রওনক জাহান পুষ্প
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৪:৫৮ পিএম
অফিসে থাকুন পরিপাটি ও আত্মবিশ্বাসী
অফিসে আমাদের প্রতিদিনের অনেকটা সময় কাটে, ঘুম বাদ দিলে দিনের বেশিরভাগ সময়টাই। তাই অফিসে নিজেকে গুছিয়ে রাখার ব্যাপারটাও স্বাভাবিকভাবেই চলে আসে। শুধু দেখতে ভালো লাগার জন্য নয়, বরং মানসিকভাবে ভালো থাকা, কাজে মনোযোগ ধরে রাখা আর সহকর্মীদের সামনে আত্মবিশ্বাসী থাকার জন্যও নিজেকে পরিপাটি রাখা দরকার। আমাদের মনে হতে পারে, পরিপাটি থাকা মানে বিশাল খরচ করে সাজগোজ করা বা দামি ব্র্যান্ডের পোশাক পরা। কিন্তু বাস্তবে ব্যাপারটা একদমই আলাদা। মূলত কিছু ছোট, সহজ অভ্যাস করলেই প্রতিদিনের রুটিনে অল্প পরিশ্রমেই নিজেকে গুছিয়ে রাখা যায়। আজকের আলোচনা এমন কিছু স্টাইল আর টেকনিক নিয়ে- যা আপনাকে অফিসে সুন্দর, পরিপাটি ও আত্মবিশ্বাসী দেখাতে সাহায্য করবে।
সকালের অর্ধেক প্রস্তুতি রাতেই করে রাখুন
সকালের তাড়াহুড়োটা দিনের শুরুটাই এলোমেলো করে দিতে পারে। কী পরবেন, ব্যাগে কী নেবেন, নাশতা খাবেন কখনÑ এসব নিয়ে শেষ মুহূর্তে ছোটাছুটি করলে অফিসে পৌঁছানোর আগেই ক্লান্তি চলে আসে। তাই সম্ভব হলে আগের রাতেই পরদিনের পোশাক ঠিক করে রাখুন। ব্যাগ গুছিয়ে রাখুন, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিন, গ্যাজেট চার্জে দিন। এমনকি পরদিনের জরুরি কাজগুলোও ছোট্ট করে লিখে রাখতে পারেন। ফলে সকালে সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা কমবে। আর দিনের শুরুটা যত শান্ত হবে, নিজের ওপর নিয়ন্ত্রণও তত বেশি থাকবে।
পোশাকে থাকুক আরাম, সঙ্গে ব্যক্তিত্বও
অফিসের পোশাক মানেই যে একঘেয়ে হতে হবে, এমন কোনো কথা নেই। তবে স্টাইলের সঙ্গে আরাম আর পেশাদারিত্বের ভারসাম্যটা রাখা জরুরি। খুব টাইট বা খুব ঢিলেঢালা পোশাক সারাদিন অস্বস্তিতে রাখতে পারে। তাই নিজের গড়নের সঙ্গে মানানসই ও দীর্ঘসময় পরে স্বস্তি পাওয়া যাবে, এমন পোশাক বেছে নিন। অফিসের ড্রেস কোড থাকলে সেটাও মাথায় রাখুন। আর সাধারণ পোশাকেও নিজের ব্যক্তিত্ব যোগ করা যায়Ñ ছোট কিছু অ্যাকসেসরিজ দিয়ে। একটি ঘড়ি, ছোট কানের দুল, ব্রোচ কিংবা স্কার্ফÑ এমন সামান্য কিছুই পুরো লুকটাকে আলাদা করে দিতে পারে।
জুতার ক্ষেত্রেও একই কথা। দেখতে সুন্দর হলেই হবে না, আরামদায়ক ও পরিষ্কারও হতে হবে। কারণ সারাদিনের অস্বস্তিকর জুতা আত্মবিশ্বাসের চেয়ে বিরক্তিই বাড়াবে। এই জিনিসগুলো আগে থেকেই গুছিয়ে রাখতে সপ্তাহের শুরুতেই কয়েকটি আউটফিট প্ল্যান করে রাখা যায়। তাহলে প্রতিদিন সকালে ‘আজ কী পরব?’এই চিরন্তন প্রশ্নের মুখোমুখি হতে হবে না।
ব্যাগটাও হতে হবে মানানসই
ব্যাগটাও কিন্তু অফিস লুকের একটা গুরুত্বপূর্ণ অংশ। এমন ব্যাগ বেছে নিন, যাতে প্রয়োজনীয় জিনিসগুলো সহজে গুছিয়ে রাখা যায় এবং সারাদিন বহন করতেও অস্বস্তি না লাগে। খুব বেশি ঝামেলাপূর্ণ না হয়ে নিজের পোশাক ও অফিসের পরিবেশের সঙ্গে মানানসই একটি সিম্পল, পরিপাটি ব্যাগই যথেষ্ট। আর ব্যাগের ভেতর অপ্রয়োজনীয় কাগজ, রসিদ বা জিনিস জমিয়ে না রেখে সপ্তাহে অন্তত একবার একটু গুছিয়ে নিলে প্রয়োজনের সময় সবকিছু হাতের কাছেই পাওয়া যাবে।
সাজগোজ কম, স্কিন কেয়ার বেশি
অফিসে সুন্দর দেখানোর জন্য খুব ভারী মেকআপের প্রয়োজন নেই। বরং সতেজ ও পরিচ্ছন্ন দেখানোই এখানে বেশি গুরুত্বপূর্ণ। নিয়মিত মুখ ধোয়া, পর্যাপ্ত পানি পান করা, ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করা, এই ছোট অভ্যাসগুলোই ত্বককে ভালো রাখতে সাহায্য করে। বিশেষ করে প্রতিদিন বাইরে যাতায়াত করতে হলে সানস্ক্রিনের বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। চুলও এমনভাবে গুছিয়ে রাখুন, যাতে কাজের মাঝখানে বারবার ঠিক করতে না হয়। আর মেকআপ করতে চাইলে সেটিও হালকা রাখা যায়। একটু কাজল, লিপবাম বা পছন্দের শেডের লিপস্টিকই যথেষ্ট। তবে ত্বক আর চুলের যত্ন শুধু বাইরের বিষয় নয়। পর্যাপ্ত ঘুম আর সুষম খাবারের প্রভাবও চেহারায় বেশ ভালোভাবেই পড়ে।
আত্মবিশ্বাসের সবচেয়ে বড় পরিচয় শরীরী ভাষা
আপনি কী পরেছেন, তার আগেই অনেক সময় মানুষ খেয়াল করে আপনি কীভাবে হাঁটছেন, বসছেন কিংবা কথা বলছেন। তাই হাঁটা ও বসার সময় যতটা সম্ভব সোজা থাকার চেষ্টা করুন। কারও সঙ্গে কথা বলার সময় চোখে চোখ রাখুন। খুব দ্রুত বা অস্পষ্টভাবে কথা না বলে ধীরস্থির ও পরিষ্কারভাবে নিজের কথা বলুন। আর হাসিমুখে থাকার ব্যাপারটাও ভুলে গেলে চলবে না। সবসময় হাসিখুশি থাকা সম্ভব নয়, কিন্তু অযথা গম্ভীর মুখ করে থাকারও প্রয়োজন নেই। স্বাভাবিক, বন্ধুসুলভ আচরণ সহকর্মীদের সঙ্গে যোগাযোগ অনেক সহজ করে দেয়। মিটিংয়েও শরীর গুটিয়ে না রেখে স্বাভাবিক ও খোলামেলা ভঙ্গিতে বসার চেষ্টা করুন। ছোট এই বিষয়গুলোই আপনার উপস্থিতিকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।
গোছানো ডেস্ক মন ভালো রাখে
নিজেকে গোছানো রাখার সঙ্গে নিজের কাজের জায়গাটাকেও একটু গুছিয়ে রাখা দরকার। কারণ ডেস্ক যত বেশি এলোমেলো হয়, প্রয়োজনীয় জিনিস খুঁজে বের করতে তত বেশি সময় যায়। আর অগোছাল পরিবেশ অনেক সময় মাথার ভেতরেও অস্থিরতা তৈরি করে। কলম, নোটবুক, চার্জার কিংবা প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলো নির্দিষ্ট জায়গায় রাখুন। কাজ শেষ হলে ডেস্কটাও একটু গুছিয়ে নিন। একইভাবে ইমেইল ইনবক্সও মাঝেমধ্যে পরিষ্কার করা দরকার। সপ্তাহে একদিন কিছু সময় নিয়ে ডেস্ক আর ইনবক্স গুছিয়ে নিলে জমে থাকা ছোটখাটো কাজের চাপ অনেকটাই কমে যায়।
কনফিডেন্স আসে প্রস্তুতি থেকে
শেষ পর্যন্ত সুন্দর পোশাক বা পরিপাটি চেহারা আপনাকে প্রথম দেখায় ভালো ইমপ্রেশন দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদি আত্মবিশ্বাস আসে নিজের কাজ সম্পর্কে জানার মধ্য দিয়ে। আপনি যে কাজটি করছেন, সেটি সম্পর্কে যত বেশি জানবেন, তত কম ভয় পাবেন। মিটিংয়ে প্রশ্ন এলে কিংবা হঠাৎ কোনো পরিস্থিতি তৈরি হলে প্রস্তুত থাকার আত্মবিশ্বাসটা তখন নিজে থেকেই চলে আসে।
তাই ছোট সাফল্যগুলোকে ছোট করে দেখবেন না। একটি কাজ সময়মতো শেষ করা, নতুন কিছু শেখা কিংবা কোনো কঠিন পরিস্থিতি সামলে ওঠা, সবই আত্মবিশ্বাস তৈরির অংশ।
আর সবচেয়ে জরুরি, নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করা। অফিসে কেউ হয়তো আপনার চেয়ে বেশি আত্মবিশ্বাসী, কেউ বেশি স্টাইলিশ, কেউ আবার দ্রুত কাজ করেন। তার মানে এই নয় যে, আপনাকে তার মতো হতে হবে। নিজের গতকালের অবস্থার সঙ্গে আজকের নিজেকে তুলনা করাই বরং বেশি গুরুত্বপূর্ণ।
ভুল হলে নিজেকে নিয়ে অতিরিক্ত কঠোর না হয়ে ভুলটা থেকে শেখার চেষ্টা করুন। কারণ আত্মবিশ্বাসী মানুষ মানেই যে কখনও ভুল করে না, তা নয়; বরং ভুলের পরও নিজেকে সামলে আবার এগিয়ে যেতে পারাটাই সফলতা।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- পরিপাটি থাকার অর্থ নিখুঁত হওয়া নয়। নিজের যত্ন নেওয়া, নিজের প্রতি সম্মান দেখানো এবং নিজের উপস্থিতি নিয়ে স্বস্তিতে থাকাই আসল।