ফেরদৌসী স্বাস্থ্য কর্মসূচি
মারিয়াম নুসরাত
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১১:০৮ এএম
তৃণমূলের ভরসাস্থল ফেরদৌসী স্বাস্থ্য কর্মসূচি
মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য এই সুস্থতা যেন এক অলীক স্বপ্ন। হঠাৎ আসা কোনো গুরুতর রোগ একটি নিম্নবিত্ত পরিবারকে মুহূর্তে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দেয়।
চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ভিটেমাটি বিক্রি, সুদের ঋণ কিংবা বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মৃত্যুরকোলে ঢলে পড়ার গল্প এ দেশের বাতাসে প্রতিনিয়ত ভেসে বেড়ায়। ঠিক এমন এক বাস্তবতায়, অবহেলিত মানুষের পাশে এক টুকরো আশার আলো হয়ে দাঁড়িয়েছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর ‘ফেরদৌসী স্বাস্থ্য কর্মসূচি’। এটি কেবল একটি চিকিৎসাসেবা প্রকল্প নয়; বরং এটি প্রত্যাশার এক মানবিক দলিল।
প্রাথমিক স্বাস্থ্যসেবা : তৃণমূলের ভরসাস্থল
ফেরদৌসী স্বাস্থ্য কর্মসূচি মূলত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত একটি অনন্য সমন্বিত প্রয়াস। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ৬০টি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে এই নীরব বিপ্লব পরিচালিত হচ্ছে। রাজশাহী জেলার পবা উপজেলায়, সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালীগঞ্জ উপজেলায়, কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায়, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়, নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়, বান্দরবান জেলার লামা উপজেলায়, খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলাসহ বেশ কয়েকটি জায়গায় এই স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। শহরের চকচকে হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে অনেক দূরে, যেখানে সাধারণ মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রায় আকাশকুসুম স্বপ্ন, সেখানে সিজেডএম প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করছে।
লালমনিরহাটের সুফিয়া বেগম এখান থেকে নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ করেন, তিনি বলেন, ‘আগে অসুস্থ হলে ডাক্তার দেখানো ও ওষুধ কেনার খরচ নিয়ে অনেক চিন্তায় পড়তে হতো। এখন আমাদের নিকটেই স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ পাই এবং প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে পাই। বিশেষ করে স্বাস্থ্য ক্যাম্প হওয়ায় প্রয়োজন হলে চিকিৎসকের কাছে যেতে পারছি। এই সেবার কারণে আমাদের মতো অসচ্ছল মানুষের অনেক উপকার হচ্ছে। চিকিৎসার খরচ নিয়ে যে দুশ্চিন্তা ছিল, সেটিও অনেক কমেছে।’
এই কর্মসূচির পরিধি অত্যন্ত বিস্তৃত ও গভীর। শুধু ব্যবস্থাপত্র দিয়েই চিকিৎসকের দায়িত্ব শেষ হয় না; রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হয়। এছাড়া মাতৃত্বের সুরক্ষা: গর্ভবতী ও প্রসূতি মা এবং নবজাতক শিশুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপের মাধ্যমে মা ও শিশুর জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
দীর্ঘমেয়াদি রোগীদের স্বস্তি : ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো ক্রনিক রোগে আক্রান্ত রোগীদের মাসিক ভিত্তিতে বিনামূল্যে নিয়মিত ওষুধ সরবরাহ করা হয়, যা তাদের বেঁচে থাকার লড়াইকে সহজ করে তোলে।
স্বাস্থ্য সচেতনতা : স্বাস্থ্য শিক্ষা সেশনের মাধ্যমে পরিবার ও সমাজে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো হয়। নিরাপদ পানি পান, স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার, বিভিন্ন রোগ ও সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক কুসংস্কার ও ভুল ধারণা দূর করতে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেওয়া হয়। ফলে মানুষ সুস্থ জীবনযাপনের জন্য সচেতন হয়ে উঠছে এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলছে।
কৈশোরের সচেতনতা : কিশোরী মেয়েদের পুষ্টি, মাসিক স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং নারীদের প্রজনন স্বাস্থ্যবিষয়ে সচেতনতামূলক সেশনের মাধ্যমে তৈরি করা হচ্ছে একটি সুস্থ প্রজন্ম।
জরুরি ও রেফারেল সেবা : হঠাৎ জরুরি স্বাস্থ্যসেবা প্রদান এবং প্রয়োজন অনুযায়ী জটিল রোগীদের বিশেষায়িত হাসপাতালে রেফারেল সেবা দেওয়ার মাধ্যমে এটি তৃণমূলের এক পরম বন্ধুতে পরিণত হয়েছে।
বিশেষায়িত চিকিৎসা : যেখানে মুছে যায় কান্নার দাগ ফেরদৌসী স্বাস্থ্য কর্মসূচির আসল সৌন্দর্য প্রকাশ পায় এর বিশেষায়িত চিকিৎসা সহায়তার ক্ষেত্রে। যখন একজন দরিদ্র মানুষের দেহে ক্যানসার, কিডনি বিকল বা হৃদরোগের মতো মরণব্যাধি বাসা বাঁধে, তখন তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়ার আগেই আর্থিকভাবে দেউলিয়া হয়ে যায়। সিজেডএম এই চরম দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায়।
কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিস সহায়তা, ক্যানসার রোগীদের কেমোথেরাপি, কিংবা অন্তঃসত্ত্বা মায়েদের জটিল সিজারিয়ান অপারেশনের খরচ বহন করে সিজেডএম প্রমাণ করেছেÑ অর্থের অভাবে কারও জীবন থমকে যেতে পারে না। এমনকি জটিল ও উন্নত চিকিৎসার জন্য দেশের বড় বড় বিশেষায়িত হাসপাতালে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে তারা অসহায় মানুষের জীবন প্রদীপকে টিকিয়ে রাখছে।
১০২টি শিশুর বুকে নতুন স্পন্দন : জন্মগত হৃদরোগের জয়। একটি পরিবারের জন্য সবচেয়ে বড় বুকভাঙা বেদনা হলো, যখন তারা জানতে পারে তাদের ছোট্ট সন্তানটি জন্মগত হৃদরোগে আক্রান্ত; তার ছোট্ট হার্টে ছিদ্র রয়েছে। সন্তানের প্রতিটি কষ্টের নিঃশ্বাস বাবা-মায়ের বুকে তীরের মতো বিঁধতে থাকে, অথচ লাখ টাকার অপারেশনের খরচ জোগানোর সামর্থ্য তাদের থাকে না।
ফেরদৌসী স্বাস্থ্য কর্মসূচির সবচেয়ে আবেগঘন এবং গৌরবোজ্জ্বল অধ্যায়টি হলোÑ এই নিষ্পাপ শিশুদের মুখে হাসি ফোটানো। জন্মগত হার্টের ছিদ্র বন্ধ করার জন্য অত্যন্ত ব্যয়বহুল ‘ডিভাইস ক্লোজার’ পদ্ধতি কিংবা ওপেন হার্ট সার্জারির ব্যবস্থা করে সিজেডএম। এ পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রত্যক্ষ সহায়তায় ১০২ জন জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুর সফল অপারেশন সম্পন্ন হয়েছে। শিশুর এই সুস্থতা মানে পরিবারে স্বস্তি ও হতাশা থেকে মুক্তি। দেশের বিভিন্ন স্বনামধন্য বিশেষায়িত হাসপাতালের দক্ষ চিকিৎসকদের ছোঁয়ায় এবং সিজেডএমের সহায়তায় এই শিশুরা ফিরে পাচ্ছে নতুন জীবন।
স্বাস্থ্যসেবা পাওয়ার উপায় : এই স্বাস্থ্য সহায়তা পাওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ ও নিখুঁত। প্রথমে রোগীকে আবেদন করতে হয়, যার সাথে যুক্ত থাকে প্রেসক্রিপশন ও মেডিকেল রিপোর্ট। এরপর সিজেডএম-এর টিম আবেদনপত্রটি যাচাই করেন। প্রয়োজনে সরেজমিন গিয়ে আবেদনকারীর আর্থিক ও সামাজিক অবস্থা তদন্ত করে নিশ্চিত করা হয়, তিনি আসলেই যাকাত পাওয়ার যোগ্য কিনা। সবশেষে, ‘যাকাত ডিসবার্সমেন্ট কমিটি’ রোগীর প্রয়োজন, চিকিৎসার জরুরি অবস্থা এবং তহবিলের প্রাপ্যতা বিবেচনা করে চূড়ান্ত অনুমোদন দেয়। এই সুচারু ও স্বচ্ছ প্রক্রিয়ার কারণেই প্রতিটি পয়সা সরাসরি পৌঁছায় প্রকৃত ভুক্তভোগীর কাছে।
সিজেডএমের স্বাস্থ্যসেবা কর্মসূচি প্রধান আরমান ইমতিয়াজ বলেন : “ফেরদৌসী স্বাস্থ্য কর্মসূচির মূল লক্ষ্য হলোÑ অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষের জন্য প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা তাদের নাগালের মধ্যে নিয়ে আসা। আমরা শুধু চিকিৎসা ও ওষুধ প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকছি না; গর্ভবতী ও প্রসূতি মায়েদের সেবা, কিশোরী ও নারীদের স্বাস্থ্য সচেতনতা, ক্রনিক রোগীদের নিয়মিত ওষুধ, জরুরি ও রেফারেল সেবাসহ প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত চিকিৎসার জন্যও সহায়তা প্রদান করছি। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলোÑ অর্থের অভাবে যেন কোনো মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন। একই সঙ্গে আমরা নিশ্চিত করতে চাই, যাকাতের অর্থ যথাযথ যাচাই ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতভাবে প্রয়োজন এমন মানুষের চিকিৎসাসেবায় ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে মানুষের প্রয়োজন ও সামর্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সেবার পরিধি আরও কার্যকর ও মানবিক করার চেষ্টা থাকবে’।
সিজেডএমের ফেরদৌসী স্বাস্থ্য কর্মসূচি কেবল একটি দাতব্য উদ্যোগ নয়, এটি সামাজিক সমতা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার এক নীরব আন্দোলন। যাকাতের মতো একটি ধর্মীয় বিধানকে আধুনিক, প্রাতিষ্ঠানিক ও বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করে কীভাবে একটি দেশের স্বাস্থ্যখাতে অবদান রাখা যায়, তা সিজেডএম দেখিয়ে দিয়েছে। ১০২টি শিশুর সচল হওয়া হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনে এবং সুস্থ হয়ে ওঠা মায়েদের হাসিতে আর স্বস্তি পাওয়া বাবাদের চোখে লেগে থাকে সিজেডএম-এর প্রতি গভীর কৃতজ্ঞতা। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো প্রাণ যেন অকালে ঝরে না যায়- এই মহৎ অঙ্গীকার নিয়ে ফেরদৌসী স্বাস্থ্য কর্মসূচি আগামী দিনে আরও হাজারো মানুষের জীবনে আশার আলো ফেরাবে নিশ্চয়ই। বস্তুত সিজেডএম-এর ফেরদৌসী স্বাস্থ্য কর্মসূচি প্রতিদিন নীরবে লিখে চলেছে মানবতার এক অনন্য গল্প।