× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুবুন ও জোড়াবাড়ির ভূত

আশিক মুস্তাফা

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪১ পিএম

অলংকরণ :

অলংকরণ :

রাজ্যের ঘুম তিতিরের চোখে। ছোট্টমোট্ট তিতিরের ঘুমই ভাঙতে চায় না সকালে। ইশকুলে যাবে কেমন করে? এদিকে তিতির গল্প শুনতে পছন্দ করে। তো বাবা ঘুম ভাঙাতে গল্প বলতে থাকে। কী গল্প? চলো শুনিÑ

প্রায়ই হারিয়ে যায় বুবুন। ঠিক দুপুর বেলায়। সূর্য মাথার উপর আসলেই উধাও! সেদিন দুপুরে ইশকুল থেকে এসে যেই জোড়াবাড়ির মোড়ে দাঁড়াল, অমনি হাওয়া! অথচ সঙ্গে রিকু, আদিয়ান, কাদিয়ান, মন্টি, ঝুমু, পারসাসহ সবাই ছিল। বুবুনের এই উধাও হয়ে যাওয়ার ঘটনা পাড়ার সবাই জানে। জানে ইশকুলের বন্ধুরাও। তবে তারা এই প্রথম চোখের সামনে ছয় বন্ধু দেখল। বুবুন যখন যেখান থেকেই উধাও হয় দৃশ্যমান হয় এক জায়গাতেই; জোড়াবাড়ির মাঝখানে!

বুবুনের দাদাভাই বুবুনের সঙ্গে গ্রামের মস্তান পাগলার গল্প বলেন। উধাও হওয়ার গল্প। শীত এলে কোথায় কোথায় চলে যেত লোকটা। মানুষের কাছে পান্তা ভাত খুঁজে বেড়াত। শীতের কনকনে ঠান্ডায় দূর গ্রামে গিয়ে পান্তা ভাত খেত। এখলাছপুরের মানুষ এমন কথা বলে বেড়াত। আসলে সে ছিল মাস্তান টাইপের লোক। বিশাল শরীর। কালো চশমা পরে ঘুরত। অন্ধকার রাতেও চোখে থাকত কালো চশমা। একবার মারামারির মামলায় জেলে যায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর গ্রামে মাস্তান নাম রটে যায়! সেই মাস্তান গ্রামের লোকমুখে হয়ে যায় মস্তান! এই মস্তান পাগলা শীতে উধাও হলেও বুবুনের শীত-বর্ষা নেই! দুপুরের সূর্য মাথায় গড়ালেই উধাও।

বুবুনদের পাশের বাসায় থাকে আদিয়ান আর কাদিয়ান। যমজ ভাই। দুই ভাই দেখতে একই রকম হলেও বুবুন তাদের প্রথম দেখাতেই চিনে যায়। বুবুনের এমন অনেক গুণ আছে; তা কেবল আদিয়ান আর কাদিয়ানই জানে। সে ছাদে বসে নাম ধরে ডাকতেই পাখিরা এসে তার হাতের তালুতে বসে। পা বাড়িয়ে এক ছাদ থেকে অন্য ছাদে চলে যেতে পারে বুবুন। দুই পা উপরে তুলে এক হাতে ভর দিয়েও থাকতে পারে ঘণ্টার পর ঘণ্টা। এসব ছাড়াও সে মনের গোপন কথা ধরতে পারে। সামনে যেই থাকুক তার মনের গোপন কথা বুবুন চোখ বন্ধ করে বলে দিতে পারে! 

তো বুবুনের এই অদৃশ্যমান হওয়ার রহস্য উদঘাটনে নামলো আদিয়ান আর কাদিয়ান। বুবুন উধাও হওয়ার খবর শুনলেই তারা দৌড়ে গিয়ে দাঁড়ায় জোড়াবাড়ির ছাদে। কখনও দূরবীন চোখে। কখনও মায়ের মোবাইলের ক্যামেরায় ভিডিও অন করে। তারা জানে, ভূতদের খালি চোখে দেখা না গেলেও ক্যামরায় দেখা যায়! কিন্তু না, বেশ কয়েকদিন চেষ্টা করেও তারা ক্যামেরার চোখে ভূত ধরাতে পারেনি। যেদিন ইশকুল থেকে ফেরার পথে উধাও হলো, সেদিন তারা ইশকুলের অন্য বন্ধুদের নিয়ে গেল জোড়াবাড়ির ছাদে। একটা বাড়ি আরেকটা বাড়ির সঙ্গে লাগোয়া। যদিও মাঝখানে এক কমলা দূরত্ব। মানে দুই ছাদের মাঝখান দিয়ে একটা কমলা ফেললে নিচে পড়ে যায়। এর বড় কিছু পড়ে না। আটকে যায়। এই দুইটা বাড়ি একসঙ্গে লাগানো ছিল। একবার দুই বাড়ির লোকদের মধ্যে ঝগড়া হতেই ভূতরা বাড়ি দুটি আলাদা করে দেয়। আর এই আলাদা করে দেওয়ার পরই জোড়াবাড়ি ঘিরে যতসব ভুতুড়ে কাণ্ড ঘটে! সে যাক, দুই ভাই ইশকুলের বন্ধুদের নিয়ে যেই জোড়াবাড়ির ছাদে উঠে মাঝখানে তাকালো, ওমা দেখে মাঝখানে চ্যাপ্টা হয়ে বুবুন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। তারা বুঝতে পারে না, এই ছোট্ট জায়গা থেকে বুবুনকে কেমন করে উদ্ধার করবে? মন্টি বলল, ট্রিপল নাইনে কল দাও। তারা দৌড়ে নিচ থেকে মোবাইল আনে। ট্রিপল নাইনে কল দেয়; কেউ ধরে না। আবার কল দেয়, রিং হয়। কল রিসিভ হয়। ওপাশ থেকে বলে, আমরা ভুতুড়ে কোনো কাজে সাহায্য করতে পারব না! মন্টুরা অবাক হয়, একে অন্যের চোখে চোখ রাখে; তারা কেমন করে জানলো?

এমন সময় জোড়াবাড়ির মাঝখান থেকে একটা অট্টহাসি ভেসে এলোÑ হা হা হা! তোরা যদি বন্ধুকে বাঁচাতে চাস তবে আমি যা বলি তার উত্তর দে। না হয় আর পাবি না তোদের বন্ধুকে!

আদিয়ান আর কাদিয়ান বলে, ঠিক আছে ঠিক আছে, কী জানতে চাও বলো।

ফের ভেসে আসে, বল তো দেখি, কোন জিনিস উপরে-নিচে যায়, কিন্তু নড়াচড়া করে না?

মন্টি বলেÑ সিঁড়ি।

হাওয়ায় শব্দ ভেসে আসেÑ হো হো হো, পেরেছিস; এবার বল, কোন জিনিস জলে জন্মায়, জলে ভাসে, আবার জলে গেলে মরে যায়?

আদিয়ান আর কাদিয়ান মাথা চুলকায়। তাদের সঙ্গে থাকা ক্লাসে সবচেয়ে চুপচাপ থাকা পারসা বলে, এটা তো অনেক সোজা; লবণ।

ওমা, তার কথার রেশ না কাটতেই দেখে তাদের পাশে দাঁড়িয়ে আইসক্রিম খায় বুবুন! হাতে আরও ৭টি আইসক্রিম। এগুলো কার জন্য?

ছোট্ট তিতির চোখ ডলতে ডলতে বলে, তারা তো ছয় বন্ধু। আর একটা কি আমার জন্য বাবা?


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা