চিত্রকর্ম: শাবিন শাহরিয়ার
রবীন্দ্রনাথের মাধ্যমেই আমি শরৎকে অনুভব করতে শিখেছিলাম। সেটা ইস্কুলে থাকতেই। বড়দের বই থেকে চুরি করে পড়া প্রথম যে গল্পটি আমার হৃদয়ে দাগ কেটেছিল সেটি ‘কাবুলিওয়ালা’। ওই গল্পে প্রথমে শরৎ এবং পরে শীতের প্রকৃতির আভাস ও বর্ণনা আমার কল্পনার জগৎ খুলে দিয়েছিল। সম্ভবত ‘শুভ্র’ শব্দটির সঙ্গে তখনই আমার পরিচয়। এত সুন্দর একটি শব্দ, অর্থ জানতাম না; কিন্তু অনুভব করতে পেরেছিলাম লেখক কোন রঙের কথা বলছেন। আমার মনে সাদা রঙের মেঘের কথা মনে পড়েছিল। রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময়েই রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন।’ আমার কল্পনার লাগামহীন ঘোড়ার জন্য বাক্য দুটি যথেষ্ট ছিল। আমি যদি ভুল না করে থাকি তাহলে এর পরেই সেই শরৎ-প্রকৃতিকে নিয়ে অসাধারণ গানটি শুনেছিলাম, ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা/নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা।’ সত্যি বলতে সময়টা যে শরৎকালের বর্ণনা, আবিষ্কার করেছিলাম পরে। তবে শরৎকে অন্তরচক্ষু দিয়ে দেখা বলতে যা বোঝায়, এসব বর্ণনার মাধ্যমেই। এভাবে ছয়ঋতুর একটি, শরৎ আমার কাছে বিশেষ হয়ে ওঠে।
রবীন্দ্রনাথের সব সৃষ্টিশীল সাহিত্যে, এমনকি প্রবন্ধে ঋতুপ্রকৃতির চিত্তাকর্ষক বিবরণ মেলে। এই বিবরণে মূলত শরৎ নিয়ে রবীন্দ্র-অভিব্যক্তির প্রকাশই ঘটেছে। পরে দেখতে পেয়েছি রবীন্দ্রনাথের গানে যে-শরৎ, তা-ই আমার দেখা শরৎপ্রকৃতি। শুভ্র, সুন্দর ও নির্মল। ‘শারদোৎসব’ নাটক যখন পড়ি তখন কলেজে, অনেক ক্রিটিকেল ভাবনা মনে জড়ো হচ্ছে। ‘শারদোৎসবে’ লক্ষ করলাম আরও এক শরৎকেÑ যা শুধু প্রকৃতি নয়; এ তো অন্তরের উন্মোচন, আনন্দ ও মুক্তির উপলব্ধিজাত অভিব্যক্তি। আবার ‘বিসর্জন’ নাটকে শরতের অনুষঙ্গ এলো বেশ তাৎপর্যপূর্ণভাবে। নাটকের পটভূমিতে যে পূজা-উৎসবের আবহ, তার সঙ্গে বাংলার শারদীয় দেবী-উৎসবের সাংস্কৃতিক স্মৃতি অনিবার্যভাবে যুক্ত। তবে রবীন্দ্রনাথ এখানে ‘শারদোৎসবে’-এর মতো শরৎকে কাশফুল, শিউলি, নীল আকাশের সৌন্দর্যের ঋতু হিসেবে তুলে ধরেননি। বরং শরতের সঙ্গে যুক্ত দুর্গোৎসবের ধর্মীয় আবহকে উল্টে দিয়ে প্রশ্ন তুলেছিলেন, ‘দেবীর আরাধনার জন্য প্রাণীহত্যা কি অপরিহার্য?’ অর্থাৎ শরতের নির্মলতার বিপরীতে রক্তবলির অন্ধকারকে দাঁড় করিয়েছেন রবীন্দ্রনাথ। দুই নাটকের ভাব বিচার করলে ‘শরৎ’ ও ‘উৎসব’Ñ চেতনার দুই বিপরীত রূপ স্পষ্ট হয়ে ওঠে। রবীন্দ্রনাথের রূপক-সাংকেতিক নাটকের চিন্তার সূত্রপাত তাই শরৎকে ঘিরেও। এই প্রসঙ্গের অবতারণার কারণ পরে বলছি।
আমি ভাটি ও প্রত্যন্ত বাংলার মানুষ, উত্তর সিলেটের নিম্নাঞ্চল। আমাদের এলাকায় শরতেও নদী ভরা থাকত নীল পানিতে। পিয়াইন বা ধলাই নদীর উভয় পাড়ে কাশের ফুলের সঙ্গে তাল মিলিয়ে সাদা পালের নৌকা দেখা যেত তখন। পানির নিচ থেকে উঁকি দেওয়া জমিতে ধানের চারা রোপণ করা হতো ভাদ্রের মাঝামাঝিতে। মাসখানেকের মধ্যেই সবুজ ধানগাছে ছেয়ে যেত মাঠ। তবে এখানকার মানুষের ভাগ্য বরাবর দুঃখের। এক বছর পর পর শেষ আশ্বিনে নদীতে আসা বানে তলিয়ে যেত সব। এরই মধ্যে আসত শারদীয় দুর্গোৎসব। প্রকৃতির শ্যামল জাগরণে মাতৃবন্দনা আর উৎসব এলাকাকে মাতিয়ে তুলত।
ভাটি অঞ্চল বলে শরতের বিশেষ ফুল-ফল আমার অঞ্চলে বিরল ছিল। তাহলেও আমাদের শরৎ-প্রকৃতির বিশেষত্ব ছিল খাসিয়া জৈন্তিয়া পাহাড়। পাহাড়ের ছায়া পড়ত গোটা এলাকার জলে-স্থলে। নীল পাহাড়ের পাশে কিংবা সমান উচ্চতায় সাদা মেঘ; অধিকাংশ সময়ে আকাশ পরিষ্কার থাকায় দেখা যেত পাহাড়ে নির্গত কত যে ঝরনাধারা। বেশিরভাগ শিলং পাহাড়ের ঝরনা। একেকটা আস্ত বকপাখির মতো। রাতের চেহারা তো ছিল অবর্ণনীয় সুন্দর। জোছনায় প্লাবিত বিল-ঝিলের সৌন্দর্য, আর শাপলা ফুলের সমারোহÑ কী যে প্রাণকাড়া ছিল! আর যে বছর নদীতে বান আসত না, মাঠে মাঠে ঘাস মাথাচড়া দিয়ে উঠত, সকালটা ভরে যেত শিশির ভেজা সবুজ ঘাসে। সকালবেলায় ধানক্ষেতের গাছের ডগায় ডগায় শিশিরে উদিত হতো হাজার হাজার সূর্য। হিমেল বাতাসের আঁচে শিহরিত হয়ে উঠত শরীর মন। এ রকম সময়ে দেবীপক্ষের সূচনা হতো, মহালয়া। আমাদের গ্রামের পাশেই ছিল তিন তিনটি হিন্দু-সম্প্রদায়ের গ্রাম। আমরা দূরের মন্দিরে শুনতে পেতাম আগমন সংগীত। মনে মনে সারা বছর অপেক্ষা করতাম এমন দূরাগত সংগীতের। এরই মধ্যে ইস্কুলে ছুটি শুরু হয়ে গেছে। আমরা মন্দিরে মন্দিরে দেবী ও উপাসনা দেখতে ভিড় জমাতাম। হিন্দু পরিবারগুলো আমাদের খুব খাতির করত, ওসব গ্রামে আমাদের বন্ধুরাও থাকত।
আমাদের অঞ্চলের হিন্দুরা নিম্নবর্ণের ছিল। তারা অবস্থাপন্নও ছিল না। সারবছর তাদের পোশাক-আশাক ছিল যেনতেন প্রকারের। হতদরিদ্রদের নিম্নাঙ্গে শুধু গামছার প্যাঁচ থাকত। কিন্তু দুর্গোৎসবের সময়ে তাদের সারা গায়ে আচ্ছাদিত পোশাক দেখতে পেতাম। মেয়েরা পরত রঙিন শাড়ি; পায়ে আলতা ও মাথায় সিঁদুর মেখে এক একটা দুর্গা হয়ে যেত। তখন তিনটি গ্রামেই দূরদূরান্ত থেকে আসত তাদের আত্মীয়-স্বজনেরা। বিশেষ করে ছাতক ও সুনামগঞ্জ থেকে আসত অনেকে; নৌকা করে, কিংবা পায়ে হেঁটে। যারা আসত তাদের চেহারা যেমন সুন্দর থাকত, তেমনই পোশাকও ভালো থাকত। আমাদের এলাকার সঙ্গে মিলে না। উঠতি বয়সে আমাদের আগ্রহের বিষয় ছিল কিশোরীরা। আলতাপরা কিশোরীদের দেখে দুর্গাকেও কত যে আপন লাগত। আমি ভালোবাসতাম দুর্গার চোখ, খেয়াল করতাম কিশোরীদের চোখের পাতা কেমন! শরৎ তাই আমার কাছে শুভ্র আকাশ, সুন্দরী কিশোরী আর দেবীপ্রতিমার ছবি-ঘেরা আনন্দময় এক জগত। সেই ছেলেবেলা থেকে শরতের সঙ্গে হিন্দু-মুসলমানের সম্প্রীতি, কিশোর বয়সের মুগ্ধতা আর সৌন্দর্য উপলব্ধি একাকার হয়ে আছে।
আমাদের যত বয়স বাড়তে থাকে প্রকৃতিরও বদল হতে থাকে। বদলে যেতে থাকে দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ। একটা সময়ে আমাদের মনে কখনও প্রশ্ন ছিল না কে হিন্দু আর কে মুসলমান। কিন্তু দেশে রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ধর্মভিত্তিক রাজনীতিচর্চার সূত্রপাত হয় জোরালোভাবে। নতুন শতকের শুরুতে এদেশের সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুরা নতুনভাবে আবিষ্কৃত হন। একটা গোষ্ঠীর কাছে মনে হয় এটা হিন্দুর দেশ না, এটি মুসলমানের দেশ। ১৯৪৭ সালের দেশভাগের বিষবৃক্ষ মাথাচড়া দিয়ে ওঠে। কিছু নারকীয় ঘটনা ঘটে এক শরৎকালে। দেবীপক্ষের সূচনার পরপর। তারপর এসব ঘটতেই থাকে। কিছুদিন বাদে কথাসাহিত্যিক প্রশান্ত মৃধার একটি গল্প পড়ি। গল্পটির নাম ‘শারদোৎসব’। সেই গল্পসিরিজে এমন একটা শরৎ আমি আবিষ্কার করি, যা আমার ফেলে আসা শরতের সঙ্গে মিলে না; সংখ্যালঘু বা হিন্দু-নিপীড়ন। দিন যত যেতে থাকে ফেলে আসা আমাদের সেইসব শুভ্র শরৎ ম্লান হতে থাকে, অশুভ এক চক্র দ্বারা। আর দিন যত যাচ্ছে দেখা গেল এই অন্ধকার চক্র গ্রাস করছে শুধু অতীত নয়, আমাদের ভবিষ্যৎকেও।
রবীন্দ্রনাথের ‘শারদোৎসব’ হাজির ছিল চিরন্তন শরৎ-প্রতীক নিয়ে, চিরসুন্দর ও মুক্তির রূপকে। কিন্তু অমানবিক প্রথার বিরুদ্ধে পরে তিনি নির্মাণ করেছিলেন হত্যা ও হিংসার রূপকে ‘বিসর্জন’-এর শরৎ। রবীন্দ্রনাথের শরৎচিন্তার দ্বন্দ্ব এই দুই নাটকে আছে। ‘নির্মল আনন্দে’-এর বিপরীতে ‘রক্তাক্ত আচার’। সেটা ছিল রবীন্দ্র-সমকালের বাস্তবতা। প্রশান্ত মৃধা একইভাবে শরৎ-প্রেক্ষাপটে প্রতীকায়িত করেন ক্ষমতার দাপট ও হিংসার উন্মত্ততা। এও শরৎকে নতুন এক তাৎপর্য দান; উৎসবের বিপরীত চেতনা নিয়ে শরৎ এখানে রক্তাক্ত ক্ষত হয়ে মূর্ত। বৃহত্তর অর্থে রবীন্দ্রনাথের চেতনার সঙ্গে প্রশান্তের চেতনা এক হয়ে যায়।
প্রতি বছর শরৎ আসে, আসে শারদীয় দুর্গোৎসবও। আমার ভেতরটা দুটি ভাগে ভাগ হয়ে যায়; একদিকে সাদা কাশগুচ্ছ, অন্যদিকে রক্তের লাল রঙ। রবীন্দ্রনাথের ‘শারদোৎসবে’-এর শরৎ নয়, মাথার ভেতরে কাজ করে ‘বিসর্জন’ কিংবা প্রশান্ত মৃধার ‘শারদোৎসবে’-এর রূপক বা অনুভূতি। একইসঙ্গে শরৎকে আমার হারানো অতীত বলেই মনে হয়। মনে হয় এটি ঋতু নয়, একটি অনুভূতি। এই অনুভূতি সুন্দরের সঙ্গে সম্প্রীতির, বোধের সঙ্গে ভালোবাসার। আবার এটাও হতে পারে শরৎ আমার আকাঙ্ক্ষার ঋতু।