আবু সাঈদ মিয়া, সরিষাবাড়ী, জামালপুর
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৫:৪৭ পিএম
সফল খামারি রঞ্জুর অনন্য দৃষ্টান্ত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলাম রঞ্জু। একসময় ভাগ্যের সন্ধানে বিদেশে পাড়ি জমালেও প্রতারিত হয়ে দ্রুতই দেশে ফিরে আসতে হয়েছিল তাকে। তবে সেই প্রতিকূলতায় দমে যাননি তিনি। কঠোর পরিশ্রম, মেধা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তিনি এখন একজন সফল খামার উদ্যোক্তা। তার হাত ধরে গড়ে ওঠা মণ্ডল হ্যাচারি আজ শুধু তার নিজের ভাগ্যই বদলায়নি, বরং বদলে দিচ্ছে পুরো এলাকার গ্রামীণ অর্থনৈতিক চিত্র। সরকারি সহযোগিতা পেলে তিনি এলাকার বেকার যুবকদের জন্য বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করতে চান।
রঞ্জুর এ পথচলা মোটেও সহজ ছিল না। তিনি জানান, কয়েক বছর আগে ‘গলাকাটা ভিসার’ খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়ে বিদেশ যাওয়ার মাত্র ৮ দিন পরেই তাকে দেশে ফিরে আসতে হয়। দেশে ফিরে নতুন করে জীবন গড়ার লড়াই শুরু করেন। প্রথমে একটি ছবি তোলার স্টুডিও এবং পরে একটি পোলট্রি ফিডের দোকান দিয়ে নিজের কর্মসংস্থান তৈরি করেন। এরপর মেয়ের শখের বশে এবং তার অনুপ্রেরণায় বাড়ির আঙিনায় শুরু করেন তিতির (স্থানীয়ভাবে তিথি নামে পরিচিত) মুরগির খামার। সেখান থেকেই মূলত তার উদ্যোক্তা হওয়ার নতুন পথচলা শুরু হয়।

তিথির মুরগির খামার দিয়ে শুরু করলেও অল্প সময়ের মধ্যেই রঞ্জু উপলব্ধি করেন ডিম থেকে বাচ্চা ফোটানোর আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তা। সেই ভাবনা থেকেই তিনি নিজের প্রচেষ্টায় গড়ে তোলেন আধুনিক ‘মণ্ডল হ্যাচারি’। বর্তমানে এই হ্যাচারিতে আধুনিক ইনকিউবেটর মেশিনের সাহায্যে হাঁস, মুরগি, তিতির ও কোয়েলের ডিম থেকে বাণিজ্যিকভাবে বাচ্চা ফোটানো হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে এখানে অত্যন্ত কম খরচে এবং নামমাত্র ঝুঁকিতে সুস্থ-সবল বাচ্চা উৎপাদন করা সম্ভব হচ্ছে।
হ্যাচারির স্বত্বাধিকারী রাশেদুল ইসলাম রঞ্জু বলেন, ‘আমার এই উদ্যোগ এখন আর শুধু নিজের খামারেই সীমাবদ্ধ নেই। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে সাধারণ মানুষ ও ক্ষুদ্র
খামারিরা তাদের হাঁস-মুরগির ডিম নিয়ে এখানে আসছেন। অত্যন্ত কম খরচে আমরা তাদের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে দিচ্ছি। এতে ডিম নষ্ট হওয়ার ঝুঁকি যেমন কমেছে, তেমনি খামারিরা সহজে বাচ্চা পেয়ে লাভবান হচ্ছেন। ব্যবসার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
স্থানীয় বাসিন্দা ও ক্ষুদ্র খামারিরা জানান, আগে ডিম থেকে প্রাকৃতিক উপায়ে বাচ্চা ফোটানো ছিল বেশ সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। কিন্তু রঞ্জুর এই হ্যাচারি চালু হওয়ার পর
তারা দূর-দূরান্ত থেকে ডিম নিয়ে এসে স্বল্প সময়ে ও সাশ্রয়ী মূল্যে সুস্থ বাচ্চা ফুটিয়ে নিতে পারছেন। এতে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে
বাচ্চা বিক্রি করে অনেকেই বাড়তি আয়ের মুখ দেখছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোলাইমান সরকার এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘রাশেদুল ইসলাম রঞ্জুর এই প্রযুক্তিনির্ভর হ্যাচারি গ্রামীণ অর্থনীতিতে এক ইতিবাচক পরিবর্তন এনেছে। সরকারিভাবে এই উদ্যোগের ওপর আমাদের নিয়মিত নজরদারি রয়েছে। আমরা তাদের প্রয়োজনীয় সব ধরনের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা (টেকনিক্যাল সাপোর্ট) প্রদান করে আসছি। নিজ উদ্যোগে গড়ে ওঠা এই খামার যুবসমাজের জন্য একটি দারুণ অনুপ্রেরণা।’