× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রচ্ছদ রচনা

‘ধুমকেতু’: একটি ঐতিহাসিক মামলার বয়ান

শাহ্ মোহাম্মদ মনিরুজ্জামান

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১২:২২ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৬ ১৪:২৭ পিএম

১৯২৯ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে কাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

১৯২৯ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে কাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

১৯২২ সালের ২৬ সেপ্টেম্বর কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ সাপ্তাহিক ধূমকেতুর দ্বাদশ সংখ্যায় তাঁর রচিত ৭৯ পঙ্‌ক্তির দীর্ঘ রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে এবং ২০ অক্টোবর পঞ্চদশ সংখ্যায় ১১ বছর বয়সী শ্রীলীলা মিত্রের লেখা বিদ্রোহীর কৈফিয়ৎ প্রকাশিত হয়। ব্রিটিশ সরকার ধূমকেতুর দুটি সংখ্যা বাজেয়াপ্ত করে এবং কবি নজরুল ও মুহাম্মদ আফজালুল হকের বিরুদ্ধে তৎকালীন ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০-এর ১২৪ক (রাষ্ট্রদ্রোহ) ও ১৫৩ক (সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টির অভিযোগ) ধারায় কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। এ মামলার জন্য তৎকালীন আইনে সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়েছিল, যা বর্তমানে আইনগতভাবে বহাল রয়েছে।

কবি নজরুলের সমকালে ব্রিটিশ রাজের শাসন থাকায় ব্রিটিশ ভারতে রাষ্ট্রপক্ষের ফৌজদারি মামলা সাধারণত ‘The Emperor Vs Accused’ নামে হতো। তবে কোনো কোনো মামলা ঘটনার নামে পরিচিতি পায়। যেমনÑ The Emperor Vs Aurobindo Gosh and others, যা ইতিহাসে Alipore Bomb Case নামেই বেশি পরিচিতি লাভ করেছিল। আরও একটি বিখ্যাত মামলা The Emperor Vs Khudiram Bose চেয়ে ক্ষুদিরামের মামলা নামে সমধিক পরিচিত ছিল। কবি নজরুলের মামলাটিও ‘ধূমকেতু মামলা’ বা ‘The Emperor Vs Kazi Nazrul Islam and Others’ নামে পরিচিতি পায়।

ধূমকেতু মামলায় ১৯২২ সালের ৮ নভেম্বরে আফজালুল হক ও ২৩ নভেম্বর কবি নজরুল গ্রেপ্তার হন। আফজালুল হক অব্যাহতি পেলেও কবি নজরুলের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়। ২৯ নভেম্বর শুনানি শুরু হয়ে ১৯২৩ সালের ১৬ জানুয়ারি চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ইংরেজ কবি সুইন হোর রায়ে কবি নজরুলকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি আপিল করেননি এবং তাঁর কারাজীবনের বিভিন্ন সময় প্রেসিডেন্সি, আলিপুর সেন্ট্রাল, হুগলি ও বহরমপুর জেলে অতিবাহিত হয়। ১৯২৩ সালের ১৫ ডিসেম্বর কাজী নজরুল কারাবিধি অনুযায়ী বহরমপুর জেল থেকে মুক্তি লাভ করেন। তিনি ১৯২২ সালের ২৩ নভেম্বর গ্রেপ্তারের দিন থেকে ১৯২৩ সালের ১৬ জানুয়ারি মামলার রায় ঘোষণার আগের দিন পর্যন্ত মোট ৫৪ দিন হাজতবন্দি ও ১৯২৩ সালের ১৬ জানুয়ারি থেকে ১৯২৩ সালের ১৫ ডিসেম্বর মুক্তির দিন পর্যন্ত মোট ৩২৩ দিন কয়েদি ছিলেন। মোট তিনি ৩৭৭ দিন কারান্তরীণ ছিলেন। 

কাজী নজরুল ইসলামের রাষ্ট্রদ্রোহ মামলা ও কারাবরণ তার জীবনের এটি সবচেয়ে উল্লেখযোগ্য ও তাৎপর্যময় ঘটনা। এর ঐতিহাসিক গুরুত্ব, তাৎপর্য ও প্রাসঙ্গিকতা এখনও বিরাজমান। ইংরেজ শাসনামল ছিল ভারতবাসীর শোষণ, নির্যাতন ও নিপীড়নের দুঃসময়। কবি নজরুলের সমকালে ব্রিটিশবিরোধী আন্দোলন তুঙ্গে ওঠে। এ সময়ের উল্লেখযোগ্য ঘটনা ছিল রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খিলাফত ও অসহযোগ আন্দোলন এবং চৌরিচৌরা ঘটনা; যা তৎকালীন উত্তাল রাজনৈতিক পরিস্থিতি কাজী নজরুল-মানসকে গভীরভাবে আলোড়িত করে। পরাধীন ভারতবর্ষের রাজনীতির এই টালমাটাল সময়ে তিনি সদ্য প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক জীবন থেকে দেশে ফিরে আসার পর সাংবাদিকতায় আত্মনিয়োগ করেন। বিদ্রোহ ও সংগ্রামী জীবন তাঁর ধমনিতে মিশে ছিল গভীর একাত্মতায়। জাতির প্রতি দায়বদ্ধতা থেকেই নিজের ইচ্ছানুযায়ী পত্রিকায় লেখালেখির সুযোগ তৈরি করার জন্য নিজ উদ্যোগে অর্ধ সাপ্তাহিক ‘ধূমকেতু’ পত্রিকা প্রকাশ করেন। 

কাজী নজরুল ইসলামের দেওয়া নাম ধূমকেতু পত্রিকা ১১ আগস্ট ১৯২২ প্রকাশিত হয়। তিনি সম্পাদক না লিখে ‘সারথি’ লিখতেন। বিপ্লব, কৃষক-মজদুর ও নিম্ন মধ্যবিত্তের জাগরণ এবং ব্রিটিশবিরোধী চেতনা ছিল পত্রিকাটির মূল লক্ষ্য। বিপ্লবীদের মধ্যে এ পত্রিকার প্রবল প্রভাব ছিল। এ পত্রিকা সম্বন্ধে ব্রিটিশ সরকারের গোয়েন্দা অভিমত ছিলÑ (Dhumketu) ‘Started from 11th August, 1922. Preaches emancipation from all restrains-Political, Social or religious, Independent in tone.’

কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত ‘ধূমকেতু মামলা’ বুঝতে হলে তার সম্পাদিত ‘ধূমকেতু’ পত্রিকাকে সর্বাগ্রে বুঝতে হবে। ধূমকেতুর গদ্য, বিশেষ করে সম্পাদকীয়র ভাষা ছিল তীব্র জ্বালাময়ী। ‘কালির বদলে রক্তে ডুবিয়ে লেখা’ হতো-এর সম্পাদকীয় প্রবন্ধগুলো। তার সম্পাদকীয়র অংশত একটি নমুনা :

‘... সর্বপ্রথম ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়। স্বরাজটরাজ মানি না। কেননা ও কথাটার মানে এক এক মহারথী এক এক রকম করে থাকেন। ভারতবর্ষের এক পরমাণু অংশও বিদেশির অধীনে থাকবে না। যারা এখন রাজা বা শাসক হয়ে এদেশে মোড়লি করে দেশকে শ্মশানভূমিতে পরিণত করছেন, তাদের পাততাড়ি গুটিয়ে, বোঁচকা-পুঁটলি বেঁধে সাগরপাড়ে পাড়ি দিতে হবে।’

 [উদ্ধৃতি : নজরুল রচনাবলি, অক্টোবর ২০১৮। দ্বিতীয় খণ্ড। রুদ্র-মঙ্গল। পৃ. ৪২৮]

তৎকালীন ব্রিটিশ আইনে স্বাধীনতার দাবি রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য হতো। নজরুলের ‘আনন্দময়ীর আগমনে’ কবিতায় রূপকের মাধ্যমে ব্রিটিশবিরোধী চেতনা, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং সমকালীন নেতাদের ভূমিকা ফুটে ওঠে। গান্ধী, অরবিন্দ, চিত্তরঞ্জন, সুরেন্দ্রনাথসহ বহু নেতার প্রতীকী উল্লেখ কবিতাটিকে রাজনৈতিক প্রতিবাদী চেতনা ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়ে তোলে। এ কবিতার প্রথম স্তবকেই কাজী নজরুল তীব্র শ্লেষ, তির্যক বিদ্রূপাত্মক ভঙ্গি ও জিজ্ঞাসু কণ্ঠে লেখেন :

আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল? 

স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি-চাঁড়াল।

দেব-শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি,

ভূ-ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী?

দেব-সেনা আজ টানছে ঘানি তেপান্তরের দ্বীপান্তরে,

রণাঙ্গনে নাম্বে কে আর তুই না এলে কৃপাণ ধরে?

বিষ্ণু নিজে বন্দী আজি ছয়-বছরী ফন্দি-কারায়,

চক্র তাঁহার চরকা বুঝি ভণ্ড-হাতে শক্তি হারায়। 

মহেশ্বর আজ সিন্দু-তীরে যোগাসনে মগ্ন ধ্যানে

অরবিন্দ-চিত্ত তাঁহার ফুটবে কখন কে সে জানে!

সদ্য অসুর-গ্রাসচ্যুত ব্রহ্মা চিত্তরঞ্জনে হায়

কমণ্ডলুর শান্তি-বারি সিঞ্চি যেন চাঁদ নদীয়ায়।

...

সুরেন্দ্র আজ মন্ত্রণা দেন দানব রাজার অত্যাচারে,

দম্ভ তাঁহার দম্ভোলি ভিম বিকিয়ে দিয়ে পাঁচ হাজারে।

রবির শিখা ছড়িয়ে পড়ে দিক হতে আজ দিগন্তরে,

সে কর শুধু পশল না মা অন্ধকারার বন্ধ ঘরে।

গগন-পথে রবি-রথের সাত সারথি হাঁকায়-ঘোড়া,

মর্ত্তে দানব মানব-পিঠে সওয়ার হয়ে মারছে কোঁড়া।

বারি-ইন্দ্র বরুণ আজি করুণ সুরে বংশী বাজায়,

বুড়িগঙ্গার পুলিন বুকে বাঁধছে ঘাঁটি দস্যু-রাজায়। ...

[উদ্ধৃতি : নজরুল রচনাবলি, বাংলা একাডেমি।। ফেব্রুয়ারি ২০১৮।। নবম খণ্ড। অগ্রন্থিত 

বিচারের সময় কাজী নজরুল একটি বিবৃতি দেন যা ‘রাজবন্দীর জবানবন্দী’ নামে খ্যাত। এ জবানবন্দিতে তিনি আত্মপক্ষ সমর্থন বলতে নিজের কৃতকর্মের দায়িত্ব অস্বীকার করেননি; বরং তিনি যা করেছেন ঠিকই করেছেন। বিচারক সুইনহো যে একজন কবি ছিলেন, সেটি কাজী নজরুল ইসলাম জানতেন। তাই জবানবন্দিতে কবি কাজী নজরুল লিখেছিলেন :

‘শুনেছি, আমার বিচারক একজন কবি। শুনে আনন্দিত হয়েছি। বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট। কিন্তু বেলা শেষের শেষ খেয়া এ প্রবীণ বিচারককে হাতছানি দিচ্ছে, আর রক্ত-ঊষার নবশঙ্খ আমার অনাগত বিপুলতাকে অভ্যর্থনা করছে; তাকে ডাকছে মরণ, আমায় ডাকছে জীবন; তাই আমাদের উভয়ের অস্ত তারা আর উদয় তারার মিলন হবে কি না, বলতে পারি না।

... আজ ভারত পরাধীন। তার অধিবাসীবৃন্দ দাস। এটা নির্জলা সত্য। কিন্তু দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ। এ তো ন্যায়ের শাসন হতে পারে না। এই যে জোর করে সত্যকে মিথ্যা, অন্যায়কে ন্যায়, দিনকে রাত বলানোÑ একি সত্য সহ্য করতে পারে? এ শাসন কি চিরস্থায়ী হতে পারে? এতদিন হয়েছিল, হয়তো সত্য উদাসীন ছিল বলে। কিন্তু আজ সত্য জেগেছে, তা চক্ষুষ্মান জাগ্রত-আত্মা মাত্রই বিশেষরূপে জানতে পেরেছে। এই অন্যায় শাসনক্লিষ্ট বন্দি সত্যের পীড়িত ক্রন্দন আমার কণ্ঠে ফুটে উঠেছিল বলেই কি আমি রাজদ্রোহী?

[উদ্ধৃতি : নজরুল রচনাবলি, বাংলা একাডেমি।। ফেব্রুয়ারি ২০২০।। প্রথম খণ্ড।।রাজবন্দী জবানবন্দী।। পৃ. ৪৩১]

তাঁর এই বিপ্লবী জবানবন্দি আদালতে গৃহীত হয়নি।

কারাজীবনেও কাজী নজরুল সাহিত্যচর্চা অব্যাহত রাখেন। ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা তাঁর দ্রোহী চেতনা ও ঔপনিবেশিকবিরোধী সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায়। অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে তাঁর প্রতিবাদের প্রেরণা আজও প্রাসঙ্গিক। তাই নজরুলের জীবন ও উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বুঝতে ধূমকেতু মামলা বিশেষ তাৎপর্যপূর্ণ।অটুট থাকবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা