প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৩:২২ পিএম
দুই দিনব্যাপী এই জাতীয় আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫০০-এর অধিক অংশগ্রহণকারী অংশগ্রহণ করছেন
দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস্) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার এবং লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)-এর যৌথ আয়োজনে ২য় দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস্)-লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি) ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী এই জাতীয় আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫০০-এর অধিক অংশগ্রহণকারী অংশগ্রহণ করছেন। সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন, নীতিনির্ধারণ, বিতর্ক, আইনগত বিশ্লেষণ এবং সমসাময়িক আইন ও সুশাসনবিষয়ক আলোচনার মাধ্যমে তরুণদের বাস্তবভিত্তিক আইনসভা কার্যক্রমের অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাস্টিস জাফর আহমেদ, মাননীয় বিচারপতি, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, মাননীয় উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং প্রধান পৃষ্ঠপোষক, দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস্) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব মোহাম্মদ শামসুল হক, চেয়ারম্যান, চট্টগ্রাম ওয়াসা এবং যুগ্মসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রফেসর ড. মোহাম্মদ আল-আমিন, উপ-উপাচার্য (একাডেমিক), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অ্যাডভোকেট জিয়াউল হক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, প্রফেসর এ. বি. এম. আবু নোমান, অধ্যাপক ও সাবেক ডিন, আইন অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
প্রথম দিনে সকাল ৭টা ২০ মিনিটে শাটল স্টেশনে অংশগ্রহণকারীদের আগমন ও উপস্থিতি গ্রহণের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। অংশগ্রহণকারীদের আগমন, উপস্থিতি গ্রহণ ও নিবন্ধন সম্পন্ন হয়। এরপর অংশগ্রহণকারীদের পরিচিতি ও নির্দেশনামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল ব্যক্তিগত নীতিপত্র উপস্থাপন করা হয়।
দুপুরে বিরতির পর বক্তাদের উদ্দেশে প্রশ্নোত্তর এবং সংসদ সদস্যদের পারস্পরিক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বিকালে অংশগ্রহণকারীদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি বিশেষ ক্যাম্পাস ট্যুরের আয়োজন করা হয়, যেখানে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের সুযোগ পান।
এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা আইন প্রণয়ন, নীতিনির্ধারণ, যুক্তিনির্ভর বিতর্ক, আইনগত বিশ্লেষণ এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন ধাপ সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
আয়োজকদের মতে, দ্বিতীয় দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস্)-লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি) ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬ কেবল একটি আইনসভা অনুকরণমূলক আয়োজন নয়; বরং তরুণদের নেতৃত্ব, গবেষণা, আইনগত বিশ্লেষণ, জনসমক্ষে বক্তব্য প্রদান, নীতিনির্ধারণী সক্ষমতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ।
আজ (২৯ আগস্ট) দ্বিতীয় দিনে প্রস্তাবিত সংশোধনী উপস্থাপন, সংশোধনী নিয়ে সমালোচনামূলক পর্যালোচনা ও আলোচনা, সংশোধিত খসড়া বিলের ওপর ভোট প্রদান এবং বিল আনুষ্ঠানিকভাবে গ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হবে। একই দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।