× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রচ্ছদ রচনা

দ্রোহ, সাম্য ও সম্প্রীতির কবি

রেজাউদ্দিন স্টালিন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১২:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাংলা সাহিত্যের আকাশে যে কয়জন নক্ষত্র চির অম্লান, কাজী নজরুল ইসলাম তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল। তিনি শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন বিদ্রোহের মন্ত্রদাতা, সাম্যের সৈনিক আর সম্প্রীতির প্রতীক। ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া এই মানুষটিকে আমরা ‘জাতীয় কবি’ হিসেবে পেয়েছি, এটা আমাদের পরম সৌভাগ্য। কিন্তু তিনি শুধু আমাদের ভৌগোলিক সীমায় আবদ্ধ নন, বরং বিশ্বের সকল নির্যাতিত মানুষের কবি তিনি।

বিদ্রোহী নজরুল

নজরুলের কলম মানেই আপসহীন প্রতিবাদ। ব্রিটিশের শোষণ, সমাজের ধর্মান্ধতা, কুসংস্কারÑ কোনো অন্যায়ের সামনেই তিনি মাথা নত করেননি।

‘বিদ্রোহী’ কবিতায় তিনি ঘোষণা দিলেনÑ 

‘আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন।’ 

‘কারার ঐ লৌহ কপাট’ লিখে জেলের তালা ভাঙার ডাক দিলেন। ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য ব্রিটিশ সরকার তাকে এক বছরের জেল দেয়। কিন্তু কারাগার তার কণ্ঠ থামাতে পারেনি।

তার বিদ্রোহ ছিল নতুন সমাজ গঠন এবং মানবিক মূল্যবোধ বিনির্মাণের। পুরনো জীর্ণ সমাজ ভেঙে নতুন গণতান্ত্রিক সুন্দর পৃথিবী বিনির্মাণের।

প্রকৃতপক্ষে নজরুল ছিলেন কৃষক-শ্রমিকের কবি। তিনি নিজে জীবনের প্রথমভাগে রুটির দোকানে কাজ করেছেন, মসজিদে মুয়াজ্জিন ছিলেন, সৈনিক ছিলেন। খেটে খাওয়া শ্রমিকের কষ্ট তিনি হাড়ে হাড়ে বুঝতেন।


‘কুলি-মজুর’ কবিতায় লিখলেন: 

সেদিন দেখিনু রেলে

‘কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে।

চোখ ফেটে এলো জল,

এমনি করিয়া জগৎ জুড়িয়া মারখাবে দুর্বল।’


‘সাম্যবাদী’ কাব্যে বললেন, জাত-পাত, ধনী-গরিব সব ভেদাভেদ মিথ্যা। আসল পরিচয় ‘মানুষ’।


তিনি নারীর মুক্তির কথাও বললেনÑ ‘নারী’ কবিতায় নারীকে অবলা না বলে শক্তির প্রতীক বানালেন। তার কাছে দুনিয়ার সব মানুষ সমান।

‘সেদিন সুদূর নয়,

যেদিন বিশ্ব পুরুষের সাথে গাহিবে নারীর জয়।’

সম্প্রীতির কবি নজরুল

নজরুল ছিলেন অসাম্প্রদায়িকতার মূর্ত প্রতীক। হিন্দু-মুসলিম দাঙ্গার সময় তিনি দুই পক্ষকেই ধিক্কার দিয়েছেন। একদিকে লিখেছেন হামদ-নাত, গজল। অন্যদিকে লিখেছেন শ্যামাসংগীত, কীর্তন, ভজন।

‘ও মন রমজানের ঐ রোজার শেষে’ যেমন মুসলমানের ঈদের গান, তেমনি ‘আগমনী’ গানে দুর্গার বন্দনা করেছেন। 

তার বিখ্যাত উক্তি : ‘হিন্দু না ওরা মুসলিম ওরা জিজ্ঞাসে কোন জন?’ 

ধর্ম দিয়ে মানুষকে ভাগ করতে তিনি দেননি। তার কাছে মন্দির-মসজিদ সবই ছিল মানুষের উপাসনালয়।

ভাষা ও উত্তরাধিকার

নজরুলের ভাষা ছিল বেগবানÑ দ্রুত, প্রাণবন্ত, আবেগী। আরবি, ফারসি, হিন্দি শব্দকে বাংলার সঙ্গে মিশিয়ে তিনি ভাষাকে সমৃদ্ধ করেছেন। ইংরেজির এই আগ্রাসনের যুগেও তার বাংলা আজও তরুণদের রক্তে আগুন জ্বালায়। ৩৬ জুলাই তারই সাক্ষ্য দেয়।

১৯৭৬ সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় কবির মর্যাদা দেয়। ১৯৭৪ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে।

কাজী নজরুল ইসলাম মাত্র ৪৩ বছর বয়সে বাকশক্তি হারান। কিন্তু তার কবিতা, গান আজও বেঁচে আছে। কারণ তিনি যা লিখেছেন, তা শুধু সাহিত্য না, জীবন দর্শন।

তিনি আমাদের শিখিয়েছেনÑ অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। বাঁচতে হলে লড়তে হবে।

তিনি শিখিয়েছেনÑ সব মানুষ সমান, এটাই সাম্য। 

তিনি শিখিয়েছেনÑ ধর্ম-বর্ণ ভুলে মানুষকে ভালোবাসতে হবে, এটাই সম্প্রীতি।

সাংবাদিক নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন একজন নির্ভীক সাংবাদিকও। ১৯২০ সালে কলকাতা থেকে প্রকাশিত ‘বাঙ্গালী’ পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতা জীবন শুরু। পরে তিনি ‘নবযুগ’, ‘লাঙ্গল’, ‘ধূমকেতু’ পত্রিকার সম্পাদনা করেন।

‘ধূমকেতু’ ছিল তার বিদ্রোহের মুখপাত্র। এখানে তিনি ব্রিটিশ শাসন, ধর্মান্ধতা ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আগুনের মতো লেখা লিখতেন। ১৯২ সালে ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা ছাপার অপরাধে ‘ধূমকেতু’ বাজেয়াপ্ত হয় এবং নজরুলের এক বছরের জেল হয়।

তার সাংবাদিকতার মূলমন্ত্র ছিল সত্য কথা বলা। তিনি কৃষক-শ্রমিকের দুঃখ, হিন্দু-মুসলিম দাঙ্গা, দেশের রাজনীতি সবকিছু নিয়ে কলম ধরেছেন। ‘লাঙ্গল’ পত্রিকার মাধ্যমে তিনি কৃষক আন্দোলনকে জাগিয়ে তুলেছিলেন।

নজরুলের সাংবাদিকতা ছিল শুধু খবর দেওয়া না, এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। তাই তাকে ‘বিদ্রোহী সাংবাদিক’ বলা হয়। তার কলমই ছিল তার সবচেয়ে বড় অস্ত্র।

নারী স্বাধীনতার কবি

কাজী নজরুল ইসলাম ছিলেন নারী মুক্তির অগ্রদূত। উনিশ শতকের গোঁড়া সমাজে দাঁড়িয়ে তিনি নারীকে ‘অবলা’ না বলে ‘শক্তির উৎস’ বলেছেন।

‘নারী’ কবিতায় তিনি লিখেছেনÑ

‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, 

অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’Ñ 

এই লাইন দিয়েই তিনি পুরুষতন্ত্রকে চ্যালেঞ্জ করেছেন।

তিনি নারী শিক্ষা, নারীর কাজ করার অধিকার আর পর্দা প্রথার বিরুদ্ধে কথা বলেছেন। তার গান-কবিতায় নারী প্রেমিকা, মা, যোদ্ধা সব রূপেই এসেছে। ‘শর্বরী’, ‘সাম্যবাদী’তে নারীকে মর্যাদার আসনে বসিয়েছেন।

নজরুল বিশ্বাস করতেন, নারীকে পিছিয়ে রেখে কোনো জাতি এগোতে পারে না। তাই তিনি নারীকে ঘর থেকে বের হয়ে সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন।

তার সময়ের জন্য এটা ছিল বিপ্লবী চিন্তা। নজরুল দেখিয়ে দিয়েছেন, নারীর স্বাধীনতা মানে দেশের স্বাধীনতা।

তাই নজরুল শুধু একজন কবির নাম না, বরং নজরুল একটা আদর্শের নাম। আজ সব অগণতান্ত্রিক ও অসাম্যের বিরুদ্ধে নজরুল একমাত্র সহায়। তার প্রতি শ্রদ্ধা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা