সাগরে জেলেদের অনিশ্চিত জীবন
শফিকুল ইসলাম খোকন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৬ পিএম
উপকূলের সমুদ্রে দুর্ঘটনার সঠিক তথ্য সরবরাহের ক্ষেত্রে পড়তে হয় নানা বিড়ম্বনায়
অথৈ বঙ্গোপসাগর। যার কোনো কূল নেই, কিনার নেই। সাগর উত্তাল, মহাবিপদ, তীরে খবর পৌঁছায় দেরিতে। আবারও ট্রলারডুবি, নিখোঁজ জেলে ও মরদেহ উদ্ধারের তথ্য বিভ্রাট ঘটনায় সামনে এলো বঙ্গোপসাগরে যোগাযোগ ও উদ্ধারব্যবস্থা নিয়ে। বঙ্গোপসাগরে যখন একটি মাছ ধরার ট্রলার বিপদের মুখে পড়ে, তখন সেটি শুধু একটি ট্রলারের দুর্ঘটনা নয়Ñ একসঙ্গে বিপন্ন হয়ে পড়ে কয়েকটি পরিবারের জীবন, একটি উপকূলীয় জনপদের অর্থনীতি এবং সমুদ্রনির্ভর হাজারো মানুষের নিরাপত্তা। সাগরে এ রকমের ঘটনা নতুন নয়। বছরের পর বছর ধরে চলছে।
সাম্প্রতিক ‘এফবি বরকত’ ট্রলার ডুবির ঘটনাটি সেই বাস্তবতাকেই আবার সামনে এনেছে। ২১ আগস্ট পাথরঘাটা থেকে ১৩ জন জেলেকে নিয়ে গভীর সমুদ্রে যাত্রা করেছিল ট্রলারটি। বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের মধ্যে সেটি ডুবে যায়। আটজন জেলে অন্য একটি ট্রলারের সহায়তায় প্রাণে বাঁচলেও নিখোঁজ হন পাঁচজন। প্রায় ২২ ঘণ্টা পর গভীর সমুদ্র থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়Ñ এমন তথ্য অনিশ্চিত। এমন খবর প্রতিনিয়ত উপকূলের মানুষের জন্য। তথ্য বিভ্রাটের কারণে সাংবাদিক, প্রশাসন, সরকারসহ সংশ্লিষ্টদের বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। ২৬ আগস্ট সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত একজনের মরদেহ উদ্ধারের খবর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হলেও, এখনও মরদেহ পাথরঘাটায় পৌঁছায়নি।
প্রশ্ন হচ্ছেÑ দুর্ঘটনা ঘটার পর উপকূলে খবর পৌঁছাতে কত সময় লাগে? বিপদের মুহূর্তে ট্রলারে থাকা জেলেরা কীভাবে দ্রুত সংকেত পাঠান? মোবাইল নেটওয়ার্ক না থাকলে তাদের বিকল্প যোগাযোগব্যবস্থা কী? আর আবহাওয়া হঠাৎ ভয়ংকর হয়ে উঠলে উদ্ধারকারী দল কত দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে দেখা যায়, সমুদ্রে জেলেদের ঝুঁকি শুধু ঝড়-তুফানের কারণে নয়; যোগাযোগের সীমাবদ্ধতা, তথ্যের ঘাটতি এবং দূরবর্তী সমুদ্রে উদ্ধার সক্ষমতার সীমাবদ্ধতাও ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দেয়।
ঝড়ের মধ্যে কয়েক মিনিটই হতে পারে জীবন-মৃত্যুর ব্যবধান
উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লার বর্ণনা অনুযায়ী, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। আটজন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি ট্রলারে উঠতে সক্ষম হন। এই বর্ণনার মধ্যেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাÑ সমুদ্রে দুর্ঘটনা অনেক সময় এমন আকস্মিকভাবে ঘটে যে বিপদবার্তা পাঠানোর সুযোগও পাওয়া যায় না।
তীরে থাকা স্বজন তখন জানেন না তাদের প্রিয় মানুষটি কোথায়। ট্রলার মালিক জানেন না কী ঘটেছে। প্রশাসনও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারে না দুর্ঘটনার স্থান, ট্রলারে থাকা মানুষের সংখ্যা কিংবা জীবিত-নিখোঁজের প্রকৃত হিসাব, সাংবাদিকদের কাছেও থাকে না সঠিক তথ্য। ফলে শুরু হয় অপেক্ষা। আর সমুদ্রে প্রতিটি মিনিটের মূল্য তখন অনেক বেশি।
মোবাইল নেটওয়ার্কের বাইরে আরেক বাংলাদেশ
উপকূল থেকে যত দূরে মাছ ধরার ট্রলার যায়, মোবাইল ফোনভিত্তিক যোগাযোগ ততটাই অনিশ্চিত হয়ে পড়ে। অনেক জেলে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন মোবাইল ফোনের মাধ্যমে। কিন্তু গভীর সমুদ্রে মোবাইল নেটওয়ার্ক না থাকলে সেই যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়।
এখানেই প্রশ্ন ওঠে জেলেদের জন্য নির্ভরযোগ্য বিকল্প যোগাযোগব্যবস্থা কতটা সহজলভ্য?
স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ, জরুরি অবস্থায় অবস্থান শনাক্ত করার প্রযুক্তি, ভিএইচএফ রেডিও কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য বিপদ সংকেত ব্যবস্থা কতটি মাছ ধরার ট্রলারে আছেÑ এমন তথ্য প্রকাশ্যে সহজে পাওয়া যায় না। অথচ একটি ট্রলার কোথায় আছে, কখন শেষবার যোগাযোগ করেছে এবং বিপদের সময় তার অবস্থান কোথায়Ñ এই তিনটি তথ্য দ্রুত পাওয়া গেলে উদ্ধার অভিযান অনেক বেশি কার্যকর হতে পারে।

‘নেটওয়ার্ক নেই’ মানে কি তথ্যও থাকবে না?
গভীর সমুদ্রে মোবাইল নেটওয়ার্ক না থাকা স্বাভাবিক। কিন্তু আধুনিক সমুদ্রনিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ নীতি হলোÑ মোবাইল নেটওয়ার্কের ওপর জরুরি যোগাযোগকে নির্ভরশীল না রাখা। কারণ মোবাইল ফোন মূলত উপকূলকেন্দ্রিক যোগাযোগের জন্য কার্যকর। কিন্তু মাছ ধরার ট্রলার যখন উপকূল থেকে বহু দূরে চলে যায়, তখন প্রয়োজন হয় সমুদ্রভিত্তিক যোগাযোগব্যবস্থা। দুর্ঘটনার পর উদ্ধার হওয়া জেলেরা অন্য ট্রলারের সহায়তায় প্রাণে বেঁচেছেন এই ঘটনাই দেখিয়ে দেয়, সমুদ্রে থাকা অন্য ট্রলারগুলো অনেক সময় প্রথম ‘উদ্ধারকারী’ হিসেবে কাজ করে। সাম্প্রতিক ঘটনাতেও আট জেলে অন্য একটি মাছ ধরার ট্রলারে উঠে বাঁচেন। কিন্তু এটিও নির্ভর করে ভাগ্যের ওপর দুর্ঘটনাস্থলের কাছাকাছি আরেকটি ট্রলার ছিল কি না, সেটি দুর্ঘটনা দেখতে পেয়েছে কি না এবং উত্তাল সাগরের মধ্যে সেখানে পৌঁছাতে পেরেছে কি না।
আবহাওয়ার পূর্বাভাস আছে, কিন্তু তা কি জেলের কাছে পৌঁছায়?
বঙ্গোপসাগরে আবহাওয়া দ্রুত পরিবর্তিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর নিয়মিত সতর্কসংকেত ও পূর্বাভাস দেয়। অতীতের ঘূর্ণিঝড়ের সময়ও সমুদ্রবন্দরগুলোতে বিপদসংকেত জারি এবং মাছ ধরার নৌযানকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়ার নজির রয়েছে।
কিন্তু প্রশ্ন হলোÑ সেই সতর্কবার্তা গভীর সমুদ্রে থাকা প্রতিটি ট্রলারে কীভাবে, কত দ্রুত এবং কতটা নির্ভরযোগ্যভাবে পৌঁছে? উপকূলে বসে দেওয়া সতর্কবার্তা আর সমুদ্রে থাকা একজন জেলের হাতে পৌঁছানো সতর্কবার্তা এক বিষয় নয়। বিশেষ করে ঝড়ের সময় যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তাহলে নতুন আবহাওয়া তথ্য পাওয়ার সুযোগ কমে যায়। ফলে আবহাওয়া দ্রুত খারাপ হলেও জেলেরা সময়মতো সিদ্ধান্ত নিতে না-ও পারেন। দুর্ঘটনার পর দ্বিতীয় বিপদÑ নিখোঁজের হিসাব ট্রলারডুবির পর আরেকটি বড় সমস্যা দেখা দেয়Ñ নিখোঁজের সঠিক সংখ্যা নির্ধারণ। কে জীবিত উদ্ধার হয়েছেন, কে নিখোঁজ, কার মরদেহ উদ্ধার হয়েছে এই হিসাব নিশ্চিত করতে সময় লাগে। কারণ অনেক ক্ষেত্রে ট্রলারে থাকা জেলেদের পূর্ণাঙ্গ তালিকা, পরিচয় ও পরিবারের যোগাযোগের তথ্য এক জায়গায় সংরক্ষিত থাকে না।
সাম্প্রতিক ‘এফবি বরকত’ দুর্ঘটনাতেও বিভিন্ন প্রতিবেদনে নিখোঁজ জেলেদের বয়স ও নামের তথ্য এবং প্রকৃত ঘটনার তথ্য প্রকাশে কিছু পার্থক্য দেখা গেছে। এ ধরনের পার্থক্য শুধু সংবাদে বিভ্রান্তি তৈরি করে না; উদ্ধার অভিযানেও এর প্রভাব পড়তে পারে। কখনও খবর আসে নিখোঁজ জেলেদের উদ্ধার করা হয়েছে, কখনও খবর আসে নিখোঁজদের লাশ পাওয়া গেছে আবার কখনও সংখ্যায়ও কমবেশি হয়ে থাকে। এমনকি কখনও কখনও মৃত্যু খবর হওয়া লোকজনও জীবিত ফিরে আসে।
কেন উদ্ধার অভিযানে স্থানীয় ট্রলারই ভরসা
‘এফবি বরকত’ দুর্ঘটনার পর নিখোঁজ জেলেদের সন্ধানে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে উদ্ধারকারী ট্রলার পাঠানো হয়। পরে ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া যায়। শুধু যে বরকত ট্রলার তা নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। এখানে একটি বড় প্রশ্ন সামনে আসে: গভীর সমুদ্রে কোনো মাছ ধরার ট্রলার দুর্ঘটনায় পড়লে প্রথম সারির উদ্ধারব্যবস্থা কি রাষ্ট্রীয়ভাবে প্রস্তুত, নাকি শেষ পর্যন্ত নির্ভর করতে হয় কাছাকাছি থাকা মাছ ধরার ট্রলার এবং মালিক সমিতির ওপর? কোস্টগার্ড, নৌ পুলিশ বা অন্যান্য সংস্থা প্রয়োজন অনুযায়ী যুক্ত হলেও দুর্ঘটনাস্থল যদি উপকূল থেকে অনেক দূরে হয়, তাহলে সময়ই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়।
জুলাই মাসেও বঙ্গোপসাগরে একাধিক ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের উদ্ধারে দীর্ঘ সময় লেগেছে। পটুয়াখালীর গভীর সমুদ্রে একটি ট্রলারডুবির ঘটনায় ছয় জেলের মধ্যে একজনকে পরে অন্য জেলেরা জীবিত উদ্ধার করলেও পাঁচজনকে কয়েক দিন পরও উদ্ধার করা যায়নি। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একই ধরনের একটি ঝুঁকির পুনরাবৃত্তি।
পরিবারের কাছে প্রথম খবর আসে গুজবের মতো
সমুদ্রে থাকা জেলে যখন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন না, তখন উপকূলে শুরু হয় উৎকণ্ঠা। প্রথমে ফোন বন্ধ, তারপর অপেক্ষা, এরপর ট্রলার মালিককে ফোন। কেউ বলে ট্রলারটি ঝড়ে পড়েছে। কেউ বলে অন্য ট্রলারের সঙ্গে যোগাযোগ হয়েছে। কেউ বলে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত পরিবারগুলো কার্যত অন্ধকারে থাকে।
অনুসন্ধানের জায়গাটি এখানেই একটি ট্রলার সমুদ্রে যাওয়ার পর তার অবস্থান, যাত্রাপথ, শেষ যোগাযোগ এবং আবহাওয়াগত ঝুঁকির তথ্য কি কোনো কেন্দ্রীয় ব্যবস্থায় রেকর্ড হচ্ছে? যদি না হয়, তাহলে দুর্ঘটনার পর উদ্ধারকারী দলকে প্রথমে যে কাজটি করতে হয় তা হলো ঘটনাটিই নিশ্চিত করা। আর সেই সময়টুকুই হয়তো কোনো নিখোঁজ জেলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
প্রযুক্তি কি সমাধান দিতে পারে?
সমাধানের পথ একেবারে অজানা নয়। প্রতিটি মাছ ধরার ট্রলারে বাধ্যতামূলকভাবে-নির্ভরযোগ্য জরুরি যোগাযোগব্যবস্থা; ট্রলারের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা; জরুরি বিপদ সংকেত পাঠানোর প্রযুক্তি; জেলেদের ডিজিটাল তালিকা; নির্দিষ্ট সময় পরপর অবস্থান জানানোর ব্যবস্থা, আবহাওয়া সতর্কবার্তা গ্রহণের নির্ভরযোগ্য মাধ্যম থাকলে দুর্ঘটনার পর অনুসন্ধানের পরিধি অনেক দ্রুত নির্ধারণ করা সম্ভব।
একটি ট্রলার শেষ কোথায় ছিল এই তথ্য জানা থাকলে উদ্ধারকারী দলকে পুরো বঙ্গোপসাগর খুঁজতে হয় না। তারা নির্দিষ্ট একটি সম্ভাব্য এলাকায় অভিযান চালাতে পারে। শুধু প্রযুক্তি নয়, দরকার জবাবদিহিতাও, তবে সব দায় প্রযুক্তির নয়।
ট্রলার সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার অবস্থা যাচাই করা হচ্ছে কি না, নিষেধাজ্ঞা বা সতর্কবার্তা অমান্য করে গভীর সমুদ্রে যাওয়া হচ্ছে কি না, ট্রলারে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম আছে কি নাÑ এসব বিষয়ও নিয়মিত নজরদারির আওতায় আনতে হবে। একই সঙ্গে দুর্ঘটনার পর কত সময়ের মধ্যে খবর প্রশাসনের কাছে পৌঁছাল, কত সময় পর উদ্ধারকারী দল রওনা হলো এবং কত সময় পর ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হলো, প্রতিটি দুর্ঘটনার পর এই সময়ের হিসাব প্রকাশ করা উচিত। কারণ উদ্ধারব্যবস্থার কার্যকারিতা বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হলো সময়।
পাঁচ জেলের মরদেহ যেন আরেকটি পরিসংখ্যান না হয়
ট্রলার ডুবির ঘটনার পর ‘এফবি বরকত’-এর পাঁচ জেলের মধ্যে চার জেলের মরদেহ উদ্ধার হয়েছে, আবার কিছুক্ষণ পর ৫ জেলেরই লাশ পাওয়া গেছে, তাদের নাম নুর আলম, কাওসার, সাইকুল, ইব্রাহিম ও বেল্লালÑ এমন নিশ্চিত তথ্য বিভিন্ন প্রতিবেদনে তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। কিন্তু সঠিক কোনো তথ্য পাওয়া যায়নিÑ এ প্রতিবেদন লেখা পর্যন্ত। এমন খবরের পর তাদের বাড়িতে এখন শোক। কিন্তু কয়েক দিন পর এই ঘটনা সংবাদপত্রের শিরোনাম থেকে সরে যাবে। সাগরে আবার ট্রলার যাবে, আবার জাল পড়বে। আবার কোনো এক রাতে আবহাওয়া খারাপ হবে। প্রশ্ন হলোÑ তখন কি একই গল্প আবার লেখা হবে?
‘বৈরী আবহাওয়ায় ট্রলারডুবি, নিখোঁজ জেলে’ তারপর ‘মরদেহ উদ্ধার’? নাকি এই দুর্ঘটনাকে একটি সতর্কবার্তা হিসেবে নিয়ে সমুদ্রে জেলেদের জন্য যোগাযোগ, আবহাওয়া সতর্কতা ও উদ্ধারব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনা হবে? এখন মূল প্রশ্ন হলোÑ এই ঘটনার পূর্ণাঙ্গ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কী কী তথ্য আছে বা থাকবে? এটি শুধু এফবি বরকত ট্রলারের বেলায় নয়, এ প্রশ্ন সবার জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যে প্রশ্নবিদ্ধ মূলধারার গণমাধ্যম
কোনো যথাযথ তথ্য না পেয়ে, নির্ভরযোগ্য বা বিশ্বস্ত সূত্র ব্যবহার না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যে যে শুধু জনমনে প্রশ্ন আসে এমনটা নয়, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও আতংক আর চিন্তা শুরু হয়ে যায়। এসব বিভ্রান্তিকর ও যাচাইহীন খবরে পরিবারের এবং আত্মীয়-স্বজনদের মধ্যেও যে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে।
বঙ্গোপসাগর বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। সেই সাগরেই প্রতিদিন জীবিকার সন্ধানে যান হাজার হাজার জেলে। তারা শুধু মাছ ধরতে যান নাÑ তাদের পেছনে থাকে পরিবার, ঋণ, স্বপ্ন এবং একটি পুরো উপকূলীয় অর্থনীতি। কিন্তু গভীর সমুদ্রে বিপদ এলে যদি তীরে খবর পৌঁছাতে দেরি হয়, অবস্থান জানা না যায়, আবহাওয়ার তথ্য সময়মতো না পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করতেই মূল্যবান সময় চলে যায়Ñ তাহলে ঝুঁকি আর শুধু প্রাকৃতিক থাকে না। তখন প্রশ্ন ওঠে ব্যবস্থাপনার। সমুদ্রে ঝড় থামানো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু বিপদের খবর দ্রুত পৌঁছানো, ট্রলারের অবস্থান জানা, জেলেদের সতর্ক করা এবং উদ্ধারকারী দলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানোÑ এসব মানুষের পক্ষেই সম্ভব।
পাথরঘাটা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, গভীর সমুদ্রে নেটওয়ার্ক বা যোগাযোগের ব্যবস্থা না থাকায় সঠিক তথ্য উপকূলে আসে না। যেমন- সম্প্রতি এফবি বরকত ট্রলারের দুর্ঘটনা, নিখোঁজ আর প্রাণহানি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। ফলে প্রশাসন, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং পরিবার বিড়ম্বনায় পড়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এমন ঘটনা নতুন নয়, বছরের পর বছর ধরে চলছে। ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় এমন সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। যথাসময়ে সঠিক তথ্য না পাওয়ায় কর্তৃপক্ষ এবং পরিবারের কাছেও তথ্য দিতে পারছি না।
দীর্ঘদিন ধরে উপকূলের জেলেদের অধিকার নিয়ে কাজ করছেন শফিকুল ইসলাম খোকন। তিনি বলেন, সাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা নতুন নয়। উদ্ধার নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সাগরে মোবাইল নেটওয়ার্ক বা অন্য কোনো প্রযুক্তি না থাকায় দুর্ঘটনার সঠিক তথ্য পাওয়া যায় না, ফলে উপকূলে তথ্য বিভ্রাট হয় পাশাপাশি স্বজনদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ জন্য গভীর সাগরে যোগাযোগের ব্যবস্থা তৈরি করতে হবে এবং দুর্যোগকালীন দ্রুত উদ্ধারের আকাশযান ঠিক রাখতে হবে। পাশাপাশি সাগরে যাওয়ার সময় কর্তৃপক্ষের কাছে জেলেদের ঠিকানাসহ তালিকা দিয়ে যেতে হবে এবং ফেরত এসে অবহিত করতে হবে। এতে তথ্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে এবং প্রকৃত ঘটনার খবর সরবরাহ করতে সহজ হবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, এত বড় সমুদ্রে নিরাপত্তাসহ সার্বিক দেখভালের জন্য প্রয়োজনীয় জনবল দরকার, নৌযান দরকার। গভীর সমুদ্রে যোগাযোগ ব্যবস্থা না থাকায় সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। ফলে উপকূলের সমুদ্রে দুর্ঘটনার সঠিক তথ্য সরবরাহের ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হয়।