প্রচ্ছদ রচনা
রশিদুন্ নবী
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৪:২২ পিএম
গান শেখাচ্ছেন কাজী নজরুল ইসলাম। ছবি: পরিমল গোস্বামী
কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) সংগীত ভুবনে জীবন, জাগরণ, আশাবাদ, মুক্তি ও মানবিক শক্তির প্রত্যয় একটি গুরুত্বপূর্ণ নান্দনিক প্রবাহ সৃষ্টি করে। তার বহু গান ব্যক্তিমানুষের হতাশা ও সংকট অতিক্রম করে বৃহত্তর জীবনবোধের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানায়। পাশাপাশি, নজরুলের সংগীতসৃষ্টির অনত্যম বৈশিষ্ট্য হলোÑ জীবন ও জগতের গভীরতর সত্যকে সহজ অথচ তাৎপর্যপূর্ণ ভাষায় প্রকাশ করা। তার গানে যেমন দ্রোহ, প্রেম, ভক্তি, মানবতা, প্রকৃতি ও আধ্যাত্মিকতা রয়েছে, তেমনি জীবন-মৃত্যু সম্পর্কিত এক স্বতন্ত্র বিশ্ববোধও লক্ষ করা যায়। তার জীবন-মৃত্যু সম্পর্কিত বেশ কিছু গান রয়েছেÑ যা বাংলাগানের ভুবনকে করেছে সমৃদ্ধ। এগুলোর মধ্যে কেবল দুটো গানের মৃত্যুভাবনাকে কেন্দ্র করে সংক্ষেপে আলোচনা করা যেতে পারে।
প্রথম গান:
মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রাণ।
অনন্ত আনন্দ হাসি অফুরান।
নিরাশার বিবর হ’তে
আয় রে বাহির পথে,
দেখ্ নিত্য সেথায়Ñ আলোকের অভিযান ।
ভিতর হ’তে দ্বার বন্ধ ক’রে,
জীবন থাকিতে কে আছিস্ ম’রে।
ঘুমে যারা অচেতন
দেখে রাতে কু-স্বপন,
প্রভাতে ভয়ের নিশি হয় অবসান।
নজরুল-সৃষ্ট আশা-ভৈরবী রাগে সুরারোপিত ও ত্রিতালে নিবদ্ধ ‘মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রাণ’ গানটি জীবনমুখী চেতনার একটি তাৎপর্যপূর্ণ প্রকাশ। গানটির মূল সুর লুকিয়ে রয়েছে মৃত্যুভীতি ও নৈরাশ্য অতিক্রম করে জীবনের অন্তর্নিহিত আনন্দ, আলোক ও সম্ভাবনাকে আবিষ্কারের আহ্বানে। এখানে মৃত্যু কেবল জৈবিক অস্তিত্বের অবসান নয়; এটি জড়তা, ভীতি, হতাশা ও আত্মবিমুখতার প্রতীক। একইভাবে ‘আলো’ কেবল বাহ্যিক আলোকপ্রাপ্তি নয়, তা চেতনা, আশাবাদ, কর্মপ্রেরণা এবং আত্মমুক্তির প্রতীকী রূপ। ফলে গানটি নিছক আনন্দবাদী উচ্চারণে সীমাবদ্ধ থাকে না; বরং তা মানুষের মানসিক পুনর্জাগরণের একটি দার্শনিক সংগীতরূপ লাভ করেছে।
জীবনবাদী দর্শনের শিল্পায়ন হলোÑ গানটির অন্যতম একটি বৈশিষ্ট্য। গানটির প্রধান শিল্পগুণ নিহিত রয়েছে জীবনদর্শনকে কাব্যিক ও সংগীতধর্মী অভিব্যক্তিতে রূপান্তরের মধ্যে। নজরুল এই গানে কোনো বিমূর্ত দার্শনিক বক্তব্য সরাসরি উপস্থাপন করেননি। তিনি দর্শনকে অনুভবযোগ্য করেছেন প্রাণ, আনন্দ, আলো, বিবর, দ্বার, রাত্রি ও প্রভাতের মতো দৃশ্যগ্রাহ্য প্রতীকের মাধ্যমে। ফলে গানটির বক্তব্য একইসঙ্গে চিন্তাশীল ও আবেগনির্ভর। শ্রোতা কিংবা পাঠক একদিকে যেমন এর অন্তর্নিহিত দর্শন উপলব্ধি করতে পারে, অন্যদিকে তেমনি প্রতীকগুলোর দৃশ্যমানতা ও সংগীতধর্মিতা তার আবেগকে সক্রিয় করে।
কাজী নজরুল ইসলামের এই গানটিতে বৈপরীত্যের নান্দনিক প্রয়োগ আমরা লক্ষ করি। শিল্পরূপ নির্মাণে বৈপরীত্য একটি মৌলিক কৌশল। ‘মৃত্যু’ ও ‘প্রাণ’, ‘দুঃখ’ ও ‘আনন্দ’, ‘নিরাশা’ ও ‘আলো’, ‘ভিতর’ ও ‘বাহির’, ‘ঘুম’ ও ‘প্রভাত’, ‘ভয়’ ও ‘অবসান’Ñ এসব বিপরীতার্থক ধারণা পাশাপাশি স্থাপন করে কবি একটি গতিশীল ভাবদ্বন্দ্ব সৃষ্টি করেছেন। এই বৈপরীত্যের ফলে গানটির অন্তর্নিহিত বক্তব্য আরও স্পষ্ট ও শক্তিশালী হয়েছে। অন্ধকারের বিপরীতে আলো, নিস্তব্ধতার বিপরীতে প্রাণ এবং ভয়ের বিপরীতে প্রভাতকে স্থাপন করে নজরুল ইতিবাচক জীবনচেতনার বিজয়কে নান্দনিকভাবে প্রতিষ্ঠা করেছেন।
গানটিতে প্রতীক ও রূপকের ব্যবহার হয়েছে চমৎকারভাবে। কেননা, প্রতীকী ভাষাই হলো গানটির কাব্যিক শক্তির অন্যতম প্রধান উৎস। ‘নিরাশার বিবর’ যেমন মানুষের হতাশাগ্রস্ত মানসিকতার রূপক, তেমনি ‘দ্বার বন্ধ করা’ আত্মবন্দিত্বের প্রতীক। অন্যদিকে, ‘আলোকের অভিযান’ যেমন নবচেতনার অগ্রযাত্রার প্রতীক, তেমনি ‘রাত্রি’ সংকট কিংবা ভয়কে এবং ‘প্রভাত’ মুক্তি ও আশাবাদকে নির্দেশ করে। বিশেষভাবে ‘আলোকের অভিযান’ একটি সৃজনশীল চিত্রকল্প।
আলো সাধারণত স্থির ও নিষ্ক্রিয় কোনো উপাদান হিসেবে কল্পিত হলেও কবি তাকে ‘অভিযান’-এর সঙ্গে যুক্ত করে গতিশীল করেছেন অসাধারণভাবে। আলোকপ্রাপ্তি এখানে একটি চলমান সামাজিক ও মানসিক প্রক্রিয়া হিসেবে উদ্ভাসিত হয়েছে।
ভাষার সরলতা ও আবেগের গভীরতা সম্পর্কে বলা যায়, গানটির ভাষা সহজ ও শ্রুতিমধুর। কবি গানটিতে যুক্ত শব্দ ব্যবহার করেছেন সুনিপুণভাবে। যেমনÑ ‘বাহির পথে আয়’, ‘দ্বার বন্ধ ক’রে’, ‘কু-স্বপন’, ‘প্রভাত’ ইত্যাদি শব্দ শ্রোতার নিকট সহজবোধ্য হলেও সেগুলোর অন্তর্নিহিত তাৎপর্য অত্যন্ত গভীর। এই বৈশিষ্ট্য নজরুলের গীতি কবিতার যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে, তা হলোÑ সহজ ভাষার মধ্য দিয়ে গভীর জীবনদর্শন প্রকাশ। ফলে গানটি বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণের পাশাপাশি সাধারণ শ্রোতার হৃদয়ের গভীরেও সহজে প্রবেশ করতে সমর্থ হয়।
গানটির ধ্বনি, ছন্দ ও গতিময়তা বিষয়ে বলা যায় যে, সংক্ষিপ্ত ও দীর্ঘ উচ্চারণের পর্যায়ক্রমিকতা পঙক্তিগুলোর বিন্যাসে আবেগগত গতি সৃষ্টি করেছে। ‘মৃত্যু নাই, নাই দুঃখ’Ñ এই পুনরুক্তিমূলক গঠন শ্রুতিতে দৃঢ়তা সৃষ্টি করে এবং বক্তব্যকে আরও জোরালো করে তোলে। আবার ‘আয় রে বাহির পথে’ পঙক্তিতে আহ্বানধর্মী উচ্চারণ গানটির গতিশীলতাকে আরও বৃদ্ধি করেছে। ‘আলোকের অভিযান’ কিংবা ‘ভয়ের নিশি হয় অবসান’ -এর মতো শব্দবন্ধে ধ্বনিগত সুষমা ও অর্থগত তীব্রতা একত্রিত হয়েছে। ফলে গানটি পাঠ করলেও এর মধ্যে একটি অন্তর্নিহিত গীতিময় প্রবাহ অনুভূত হয়।
গানটির শিল্পরীতি প্রসঙ্গে বলা যায়, ‘আহ্বান’ একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ‘আয় রে বাহির পথে’Ñ এই প্রত্যক্ষ সম্বোধন নিছক কাব্যিক উক্তি নয়; এটি এক ধরনের মানসিক ও নৈতিক জাগরণের ডাক। কবি এখানে হতাশ মানুষের পাশে দাঁড়িয়ে তাকে অন্ধকার থেকে বাইরে বেরিয়ে আসার আহ্বান করছেন। এই আহ্বান গানটির আবেগকে ব্যক্তিগত সীমা অতিক্রম করে সমষ্টিগত মাত্রা দিয়েছেন। এর ফলে ব্যক্তির হতাশা এখানে বৃহত্তর মানবজীবনের সংকটের প্রতীকে রূপান্তরিত হয়েছে।
অন্যদিকে, রাত্রি ও প্রভাতের চিত্রকল্প গানটির নান্দনিক কাঠামোকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। রাতের কু-স্বপন ও প্রভাতের আগমনÑ এই স্বাভাবিক প্রকৃতিচক্রকে কবি মানবজীবনের মানসিক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেছেন। এখানে প্রকৃতি কেবল পটভূমি নয়, মানুষের অন্তর্জগতের ব্যাখ্যাকারী। রাত যতই দীর্ঘ হোক, প্রভাত অনিবার্যÑ এই প্রাকৃতিক সত্যকে কবি মানুষের সংকট অতিক্রমের আশাবাদী দর্শনে রূপায়িত করেছেন।
সংগীতধর্মিতা ও আবেগের উত্তরণ ঘটতে দেখা যায় গানটিতে। গানের শুরুতে জীবন ও আনন্দের ঘোষণা, মধ্যাংশে নৈরাশ্য থেকে বেরিয়ে আসার আহ্বান এবং শেষাংষে ভয়মুক্ত প্রভাতের প্রত্যয়Ñ এই ধারাবাহিকতায় একটি আবেগগত উত্তরণ লক্ষ করা যায়। এই অভ্যন্তরীণ গতিশীলতাই গানটির সংগীতায়নের ক্ষেত্রে বিশেষ নাটকীয় সম্ভাবনা তৈরি করে।
গানটিতে মূলত জীবনকে ইতিবাচক শক্তি, আনন্দ ও আলোকচেতনার দৃষ্টিতে দেখার এক শক্তিশালী কাব্যিক-সাংগীতিক অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। কবি এখানে মৃত্যু ও দুঃখের বিপরীতে প্রাণ ও আনন্দ, নিরাশার বিপরীতে আলো এবং রাত্রির বিপরীতে প্রভাতকে স্থাপন করে মানুষের অস্তিত্বের অন্তর্নিহিত সম্ভাবনাকে উন্মোচিত করেছেন। গানটি কেবল একটি আশাবাদী গান নয়, এটি নৈরাশ্যের বিরুদ্ধে জীবনচেতনার নান্দনিক প্রতিবাদও বটে।
দ্বিতীয় গান :
তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু।
আমরা অবোধ, অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু।
তোমার মতই তোমার ভুবন
চির পূর্ণ, হে নারায়ণ!
দেখতে না পায় অন্ধ নয়ন তাই এ দুঃখ প্রভু।
ঝরে যে ফল ধূলায় জানি, হয় না তাহা (কভু) হারা,
ঐ ঝরা ফলে নেয় যে জনম তরুণ তরুর চারাÑ
তারা হয় না কভু হারা।
হারালো (ও) মোর প্রিয় যারা,
তোমার কাছে আছে তারা ;
আমার কাছে নাই তাহারা Ñ হারায়নিক’ তবু।
দাদরা তালে নিবদ্ধ নজরুলের ‘তোমার মহাবিশ্বে হারায় না তো কিছু’ গানটির কেন্দ্রীয় উপলব্ধি হলো সৃষ্টির মহাব্যবস্থায় কোনো কিছুই সম্পূর্ণ অর্থে হারিয়ে যায় না। মহাবিশ্ব, অস্তিত্ব, রূপান্তর, জীবন ও মৃত্যুর মতো জটিল বিষয় সাধারণত বিমূর্ত দার্শনিক আলোচনার দাবি রাখে। তবে কবি এখানে সেসব ধারণাকে প্রকৃতি ও মানবজীবনের পরিচিত অভিজ্ঞতার মাধ্যমে প্রকাশ করেছেন। ‘মহাবিশ্ব’ শব্দটি গানটির শিল্পরূপের অন্যতম ভিত্তি। ব্যক্তিগত দুঃখকে একটি বৃহত্তর মহাজাগতিক পরিসরে স্থাপন করেছেন কবি। এতে ব্যক্তির ক্ষুদ্র অভিজ্ঞতা মহাবিশ্বের অসীম ধারাবাহিকতার সঙ্গে যুক্ত হয়। কোনো একজন মানুষের বিচ্ছেদ বা মৃত্যু এখানে বৃহত্তর অস্তিত্বের প্রশ্নে পরিণত হয়েছে। তাই ব্যক্তিগত অনুভূতি সার্বজনীন জীবনদর্শনে উত্তীর্ণ হয়েছে। ঝরা ফল ও তরুণ বৃক্ষের সম্পর্ক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। একটি ফলের পতন এবং নতুন চারার জন্মের মধ্য দিয়ে কবি জীবনচক্রের প্রতীকী ব্যাখ্যা দিয়েছেন। এখানে প্রকৃতি কেবল সৌন্দর্যের উপাদান নয়, প্রকৃতি হয়ে উঠেছে দর্শনের দৃশ্যমান ভাষা। প্রকৃতি-চিত্রের প্রতীকী ব্যবহার এক্ষেত্রে গানটির শিল্পরূপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বৈপরীত্যের নান্দনিক প্রয়োগও লক্ষ করা যায় গানটিতে। ‘হারানো’ ও ‘থেকে যাওয়া’, ‘মৃত্যু’ ও ‘নতুন জীবন’, ‘অন্ধ মায়া’ ও ‘বিশ্বসত্য’, ‘পতন’ ও ‘সৃজন’, ‘বিচ্ছেদ’ ও ‘ধারাবাহিকতা’, ‘ব্যক্তিগত শোক’ ও ‘মহাজাগতিক আনন্দ’Ñ এই বৈপরীত্যগুলো সরাসরি সংঘর্ষ সৃষ্টি না করে একটি ধারণাকে অন্যটির মাধ্যমে ব্যাখ্যা করে। ‘ঝরা ফল’ না থাকলে ‘তরুণ তরুর চারা’র জন্ম হওয়া সম্ভব নয়। এই সম্পর্কের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে, অবসান ও সূচনা একই জীবনচক্রের পরস্পর-সম্পর্কিত পর্যায়।
‘প্রভু’ সম্বোধনের মাধ্যমে গানটির বক্তব্যে আধ্যাত্মিক মাত্রা যুক্ত হয়েছে। কবিকে এখানে ঈশ্বরের নিকট কোনো পার্থিব সম্পদ না চেয়ে বরং মহাবিশ্বের গূঢ় নিয়ম সম্পর্কে নিজের উপলব্ধি নিবেদন করতে দেখা যায়। এই সম্বোধন গানটির ভাবকে ব্যক্তিগত থেকে আধ্যাত্মিক পর্যায়ে উন্নীত করেছে।
গানটির অন্যতম শক্তিশালী ভাবপ্রতীক হলোÑ ‘অন্ধ মায়া’। এখানে মায়া মানুষের আবেগকে অস্বীকার না করে তার সীমাবদ্ধতা নির্দেশ করে। কোনো কিছুকে চিরতরে হারিয়ে ফেলার বিশ্বাস থেকে সৃষ্টি হয় কান্নার। মানুষ কাঁদে, কারণ সে ভালোবাসে।
গানটির ভাষার সরলতা ও দার্শনিক গভীরতা আমাদের মুগ্ধ করে। ‘মহাবিশ্ব’, ‘হারায়’, ‘অবোধ’, ‘অন্ধ মায়া’, ‘ঝরা ফল’, ‘তরুণ তরুর চারা’Ñ এই শব্দগুলো সহজ ও শ্রুতিমধুর এবং এসব শব্দ ও শব্দবন্ধ আমাদের নিকট অতি পরিচিত। পাশাপাশি শব্দগুলোর পারস্পরিক বিন্যাস একটি দার্শনিক তাৎপর্য সৃষ্টিতে সক্ষম হয়েছে।
‘ঝরা ফল’ ও ‘তরুণ তরুর চারা’Ñ এই দুটি চিত্রকল্প গানটির দৃশ্যমানতা অনেক বাড়িয়ে দিয়েছে। পুরনো রূপের পতন থেকে নতুন জীবনের উন্মেষÑ এই দৃশ্যকল্প গানটির দর্শনকে কেবল ধারণাগত রাখেনি, তা অনুভবযোগ্য করে তুলেছে। ফলে গানটির ভাব ও শিল্পের মধ্যে একটি স্বাভাবিক সমন্বয় সাধিত হয়েছে।
নজরুল প্রকৃতির রূপান্তর ও ধরাবাহিকতার একটি অভিজ্ঞতালব্ধ সত্যকে আধ্যাত্মিক-দার্শনিক বোধের সঙ্গে সম্পৃক্ত করেছেন। গানটি মানুষের মানসিক যন্ত্রণার প্রতি এক ধরনের নান্দনিক সান্ত্বনা প্রদান করে। আবার, কোনো প্রিয়জনের মৃত্যু বা বিচ্ছেদকে সম্পূর্ণ বিনাশ হিসেবে না দেখে অস্তিত্বের ধারাবাহিকতার অংশ হিসেবে উপলব্ধি করা মানুষের শোককে নতুন অর্থ দিতে পারে। এ কারণেই ব্যক্তিগত অনুভূতির সীমা অতিক্রম করে সার্বজনীন মানবিক আবেদন সৃষ্টি করেছে।
গানটির স্বাতন্ত্র্যের কয়েকটি দিক লক্ষণীয়। প্রথমত, এটি মৃত্যু ও বিচ্ছেদকে কেন্দ্র করে রচিত হলেও মূল সুর বিষাদে নিমজ্জিত নয়, এটি বিষাদের অন্তর্গত আশাবাদকে আবিষ্কার করে। দ্বিতীয়ত, গানটি ব্যক্তিগত শোককে মহাবিশ্বের অসীমতার সঙ্গে যুক্ত করেছে। তৃতীয়ত, প্রকৃতির একটি সরল দৃশ্যÑ ঝরা ফল থেকে নতুন চারার জন্মকে অস্তিত্বের ধারাবাহিকতার শক্তিশালী প্রতীকে পরিণত করা হয়েছে। চতুর্থত, ঈশ্বর, প্রকৃতি, ও মানুষকে একটি অভিন্ন অস্তিত্বচক্রের মধ্যে দেখার প্রবণতা গানটির বিশ্বদৃষ্টিকে স্বতন্ত্র করেছে।
‘মৃত্যু নাই, নাই দুঃখ আছে শুধু প্রাণ’ গানটি কেবল একটি আশাবাদী গান নয়, এটি নৈরাশ্যের বিরুদ্ধে জীবনচেতনার নান্দনিক প্রতিবাদ এবং আত্মবন্দিত্বের বিরুদ্ধে মুক্ত, সক্রিয় ও আলোকমুখী মানবসত্তার এক শক্তিশালী উচ্চারণ। পাশাপাশি ‘তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু’ গানটি কেবল একটি ভক্তিমূলক গান নয়, নজরুলের বিশ্বমানবিক জীবনবোধ, প্রকৃতিচেতনা এবং অস্তিত্ব-অনুসন্ধানী শিল্পসত্তার একটি উল্লেখযোগ্য সংগীত-নিদর্শন।