দীর্ঘ সংরক্ষণ প্রচেষ্টায় বাইসন আবার ঘুরে দাঁড়ালেও এবার তাদের জেনেটিক বৈচিত্র্য হারানোর আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
উত্তর আমেরিকার বিস্তীর্ণ প্রান্তরে একসময় প্রায় ৫ কোটি বাইসন বিচরণ করত। কিন্তু নির্বিচার শিকার ও মানুষের নানা কর্মকাণ্ডে ১৯ শতকের শেষ দিকে তাদের সংখ্যা নেমে আসে মাত্র প্রায় ৫০০-তে।
দীর্ঘ সংরক্ষণ প্রচেষ্টায় বাইসন আবার ঘুরে দাঁড়ালেও এবার তাদের জেনেটিক বৈচিত্র্য হারানোর আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। প্রাচীন ও বর্তমান বাইসনের ডিএনএ বিশ্লেষণ করে এই প্রাণীর অতীতের ইতিহাসের পাশাপাশি ভবিষ্যৎ রক্ষার পথও খুঁজছেন তারা।
আমেরিকান বাইসন (Bison bison) প্রায় ২ লাখ বছর ধরে উত্তর আমেরিকায় বিচরণ করছে। তাদের পূর্বপুরুষেরা সাইবেরিয়া থেকে বেরিং স্থলসেতু পেরিয়ে মহাদেশটিতে প্রবেশ করে। প্রায় ১৫ হাজার থেকে ২০ হাজার বছর আগে মানুষের আগমনের পর বাইসন আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। খাদ্য, পোশাক, আশ্রয় ও সরঞ্জামের জন্য তারা প্রাণীটির ওপর নির্ভর করত।
১৮৬০-এর দশক থেকে ইউরোপীয় শিকারিরা ব্যাপকভাবে বাইসন হত্যা শুরু করে। ১৮৯০ সালের মধ্যে প্রায় ৫০০টি বাইসন বেঁচে ছিল। পরে বিজ্ঞানী, পশুপালক, পরিবেশবাদী ও আদিবাসীদের সম্মিলিত উদ্যোগে তাদের পুনরুদ্ধার শুরু হয়। বর্তমানে উত্তর আমেরিকায় প্রায় ৫ লাখ ৩০ হাজার বাইসন রয়েছে।
তবে ১৯ শতকের এই বিপর্যয় তাদের জেনেটিক বৈচিত্র্যে বড় ধরনের সংকট তৈরি করেছে। ছোট ও বিচ্ছিন্ন পালগুলোর মধ্যে স্বাভাবিক জিন আদান-প্রদান কমে যাওয়ায় ভবিষ্যতে অন্তঃপ্রজনন, বন্ধ্যত্ব, জন্মগত ত্রুটি ও রোগের ঝুঁকি বাড়তে পারে। বাইসন ইন্টিগ্রেটেড জিনোমিকস (BIG) প্রজেক্টের গবেষকেরা ১৬০টি ঐতিহাসিক নমুনার সম্পূর্ণ জিনোম বিশ্লেষণ করেছেন এবং আগে গবেষণা করা আরও ৫২টি নমুনার তথ্য যুক্ত করেছেন। সবচেয়ে পুরনো নমুনার বয়স প্রায় ৫০ হাজার বছর। গবেষণায় দেখা গেছে, গত ১০ হাজার বছর ধরে উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলের বাইসনের জিনগত বৈশিষ্ট্য প্রায় একই ছিল। মহাদেশজুড়ে অবাধ জিনপ্রবাহ তাদের সুস্থ থাকতে সাহায্য করেছে। এখন বিজ্ঞানীরা বাইসনের জিনের বায়োব্যাংক (সংরক্ষণাগার) তৈরির পাশাপাশি সহায়ক প্রজনন প্রযুক্তির মাধ্যমে বিচ্ছিন্ন পালগুলোর মধ্যে জেনেটিক বৈচিত্র্য ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন। তথ্যসূত্র: সায়েন্স