ফারুক মাহমুদ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৯ পিএম
সূর্যমামা কোথায় গেল!
নিঝুম পায়ে সন্ধ্যা এলো
পাতার ফাঁকে চাঁদ উঠেছে
বাগান ভ’রে ফুল ফুটেছে
বাতাস বেয়ে সুবাস আসে
ঝিকিমিকি তারা হাসে
ঘুমবালকের দেখা পেলে
পাখির মতো ডানা মেলে
মনে মনে উড়ে উড়ে
ঘুরতে যাব নানান দূরে
ইচ্ছেচিঠি স্বপ্নখামে
পাঠাব তা মেঘের নামে
মেঘ পাঠাবে বিজলিঝাঁপি
আমি কি আর ভয়ে কাঁপি!
ফুটবে যখন নতুন আলো
পালাবে ঠিক রাতের কালো
ডাকবে তখন ভোরের পাখি
কী করে আর ঘুমে থাকি!
স্বপ্ন, এসো চাঁদনি রাতে
জোছনাবন্ধু থাকবে সাথে
কাটবে সময় গল্পগাথায়
লিখব সবই স্মৃতির পাতায়