প্রচ্ছদ রচনা
ইমদাদুল হক মিলন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৫ পিএম
চিত্রকর্ম: শাবিন শাহরিয়ার
আমার জন্ম শরৎকালে। এই কারণেই কি না কে জানে, এই ঋতুটির প্রতি আমার বিশেষ আকর্ষণ। এই একই কারণে বোধহয় কাশ আর শিউলি ফুল আমার বিশেষ প্রিয়। যে এলাকায় জন্মেছিলাম, বারো বছর বয়স পর্যন্ত যে গ্রামটিতে কাটিয়েছি, সেই অঞ্চলে বর্ষাকালটা বড় দীর্ঘ হতো। অঞ্চলটির নাম বিক্রমপুর। গ্রামটির নাম মেদিনীমন্ডল। তখনকার কালে বিক্রমপুর ছিল নিম্নাঞ্চল। গ্রামগুলো ছিল নির্জন। ঘনলোকবসতি বলতে যা বোঝায়, বিক্রমপুরের গ্রামগুলো তেমন ছিল না। আমি বলছি ষাটের দশকের কথা। দিনে দিনে বদলে গেছে এই জনপদ। যে বাড়ি বা জমির মালিক ছিলেন একজন, কালে কালে বংশবৃদ্ধির ফলে এক বাড়ি ভাগ হয়েছে পাঁচ সাত দশজনের মধ্যে। বিলমাঠের জমিও ভাগ হয়েছে একইভাবে। সারা দেশের মতো মুন্সীগঞ্জ বিক্রমপুরও হয়ে গেছে ঘনবসতি অঞ্চল। যে সময়কার বিক্রমপুরের কথা বলছি, আজকের প্রজন্মের কাছে তা গল্প কাহিনির মতো শোনাবে। সেসব কথায় যাচ্ছি না। শরৎকালের কথা বলি।
এই অঞ্চলে বর্ষা শুরু হতো জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় থেকে। প্রথমে পদ্মার জল ফুলে উঠতো। বিক্রমপুরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে অসংখ্য খাল। পদ্মার জল সেইসব খাল বেয়ে ঢুকতো গ্রামে। সঙ্গে শুরু হতো বৃষ্টি। একদিকে খালের জল, অন্যদিকে অবিরাম বৃষ্টিপাত। খাল উপচে জল উঠে যেত চকেমাঠে। বিলপ্রান্তর ডুবে একাকার হতো। ফসলের মাঠে হাঁটুজল, কোমরজল। ধীরে ধীরে বাড়িগুলো হয়ে উঠতো বিচ্ছিন্ন দ্বীপ। নৌকা ছাড়া চলাচলের উপায় নেই। ঋতুর হিসেবে আষাঢ় শ্রাবণ দুইমাস বর্ষাকাল। কিন্তু সেই ছেলেবেলায় আমি দেখেছি, গ্রীষ্মকাল শেষ হওয়ার আগেই বর্ষাকাল এসে গেছে। বিক্রমপুর অঞ্চলে গ্রীষ্মকালকে বলে ‘খরালিকাল’। বর্ষাকালকে বলে ‘বাইশ্যাকাল’। খরালিকাল শেষ হতে না হতেই বাইশ্যাকাল। বর্ষা শুরুর মাস আষাঢ় মানে ভরা বর্ষা। কোন ফাঁকে কদম ফুল ফুটেছে, বোঝার সুযোগই ছিল না। এমন বৃষ্টি! কী বলবো সেই বৃষ্টির কথা। এই ঝুপঝুপ করে নামলো, এই উধাও, এই মাঠের দিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে বাড়িগুলো ভরে আছে পাকাধানের মতো রোদে। গ্রামের লোকে বলে ‘আষাঢ় মাসের বৃষ্টিতে নৌকার আগা ভিজে তো পাছা ভিজে না’। গ্রামের পতিকাতর বউটি স্বামী বিরহে গান গায়Ñ
আষাঢ় মাইশ্যা বিষ্টি রে
ঝমঝমাইয়া পড়ে রে
বন্ধু আমার রইলো বৈদেশ গিয়া।
আষাঢ় মাসেই যখন এই অবস্থা, তাহলে শ্রাবণে? শ্রাবণ মানে বৃষ্টি আর বৃষ্টি। দশদিন বারোদিন ধরে একনাগাড়ে চলছে বৃষ্টি। রোদের দেখা নেই। চারদিকে ফুটে আছে আবছায়া। আকাশে দিনমান ভাসছে পালতোলা নৌকার মতো মেঘ। গ্রাম ডুবে গেছে জলে। বাড়ির উঠান পালানে জল। প্রতিটি বর্ষাকালই যেন বন্যার কাল। কোনও কোনও বছর ঘরের মেঝেতে জল। গরিব বাড়ির মানুষেরা মাচা বেঁধেছে ঘরের ভিতর। দিনেরবেলায় বসে থাকছে ঘরের চালায়। বর্ষা যেন শেষই হয় না। ভাদ্র মাস এসে পড়লো। ঋতুর হিসেবে শরৎকাল। কিন্তু কোথায় কী? তখনও তো বর্ষার জল চারদিকে! তবে বৃষ্টি তেমন নেই। অতি স্বচ্ছ ঝকঝকে সুন্দর একটি নীলাকাশ। বকের সারির মতো এক আকাশ থেকে মেঘ ভেসে যায় আরেক আকাশে। উজ্জ্বল রোদে ভরে আছে চারদিক। তীব্র গরমে হাঁসফাঁস করছে দেশ গ্রামের মানুষ। বাড়ির উঠোন আঙিনা থেকে ধীরে ধীরে নামছে জল, চকেমাঠে কমতে শুরু করেছে। প্রখর রৌদ্রতাপে বিলমাঠের জল পচতে শুরু করেছে। জাগ দেওয়া পাটের গন্ধের মতো চারদিকেই পানিপচা গন্ধ। অঞ্চল ভরা মাছ। পচা পানিতে মাছগুলো খাবি খেতে থাকে। গ্রামের লোকে বলে ‘মাছে খাজা খায়’। সেই মাছ জুতি টেঁটা দিয়ে আমন ধানের ক্ষেতের ফাঁকফোকর থেকে মেরে আনছে গৃহস্থলোক। গ্রামের সড়কগুলো ধীরে ধীরে জাগছে। সেই কাদা পানি ভেঙে মানুষ এদিক ওদিক চলাফেরা করে। ভাদ্র মাস শেষ হয়ে যায় তবু পুরোপুরি শেষ হয় না বিক্রমপুরের বর্ষাকাল। অথচ ঋতুর হিসেবে ভাদ্র হচ্ছে শরতের প্রথম মাস। গ্রামের এদিক ওদিক, খালের ধারে ধারে কোথাও ফুটেছে কাশফুল। মাথার ওপরকার নির্মল আকাশ আর খালের ধারে ফুটে ওঠা কাশফুল দেখে জ্ঞানী লোকেরা বুঝে যান, এই কালটির নাম শরৎ। আমাদের বড়ঘরের কোণে পুরনো শিউলিঝাড়। শিউলি পাতার ফাঁকে উঁকি দিচ্ছে শুভ্র শিউলি।
দেখতে দেখতে এসে পড়ে আশ্বিন। শরৎকালের দ্বিতীয় মাস। আকাশ তখনও নির্মল, তখনও স্বচ্ছ নীল। হাওয়ায় অবিরাম দুলে যায় কাশের ফুল। শিউলির গন্ধে মাতোয়ারা হয় ভোরের বাতাস। গ্রামের চকমাঠ থেকে তখনও নেমে যায়নি বর্ষার পুরো জল। রোদের তাপে জল উধাও হচ্ছে ঠিকই, কিন্তু পুরোপুরি উধাও বলতে যা বোঝায়, ঠিক তা নয়। জল কাদায় থিকথিক চারদিক। এর মধ্যেই সীতারামপুরের তালুকদার বাড়িতে একদিন বাজতে লাগলো ঢাক। ঢাকের বাদ্যে মুখর হলো ওদিকটা। অর্থাৎ দুর্গাপূজা এসে গেছে। রবীন্দ্রনাথের গানের মতো এক সকালে কারও কারও মনে হলো, ‘আমার রাত পোহাল শারদপ্রাতে’। মাওয়ার ওদিককার রিশিপাড়াও মুখর হয়েছে ঢাকের শব্দে। কয়েকদিন পরেই শুরু হবে দুর্গাপূজা। তখনও আসলে রয়ে গেছে বর্ষাকালের চিহ্ন। সেইসব শরৎকালেও দেখেছি, যখন তখন নামছে বৃষ্টি। কার্তিক অগ্রহায়ণ দু’মাস হেমন্তকাল। কার্তিক মাসেও দেখেছি একনাগাড়ে কয়েক দিন ধরে শ্রাবণ মাসের মতো বৃষ্টি। এই বৃষ্টিটাকে গ্রামের লোকে বলতো ‘কাইত্তানি’। কার্তিক মাসের বৃষ্টি।
‘পথের পাঁচালী’ উপন্যাসে কাশবনের ভিতর দিয়ে রেলগাড়ি দেখতে গিয়েছিল অপু আর দুর্গা। সত্যজিৎ রায়ের সিনেমাটিতে দেখেছি, বরফসাদা কাশফুলে ভরে আছে বিস্তীর্ণ মাঠ। সেই মাঠের ভিতর দিয়ে অপু দুর্গা ছুটছে। মাথার ওপর বিস্তীর্ণ নীলাকাশ। এরকম এক অসামান্য শরতের আকাশ আর কাশফুলে ভরা পদ্মাতীরে আমাকে নিয়ে গিয়েছিল হাজামবাড়ির মজিদ। সে আমাকে ডাকতো ‘মিয়াভাই’। এক দুপুরে এসে বলল, ‘লও মিয়াভাই, তোমারে পদ্মারপাড় থিকা ঘুরাইয়া আনি।’ আমার তখন সাত আট বছর বয়স। থাকি নানির কাছে। বহুকষ্টে নানিকে রাজি করিয়ে গিয়েছিলাম পদ্মাতীরে। আশ্বিনের মাঝামাঝি সময়। মাঠেঘাটে তখনও কোথাও হাঁটুজল, কোথাও থকথকে কাদা। মজিদ আমাকে কাঁধে নিয়েছিল। মেদিনীমন্ডল থেকে পদ্মাতীর তখন প্রায় দেড় মাইল। ওই অতটা পথের অনেকখানিই সে আমাকে কাঁধে করে নিয়ে গেল। মাত্র বিকেল হচ্ছে, নির্জন পদ্মাতীর সাদা হয়ে আছে কাশফুলে। নদীর উতল হাওয়ায় কাশফুল ঢলে পড়ছে এ ওর গায়ে। যেন গ্রামের মেয়েরা হাসতে হাসতে একজন ঢলে পড়ছে আরেকজনের গায়ে। সামনে সমুদ্রের মতো বিশাল পদ্মা। ওপার দেখা যায় না। নদীর মাঝখান দিয়ে একদিক থেকে আরেক দিকে যায় পাল তোলা নৌকা। কাশবনের ভিতর একটু একটু ফাঁকা জায়গা। সাদাবালি চকচক করছে শরতের আকাশ থেকে নেমে আসা অপূর্ব এক বৈকালি আলোয়। আমাকে নিয়ে সেই কাশবনের ভিতর দিয়ে পদ্মার একেবারে পাড়ে গিয়ে দাঁড়িয়েছিল মজিদ। তখন বুঝিনি, আজ বুঝি। এই গ্রাম্য নিরক্ষর হাজাম যুবকটির মধ্যে প্রকৃতিপ্রেম ছিল গভীরভাবে। না হলে কেন এতটা কষ্ট করে, আমাকে কাঁধে চড়িয়ে ওই অত দূরের নদীতীরের কাশবন দেখাতে নিয়ে গিয়েছিল! বিকেল হয়ে আসছে, আমরা দুজন দাঁড়িয়ে আছি পদ্মাতীরে। তীরের লম্বালম্বি মাইলের পর মাইল শুধুই কাশবন। কাশের ফুটে থাকা ফুলের ওপর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে নিজের গতিতে। কাশের বন উথালপাথাল করছে নদীর ঢেউয়ের মতো। আমরা দুজন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছি পদ্মার শেষ প্রান্তে নেমে যাওয়া শরতের অসামান্য আকাশটির দিকে।
সেই বিকেলের মতো শরৎশোভা এই জীবনে আর দেখা হয়নি।