অলংকরণ: তানভীর মালেক
শরৎ দুপুরের খণ্ডচিত্র
জাহাঙ্গীর ফিরোজ
এখানে নদীর ঘুম ভাঙে ভোরবেলা
মধুর দিগন্ত থেকে উড়ে আসে পাখি
তার ডানা বাতাসের মতন স্বাধীন।
কাশফুল নদীজলে মুখ দেখে
অভাবের সংসারে একাকী
ভাঙা আরশিতে ষোলবতী
বয়সের স্বভাবে উজ্জ্বল
স্বধীন ভাবনাগুলো মেলে দেয় শরতের নির্জন মেঘে
সে-ও নদীটির জলে মুখ রাখে পড়ন্ত বিকেলে।
এখন দুপুর বেলা বট-পাকুরের পাতায় বাতাসে
যে-টুকু আলাপ হয় তাও কান পেতে শোনে ওই ঘুঘুটি দুপুরে;
বটকল আসঙ্গ তৃষ্ণায় ঝিমধরা দুপুরের রোদে
ক্রমাগত সঙ্গিনীকে ডাকে
চিল তবু নিঃসঙ্গ একাকী
মেঘের পাহাড় থেকে দূরে চলে যায়;
গোধূলি পেরিয়ে রাত এলে পাতাটির গায়
কিঞ্চিত শিশির কি জমে?
এই ভাবনা কি চিল নদী ষোলবতী ঘুঘু ও পাখিরা ভাবে কোনোদিন?
মানুষ এসব ভাবে, বিশেষত কবিরা এসব ভাবনাকে মহামূল্যবান ভেবে
জাগতিক সিঁড়ির ঠিকানা ভুলে যায়
হায়! সে-ও যে চিলের মতো নিঃসঙ্গ
একাকী নির্মম আকাশে হারায়!
জনৈক কাঠমিস্ত্রির কবিতা
ইরাজ আহমেদ
ভেবেছি একদিন কাঠমিস্ত্রি হয়ে চলে যাব গ্রামে-গ্রামান্তরে।
ভাদ্রের শেষ তখন,
গ্রামের কোনো কোনো ডোবার কণ্ঠনালীতে আটকে থাকা জলের রঙ কালচে সবুজ,
অসংখ্য আশ্চর্য মাছ তখনও সেখানে গল্প করছে নিজেদের অতীত নিয়ে
চারপাশে বিভূতিভূষণের ‘টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িবার বিরাম নাই’;
আমি কোনো এক জঙ্গলে একা বসে ভেবে দেখব
তুরপুন, র্যাঁদা দিয়ে আর কোনো শব্দ তৈরি করা যায় কি না।
নৌকার তলায় পেরেকে ঠুকতে ঠুকতে বুঝতে চেষ্টা করব
কীভাবে রেজিন মিশিয়ে কিছু লোক তৈরি করে
মেয়েদের শরীরের মতো মসৃণ পালিশ!
আমি জানি, ভাদ্র শেষ হয়ে গেলে
অফুরন্ত আঠা, ইসক্রুপ আর জঙ্গলে জন্ম নেয়া মশা আমাকে জানাবে,
পৃথিবীর কাছাকাছি উজ্জ্বল সব নক্ষত্রই আসলে একেকটি গ্রহ;
যারা মানুষের শরীরে তাদের কামড়ের দাগের চেয়েও নিঃসঙ্গ
রক্তের ভিতরে জন্ম নেয়া বিরক্তির মতো একঘেয়ে।
ভেবেছি একদিন কাঠমিস্ত্রি হয়ে চলে যাব গ্রামে-গ্রামান্তরে।
ভাদ্রের শেষ তখন,
আমার মনে পড়ে যাবে অনেক আগের কথা যখন
কাঠমিস্ত্রিদের বাড়ি থেকে চুরি করা আঠা দিয়ে তৈরি হতো পাখি-ধরা ফাঁদ,
লেখার খাতায় ফুটে উঠত তোমার গ্রামের নাম নিকষ অন্ধকারে।
আমি চলে যাব ঠিক একদিন
দেখব, উত্তরের হাওয়ায় উড়ছে শুধু অজস্র কাঠের গুঁড়ো আর
মেঘের জঞ্জাল।
হিউমাস
সুহিতা সুলতানা
যদি পাহাড় ভেঙে মাথা দ্বিখণ্ডিত হয়
জলোচ্ছ্বাসে জীবন ভেসে যায় তাহলে
এই শরৎ হাওয়া দিয়ে কী হবে? অতি
যাপনের নেশা সব লণ্ডভণ্ড করে দেয়!
ভাষা-জ্ঞান, ধ্রুপদী জল সকল কীর্তি
এভাবেই নিশ্চিহ্ন হয়ে যায়! শরতের
মর্মতলে রক্তাক্ত হৃদয় স্রোতের তোড়ে
ভেসে যেতে যেতে অচেনা কোনো কূলে
আবার বাঁচার স্বপ্ন দেখে!মানুষের চোখ
দেহ-মনে যে আতঙ্ক হাড় ও হিউমাস
গল্পের মতো মনে হলেও সবটাই সত্য!
বরফ ভেঙে পড়ার এমন ভয়ংকর
দৃশ্য কেউ দেখেছে কখনও? এ বড়
দুঃখের কাল গুচ্ছ গুচ্ছ বিষবৃক্ষের
উৎসব সব অপরিণত চিন্তার দাসত্ব
সারা রাত নিদ্রাহীন বিলি কাটে ঢেঁকির
ইতিহাস! শেষ পৃথিবীর যাত্রী হতে
পারাও তো কম নয় এত ধ্বংসযজ্ঞ
এত পতন এত দাহ এত প্রতিহিংসা
প্রকৃতির রোষানল, অনিশ্চিত জীবন
দেখার সহ্য ক্ষমতাও যেন কাদা-
মাটি পাথর ভেঙে গড়িয়ে পড়ার মতো
অসহনীয়! সেই রংধনু রঙ আর নেই!
ছানাকাটা শরতের
হেনরী স্বপন
ছানাকাটা দুধের জাফরানি
শরতের আকাশেÑ
মেঘের গাঁজলা ওঠা
দিগন্তের দ্যুতি ছেঁড়া
কার্ণিশের ছুঁই ছুঁই
উগ্রঘুড়িÑ
ফড়িংয়ের আব্রুতে
এলোমেলো কাশের দুরন্ত
ঘোড়দৌড়।
ঢাকের দামামা বাজাচ্ছে
সুপ্রিম বলাৎকারে ভীত;
দেনমোহরের চেতনাঝরা
শিউলির বাগিচাও
পুষ্পকে ছেয়ে গেছে
উলঙ্গ আতঙ্কেÑ
রাতের গভীর বেদনায়
সাইবার পাঁজরের ঢেউ।
স্মৃতি
মতিন রায়হান
স্মৃতি: সম্পর্কের এক মোহন-শোভন সেতু
মহেঞ্জোদারো থেকে নেমে আসা পুরাণপ্রবাহ
বুকে নিয়ে স্মৃতিপুঞ্জ
ভেসে ভেসে যাই...
আসমুদ্রহিমাচল স্বদেশ আমারÑ
ঢেকে দিতে চাই শুভ্র ফুলে ফুলে
শিউলি কিংবা অমলিন কাশের গুচ্ছ
ঢেউয়ে ঢেউয়ে জ্বলে সম্পর্কের আলো!
বিচলিত প্রাণ স্পর্শ করে শরতের দেহতট
জঙ্ঘা
জঘন
স্তনবৃন্ত
কেশরাশি যেন প্রেমের বিভুঁই
গমকে গমকে ওঠে ঢেউ
মুখে ফোটে আধো বোল
কী হুলুস্থুল, কী হুলুস্থুল!
সাদাকালো যাযাবর মেঘ
হাসিদা মুন
আকাশে টাঙানো রোদ নীল চোখে হাসে
অকপট বাতাসের মুগ্ধ চলাচল
শাদা ফিতে। দোলে মেঘবালিকার বেণি
কাশফুল বুকে ধরে জাগে খোলা চর
হাঁসের পায়ের ছাপ, মরহুম ঝিনুকÑ
ঘাসের কঙ্কাল যেনÑ মোহনার মোহে
আটকে আছে। এই বুঝি নতুন জোয়ার
আবার ঘনিয়ে এলো, এই বুঝি আসে...
জল নেই। সাদাকালো যাযাবর মেঘ
রেশম-তন্তুর মতো মুগ্ধতা ওড়ায়
নিলুফার শাড়ি
এমরান কবির
মেঘগুলো চলে যায় আকাশের বাড়ি
ঝিরিঝিরি ঝরে যায় নিলুফার শাড়ি
গহন
শুভাশিস সিনহা
নদীর জলে পা ডুবালাম
ওমনি লাগে ঢেউ,
পাড় ভাঙানো কোন জোয়ারে
উছলে ওঠে কেউ!
জাগবে কি আজ মরা গাঙে
নয়া স্রোতের বান,
গহনবনে উঠবে মেতে
হৃৎকোকিলার গান?
বুধবার বিকেলে
নিজাম বিশ্বাস
কোনো এক বুধবার সারাদিন বুনোকাশবনে
রিক্সা থেকে নেমে আরও কিছু পথ হেঁটে
মোহনার কাছে নদী যেখানে পরাণ খুলে হাসে-
এতো সাজ, লেগে যায় মজনু তোমার পিছে
থাক, গোটা কয়েক প্রেমিক থাক, তারা সব
গোধূলির আলোতে হারিয়ে যাবে দূর মেঘে,
সারাদিন সব ভুল কাজ করে অনুশোচনাহীন
বুধবার বিকেলে আমরা এক বুনোকাশবনে
যেখানে বাতাস মিহি সুতোর মতোন দোলে-
পোষা নদী আমাদের পিছু হেঁটে চলে আসে
শরীর সন্ধিক্ষণে
তাসনুভা অরিন
জ্যোৎস্নাস্ফোটনের সময়
চাঁদের মুড-সুইং বেড়ে যায়।
তার ছায়া ছুঁয়ে
পাশ ফিরে শুই
যেন আর না শুনি নিজের ফিসফাস।
ভালো নেই বলি যাকে,
সে-ও ভালো নেই।
শিউলি দানার মেঘ ঝরে
কাশমনে নীরবতা,
আমাদের চেনা শরীর,
শরত শরত লাগে।