× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুলের গানে লোকজ সুর

সন্তোষ ঢালী

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৪:৪৮ পিএম

অলংকরণ: তানভীর মালেক

অলংকরণ: তানভীর মালেক

সুর গানের একটা প্রধান অঙ্গ। বাংলা গান বাণীপ্রধান হলেও সুরের আলাদা মহিমা রয়েছে। কথার চেয়ে সুরই বেশি আকৃষ্ট করে মানুষের মনকে। নিভৃত মনের গোপন রসটুকু ধরা থাকে সুরের আঁধারেই। তাই সুরের গুরুত্ব অপরিসীম। যে কোনো সুরের একটা সর্বজনীন আবেদন থাকে। সুরের মধ্যে এমন এক জাদু থাকেÑ যা হৃদয়কে আর্দ্র করে কিংবা নাড়া দেয়। মনকে বিগলিত বিচলিত করে। সুর স্বর বা শ্রুতির সুসমন্বিত বিন্যাস। শ্রুতির এই বিন্যাসের ফলেই মানবমনে সৃষ্টি হয় এক অদ্ভুত আলোড়ন, সুমধুর ক্রিয়া। প্রত্যেক জাতি বা প্রত্যেক সম্প্রদায়ের মানুষের জীবনে কোনো কোনো সুর থাকে আবহমানকাল ধরে প্রচলিত। সে-সব সুর তাদের জীবনে ও অন্তরে সুদৃঢ় আসন করে নেয়। লোক-মানুষের সৃষ্ট এসব সুরে লোকমানসের প্রভাব থাকে। তার থাকে নিজস্ব একটা ঢং বা চলন। অঞ্চলভেদে তা হয় ভিন্ন ভিন্ন রকমের।

জীবন, জীবিকা, পেশা, ভৌগোলিক অবস্থান, জলবায়ু, প্রকৃতি, পরিবেশ ইত্যাদির প্রভাব থাকে সুরে। কিংবা অবস্থানগত কারণে সৃষ্টি হয় কোনো সুর। বা সুরের তারতম্য ঘটে। সুরের এই শিল্পতত্ত্ব বড় সূক্ষ্ম ও জটিল বিষয়। তবে বলা যায়, প্রত্যেক দেশ বা সমাজেই মাটি থেকে উৎসারিত সুরই লোকসুর। শ্রমজীবী মানুষ জীবনঘনিষ্ঠ ও মৃত্তিকাসংলগ্ন যে সুর সৃষ্টি করে থাকে অবচেতনভাবে মনের গভীর কোনো উপলব্ধিতে তা-ই লোকসুর। একক বা সামষ্টিকভাবে সৃষ্ট কিংবা এককভাবে সৃষ্ট সুরই সামষ্টিকতা লাভ করে, এমন সুরই লোকসুর বলে গণ্য হতে পারে। সব সমাজেই লোকসমাজ স্বীকৃত দীর্ঘকাল ধরে প্রচলিত সুরগুলোই লোকসুর বলে পরিগণিত হয়ে থাকে। প্রত্যেক সুর-স্রষ্টারই থাকে স্বতন্ত্র ও স্বকীয় বৈশিষ্ট্য। আর তা তৈরি করতে হয় কঠোর শ্রম আর মেধা দিয়ে, সাধনা দিয়ে। মেধাবী সুরস্রষ্টা লোকজীবনের আঙিনায় ছড়িয়ে থাকা সুরগুলো কুড়িয়ে নিয়ে যথাযথ স্থানে পরিবেশন করেন। লোকসমাজে আবহমানকাল ধরে প্রচলিত লোকমানুষসৃষ্ট সুরগুলোই লোকজ সুর। তার থাকে এক চিরন্তন আবেদন। কথা আর সুরের সার্থক সম্মিলন ঘটান যোগ্য সুরকার। অবিভক্ত বাংলায় যেসব লোকসংগীত প্রচলিত ছিল বা রয়েছে তাতে লোকসুরের যথেষ্ট প্রয়োগ আছে, যার মানবিক আবেদন কখনওই ফুরায় না। সে সকল সুর পরিবর্তিত বা অপরিবর্তিতভাবে বিভিন্ন সুরস্রষ্টা তাদের গানে ব্যবহার করে থাকেন। নজরুলও করেছেন তার গানে প্রয়োজনীয় ক্ষেত্রে। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়েরই পালনীয় কিছু আচার-প্রথা রয়েছে যার সাথে গান বা সুরের সম্পর্ক আছে নিবিড়ভাবে। নজরুল সেখান থেকেও গ্রহণ করেছেন নানারকম ভাব ও লৌকিক সুর। এ বিষয়ে আবদুল কাদির বলেন, ‘প্যান-ইসলামত্ব বা লৌকিক হিন্দুত্বের জন্য আসলে নজরুলের কিছুমাত্র সহানুভূতি নাই। সেই লোকপ্রিয় ভাবসমূহের আশ্রয়ে তিনি নব নব সুরের সাধনা করিয়াছেন মাত্র। পূর্বেই বলিয়াছি, গানের কথাকে বেষ্টন করিয়া তাহার কোনো গভীর স্বপ্ন বা সহৃদয়তা নাই। গানকে সহজে জনপ্রিয় করার উপচেতন আগ্রহেই তিনি প্রচলিত মতাদর্শকে আমল দিয়া থাকেন’। লোকসুরের সাথে ঘনিষ্ঠ যোগ রয়েছে লোকমানুষ, লোকজীবন ও লোকসমাজেরÑ এক কথায় ঐতিহ্যের। নজরুল ঐতিহ্য-সচেতন বলেই তার গানের একটা বিশাল অংশ জুড়ে লোকজ সুরের প্রয়োগ ঘটিয়েছেন। 

নজরুলের গানের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে লোকসংগীত। বাংলা গানে যে লোকসুরগুলো প্রচলিত আছে তার মধ্যে অন্যতম বাউল, রামপ্রসাদী, ভজন, কীর্তন, জারি, সারি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, পুঁথিপাঠ, সাঁওতালি, গম্ভীরা, ধামাইল ইত্যাদি গানের সুর। এ সুরগুলো লোকমানুষ সৃষ্ট, একান্তই হৃদয়-উৎসারিত। লোকজ এসব সুর নজরুল তার বিভিন্ন গানে নানাভাবে ব্যবহার করেছেন। তাই গানগুলোতে বাংলার চিরায়ত হৃদয়াবেগের প্রকাশ ঘটেছে। শাশ্বত বাঙালির হৃদস্পন্দন ধরা পড়েছে। বিভিন্ন লোকজ সুরে সৃষ্ট গানের সম্পর্কে নিচে আলোচনা করা হলোÑ

বাউল

বাউল গান বাংলা গানের এক উজ্জ্বল ধারা। নজরুলের বেশ কিছু গানে বাউল দর্শন ও বাউল গানের সুরের প্রভাব রয়েছে। এ সকল গানে সুন্দরভাবে মরমি ভাবধারার প্রকাশ ঘটেছে। বাউল গানের সুরের মধ্যে এক শান্ত সমাহিত ভাব রয়েছে। বাউল গানের সুরে নজরুল বেশ কিছু গান রচনা করেছেন। ১. আমি ভাই ক্ষ্যাপা বাউল, আমার দেউল/আমারি এই আপন দেহ, ২. আকাশের আর্শিতে ভাই/পইড়াছে মোর মনের ছায়া। এ গানগুলোতে বাউল গানের সুর ব্যবহৃত হয়েছে।

রামপ্রসাদী

রামপ্রসাদী গানের সুরে একটা আলাদা ঢং রয়েছেÑ যা একান্ত নিজস্ব। আধ্যাত্মিক সাধনার বিশেষ করে শ্যামা মাকে নিয়ে রচিত এসব গানে আত্মনিবেদনের আর্তি রয়েছে। সাধক রামপ্রসাদ সেন এ গানের রচয়িতা এবং সুরস্রষ্টা। এ গানের আদলে নজরুল বেশ কিছু উৎকৃষ্ট শ্যামাসংগীত রচনা করেছেন। ১. আমার কালো মেয়ের পায়ের তলায়/দেখে যা আলোর নাচন, ২. বল্! বল্ রে জবা/কোন্ সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল, ৩. জগৎ জুড়ে জাল ফেলেছিস্/শ্যামা কি তুই জেলের মেয়ে, ৪. শ্যামা নামের লাগল আগুন আমার দেহ-ধূপকাঠিতে, ৫. শ্যামা তোর নাম যার জপমালা/তার কি মা ভয় ভাবনা আছে, ৬. শ্মশানে জাগিছে শ্যামা/অন্তিমে সন্তানে নিতে কোলে। নজরুল রচিত ইত্যাদি উল্লেখযোগ্য শ্যামাসংগীত।

ভজন

ভজনও এক ধরনের সাধনসংগীত। এ গানের সুরের মধ্যে শান্ত সমাহিত একটা ভাব আছে। অনেক সময় তা রাগভিত্তিক হয়ে থাকে। তবু তার মধ্যে লোকজ সুর থাকে। এ ধরনের সুরেও সংগীত রচনায় নজরুল যথেষ্ট সাফল্য লাভ করেছেন। ১. তিমির-বিদারী অলখ-বিহারী/কৃষ্ণ মুরারি আগত ঐ, ২. অরুণ-কান্তি কে গো যোগী ভিখারি, ৩. খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে, ৪. সৃজন-ছন্দে আনন্দে নাচো নটরাজ, ৮. হৃদি-পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যামÑ ইত্যাদি নজরুলের উৎকৃষ্ট ভজন।

কীর্তন

রাধা-কৃষ্ণের প্রেমলীলা বিষয় নিয়ে কীর্তন রচিত হয়। এ গানের কথা ও সুরে এক আলাদা প্যাটার্ন রয়েছে। নেচে নেচে মৃদঙ্গ-মন্দিরা বাজিয়ে বাজিয়ে এ গান গাওয়া হয়। এ কায়দাটি মহাপ্রভু শ্রীচৈতন্যদেব প্রবর্তিত। এ গানের সুরের একটা আলাদা মহিমা আছে। তাল ফেরতা ও সুর ফেরতা এ গানের অন্যতম একটা বৈশিষ্ট্য। সুর কোথাও কোথাও দীর্ঘ ও প্রলম্বিত। ১. আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে/মাধব এল না সই, ২. ওরে নীল-যমুনার জল বল্ রে, মোরে বল্, ৩. গোঠের রাখাল, বলে দে রে/ কোথায় বৃন্দাবন, ৪. আজি মনে মনে লাগে হোরি/আজি বনে বনে জাগে হোরি, ৫. সখি, আমিই না হয় মান করেছিনু/তোরা তো সকলে ছিলিÑ ইত্যাদি নজরুলের উল্লেখযোগ্য কীর্তনাঙ্গের গান।

ভাওয়াইয়া

উত্তরবঙ্গের লোকগীতি ভাওয়াইয়া। সাধারণত রাখাল বিশেষ করে যারা মহিষ চড়ায় কিংবা গারোয়ানÑ তাদের কিংবা স্বামীপ্রবাসিনী নারীর আর্তি ফুটে ওঠে এ গানে। এ গানের সুর অন্য যে কোনো গান থেকে ভিন্ন। টান থাকলেও হঠাৎ গলাটা ভেঙে সুর যেন আলাদা স্বরগ্রামে উপস্থিত হয়, অন্য রকম আবেদন সৃষ্টি করে। ভাওয়াইয়ার সুরে নজরুল যথেষ্ট গান রচনা করেছেন। ১. নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা। এ রকম বেশ কিছু গান ভাওয়াইয়ার সুরে রচিত। 

ভাটিয়ালি 

সাধারণত ভাটি অঞ্চলের গানকে ভাটিয়ালি গান বলে। এ গানের বিশেষত্ব তার সুরে। নদীর স্রোতের মতো সুর ভেসে চলে সুদূর পানে। এ গানের সুরও দীর্ঘ ও প্রলম্বিত। গানের সুরে দুঃখবোধ ও বিরহ যন্ত্রণার প্রকাশ ঘটে। এ গানের সুর করুণ। ১. আমার গহীন জলের নদী/আমি তোমার জলে রইলাম ভেসে জনম অবধি, ২. ও কূল-ভাঙা নদী রে/আমার চোখের জল এনেছি মিশাতে তোর নীরে, ৩. কুঁচ-বরণ কন্যা রে তার মেঘ-বরণ কেশ/আমায় লয়ে যাও রে নদী সেই সে কন্যার দেশ, ৪. আমার শ্যামলা বরণ বাংলা মায়ের/রূপ দেখে যা, আয় রে আয়, ৫. এ-কূল ভাঙে ও-কূল গড়ে/এই ত নদীর খেলা, ৬. পদ্মার ঢেউ রেÑ/ ও মোর শূন্য হৃদয়-পদ্ম নিয়ে যা যা রে, ৭. গাঙে জোয়ার এল ফিরে, তুমি এলে কই। এমনি অসাধারণ কিছু ভাটিয়ালি গান রচনা করেছেন নজরুল যার সুরে নদী বাংলার লোকজীবন গ্রন্থিত।

ঝুমুর/সাঁওতালি

বর্ধমান-বীরভূম অঞ্চলের সাঁওতালদের গানের একটা আলাদা ধরন আছে। তাদের জীবনের মধ্যে নজরুল কুড়িয়ে পেলেন যে গানের সুর তা থেকে সৃষ্টি করলেন ঝুমুর গান। এ গানের সুরে জোরালো একটা ঢং আছে। কিছুটা চপল গতির এ গানে নাচের ছন্দ থাকে। লোকমানুষ সৃষ্ট এ গানের সুর। এতে তাই মাটির গন্ধ মিশে থাকে। এ জাতীয় সুরে বহু গান রচনা করেছেন নজরুল। ১. রাঙা মাটির পথে লো মাদল বাজে/বাজে বাঁশের বাঁশি, ২. হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল/এনে দে এনে দে নৈলে বাঁধব না বাঁধব না চুল, ৩. লাল নটের ক্ষেতে লাল টুকটুকে বৌ যায় গো, ৪. তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি। এ রকম অসংখ্য উৎকৃষ্ট গান সাঁওতালি সুরে রচিত।   

নির্দ্বিধায় বলা যায়, সাহিত্যের অন্য যে কোনো শাখার চেয়ে গানেই নজরুলের স্বকীয়তার প্রকাশ সবচেয়ে উজ্জ্বল ও সার্থক। বাণী ও বিষয়ের বৈচিত্র্যে, ভাবের গভীরতায়, সুরের ইন্দ্রজালে নজরুলের গান অনন্য সাধারণ। নজরুল নিজেই তা স্বীকার করে গেছেনÑ ‘সাহিত্যে দান আমার কতটুকু তা আমার জানা নেই। তবে এইটুকু মনে আছে সংগীতে আমি কিছু দিতে পেরেছি’। তার গানগুলো লোক-সম্পদে পূর্ণ। বাংলার প্রাণ-সম্পদে ভরপুর। গানে যেমন স্বদেশপ্রীতির পরিচয় মেলে, পরিচয় মেলে বিদ্রোহী-চেতনার। তার গানের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে ইসলামি ঐতিহ্য এবং হিন্দু ঐতিহ্য তথা বাঙালি সংস্কৃতির অনুরণন। যেমন প্রকাশ ঘটেছে মানবধর্মের, তেমনি প্রকাশ ঘটেছে সকল শ্রেণির মানুষের জীবন ও জীবিকার। নজরুলের গান যেন গ্রাম-বাংলার যথার্থ দর্পণ। বাংলার ঐতিহ্য এমন করে আর কোনো কবি বুঝি আত্মস্থ করেননি। বিচিত্র দিকে বিচিত্রভাবে তার প্রকাশ ঘটিয়েছেন নজরুল তার কবিতায়, তার গানে। নজরুল-চর্চা গ্রন্থে নারায়ণ চৌধুরী বলেছেন ‘নজরুল বাংলা গানের জগতের এক অপ্রতিদ্বন্দ্বী সুরকার। একই সঙ্গে উৎকৃষ্ট কাব্যগুণ ও ততোধিক উৎকর্ষময় সুরের সমন্বয়ে তার গানগুলো হয়ে উঠেছে রসের এক চিরন্তন উৎস। যত দিন যাবে তত তার গানের প্রচার বাড়তে বাধ্য, কারণ গানগুলোর অপ্রতিবাদ্য সুরের জাদু। নজরুল আজ বেঁচে নেই কিন্তু তিনি তার কবিতায় হয়ে আছেন প্রচণ্ড রকমে সরব আর তার গানের সুর দুই বাংলার মানুষের নিত্য-আনন্দ-প্রস্রবণ গভীর প্রাণময় এক সত্তা’। বিষয় অনুসারে গানের ভাষা নিরূপণ করেছেন তিনি। যাতে তা হয়েছে আরও প্রাণবন্ত ও জীবনঘনিষ্ঠ। নজরুল তার রচনার মধ্য দিয়ে যে বার্তা কিংবা বাণীটি আমাদের কাছে পৌঁছে দেন তা হলো শ্রেণিহীন, অসাম্প্রদায়িক চেতনার এক মানবধর্ম, যা ঐতিহ্যগতভাবে বাঙালি লোকধর্মের ও স্বাদেশিকতার মন্ত্রে ভাস্বর। এই ঐতিহ্যপ্রীতিই নজরুলকে বাংলার লোকমানুষের নিকটজন করে তোলে, আপনার করে তোলেÑ নজরুল হয়ে ওঠেন বাঙালির আত্মজন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা