ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ্ পার্কে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবশেন করছেন শিল্পীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ্ পার্কে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটিতে সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সোমবার সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাজী নজরুল ইসলাম শুধু জাতীয় কবি নন, তিনি চেতনা, সাম্য ও মানবতার কবি। অন্যায়, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে তার লেখনী ছিল প্রতিবাদের শক্তিশালী হাতিয়ার।
মন্ত্রী বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করে। তাই নজরুলকে শুধু পাঠ্যবই বা সাংস্কৃতিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তার আদর্শকে তরুণদের জীবনচর্চার অংশ করে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।
তিনি বলেন, নজরুলের চেতনাকে শুধু সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সীমাবদ্ধ রাখলে চলবে না; তার সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার আদর্শ সমাজ ও ব্যক্তিজীবনে ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, এ আয়োজনের সার্থকতা প্রতিযোগিতার ফলাফলে নয়; বরং শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য, দর্শন ও মানবিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে- এটাই সবচেয়ে বড় অর্জন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি হেলাল খান।
উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশন ও নজরুলের সাহিত্যভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা এতে উপস্থিত ছিলেন।