোর অংশীদার। অন্যজন ছিলেন জনতার মধ্যে থেকেও ক্ষমতাকাঠামোর প্রতিদ্বন্দ্বী এক ক্ষমতা। সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাকে প্রতিহত করার লক্ষ্যে কাজী নজরুল তাঁর সাহিত্যে যে ভাষা ও উপাদান বেছে নিয়েছেন, তাতে তাঁকে নানাভাবে অপব্যবহৃত হওয়ার সুযোগও তৈরি হয়েছে। এবং সেই সুযোগকে কাজে লাগানোর মতো অপশক্তিও রাষ্ট্র-সমাজ-সংস্কৃতিতে তৎপর রয়েছে। নজরুল চর্চা তাই এই সময়ে একই সঙ্গে প্রবল আকর্ষক, একই সঙ্গে প্রবল ঝুঁকিপূর্ণ।
নজরুল চর্চার কথা বলতে গিয়ে প্রসঙ্গত মনে পড়ছে আমার বড় ভাইয়ের কথা। কিশোর বয়সে তিনি দৈনিক ইত্তেফাকের ‘কচিকাঁচার আসরে’ কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি গদ্য লিখেছিলেন। সেখানে উদ্ধৃত করেছিলেন ‘খুকু ও কাঠবেড়ালী’ কবিতার বেশ কয়েকটি লাইন। বয়স তখন কম ছিল তাঁর। জানা ছিল না, লেখায় কোনো উদ্ধৃতি দিলে সেটার জন্য প্রাথমিক সূত্রের দ্বারস্থ হওয়াই সবচেয়ে ভালো। স্কুলের পাঠ্য তালিকায় থাকা বাংলা সাহিত্য সংকলনে ওই কবিতাটি পড়েছিলেন তিনি। সেখান থেকেই কয়েকটি লাইন নিজের নজরুল বিষয়ক লেখায় ব্যবহার করেছিলেন তিনি। ওদিকে পূর্ববাংলার জনগণের জন্য পাকিস্তানি শাসকরা তখন খুঁজছেন এমন কাউকে, যাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রতিদ্বন্দ্বী’ হিসেবে দাঁড় করানো যাবে, রবীন্দ্রনাথকে বর্জন করে যাকে প্রতিস্থাপন করা যাবে। আর সেজন্য বেছে নেওয়া হয়েছিল কাজী নজরুলকে। লেখা বাহুল্য, পাকিস্তান আন্দোলন দানা বেঁধে ওঠার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে যতদিন তিনি সুস্থ ছিলেন, ততদিন ধর্মের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে তিনি সমর্থন করেননি। বাংলা ভাগ ও পাকিস্তান প্রতিষ্ঠার পরও তিনি তাঁর আত্মীয়স্বজনদের সঙ্গে থাকতেন পশ্চিমবঙ্গেই। তবে পাকিস্তানে নজরুল আসুন বা না আসুন, পাকিস্তানবাদীরা চেয়েছেন তাঁর সাহিত্য-সংগীতে কাঁচি চালিয়ে নিজেদের উপযোগী করে নিতে। স্কুল পর্যায়ের বাংলা সাহিত্যের ওই বইটিতেও সেই কাজটি করা হয়েছিলÑ পাঠ্যপুস্তকটির সম্পাদক কবিতাটির ভেতরে থাকা ‘বৌদি’ ফেলে দিয়ে বসিয়ে দিয়েছিলেন ‘ভাবী’। বড় ভাই যে কয়েকটি বাক্য ব্যবহার করেছিলেন, সেগুলোর মধ্যেই ছিল পরিবর্তিত এই শব্দ।
যথাসময়ে লেখাটি ছাপা হলো কচিকাঁচার আসরে। যার সম্পাদক ও পরিচালক ছিলেন রোকনুজ্জামান খান দাদাভাই। অসাবধানতায় বিষয়টি তাঁর চোখ এড়িয়ে গিয়েছিল। কিন্তু পাঠকের চোখে তো এসব এত সহজে এড়ায় না। অতএব লেখা ছাপা হতে না হতেই শুরু হয়ে গেল নানা আলোচনাÑ কে এই অর্বাচীন জুলফিকার মতিন? আর কেইবা তাকে অধিকার দিল কাজী নজরুল ইসলামের কবিতা সংশোধনের? তাদেরও তো আর জানার কথা নয়, স্কুলছাত্র জুলফিকার মতিন তার হাতে যে বাংলা সাহিত্য সংকলন পৌঁছেছে, তাতে ওভাবেই পেয়েছেন কবিতাটিকে, আর নজরুলকে নিয়ে রাজনৈতিক ঘোরপ্যাঁচ সৃষ্টির ব্যাপারেও তাঁর কোনো ধারণা নেই। পাঠকের তীব্র সমালোচনার মুখে রোকনুজ্জামান খান বিষয়টি সম্পর্কে লেখকের বক্তব্য জানার পর পরিচালকের চিঠিতে নিজেই এ নিয়ে দীর্ঘ বক্তব্য তুলে ধরেছিলেন। জানিয়েছিলেন, কিশোর লেখক নয়, বরং এই ঘটনাটি ঘটিয়েছেন পাঠ্যবই হিসেবে নির্ধারিত সংকলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা।
প্রসঙ্গত মনে পড়ছে, ওই সময়ের বহুল আলোচিত একটি উদ্যোগের কথা। মাসিক নওবাহার পত্রিকায় ১৩৫৭ সালের বৈশাখ মাসে প্রকাশিত একটি বার্তায় জানানো হয়েছিল ‘নজরুল-কাব্যের পাকিস্তান-সংস্করণ’ প্রকাশ করার উদ্যোগে ‘বহু শিক্ষিত ব্যক্তির’ সমর্থন পাওয়ার কথা। বার্তাটি হুবহু তুলে রাখছি এইখানে, যেটিতে বলা হয়েছিল : ‘নজরুল-কাব্যের পাকিস্তান-সংস্করণ প্রকাশ করিবার যে প্রস্তাব আমরা করিয়াছি, বহু শিক্ষিত ব্যক্তি আমাদের সে প্রস্তাব সমর্থন করিয়াছেন। অনেক উকিল বন্ধুও জানাইয়াছেন যে, তাহাতে আইনঘটিত কোনো বাধারই সৃষ্টি হইবে না। এখন প্রয়োজন হইবে ছাঁটাই করার। কোন পুস্তকে কোন অংশ বর্জনীয়, তাহাই এখন আমাদিগকে বিচার করিতে হইবে। আমরা সেই বিচারই এবার করিব। অবশ্য আমাদের মতই যে অভ্রান্ত হইবে, তাহা আমরা বলি না। আমরা আমাদের নিজের মতামত প্রকাশ করিতেছি মাত্র। বলা বাহুল্য, ইসলাম এবং পাকিস্তানের পরিপ্রেক্ষিতেই আমরা এই ছাঁটাই করিতেছি। কাব্য বা সাহিত্যের দিক দিয়া নয়।’
এই প্রসঙ্গ উত্থাপনের কারণ, যতদিন সুস্থ ছিলেন, ততদিন কাজী নজরুল ইসলাম পাকিস্তান ধারণার পক্ষে ছিলেন না, তবে অসুস্থ হওয়ার পর তো চলে গিয়েছিলেন ইচ্ছানিরপেক্ষ এক অবস্থানে; যদিও পাকিস্তানি শাসনামলে বারবার বাঙালির সঙ্গে পাকিস্তানের অন্যান্য জাতিসত্তামূলক সংহতি প্রতিষ্ঠার উদ্দেশে এবং বাঙালির সাংস্কৃতিক পথিকৃৎ রবীন্দ্রনাথের বিকল্প ও প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠার জন্য তাঁর একটি ‘পাকিস্তানি সংস্করণ’ প্রতিষ্ঠার চেষ্টা সব সময়ই চলেছে। এ কথা সবারই জানা, রাষ্ট্রের সঙ্গে জাতীয়তার নিবিড় সম্পর্ক রয়েছে। এই প্রসঙ্গে এটিও মনে রাখা দরকার, রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে যেমন জাতীয়তার বোধ কাজ করতে পারে, তেমনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন থেকেও নতুন জাতীয়তাবোধ গড়ে তোলার উদ্যোগ থাকতে পারে। পাকিস্তান সৃষ্টির ক্ষেত্রে জাতীয়তাবোধের বিষয়টি ছিল দ্বিতীয় ঘরানার; যাতে কৃত্রিমতা থাকে, দূরত্ব থাকে, যা শেষ পর্যন্ত গড়ে ওঠে না। এই কৃত্রিম জাতীয়তাবোধটি যাতে যথেষ্ট আঠালো হয়ে উঠতে পারে, বাঙালিদের যাতে ‘সাচ্চা মুসলমান’ বানানো যায়, সেজন্য মুসলিম লীগের নেতৃত্ব অনেক আগেই বাঙালিদের ভেতরের ভাষাভিত্তিক জাতীয়তার বোধটি নষ্ট করার অপচেষ্টা চালায়। আপাতদৃষ্টিতে আমরা মনে করি বটে, ১৯৪৮ সাল থেকে বাংলা ভাষার আন্দোলন শুরু হয়েছে; কিন্তু প্রকৃতপক্ষে বাংলা ভাষার আন্দোলন শুরু হয়েছে বলতে গেলে মুসলিম লীগ গঠন হওয়ার সময় থেকেই; এবং তখন থেকেই বাঙালি মুসলমানদের ভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা শুরু হয়। বাংলাভাষী মুসলমানদের সম্পাদিত বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে তখন লেখালেখিও শুরু হয় এবং সেই অপচেষ্টার আনুষ্ঠানিক প্রকাশ ঘটে ১৯১৮ সালে তৃতীয় বঙ্গীয় মুসলমান সাহিত্য সম্মেলনেও। এই সম্মেলনে মোহাম্মদ আকরাম খাঁ তাঁর ভাষণে উর্দুর পক্ষে নিজের সুদৃঢ় অবস্থান তুলে ধরেন। ১৯৪৮ সালে ভাষা আন্দোলন শুরু হওয়ার পরও তাকে দেখা গেছে বাংলার বিপক্ষে সোচ্চার থাকতে। পাকিস্তান প্রতিষ্ঠার এক দশক আগে ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হিসেবে উর্দু ব্যবহারের প্রস্তাব উত্থাপন করেন। যা শেরেবাংলা একে ফজলুল হকসহ দলটির নেতৃত্বের একাংশের তীব্র প্রতিবাদের মুখে প্রত্যাখ্যাত হয়। এসব ঘটনাকে বিচ্ছিন্ন মনে করা ভুল হবে। বরং এসবই ছিল একটি কৃত্রিম জাতীয়তাবোধ সৃষ্টির অপপ্রয়াস; যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।
কাজী নজরুলের সাহিত্য চর্চার ক্ষেত্রে তাঁর সমসময়ের এই বিষয়গুলো গভীরভাবে মনে রাখা প্রয়োজন। কেননা তিনি অনায়াসে ও সাবলীলভাবে বাংলা সাহিত্যে বিভিন্ন ভাষার শব্দ অকৃত্রিমভাবে ব্যবহার করেছেন; কিন্তু তা কোনো ধর্মীয় বোধ থেকে করেননি, চাপিয়ে দেওয়ার লক্ষ্যেও করেননি; করেছেন তার আবেগময়তা থেকে, রোমান্টিকতা থেকে শ্রেণিবিরোধী সমন্বয়ধর্মী চেতনাকে তুলে ধরতে। আমাদের এই ভূখণ্ডে আফগানিস্তান, ইরান, তুরস্ক ও আরব দেশের বিভিন্ন অবাঙালি ভাষা ও সংস্কৃতি এসেছে, ব্যবহারের কষ্টিপাথরে সেসবের অনেক কিছু আমরা গ্রহণও করেছি; কিন্তু তা দিয়ে একটি আলাদা ধর্মীয় স্বাতন্ত্র্যমূলক পরিচিতি সৃষ্টির চেষ্টা হাস্যকর। রবীন্দ্রনাথ ঠাকুরকে বর্জন ও কাজী নজরুল ইসলামের পাকিস্তানি সংস্করণ দাঁড় করানোর মধ্য দিয়ে আসলে যে চেষ্টা চলেছিল বা এখনও চলে, তার উদ্দেশ্য জাতীয়তার চারিত্রবোধকে বিকৃত করা। এটাও মনে রাখা দরকার, বাংলা ভাষার বিকাশমানতা নিয়ে আমরা ‘পাক-বাংলার কালচারের’ দৃষ্টিকোণ থেকে যে তত্ত্ব হাজির করি আর ব্যাখ্যা দাঁড় করাই, তা মানতে গেলে নজরুলের ভাষাকেও প্রত্যাখ্যান করতে হয়। কিন্তু সেটি করলে তাঁর কোনো আবেদন আদৌ থাকে কি? বাংলা সাহিত্যেরও কি কোনো মর্যাদা থাকে? কাজী নজরুল চর্চা করতে গিয়ে আমরা এই প্রেক্ষাপট, এই পরিপ্রেক্ষিত ও সেটির ভূমিকাটুকু মনে করা দরকার, মনে রাখা দরকার। কেননা এই ভূমিকাটুকু যত মনে রাখব, ততই নিবিড়ভাবে উপলব্ধি করতে পারব তাঁকে। ততই উপলব্ধি করতে পারব তাঁর নৈকট্য।