× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোখে সানবার্ন

আফসানা মিমি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৪:৫৩ পিএম

চোখে সানবার্ন

চোখে সানবার্ন

গরমের দিনে বাইরে বের হলে ত্বকের যত্ন নিয়ে কমবেশি সবাই সচেতন থাকেন। সানস্ক্রিন, ছাতা, টুপি কিংবা ফুলহাতা পোশাকÑ রোদ থেকে ত্বককে বাঁচাতে এসবের ব্যবহার এখন বেশ পরিচিত। কিন্তু তীব্র রোদে বের হওয়ার সময় চোখের কথা কতজন মনে রাখেন? অথচ সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট (UV) রশ্মির ক্ষতিকর প্রভাব চোখেও পড়তে পারে।

দীর্ঘ সময় অতিরিক্ত ইউভি রশ্মির সংস্পর্শে এলে চোখের সামনের স্বচ্ছ অংশ কর্নিয়া এবং চোখের আবরণী কনজাংটিভায় সাময়িক প্রদাহ তৈরি হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে যথাক্রমে ফটোকেরাটাইটিস (Photokeratitis) ও ফটোকনজাংটিভাইটিস (Photoconjunctivitis) বলা হয়। সাধারণভাবে একে ‘চোখের সানবার্ন’ বলা যায়। WHO-এর তথ্য অনুযায়ী, অতিরিক্ত UV exposure-এর এমন তীব্র প্রভাব সাধারণত সাময়িক হলেও বেশ ব্যথাদায়ক হতে পারে। দীর্ঘমেয়াদে অতিরিক্ত UV exposure চোখে ছানি ও প্টেরিজিয়ামের মতো সমস্যার ঝুঁকিও বাড়াতে পারে।

চোখে সানবার্ন হয়েছে বুঝবেন কীভাবে

চোখে ইউভি -এর অতিরিক্ত প্রভাব পড়ার পর সঙ্গে সঙ্গে উপসর্গ দেখা যায় না। অনেক ক্ষেত্রে রোদ থেকে ঘরে ফেরার কয়েক ঘণ্টা পর অস্বস্তি শুরু হয়। বিশেষ করে দীর্ঘ সময় তীব্র রোদে থাকা, পানি বা বালুর মতো উজ্জ্বল পৃষ্ঠের কাছাকাছি থাকা এবং পর্যাপ্ত চোখের সুরক্ষা না নেওয়া হলে ঝুঁকি বাড়তে পারে।

চোখে কটকট বা জ্বালাপোড়া

চোখে যেন সূক্ষ্ম বালি বা ধুলা ঢুকে আছে- এমন অনুভূতি হতে পারে। চোখের পৃষ্ঠে অস্বস্তি, কটকট ভাব কিংবা জ্বালাপোড়া দেখা দিতে পারে। অনেকেই এটিকে সাধারণ ধুলোবালি বা ক্লান্তি মনে করে গুরুত্ব দেন না। কিন্তু তীব্র রোদে থাকার পর এমন অনুভূতি শুরু হলে UV exposure-এর বিষয়টিও মাথায় রাখা দরকার।

চোখ লাল হয়ে যাওয়া

চোখের সাদা অংশ হঠাৎ লাল বা রক্তাভ দেখাতে পারে। অতিরিক্ত ইউভি রশ্মির কারণে চোখের উপরিভাগে প্রদাহ হলে এমনটা হতে পারে। তবে চোখ লাল হওয়ার পেছনে অ্যালার্জি, শুষ্কতা, সংক্রমণসহ আরও অনেক কারণ থাকতে পারে। তাই শুধু লালভাব দেখেই সানবার্ন ধরে নেওয়া ঠিক নয়।

আলো সহ্য না হওয়া

রোদ থেকে ফেরার পর ঘরের স্বাভাবিক আলোও যদি অসহ্য মনে হয়, চোখ কুঁচকে রাখতে হয় বা বারবার চোখ বন্ধ করতে ইচ্ছা করে, সেটি ইউভিজনিত কর্নিয়ার প্রদাহের লক্ষণ হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অতিরিক্ত আলোর প্রতি এই সংবেদনশীলতাকে ফটোফোবিয়া বলা হয়।

অতিরিক্ত পানি পড়া

চোখের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে কোনো ধরনের জ্বালা বা ক্ষতি হলে চোখ থেকে পানি বের হতে পারে। তাই দীর্ঘক্ষণ রোদে থাকার পর যদি চোখ দিয়ে অস্বাভাবিকভাবে পানি পড়তে থাকে, বিশেষ করে এর সঙ্গে জ্বালা ও আলো সহ্য না হওয়ার সমস্যা থাকে, তাহলে চোখকে বিশ্রাম দেওয়া জরুরি।

চোখে কিছু আটকে থাকার মতো অনুভূতি

চোখে বাস্তবে কোনো ময়লা বা ধুলা না থাকলেও মনে হতে পারে ভেতরে কিছু একটা আটকে আছে। কর্নিয়ার উপরিভাগে ইউভি’র প্রভাবে ক্ষুদ্র ক্ষত বা প্রদাহ তৈরি হলে এমন অনুভূতি হতে পারে। এ অবস্থায় চোখ ঘষে আরাম পাওয়ার চেষ্টা করা উচিত নয়, কারণ ঘষাঘষি চোখের উপরিভাগের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।

চোখের পাতা ফুলে যাওয়া

অতিরিক্ত ইউভি এক্সপোজার এর পর চোখের চারপাশে বা চোখের পাতায় হালকা ফোলাভাবও দেখা দিতে পারে। এর সঙ্গে জ্বালাপোড়া, লালভাব ও আলোতে অস্বস্তি থাকতে পারে। তবে চোখের পাতা বেশি ফুলে গেলে বা ব্যথা বাড়লে অন্য কোনো সমস্যা আছে কি না, সেটিও চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করা প্রয়োজন।

দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া

কিছু ক্ষেত্রে চোখে ইউভি’র তীব্র প্রভাব পড়লে সাময়িকভাবে দৃষ্টি ঝাপসা লাগতে পারে। এটিকে অবহেলা করা ঠিক নয়। বিশেষ করে ঝাপসা দেখা যদি দীর্ঘস্থায়ী হয় অথবা বাড়তে থাকে কিংবা এক চোখে বেশি হয়, তাহলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

চোখ বন্ধ করে রাখতে ইচ্ছা করা

চোখে ব্যথা, জ্বালা ও আলোর প্রতি অতিসংবেদনশীলতার কারণে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিকভাবেই চোখ বন্ধ রাখতে চাইতে পারেন। তীব্র ক্ষেত্রে স্বাভাবিকভাবে চোখ খোলাও কষ্টকর হয়ে উঠতে পারে। WHO বলছে, ফটোকেরাটাইটিস ও ফটোকনজাংটিভাইটিস সাধারণত এক্সপোজারের কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ পেতে পারে এবং এগুলো বেশ যন্ত্রণাদায়ক হতে পারে।

শুধু তীব্র রোদেই কি চোখের ক্ষতি হয়

এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ ভুল ধারণা। আকাশ মেঘলা থাকলে ইউভি রশ্মি একেবারে থাকে নাÑ এমনটা নয়। মেঘ ও কুয়াশা কিছুটা ইউভি কমাতে পারে, কিন্তু সব ইউভি আটকে দিতে পারে না। WHO-এর তথ্য অনুযায়ী, পাতলা মেঘের মধ্য দিয়েও উল্লেখযোগ্য পরিমাণ ইউভি পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতে পারে। ফলে ঠান্ডা বা মেঘলা দিন মানেই চোখের জন্য ইউভি এক্সপোজার-এর ঝুঁকি নেইÑ এ ধারণা ঠিক নয়।

এ ছাড়া পানি, বালি ও অন্যান্য উজ্জ্বল পৃষ্ঠ থেকে ইউভি রশ্মি প্রতিফলিত হতে পারে। অর্থাৎ শুধু আকাশের দিক থেকে আসা রশ্মিই চোখে পড়ে না; চারপাশের প্রতিফলিত আলোও চোখের এক্সপোজার বাড়াতে পারে। এ কারণেই সমুদ্রসৈকত, নদীর পাড়, খোলা মাঠ কিংবা দীর্ঘ সময় বাইরে কাজ করার সময় চোখের সুরক্ষায় বাড়তি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

চোখকে ইউভি রশ্মি থেকে কীভাবে বাঁচাবেন

চোখের সুরক্ষায় সবচেয়ে সহজ এবং কার্যকর পদক্ষেপ হলো ইউভি প্রটেক্টিভ সানগ্লাস ব্যবহার করা। তবে শুধু কালো বা গাঢ় রঙের চশমা হলেই চোখ নিরাপদ থাকবেÑ এ ধারণা ভুল। চশমার লেন্সের রঙ বা দাম দেখে ইউভি প্রটেকশন বোঝা যায় না। WHO এমন সানগ্লাস ব্যবহারের পরামর্শ দেয়, যা ইউভি ‘এ’ ও ইউভি ‘বি’ উভয় রশ্মি ৪০০ ন্যানোমিটার পর্যন্ত শোষণ করতে পারে; বাজারে এগুলো সাধারণত ‘UV400’ হিসেবে চিহ্নিত থাকে।

চশমা কেনার সময় শুধু ফ্যাশন বা লেন্সের রঙ নয়, UV protection-এর মান যাচাই করা উচিত। সম্ভব হলে এমন ফ্রেম বেছে নেওয়া ভালো, যা চোখের চারপাশ ভালোভাবে ঢেকে রাখে। Wraparound ধরনের সানগ্লাস পাশ দিয়ে আসা ইউভি রশ্মির এক্সপোজার কমাতে সাহায্য করতে পারে।

এর পাশাপাশি বাইরে বের হলে চওড়া কিনারার টুপি ব্যবহার করা যেতে পারে। ছাতা বা ছায়াও সহায়ক, যদিও এগুলো সম্পূর্ণ ইউভি প্রটেকশন দেয় না। WHO-এর পরামর্শ অনুযায়ী, ইউভি ইনদেক্স ৩ বা তার বেশি হলে সূর্য থেকে সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা