লাবিবা ইরম
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৫:১৮ পিএম
টক্সিক পজিটিভিটি
রাইসার ভীষণ মন খারাপ। একটা চাকরির জন্য বেশ চেষ্টা করছিল, ফাইনালি এসে আর হলো না। মন খারাপ করে ফোনটা হাতে নিতেই চোখে আসল একটা পোস্ট, চাকরি হারিয়েছেন? সবকিছুর পেছনেই ভ্যালিড কারণ থাকে। পজেটিভ হন, জীবন হবে সহজ! সোশ্যাল মিডিয়া খুললেই এখন এমন অসংখ্য মোটিভেশনাল কথা, পোস্ট চোখে পড়ে। সকাল শুরু হচ্ছে পজেটিভ ভাইব দিয়ে, দিন শেষ হচ্ছে কৃতজ্ঞতার প্র্যাক্টিস দিয়ে। এর সঙ্গে আছে মোটিভেশনাল স্পিচ, সেলফ-কেয়ার, ইনস্পিরেশনাল রিলস আর নিজের জীবন বদলে ফেলুন এর মতো অসংখ্য পরামর্শ।
এগুলো অবশ্যই খারাপ কিছু নয়। বরং পজেটিভ থাকা, কনফিডেন্স থাকাÑ এগুলো আমাদেরকে কঠিন পরিস্থিতিগুলো ভালোভাবে সামলে উঠতে সাহায্য করে। কিন্তু সবসময় পজেটিভ থাকা আমাদের অজান্তেই আমাদের মনের ওপর একটা চাপ তৈরি করছে। যেটা আমরা বুঝতেই পারছি না।
এই যে সবসময় ভালো থাকতে হবে, সবকিছুর ভালো দিক দেখতে হবে, খারাপ লাগলেও মুখে হাসি রাখতে হবেÑ এই চাপকেই মনোবিজ্ঞানের জনপ্রিয় আলোচনায় বলা হয় টক্সিক পজিটিভিটি।
টক্সিক পজিটিভিটি কী
সহজ কথায়, টক্সিক পজিটিভিটি হলো- এমন এক ধরনের অতিরিক্ত ইতিবাচকতার চর্চা, যেখানে মানুষের স্বাভাবিক নেতিবাচক অনুভূতিগুলোকে স্বীকার করার বদলে সেগুলোকে জোর করে এড়িয়ে যেতে বলা হয়। অর্থাৎ দুঃখ পাবেন না, রাগ করবেন না, হতাশ হবেন না, ভয় পাবেন নাÑ সবসময় ইতিবাচক থাকুন।

শুনতে ভালো লাগলেও বিষয়টি আসলে এতটা সহজ নয়। কারণ দুঃখ, ভয়, রাগ, হতাশা, শোকÑ এসবও মানুষের স্বাভাবিক আবেগ। জীবনে খারাপ কিছু ঘটলে মন খারাপ হওয়া অস্বাভাবিক নয়। বরং পুরো জীবনটা আসলে পজেটিভ ও নেগেটিভ অনুভূতির ব্যালান্সিংয়ের ব্যাপার। মন খারাপ হওয়ার পরও যদি নিজেকে জোর করে বোঝাতে থাকি যে ‘আমার তো ভালো থাকার কথা’, তখন মূল সমস্যার সঙ্গে যোগ হয় আরেকটি সমস্যাÑ নিজের অনুভূতি নিয়েই অপরাধবোধ।
সব সময় পজিটিভ থাকার চাপটা কোথায়
ধরুন, পরীক্ষায় খারাপ করেছেন, তাই মন খারাপ। অথচ চারপাশ থেকে শুনছেন, পজেটিভ হও, সামনে আরও সুযোগ আছে। প্রিয় মানুষ হারিয়েছেন, কিন্তু বলা হচ্ছে, কাঁদবেন না, শক্ত থাকুন, নিশ্চয়ই এর পেছনে ভালো কোনো কারণ আছে। চাকরি হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া, আর্থিক সংকট, অসুস্থতা কিংবা ব্যক্তিগত ব্যর্থতার মতো বাস্তব সমস্যার ক্ষেত্রেও একই কথা, পজিটিভ থাকুন। কিন্তু সব সমস্যার সমাধান চিন্তাভাবনা বদলালেই হয় না। কখনও সময় লাগে, কখনও প্রয়োজন হয় বাস্তব পদক্ষেপের, আবার কখনও অন্যের সাহায্য বা পেশাদার সহায়তার। সবচেয়ে জরুরি, কষ্টকে স্বীকার করারও সুযোগ থাকা।
মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে এমন একটি প্রতিষ্ঠান হচ্ছে শোনো। কেন অতিরিক্ত ইতিবাচকতা অনেক সময় মন খারাপের বিষয় হয়ে ওঠে, সে সম্পর্কে জানতে চাইলে শোনো’র কো ফাউন্ডার ও সিইও ম্যারিলিন আহমেদ বলেন, অতিরিক্ত ইতিবাচকতা কখনও কখনও নিজের জন্য বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ অনেক সময় কষ্ট, রাগ, দুঃখগুলো অস্বীকার করে ফেলি। এ কারণে আমাদের সঠিক হিলিং হয় না। ফলে মনের ভেতরে থাকা চাপা ক্ষোভ, কষ্ট মনের মধ্যেই রয়ে যায়। টক্সিক পিজিটিভিটি থেকে নিজেকে বের করে আনতে চাইলে প্রতিটি মানুষকে বুঝতে হবে কোথায় থামতে হবে, নিজের কষ্ট চাপা দিয়ে না রেখে প্রকাশ করতে হবে।
সোশ্যাল মিডিয়া কেন বিষয়টাকে আরও বাড়িয়ে দিচ্ছে
সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা মানুষের পুরো জীবন দেখি না। দেখি তার বেছে নেওয়া কিছু মুহূর্ত। সফলতা, ভ্রমণ, নতুন চাকরি, সুন্দর পোশাক, নতুন বাড়ি, জিম রুটিন, সকালের নাশতাÑ সবকিছুই সেখানে বেশ গোছানো। তার সঙ্গে যখন মোটিভেশনাল স্পিচ যোগ হয়, তখন খুব সহজেই মনে হতে পারেÑ অন্য সবাই জীবনে এত পজেটিভ, শুধু আমিই বুঝি ঠিকভাবে এগোতে পারছি না। কেউ লিখছেÑ ভোর ৫টায় ওঠে আমার জীবন বদলে গেছে! কেউ বলছে, কথা না বলে কাজে নেমে পড়ুন! কেউ বলছে সেলফ কেয়ারই সব! আর আপনি হয়তো এমন একটা দিন পার করছেন, যেদিন বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছে না। ফলে মোটিভেশনাল কন্টেন্ট অনেক সময় মোটিভেশন দেওয়ার বদলে নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা করার কারণ হয়ে দাঁড়াতে পারে।
আমি ভালো নেই- এই কথাটারও তো জায়গা আছে
কেউ যখন বলে, আমি ভালো নেই, তখন আমরা অনেক সময় সঙ্গে সঙ্গে তাকে ভালো করার চেষ্টা করিÑ চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, শক্ত হও। অথচ সবসময় সমাধান দেওয়ার প্রয়োজন নেই। কখনও মানুষ শুধু চায়, কেউ তার কথাটা মন দিয়ে শুনুক। তোমার কষ্টটা বুঝতে পারছি, সময়টা কঠিন যাচ্ছেÑ এই কথাগুলো শুনতে হয়তো মোটিভেশনাল কথাগুলোর মতো খুব মিষ্টি না, কিন্তু অনেক বেশি সহানুভূতিশীল।

নিজের আবেগকে একটু জায়গা দিন
মন খারাপ হলে মন খারাপ করতে দিন, ভয় পেলে নিজেকে দুর্বল ভাববেন না। নিজের অনুভূতিকে অস্বীকার না করে আগে স্বীকার করুন, তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নিন। আবেগের মধ্যে ডুবে থাকা নয়, বরং আবেগকে বুঝে সামনে এগিয়ে যাওয়াটাই স্বাস্থ্যকর।
কীভাবে স্বাস্থ্যকরভাবে পজিটিভ থাকা যায়
সবসময় ভালো কিছু ঘটবেÑ এমন বিশ্বাস রাখার চেয়ে খারাপ কিছু ঘটলেও তা সামলানোর ক্ষমতার ওপর বিশ্বাস রাখা অনেক বেশি বাস্তবসম্মত। নিজেকে বলতে পারেন, আমি জানি সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু দেখি কী করা যায়। অথবা আমি এখন ভালো নেই, তবে এই অনুভূতিটা চিরকাল থাকবে না। আবার, আমি হয়তো এবার সফল হতে পারিনি, কিন্তু এই অভিজ্ঞতা থেকে কিছু শিখতে পারি।
এই ধরনের পজেটিভিটি বাস্তবতা থেকে পালানো না। বরং বাস্তবতাকে স্বীকার করেই সামনে এগোনোর চেষ্টা করা।
আর একটা বিষয় মনে রাখা দরকার- কোনো মোটিভেশনাল ভিডিও, ইন্সপিরেশনাল কথা কিংবা সোশ্যাল মিডিয়া পোস্ট মানসিক চিকিৎসার বিকল্প নয়। দীর্ঘদিন ধরে মন খারাপ থাকা, দৈনন্দিন কাজকর্মে সমস্যা হওয়া, অতিরিক্ত উদ্বেগ, ঘুম বা খাওয়ার বড় ধরনের পরিবর্তন কিংবা নিজের প্রতি ক্ষতিকর চিন্তা তৈরি হলে শুধু পজেটিভ থাকার চেষ্টা না করে প্রয়োজন অনুযায়ী পেশাদার সহায়তা নেওয়াই গুরুত্বপূর্ণ। কারণ মানসিক সুস্থতা মানে শুধু সারাক্ষণ হাসিখুশি থাকা নয়, বরং খারাপ-ভালো সবরকম অনুভূতিকে ব্যালেন্স করে চলতে পারাটাই আসল মানসিক সুস্থতা।
সব সময় পজিটিভ থাকার প্রয়োজন নেই
জীবনে যেমন আনন্দের দিন থাকবে, তেমনই থাকবে মন খারাপ, ভয়, হতাশা কিংবা কোনো কাজ করতে ইচ্ছা না করার দিন। এগুলো মানুষের জীবনের স্বাভাবিক অংশ। তাই মন খারাপ হলে নিজেকে জোর করে বলতে হবে না, আমাকে পজিটিভ থাকতে হবে। বরং নিজের অনুভূতিটাকে স্বীকার করুন। নিজেকে বলুন, হ্যাঁ, এখন আমার খারাপ লাগছে। এই অনুভূতিটা থাকার অধিকার আমার আছে। তবে এই অনুভূতির সঙ্গে কীভাবে ধীরে ধীরে এগিয়ে যাওয়া যায়, সেটাও আমি দেখব। কারণ জীবনের প্রতিটি দিন সুন্দর হবে, এমন নিশ্চয়তা নেই। কিন্তু খারাপ দিন এলেও নিজের অনুভূতিকে অস্বীকার না করে, প্রয়োজন হলে সাহায্য নিয়ে আবার ধীরে ধীরে ওঠে দাঁড়ানো যায়। সবসময় পজিটিভ থাকার চেয়ে নিজের ভালো-খারাপ সব অনুভূতিকে জায়গা দিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হয়তো বেশি স্বাস্থ্যকর। আর সেটাই হতে পারে বাস্তব পজিটিভ থাকা।
পজেটিভ থাকা নিঃসন্দেহে ভালো। কিন্তু সবসময় পজেটিভ থাকার চেষ্টা করতে গিয়ে যদি নিজের মন খারাপ, ভয়, রাগ কিংবা হতাশাকে অস্বীকার করতে হয়, তাহলে সেই পজেটিভিটিই একসময় মানসিক চাপ হয়ে দাঁড়াতে পারে। জীবন কখনও পুরোপুরি ভালো, আবার কখনও পুরোপুরি খারাপ নয়- বরং নানা রকম অনুভূতির মধ্য দিয়েই আমাদের প্রতিদিনের জীবন এগিয়ে চলে।
তাই মন খারাপ হলে নিজেকে জোর করে ভালো করার প্রয়োজন নেই। কষ্ট পেলে কষ্টটাকে স্বীকার করুন, প্রয়োজন হলে কাঁদুন, কারও সঙ্গে কথা বলুন। নিজের অনুভূতিকে জায়গা দেওয়া মানে নেতিবাচকতায় ডুবে থাকা নয়; বরং নিজেকে বুঝে আবার ধীরে ধীরে উঠে দাঁড়ানোর সুযোগ দেওয়া।
মোটিভেশনাল কথা শুনুন, অনুপ্রেরণা নিন, পজেটিভ থাকুন- তবে নিজের বাস্তব অনুভূতিগুলোকেও গুরুত্ব দিন। কারণ সবসময় হাসিখুশি থাকাই মানসিক সুস্থতা নয়। নিজের ভালো-মন্দ সব অনুভূতিকে গ্রহণ করে বাস্তবতার সঙ্গে এগিয়ে যেতে পারাটাই হয়তো সবচেয়ে স্বাস্থ্যকর পজেটিভিটি।