× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রত্যন্ত গ্রামে জ্ঞানের আলো ছড়াচ্ছেন মেহেদী হাসান

টিফিনের টাকায় বইঘর

খালিদ আহমেদ রাজা

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৬ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৮ পিএম

মেহেদী হাসানের গড়ে তোলা বইঘরে পাঠকরা

মেহেদী হাসানের গড়ে তোলা বইঘরে পাঠকরা

শহর থেকে দূরে গ্রামের একটি ছোট্ট পাঠাগার। টিনের ঘরে সাজানো সারি সারি বই। কেউ গল্প পড়ছে, কেউ ইতিহাস, কেউবা মুক্তিযুদ্ধ ও সাহিত্য নিয়ে ব্যস্ত। আবার কেউ পত্রিকার পাতা উল্টে দেশের খবর জানছেন। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও নানা বয়সী মানুষ সেখানে আসছেন। দৃশ্যটি কোনো শহুরে আধুনিক লাইব্রেরির নয়; এটি গাইবান্ধার প্রত্যন্ত এলাকার তরুণ মেহেদী হাসানের গড়ে তোলা ‘বইঘর পাঠাগার’-এর চিত্র।

বই পড়ার সুযোগ শহরকেন্দ্রিক হয়ে পড়ায় গ্রামের অনেক মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা, জ্ঞানের জগৎ থেকে পিছিয়ে। অর্থের অভাব, দূরত্ব কিংবা গ্রামে পাঠাগারের সংকট- বিভিন্ন কারণে তাদের বই পড়ার আগ্রহ থাকলেও সুযোগ তৈরি হয় না। ছোটবেলা থেকেই বিষয়টি ভাবাত মেহেদী হাসানকে। সেই ভাবনা থেকেই নিজের টিফিনের টাকা জমিয়ে গ্রামের মানুষের জন্য একটি পাঠাগার গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি। পরে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়।

মেহেদী হাসান গাইবান্ধা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার টেংরজানি গ্রামে। বয়স যখন মাত্র ২০ বছর, তখনই নিজের বাড়ির সামনে ‘বইঘর পাঠাগার’ প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি। ২০২০ সালে পাঠাগারটির যাত্রা শুরু হয়। শুরুতে নিজের ব্যক্তিগত সংগ্রহে থাকা ১৭৭টি বই দিয়েই পাঠাগারের কার্যক্রম শুরু করেন মেহেদী। পরবর্তী সময়ে বন্ধু, সহপাঠী, পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বইয়ের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

পাঠাগারটি বর্তমানে শুধু একটি ঘর নয়, বরং গ্রামের মানুষের জন্য জ্ঞানচর্চার একটি উন্মুক্ত স্থান হয়ে উঠেছে। প্রায় ৩৮ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের একটি টিনের ঘরে গড়ে ওঠা এই পাঠাগারে রয়েছে বিভিন্ন ধরনের বই। শিশু-কিশোরদের উপযোগী বই থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য, বিনোদন, রাজনীতি, অর্থনীতি, উপন্যাস, প্রবন্ধ, রচনাসমগ্র, জীবনী, ছোটগল্প, কবিতা ও ভাষাবিষয়ক নানা বই রয়েছে। পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকা ও দুর্লভ প্রকাশনাও সংগ্রহের চেষ্টা করা হয়।

প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে গড়ে ২৫ থেকে ৩০ জন পাঠক বই ও পত্রিকা পড়তে আসেন। পাঠাগারের সদস্যদের জন্য বই বাড়িতে নিয়ে পড়ারও সুযোগ রয়েছে। অধিকাংশ পাঠক স্কুল-কলেজের শিক্ষার্থী হলেও বিভিন্ন বয়স ও পেশার মানুষও এখানে আসেন। গ্রামের মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করতে মেহেদী নিজেও বিভিন্ন পাড়া-মহল্লায় বই পড়ার প্রচারণা চালান।

মেহেদীর উদ্যোগের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলোÑ তিনি পাঠাগারকে শুধু নিজের প্রচেষ্টায় সীমাবদ্ধ রাখেননি। বরং সামাজিকভাবে মানুষকে সম্পৃক্ত করেছেন। বন্ধু, সহপাঠী, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সহযোগিতা চেয়েছেন। কেউ বই দিয়েছেন, কেউ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ পাঠাগারের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করেছেন। বাবা-মায়ের সহযোগিতাও তার এই উদ্যোগকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কলেজে যাতায়াতের ভাড়া ও টিফিনের টাকা থেকেও তিনি সঞ্চয় করে পাঠাগারের পেছনে ব্যয় করেছেন।

মেহেদীর বই পড়ার অভ্যাসও তৈরি হয়েছিল ছোটবেলা থেকেই। স্কুলে পড়ার সময় ছুটির পর প্রায় প্রতিদিন তিনি গণগ্রন্থাগারে গিয়ে বই পড়তেন। পাঠ্যবইয়ের বাইরে জ্ঞান অর্জনের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। কিন্তু গ্রামের শিশু-কিশোরদের জন্য এমন সুযোগ খুব কম। শহরে গিয়ে বই পড়া অনেকের পক্ষেই সম্ভব নয়। এই বাস্তবতা থেকেই তার মনে হয়েছিল, গ্রামেই যদি একটি পাঠাগার করা যায়, তাহলে অনেকেই বই পড়ার সুযোগ পাবে।

এই চিন্তা থেকেই শুরু হয় তার পথচলা। প্রথম দিকে উদ্যোগটি ছিল একান্ত ব্যক্তিগত। কিন্তু ধীরে ধীরে মানুষের আগ্রহ বাড়তে থাকে। পাঠাগারে বই বাড়তে থাকে, পাঠক বাড়তে থাকে, বাড়তে থাকে সহযোগিতার হাতও। একসময় মেহেদীর ছোট উদ্যোগটি একটি সামাজিক আন্দোলনের রূপ নেয়। বর্তমানে পাঠাগারে এক হাজারের বেশি বই রয়েছে। গত কয়েক বছরে বইয়ের সংগ্রহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে পাঠকের সংখ্যাও। পাঠাগারটি গণগ্রন্থাগার অধিদপ্তরের তালিকাতেও অন্তর্ভুক্ত হয়েছেÑ যা এই উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

তবে পথটি একেবারেই সহজ ছিল না। গ্রামের মানুষের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে তরুণ প্রজন্মের বড় একটি অংশ ডিজিটাল প্লাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা অনলাইন বিনোদনে ব্যস্ত। ফলে বই পড়ার অভ্যাস ধীরে ধীরে কমে যাচ্ছে। মেহেদীর ভাষায়, বই থেকে দূরে সরে যাচ্ছে বর্তমান প্রজন্ম। তাই পাঠাগারের পাশাপাশি মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করাকেও তিনি নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন।

শিক্ষাবিদ ও স্থানীয় গণগ্রন্থাগার সংশ্লিষ্ট ব্যক্তিরাও মেহেদীর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মো. নুরুল ইসলাম মেহেদীর পাঠাগারের কথা শুনে প্রশংসা করেছেন। প্রত্যন্ত গ্রামে একজন তরুণ নিজের উদ্যোগে পাঠাগার গড়ে তুলেছেন- এটি সত্যিই প্রশংসার যোগ্য বলে মনে করেন তিনি। গাইবান্ধা জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তারাও পাঠাগারের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং এর অগ্রযাত্রায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

একটি গ্রামের ছোট্ট টিনের ঘর থেকে যে স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল, তা আজ আশপাশের মানুষের মধ্যে আলো ছড়াচ্ছে। এই পাঠাগারে শুধু বই রাখা হয় না; এখানে তৈরি হচ্ছে পাঠক, তৈরি হচ্ছে জ্ঞানপিপাসু তরুণ প্রজন্ম। একজন শিক্ষার্থী যখন নিজের টিফিনের টাকা বাঁচিয়ে বই কেনেন, তখন সেটি নিছক ব্যক্তিগত ত্যাগ নয়Ñ এটি সমাজের প্রতি দায়বদ্ধতার একটি উজ্জ্বল উদাহরণ।

মেহেদী হাসানের গল্প আমাদের মনে করিয়ে দেয়, পরিবর্তনের জন্য সবসময় বড় অর্থ বা বড় প্রতিষ্ঠান প্রয়োজন হয় না। প্রয়োজন একটি ভালো চিন্তা, অদম্য ইচ্ছাশক্তি এবং কাজ শুরু করার সাহস। একটি বই যেমন একজন মানুষের চিন্তাকে বদলে দিতে পারে, তেমনি একটি পাঠাগার বদলে দিতে পারে একটি প্রজন্মের ভবিষ্যৎ।

আজ ‘বইঘর পাঠাগার’ শুধু মেহেদী হাসানের স্বপ্ন নয়; এটি গ্রামের মানুষেরও সম্পদ। টিফিনের টাকা দিয়ে শুরু হওয়া এই ছোট উদ্যোগ যদি আরও মানুষের সহযোগিতা পায়, তবে ভবিষ্যতে এটি আরও বড় জ্ঞানকেন্দ্রে পরিণত হতে পারে। প্রত্যন্ত গ্রামের শিশু-কিশোরদের হাতে বই তুলে দিয়ে মেহেদী যে কাজটি করছেন, তার প্রকৃত মূল্য হয়তো আজ পুরোপুরি বোঝা যাচ্ছে না। কিন্তু আগামী দিনের শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ গঠনে এমন উদ্যোগের অবদান নিঃসন্দেহে অনেক বড়।

তাই মেহেদীর এই উদ্যোগ শুধু একটি পাঠাগার প্রতিষ্ঠার গল্প নয়; এটি একজন তরুণের স্বপ্ন, আত্মত্যাগ, সামাজিক দায়বদ্ধতা এবং জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার গল্প। টিফিনের টাকায় কেনা বইগুলো হয়তো ছোট ছোট সম্পদ, কিন্তু সেসব বইয়ের পাতায় লুকিয়ে আছে বড় একটি পরিবর্তনের সম্ভাবনা। সেই সম্ভাবনাকেই সামনে রেখে গাইবান্ধার প্রত্যন্ত গ্রামে এগিয়ে চলছে ‘বইঘর পাঠাগার’।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা