× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুস্তাফা মনোয়ার বহুমাত্রিক এক শিল্পীর প্রতিকৃতি

মোমিন রহমান

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬ এএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৪ এএম

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

‘এ পৃথিবী একবার পায় তারে/পায়নাকো আর’ জীবনানন্দের কবিতার এই পঙক্তিটি চেতনায় উঁকি দেয়, মুস্তাফা মনোয়ারের কথা স্মরণে এলে। কেননা আমাদের মিডিয়া জগতের কিছু ক্ষেত্রে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন। এদেশের টিভির জন্মলগ্ন থেকে সম্পৃক্ত থেকে তিনি এ মাধ্যমটির বিকাশে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। অনুষ্ঠান পরিকল্পনা, নির্মাণ, সেট ডিজাইন, প্রথম পূর্ণাঙ্গ নাটক নির্মাণ, রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’কে টিভি মাধ্যমে নান্দনিকভাবে উপস্থাপনা, শিশুদের অনুষ্ঠানকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করা, পাপেটকে শিল্পে রূপদান, শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র অবদানÑ কতকিছুই না তিনি করেছেন। ভাস্কর্য, সংগীত, নৃত্যেও রয়েছে তার অবদান। আর জীবনের শুরুতে তিনি জলরঙের চিত্রাবলিতে প্রতিভার দ্যুতি ছড়িয়েছেন, এ কথা তো আমরা সবাই জানি। ড্রয়িং ও কার্টুনও করেছেন। মূলত তিনি চিত্রশিল্পীই ছিলেন। তার সেই শিল্পীসত্তারই প্রকাশ ঘটেছে নানা মাধ্যমে।

মানুষ হিসেবে তিনি ছিলেন অসাধারণ। নির্লোভ, আপসহীন, প্রতিবাদী। ক্ষমতা কিংবা মোহের কাছে তিনি কোনোদিন নতি স্বীকার করেননি। কোনো অহংকার ছিল না। মাটির মানুষ ছিলেন। মুস্তাফা মনোয়ার সম্পর্কে তার ছাত্র বরণ্যে চিত্রশিল্পী মনিরুল ইসলামের ভাষ্য : ‘তিনি আমাদের মাঝে অবিস্মরণীয় হয়ে থাকবেন। তার জায়গা কেউ পূরণ করতে পারবে না।’

জলরঙের জাদুকর

মুস্তাফা মনোয়ার তেলরঙে কাজ করলেও তার জলরঙের ছবিগুলো অসাধারণ। কলকাতা আর্ট কলেজে পড়ার সময় তার জলরঙের ছবিগুলো পুরস্কৃত হয়েছিল। তার জলরঙের ছবি সম্পর্কে বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ভাষ্য ছিল, এইসব ছবি অল্পতেই কথা বলে। আর কলকাতা আর্ট কলেজে মুস্তাফা মনোয়ার জলরঙে ছবি আঁকা শিখেছেন শিক্ষক গোপাল ঘোষের কাছে। তার জলরঙের ছবিগুলোর মধ্যে প্রথমদিকের উল্লেখযোগ্য ছবি হলোÑ সাঁওতালদের নিয়ে আঁকা ছবি। নৈনিতালের লেকের পাড়ে ওদের নৌকা, সাঁওতালি পরিবেশ, সংস্কৃতি ইত্যাদি। ভারতের ঝাড়খণ্ডের দুমকা ও রাজস্থানে বেড়াতে গিয়ে তিনি যে ছবিগুলো এঁকেছিলেন, সেগুলোও দুর্দান্ত। যেমন, রঙিন কাপড় পরা রাজস্থানী, সেখানকার লাল মাটি, রুক্ষ পরিবেশ বড়োই নান্দনিকভাবে ফুটে উঠেছে জলরঙে। আসলে জলরঙের প্রতি মুস্তাফা মনোয়ারের প্রচণ্ড ভালোবাসা ছিল। এই মাধ্যমটির প্রতি তার ভালোলাগা সম্পর্কে তার ভাষ্য হলো: ‘মেট্রিক পরীক্ষা দেওয়ার পর তিন মাস আমি গ্রামে গিয়ে ওয়াটার কালারে ছবি এঁকেছি। ওইসব ছবি আঁকার ফলেই হয়তো জলরঙের প্রতি ঝোঁক এসে যায়। ওয়াটার কালার আমার কাছে কবিতার মতো। অল্প কথায় অনেক ব্যাপ্তি আছে।... আমাদের দেশের পরিবেশের সঙ্গে ওয়াটার কালারই ভালো যায়।’ ঢাকার আর্ট কলেজে যখন তিনি শিক্ষকতা করতেন, তখন সেখানকার একজন শিক্ষক জলরঙে ছবি আঁকতে গিয়ে অনেক সময় নিতেন। কখনও কখনও সাত দিন। ব্যাপারটি পছন্দ ছিল না মুস্তাফা মনোয়ারের। এ বিষয়ে তিনি ছাত্রদের বলতেন, ‘আরে এতদিন ধরে পানি লাগালে কাগজই ময়লা হয়ে যাবে।’ তার দর্শন ছিল, তেলরঙে ছবি আঁকার সময়Ñ যত সময় দেওয়া যাবে, ততই ছবিটা ভালো হবে। অন্যদিকে জলরঙের ছবিকে নাড়াচাড়া করা যাবে না। অল্প সময়ের আঁকা ছবিই হবে অনবদ্য।

স্কেচ ও ড্রয়িং

মুস্তাফা মনোয়ারের খুবই পছন্দের বিষয় ছিল স্কেচ। শিল্পী জীবনের শুরুতে, কলকাতার আর্ট কলেজে পড়ার সময় প্রচুর স্কেচ করেছেন তিনি। শিয়ালদা স্টেশনের মুড়িওয়ালা, ছোট ছোট খাবারের দোকান থেকে শুরু করে নানা জায়গার নানা কিছুর স্কেচ করেছেন তিনি। বলাই বাহুল্য, টিভি অনুষ্ঠানের পরিকল্পনা করার সময় স্কেচ করতে হয়েছে তাকে।

ড্রয়িংও মুস্তাফা মনোয়ারের প্রিয় ছিল। জলরঙের মতো এই মাধ্যমেও তিনি অসাধারণ। এ সম্পর্কে প্রথিতযশা চিত্রশিল্পী ও শিক্ষক নিসার হোসাইন বলছেন, ‘চিত্রকলার ক্ষেত্রে জলরঙ ও ড্রয়িং ছিল তার বিচরণক্ষেত্র। সত্যি কথা বলতে গেলে, আমি মনে করি, এই দুটি মাধ্যমে শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে দু-একজন উত্তরসূরির নাম করা যায়, তাদের মধ্যে মুস্তাফা মনোয়ার একজন।’

ঢাকার আর্ট কলেজে শিক্ষকতা করার সময় ছাত্রদেরও মুস্তাফা মনোয়ার শিখিয়েছেন কীভাবে দ্রুত ড্রয়িং করা যায়। এ সম্পর্কে তার বহু ছাত্রই উল্লেখ করেছেন। তাদের মধ্যে প্রথিতযশা চিত্রশিল্পী রফিকুন নবী ও মনিরুল ইসলাম অন্যতম।

মুস্তাফা মনোয়ার কর্মজীবন শুরু করেন ঢাকার আর্ট কলেজে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের আমন্ত্রণে এখানে যোগ দেন তিনি। তখন দেখা যায় তার কাছ থেকে শিক্ষা পাওয়ায় ছাত্ররা জলরঙের ছবি আঁকার অনুশীলনে ভালো করতে থাকে। তার ছাত্র রফিকুন নবীর ভাষ্য অনুযায়ী, তিনি জলরঙে আঁকা দেখাতে গিয়ে কাগজে যেভাবে ওয়াশ চড়াতেন, তারা তা মন্ত্রমুগ্ধ হয়ে দেখতেন। অবশ্য মুস্তাফা মনোয়ারের শিক্ষার গুণে তারা ড্রয়িংয়েও ভালো করছিলেন সেই সময়। পেইন্টিংয়েও ভালো করেন তারা। এ প্রসঙ্গে রফিকুন নবী বলছেন, ‘থার্ড ইয়ারে ওঠার পর পেইন্টিংয়ে কয়েকটি ক্লাস পেয়েছিলাম। সেদিকেও ভিন্নতা ছিল। অন্ধকার দিয়ে শুরু করে ধীরে ধীরে মিডল টোন ধরে আলোতে আসার চিরাচরিত একাডেমিক নিয়ম পাল্টে দেওয়ার বুদ্ধি শিখিয়েছিলেন। প্রথমে মিডল টোনে রঙ চাপিয়ে প্রয়োজন অনুযায়ী ডার্কে এবং একই সঙ্গে আলোতে নিয়ে যাওয়ার কৌশল বাতলে দিতেই আমাদের আঁকার ধরন-ধারণও পাল্টে গিয়েছিল। এসব ছিল আঁকা নিয়ে নতুনত্বের দিক।’

শুধু ছবি আঁকাতেই নয়, সাংস্কৃতিক দিক দিয়েও নতুন হাওয়া বইয়ে দিয়েছিলেন মুস্তাফা মনোয়ার। সংগীত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আয়োজন করেছিলেন বর্ষামঙ্গলের অনুষ্ঠানেরও। সেখানে রবীন্দ্রসংগীত প্রাধান্য পেয়েছিল। রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ মঞ্চস্থ করেছিলেন ছাত্র-ছাত্রীদের নিয়ে। নাটকটি সবার প্রশংসা কুড়িয়েছিল।

টিভি অনুষ্ঠান

এদেশের টিভির জন্মলগ্ন থেকে এই মাধ্যমটির সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন মুস্তাফা মনোয়ার। বলা যায়, হাতে গোনা কয়েকজন মানুষের মেধা ও পরিশ্রমে এই নতুন মাধ্যমটির ভিত রচিত হয়, তাদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেন মুস্তাফা মনোয়ার। তার টিভি নাটক কিংবা পাপেটের বিষয়ে পরে বিশদভাবে উল্লেখ করা হবে, এখানে অন্য কিছু বিষয়ের কথা বলা হলো।

টিভিতে মুস্তাফা মনোয়ার প্রথম অনুষ্ঠান প্রযোজনা করেছিলেন ছোটদের ছবি আঁকা বিষয়ে। তিনি নিজেই ছবি আঁকা শিখিয়েছেন ছোটদের। অনুষ্ঠানটির উপস্থাপকও ছিলেন তিনি। পরিকল্পনাও ছিল তার।

এদেশে টিভি মাধ্যমের শুরুর দিকে ফেরদৌসী রহমান একবার কয়েকটি ভাষায় গান গেয়েছিলেন, বাংলা, উর্দু, পাঞ্জাবি, পশতু, চীনা এবং রুশ ভাষায়। সেই সময় দর্শকরা শুধু ফেরদৌসীর গানই শোনেনি, একেক দেশের দৃশ্যকল্পও দেখেছিল। আর এর কৃতিত্ব মুস্তাফা মনোয়ারের। তিনি গানের পটভূমি অনুযায়ী নানা দৃশ্য এঁকেছিলেন। সেই সময় লাইভ অনুষ্ঠানে একেকটি গানের পর ফেরদৌসী রহমানকে বিগ ক্লোজআপে ধরে তার মুখের কথা না থামিয়েই পেছনের সেট বদলানো হয়েছিল। বলাই বাহুল্য, কাজটি অত্যন্ত কঠিন ছিল।

গত শতকের ষাট দশকের শেষ পর্যায়ে ডিআইটিতে শুরু হয়ে সত্তর দশকে রামপুরার স্টুডিওতে শেষ হয়েছিল একটি অনুষ্ঠান ‘এসো গান শিখি’। এখানে ছোটদের শুদ্ধ সুরে গান শেখার প্রাথমিক পাঠ দিতেন ফেরদৌসী রহমান। মুস্তাফা মনোয়ার প্রযোজিত ও পরিকল্পিত এ অনুষ্ঠানের আরেকটি বিষয় ছিল পাপেটের ব্যবহার। মন্টি আর মিতু নামের দুই পুতুল বা পাপেট নানা ধরনের মজাদার কথা বলত, প্রশ্ন করত ‘খালা মণি’ অর্থাৎ ফেরদৌসী রহমানকে। তাদের সেইসব কথা ও প্রশ্নগুলো বেশ উপভোগ্য ছিল। 

শুরুতে যে ‘নতুন কুঁড়ি’ প্রচারিত হয়েছিল, সেটির প্রথমে পরিকল্পনা করা হয় ১৩টি অনুষ্ঠানের। ২৫ মিনিটের অনুষ্ঠান। অংশগ্রহণকারীর সংখ্যা থাকত আট থেকে দশজন। সেই মূল অনুষ্ঠান প্রচারিত হতো সরাসরি। তখন অবশ্য এখনকার মতো দর্শকরা এসএমএস বা টেলিফোন করে অংশগ্রহণের সুযোগ পেত না। তবে এখনকার মতো তখনও মূল অনুষ্ঠানে নির্বাচিত হওয়ার জন্য শিশুদের অডিশন দিতে হতো আর সেটি অনুষ্ঠিত হতো রবিবার অর্থাৎ ছুটির দিনে। যাহোক, প্রথম দিকে ‘নতুন কুঁড়ি’ উপস্থাপনা করেছিলেন মাসুমা খাতুন, যিনি সেই সময় টিভিতে অনুষ্ঠান ঘোষণা করতেন।

পাপেটম্যান 

এদেশে পাপেট ও মুস্তাফা মনোয়ার, এই দুটি শব্দ একাকার। যদিও ‘পাপেটম্যান’ কোনো উপাধি নয়, মুস্তাফা মনোয়ারের অনুরাগীরাই তাদের প্রিয় মানুষকে এভাবে অভিহিত করতেন। 

মুস্তাফা মনোয়ার আধুনিক পাপেটের জনক। বলা যায়, পাপেটের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে তার গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা ও উদ্ভাবনা এক নতুন মাত্রা যোগ করেছে।

ছোটবেলায় মুস্তাফা মনোয়ার পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় একবার মেলায় বেড়াতে গিয়ে দেখেছিলেন দণ্ড পাপেট। এই ঐতিহ্যবাহী পাপেট সাধারণত বাঁশের লাঠি দিয়ে চালনা করা হতো। এইসব পাপেট বা পুতুলের হাত নড়তো ঠিকই তবে মাথা নড়ত না, এমনকি শরীরও না। অন্যদিকে মুস্তাফা মনোয়ারের মাধ্যম হলোÑ দণ্ড বা রড পাপেট। এগুলো থিয়েটার পাপেট। এইসব পুতুল নানারকম অঙ্গভঙ্গি করে। মুখ দিয়ে কথা বলে, চোখ নাড়ায়, চুল নাড়ায়। এমনকি ভয় পেলে মানুষের মতো ওদেরও চুল খাড়া হয়ে যায়। হ্যাঁ, মুস্তাফা মনোয়ারের পাপেট-মানুষগুলো মানুষের আদলেই তৈরি। ফলে তার তৈরি গিট্টু, পারুল, বাউল এক-একটি পাপেট চরিত্র আর্কিটাইপে পরিণত হয়েছে। পারুলের অনবদ্য সৃষ্টি যে তাকে পারুলম্যান হিসেবে অভিষিক্ত করেছে। বিভিন্ন প্রাণী-পাপেট, যেমন, ষাঁড়, ছাগলছানা, বক, সাপও বিশেষ চরিত্র হিসেবে কখনও-সখনও রূপক মাত্রা লাভ করেছে। 

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর এদেশে টিভি আত্মপ্রকাশ করে। আর এই মাধ্যমটির শুরু থেকেই এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন মুস্তাফা মনোয়ার। আর পরের বছর, ১৯৬৫ সাল থেকেই টিভিতে ছোটদের অনুষ্ঠান ‘আজব দেশে’তে তিনি দেখালেন আধুনিক পাপেট। ‘বাঘা’ ও ‘মেনী’ নামের দুটি পাপেট চরিত্র। এই দুটি চরিত্র শিশুদের শুধু আনন্দ ও শিক্ষাই দান করত না, চারপাশের বাস্তবতা, সমাজের নানা অসঙ্গতি তুলে ধরত। 

বাঘা একটি চতুর, কৌতূহলী ও পণ্ডিত ধরনের পাপেট চরিত্র। ওর আচরণ ও কথায় এক ধরনের গ্রামীণ সামাজিক বৈশিষ্ট্য মূর্ত হয়ে উঠত। চারপাশের নানা ঘটনা নিয়ে সে প্রশ্ন করত এবং নিজের মতো তার ব্যাখ্যা দাঁড় করাত। অন্যদিকে মেনী হলো বাঘার সাথে থাকা আরেকটি পাপেট চরিত্র। ওর স্বভাব ও সংলাপের মধ্য দিয়ে কাহিনিতে ভিন্ন মাত্রা ও হাস্যরস যোগ হতো। আসলে ‘আজব দেশে’ সেই সময়ের দেশের রাজনৈতিক পরিবেশ এবং বাংলাদেশের সংস্কৃতি বিরোধী তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকদের মনোভাবকে ব্যঙ্গ করা হতো। উল্লেখ্য, ১৯৬০-৬১ সালের দিকে কলিম শরাফী তার একটি প্রামাণ্যচিত্রে প্রথম মুস্তাফা মনোয়ারের পাপেটকে তুলে ধরেন।

টিভিতে মুস্তাফা মনোয়ারের আরেকটি সাড়া জাগানো ছোটদের অনুষ্ঠান ‘মনের কথা’। এখানে স্বয়ং মুস্তাফা মনোয়ারকে দেখা যেত ‘শিল্পী ভাই’ হিসেবে। তিনি সাদা কাগজে রঙ-তুলি দিয়ে ছবি আঁকতেন। সেইসব ছবিতে বাংলাদেশের প্রকৃতি, গ্রামবাংলার মানুষের জীবনসহ নানা কিছু ফুটে উঠত। আর তার সঙ্গে দেখা যেত কয়েকটি পাপেটকে : পারুল, বাউল ভাই কিংবা ষাঁড় ভাইকে। তাদের সঙ্গে কথা বলতেন শিল্পী ভাইরূপী মুস্তাফা মনোয়ার। বলাই বাহুল্য, সেইসব কথায় শিশুরা যেমন আনন্দ পেত, তেমনই পেত শিক্ষা। তাদের কল্পনাশক্তিরও বিকাশ হতো। এমনকি ওই সময়ের দেশীয় পরিস্থিতিও ফুটে উঠত। 

‘পারুল’ নামটি প্রতীকী। এটি গ্রহণ করা হয়েছে রূপকথা থেকে, যে নাকি সাত ভাইকে জাগায়। ‘মনের কথা’ সম্পর্কে ড. রশীদ হারুনের ভাষ্য হচ্ছে : ‘হাজার বছরের পুরনো পাপেট শিল্পকে তিনি কখনও কেবল বিনোদনের মাধ্যম হিসেবে দেখেননি। মানুষের দুঃখ-বেদনা, সামাজিক বৈষম্য, ন্যায়-অন্যায় এবং আশা-আকাঙ্ক্ষার ভাষা হিসেবেও তিনি পাপেটকে ব্যবহার করেছেন। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মনের কথা’ অনুষ্ঠান তারই একটি অনন্য উদাহরণ।’

পরে মুস্তাফা মনোয়ারের নির্মিত ‘ক ও খ’ অনুষ্ঠান শুধু শিশুদের নয়, সব বয়সী দর্শকের কাছ থেকেই বিপুল সাড়া পায়। জনপ্রিয়তা লাভ করে। অনুষ্ঠানটি ১৯৭৮ সালে জাপানে আয়োজিত আন্তর্জাতিক টেলিভিশন অনুষ্ঠান প্রতিযোগিতায় পুরস্কৃত হয়। এভাবে বাংলাদেশের পাপেট শিল্প আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে পরিচিতি লাভ করে। 

১৯৮০ সালে মুস্তাফা মনোয়ার যোগ দেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে অনুষ্ঠিত আন্তর্জাতিক পাপেট অ্যান্ড অ্যানিমেশন সম্মেলনে, নিজের পাপেট থিয়েটার ও ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ‘রয়েল বীণা পুতুলনাচ’ দলের শিল্পী ধনমিয়াকে নিয়ে এবং দেশের জন্য বিপুল সুনাম বয়ে আনেন। তিনি আন্তর্জাতিক পাপেট সংগঠন ইউনিমা’র সদস্য পদ লাভ করেন। সেই বছরেই তিনি কলম্বোতে ওয়ার্ল্ডভিউ অর্গানাইজেশনের আমন্ত্রণে ‘অ্যানিমেশন অ্যান্ড পাপেট ফর টেলিভিশন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনেও বিশেষজ্ঞ হিসেবে অংশগ্রহণ করেন। তার এইসব অর্জন ও অংশগ্রহণের দরুন বাংলাদেশের পাপেট শিল্প আন্তর্জাতিক ক্ষেত্রে সুপরিচিতি লাভ করে।

আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধেও মুস্তাফা মনোয়ারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেই সময় তিনি ছিলেন অস্থায়ী বাংলাদেশ সরকারের মনোনীত প্রথম সাংস্কৃতিক দলের দলনেতা। তার নেতৃত্বে সাংস্কৃতিক দলটি যেমন মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে, তেমনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

স্বাধীনতা-উত্তর আমাদের জাতীয় জীবনেও পাপেটকে মুস্তাফা মনোয়ার তুলে ধরেছেন উচ্চ স্থানে। দ্বিতীয় সাফ গেমসের মাসকট ‘মিশুক’, ১০ ফুট উঁচু হরিণ শাবক, ষষ্ঠ সাফ গেমসের মাসকট ‘অদম্য’ একটি বড় বাঘরূপী পাপেট, একাদশ সাফ গেমসের মাসকট ‘কুটুম’, একটি দোয়েল পাখির নির্মাণ মুস্তাফা মনোয়ারের বড় সাফল্য। 

মুস্তাফা মনোয়ার তার জীবনের একটি বড় সময় ব্যয় করেছিলেন পাপেট শিল্পের বিকাশে। তাই তিনি প্রতিষ্ঠা করেন জনবিভাব উন্নয়ন কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকেই এ প্রতিষ্ঠানটি পাপেট নির্মাণ, পরিচালনা, কণ্ঠাভিনয়, দৃশ্য পরিকল্পনা, আলোক পরিকল্পনাসহ পাপেট শিল্পের নানা দিকের প্রশিক্ষণ দিয়েছিল।

১৯৯৩ সালে জনবিভাব উন্নয়ন কেন্দ্র ‘মাল্টিমিডিয়া পাপেট ডেভেলপমেন্ট সেন্টার’ প্রকল্প চালু করে, ফোর্ড ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায়। এই প্রকল্পের মাধ্যমে পাপেটকে ব্যবহার করা হয় শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, সামাজিক উন্নয়ন ও গণযোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে। পরে, ১৯৯৭ সালে, প্রতিষ্ঠিত হয় এডুকেশনাল পাপেট ডেভেলপমেন্ট সেন্টার (ইপিডিসি), রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের পৃষ্ঠপোষকতায়। এই প্রতিষ্ঠান বাংলাদেশের পাপেট শিল্পকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করে।

টিভি নাটক

টিভি নাটকের নির্মাতা হিসেবেও মুস্তাফা মনোয়ার সৃজনশীলতার দ্যুতি ছড়িয়েছেন। তার প্রথম টিভি নাটক ছিল ‘জমা খরচ ইজা’। মূল নাট্যকার ইলিয়ট ক্রশে উইলিয়াম। রূপান্তর মুনীর চৌধুরী। পরে মুস্তাফা মনোয়ার নির্মাণ করেন ‘তৃষ্ণা’। রবীন্দ্রনাথের ‘ডাকঘর’কেও তিনি ছোটপর্দায় ফুটিয়ে তুলেছেন। তবে তার সবচেয়ে উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘মুখরা রমণী বশীকরণ’ ও ‘রক্তকরবী’। প্রথম নাটকটি শেক্সপিয়রের বিখ্যাত কমেডি নাটক ‘দ্য টেমিং অব দি শ্রু’-এর অসাধারণ অনুবাদ। অনুবাদক মুনীর চৌধুরী এখানে কিছুটা স্বাধীনতা নিয়েছেন। ইংরেজি প্রবাদ বাক্য ও ঐতিহ্যবাহী কোনো জিনিসের পরিবর্তে বাংলা প্রবাদ বাক্য ও দেশীয় ঐতিহ্যের অনুপ্রবেশ ঘটিয়েছেন। এটির সেট ডিজাইন, কস্টিউম সবই মুস্তাফা মনোয়ারের। ডিআইটির (বর্তমানের রাজউক ভবন) ৩২ ফুট লম্বা আর ২২ ফুট প্রস্থ জায়গায় তিনি নাটকটি করেছিলেন। এই ছোট জায়গায় ইতালির পাদুয়া শহরের রাস্তা বোঝানোর জন্য ফলস পারসপেকটিভ তৈরি করা হয়েছিল। একটি পারটেক্সে কাট আউট ভাস্কর্য তৈরি করে ডেপথ বোঝানো হয়েছিল। ...এই নাটকে দেখানো হয় উগ্র ও কর্কশ স্বভাবের একটি তরুণীকে তার স্বামী কীভাবে বাধ্য ও নম্র স্বভাবের এক নারীতে রূপান্তরিত করে। এই দম্পতির ভূমিকায় অভিনয় করেছিলেন মুস্তাফা মনোয়ার ও আজমেরী জামান রেশমা। 

অন্যদিকে ‘রক্তকরবী’ হলোÑ রবীন্দ্রনাথের ভাষায় সত্যমূলক, অন্য কথায় সত্যের মতো। বলা যায়, নাটকের সব চরিত্র বাস্তবে দেখা মেলে না। ঘটনা প্রবাহও হুবহু বাস্তব নয়, তবে নিশ্চিতভাবে বাস্তবের অনুকৃতি। চরিত্রদের আচরণ ও সংলাপ কখনও বাস্তবধর্মী, কখনও বিমূর্ত, রূপকও। তবে সংলাপ ও নাট্য কাহিনি বুঝতে অসুবিধা হয় না। ১৯২৩ সালে শিলংয়ে বাস করার সময় রবীন্দ্রনাথ নাটকটি প্রথম রচনা করেন ‘যক্ষপুরী’ নামে। এখানে দেখা যায়, যক্ষপুরীর রাজা থাকে আড়ালে। সেখানকার মানুষ তথা শ্রমিকদের থেকে বিচ্ছিন্ন হয়ে। আর শ্রমিকদের জীবনে কোনো আনন্দ নেই। তারা যন্ত্রের মতো খেটেই চলেছে। তবে যখন সেখানে নন্দিনীর আবির্ভাব ঘটে, তখন প্রাণের বন্যা বয়ে যায়। এই নাটকে নন্দিনী হলোÑ জীবনসংগ্রামের প্রতীক, যে একক অস্তিত্বে নারীর কোমল ও শক্তি রূপ ধারণ করে। নাটকটির অবিস্মরণীয় মঞ্চায়ন ঘটে ১৯৫৪ সালে, কলকাতায়, বিখ্যাত নট ও নির্দেশক শম্ভু মিত্রের নির্দেশনায় ও বহুরূপী নাট্যদলের পরিবেশনায়। ১৯৫৮ সালে ঢাকায় প্রথম ‘রক্তকরবী’ মঞ্চায়ন করে ড্রামা সার্কেল, মকসুদুল সালেহীনের নির্দেশনায়। আর আশির দশকের শুরুতে টিভিতে এটি প্রচারিত হয় মুস্তাফা মনোয়ারের পরিচালনায়। 

উল্লেখ্য, ‘মুখরা রমণী বশীকরণ’ ও ‘রক্তকরবী’ যুক্তরাজ্যের গ্রানাডা টিভির ওয়ার্ল্ড হিস্ট্রি অব টিভি ড্রামার জন্য সেই সময় মনোনীত হয়েছিল। ব্যাপক প্রশংসা লাভ করেছিল। 

অতঃপর মুস্তাফা মনোয়ার নির্মাণ করেন মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘জননী জন্মভূমি’, শওকত ওসমানের গল্প অবলম্বনে। এখানে দেখানো হয় এক গ্রামের তিন বৃদ্ধাকে, যারা পাকিস্তানি মিলিটারি দ্বারা ধর্ষিত হয়। নাটকটির শেষ দৃশ্যটি ছিল প্রতীকী। 

মুস্তাফা মনোয়ারের ‘স্ত্রীর পত্র’ নাটকটিও উল্লেখযোগ্য। এখানে নারীদের স্বাধীনতা, তাদের মন মূর্ত হয়ে উঠেছে। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ছন্দা।

এ ছাড়া নজরুলের ‘ব্যথার দান’, রবীন্দ্রনাথের ‘গোরা’কে মিনি পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছিলেন মুস্তাফা মনোয়ার। রবীন্দ্রনাথের কয়েকটি গল্পকেও। কিন্তু তা নানা কারণে সম্ভব হয়নি।

কোরিওগ্রাফার

নৃত্যের প্রতিও মুস্তাফা মনোয়ারের ঝোঁক রয়েছে। কোরিওগ্রাফার এবং প্রতিষ্ঠানের পরিচালক হিসেবেও তিনি এদেশের নৃত্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার পৃষ্ঠপোষকতায় কয়েকজন গুণী নৃত্যশিল্পী তাদের প্রতিভা বিকাশ করতে সক্ষম হয়েছেন।

জীবনের শুরুতে মোস্তফা মনোয়ার সাঁওতালদের নিয়ে একটি কোরিওগ্রাফি করেছিলেন। পরে টিভির নানা অনুষ্ঠানে নানা প্রয়োজনে তাকে কোরিওগ্রাফি করতে হয়েছে। পরবর্তী জীবনে ন্যাশনাল পারফরমিং আর্টস সেন্টারের পরিচালক হিসেবে নৃত্যের উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। সেই সময় শিবলী মোহাম্মদ, শামীম আরা নিপাসহ এদেশের নৃত্যাঙ্গনের নানা গুণী শিল্পীর প্রতিভা বিকাশে তিনি পৃষ্ঠপোষকতা করেছেন।

এদেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য বহুমাত্রিক শিল্পী মুস্তাফা মনোয়ার বহু পুরস্কার পেয়েছেন; পেয়েছেন সম্মাননা। কিন্তু একুশে পদক প্রদান করা হলেও তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়নি। অথচ এদেশের মহান মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা কে না জানে! সংগত কারণেই বলা যায়, মুস্তাফা মনোয়ারের প্রতি ভীষণ অন্যায় করা হয়েছে। এ আমাদের জাতীয় লজ্জা, যা আর কোনোদিন মোচন হবে না, এই গুণী মানুষটির প্রয়াণে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা