এসকে সুজয় বিশ্বাস, নড়াইল
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৭ এএম
নড়াইল সদরের পংকবিলা জেলেপাড়ায় মাছের আঁশ শুকাতে ব্যস্ত এক নারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আগে মাছ কাটার পর আর্বজনার সঙ্গে ফেলে দেওয়া হতো আঁশ। এখন সেই আঁশই বাড়তি আয়ের উৎস হয়ে উঠেছে নড়াইলের জেলেদের। মাছ ব্যবসার পাশাপাশি আঁশ সংগ্রহের পর পরিষ্কার করে শুকিয়ে বিক্রি করছেন তারা। সেই টাকায় সংসারের খরচ মেটাচ্ছেন অনেক জেলে পরিবার। এতে বদলে যাচ্ছে তাদের জীবনমান। পাশাপাশি মাছের বর্জ্যও পরিণত হচ্ছে মূল্যবান সম্পদে।
সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পংকবিলা জেলেপাড়ায় সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ির উঠান ও চিত্রা নদীর পাড়ের খোলা জায়গায় রোদে শুকানো হচ্ছে ছোট-বড় বিভিন্ন মাছের আঁশ। কোথাও বাঁশের চাটাই, কোথাও পলিথিনের ওপর আবার কোথাও পরিষ্কার মাটিতে ছড়িয়ে রাখা হয়েছে আঁশ। পরিবারের কেউ আঁশ পরিষ্কার করছেন, কেউ শুকাতে দিচ্ছেন, আবার কেউ শুকানো আঁশ উল্টে-পাল্টে দিচ্ছেন।
পংকবিলা জেলেপাড়ায় প্রায় ৯০ থেকে ১০০টি পরিবার রয়েছে। এর মধ্যে ৪০ থেকে ৫০টি পরিবার গত পাঁচ থেকে ১৬ বছর ধরে মাছের আঁশ সংগ্রহ ও বিক্রির সঙ্গে যুক্ত। মাছ ব্যবসার পাশাপাশি আঁশ বিক্রি এখন এসব পরিবারের বাড়তি আয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
জানা গেছে, মাছের আঁশ বর্তমানে বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে ওষুধ ও পোলট্রি ফিড তৈরিতে এর চাহিদা রয়েছে। দেশীয় চাহিদার পাশাপাশি প্রক্রিয়াজাত মাছের আঁশ বিদেশের বাজারেও যাচ্ছে। জাপান, চীনসহ ইউরোপের বিভিন্ন দেশে এটি রপ্তানির সম্ভাবনা রয়েছে। ফলে মাছ কাটার পর ফেলে দেওয়া আঁশ একদিকে পরিবেশদূষণ কমাতে ভূমিকা রাখছে, অন্যদিকে তৈরি করছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা।
জেলে টিকান্তু সরকার বলেন, আগে মাছ কাটার পর আঁশ ফেলে দেওয়া হতো। এখন আমরা সেগুলো সংগ্রহ করি। পরে বাড়িতে এনে পরিষ্কার করে কয়েকদিন রোদে শুকিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করি। এতে বাড়তি আয় হয়। আরেক জেলে সুপল বিশ্বাস বলেন, বর্তমানে প্রতি কেজি মাছের আঁশ ৭০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। ভালো মানের আঁশ হলে ১০০ টাকা পর্যন্ত পাওয়া যায়। ৩/৪ মাস পরপর যশোর, নওয়াপাড়া, ঢাকাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখানে এসে আঁশ কিনে নিয়ে যান।
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান বলেন, মাছের আঁশ এখন আর বর্জ্য নয়, এটি মূল্যবান সম্পদ। পংকবিলার জেলে সম্প্রদায় মাছকে রান্নার উপযোগী বা ‘রেডি টু কুক’ করার সময় আঁশ সংগ্রহ করছেন। এসব আঁশ প্রক্রিয়াজাত করে বিদেশেও রপ্তানি হচ্ছে। বিভিন্ন শিল্পে এর চাহিদা বাড়ছে। জেলেদের এ বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করা হচ্ছেÑ যাতে তারা এই খাতে আরও সম্পৃক্ত হতে পারেন এবং টেকসই আয়ের উৎসে পরিণত করতে পারেন।