হোসেন শরীফ
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১২:১০ পিএম
দালাতকে বলা হয় চিরবসন্তের শহর ছবি: লেখক
দালাতকে বলা হয় চিরবসন্তের শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরশ মিটার উচ্চতায় শহরটির অবস্থান। ফরাসি ঔপনিবেশিক শাসনামলে এটিকে তারা লিটল প্যারিসের মতো গড়ে তুলেছিলেন। ভিলা, ক্যাথেড্রাল, বেকারি, কফিশপ রাস্তার দুই পাশে। রেলস্টেশন, হ্রদ ও ফুলের বাগান। আর ঢেউ খেলানো সবুজ পাহাড়
একটা লেকের ধারে ঘাসের ওপর শুয়ে ছিলাম আমি। নরম ঘাস। কার্পেটের মতো মোলায়েম। সবুজ ঘাসের ফাঁকে উঁকি দিচ্ছে হলুদ, সাদা ফুল। সিঙ্গাপুরিয়ান ডেইজি। আমার পা লেকের দিকে। ঢালুতে। মাথা তুলনামূলক ওপরের দিকে। বেশ আরাম লাগছে এখন। পিঠের নিচে নরম ঘাস তোশকের মতো পুরু। লেকের ওপারে একটা বনের ছায়া। গাছগুলোর কী নাম! এত লম্বা, এত সবুজ আর বড় বড় তার পাতা। যেন আকাশ আড়াল করে রেখেছে। দূরের পাহাড় শ্রেণি আমার দৃষ্টিসীমার মধ্যে।
-6a8be014d93e8.jpeg)
পাহাড়ের ওপরে কয়েক টুকরো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। সাদা সাদা মেঘ। কটন ক্যান্ডির মতো হালকা। পাহাড়ের ওপরে, আকাশের নিচে টারবাইন ধীরে ধীরে ঘুরছে। আমি মাথার নিচে দুহাত দিয়ে শুয়ে আছি। লেকের বাতাস আমার শরীর জুড়িয়ে দিচ্ছে। বাতাসে ঘাসফুলের সুবাস। চোখ বন্ধ করে ফেলতে ইচ্ছে করছে। পাশে ক্যামেরা, সান ক্যাপের ভেতর মোবাইল ফোন। জানি চুরি হওয়ার ভয় নেই। ধীরে ধীরে আমার চোখের পাতা ভারী হয়ে আসছে।
লেকের বাতাস, ফুলের সুবাস, বনের ওপর পাহাড়ের শ্রেণি, তার ওপর মেঘেদের ওড়াউড়ি। আমার তন্দ্রার মতো লাগছে। আরামে চোখ বুজে আসছে। কিন্তু আমি ঘুমিয়ে পড়তে চাই না। আমি কাত হয়ে শুলাম। হলুদ একটা ফুল আমার গালের কাছে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। আমি নরম ঘাসে হাত বুলিয়ে দিলাম।
দুই.
হোস্টেলের নাম টাইগন দালাত। দক্ষিণ ভিয়েতনামের দালাত শহর। পাহাড়ের ঢালে তিনতলা বাড়ি। ছাদে লাল ইটের টালি। সবুজের মাঝখানে লাল রঙের বাড়িটিকে চোখে লাগে। বিকালের পর শীত নামতে শুরু করেছে। আমি হোস্টেলের বারান্দায় লম্বা একটা বেঞ্চে বসে আছি। দৃষ্টি বাইরের দিকে। টারবাইন ঘুরছে। সাথে সাদা সাদা মেঘ উড়ছে বাতাসে। নিচে ঢেউ খেলানো সবুজ পাহাড়। বিকালের আলো পাহাড়ের ওপর সোনালি রঙ ছড়িয়ে দিয়েছে।
আমার পাশে একটি ফরাসি মেয়ে বসে আছে। টি-শার্টের ওপর সাদা সোয়েটার পরা। হাতে তার সিগারেট। বাম হাতে তার সোনালি রঙের ঘড়ি। সিগারেট ও পারফিউম মিলেমিশে সুন্দর একটা মিষ্টি সুগন্ধ তৈরি করেছে এক কোণে। মাথায় তার লম্বা চুল। কোঁকড়ানো। মেডুসার মতো চুলগুলো কিলবিল করে তার ফর্সা গলা ছুঁয়ে কাঁধ পর্যন্ত নেমে এসেছে।
-6a8be02360b03.jpeg)
আমাকে বলল, আমি আমার দাদির মতো দেখতে হয়েছি। জানো, ভিয়েতনামে এসে আমার ত্বক মরে যাচ্ছে। নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। ধরে দেখো। কারণ ভিয়েতনামের পানিতে মিনারেলস নেই।
সে প্যারিসে থাকে। প্যারিসের রাস্তার বর্ণনা, পাবলিক ট্রান্সপোর্ট, কত নাম্বার বাস কোন রুটে যায় আমাকে তারই বিস্তর বিবরণ দিচ্ছে এই মুহূর্তে। মনে হচ্ছে আগামী সপ্তাহে আমি প্যারিস যাচ্ছি। পরিচিত বন্ধু আমাকে ট্রাভেল আইটিনিয়ারি করে দিচ্ছে। আমার চোখে ভাসছে প্যারিস থেকে বহুদূরে কোনো আঙুরক্ষেত। তারই মাঝে ঢেউ খেলানো প্রাচীন পাথুরে রাস্তা। কল্পনায় আমি বহুবার এপথে সাইকেল চালিয়েছি। যেমনটা আমি A Good Year সিনেমাতে দেখেছি। Mid Night in Paris দেখে আমার শেষরাতে প্যারিসে বৃষ্টিতে ভেজার প্রবল ইচ্ছা হয়েছিল।
আমাদের সামনে সিঙ্গাপুরিয়ান একটা মেয়ে কাঠের টুল টেনে বসে পড়ল। এশিয়ান চেহারা। ছোট চোখ। হালকা চুল। সামনে তার একবোল মিক্সড ফ্রুট সালাদ। অ্যাভোকাডো, ড্রাগন, কলা, আপেল, ড্রেসিং দিয়ে মাখানো। সাথে কালো কালো ছোট সরিষার দানার মতো কিছু মেশানো। অল্প সময়ে আমাদের তিনজনের মধ্যে একটা উপশ্রেণি তৈরি হয়ে গেল। আমি আর সিঙ্গাপুরিয়ান মেয়েটি শ্রোতা আর ফরাসি মেয়েটি বলেই যাচ্ছে। পারদ আরও নিচে নামছে। এর মধ্যে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দিয়ে গেল কেউ। মৃদু গান বাজছে। পরিচিত সুর, অপরিচিত গান।
-6a8be04dbafb7.jpeg)
তিন.
আজ রাতে আমাদের ডিনার এখানে। লম্বা টেবিলের দুইপাশে ছোট ছোট বেঞ্চিতে আমরা বসলাম। প্রথমে খাবারের বাটি, ফর্ক, চপস্টিক দিয়ে গেল। ধীরে ধীরে খাবার আসতে লাগল। ভলান্টিয়ারদের কেউ একজন আমাকে কানে কানে জিজ্ঞেস করল, আমি ভিগান নাকি নন ভিগান? আমি বললাম, ওমনিভোরাস (সর্বভুক)।
আমার জায়গা হলো সর্বভুকের দলে। আমার সেই প্যারিসের বন্ধুটিকে তুলে নিয়ে ভিগানদের টেবিলে সেট করে দিল। সে নিরামিষভোজী। বেগুনভাজা, ডিমের পাতলা অমলেট, আলু-গাজর দিয়ে মুরগির তরকারি, টফু আর ভাত। বিভিন্ন লতাপাতা রোল করে একটা রোলের মতো করে বানিয়েছে। আমাদের ভেজিটেবল রোলের মতো। এটা দিয়েছে স্টার্টার হিসেবে। আমরা এটা দিয়ে খাবার শুরু করলাম। কিছুক্ষণ পরেই আমি আরেক বাটি ভাত চেয়ে নিলাম। কেউ খাচ্ছে ফর্ক দিয়ে, কেউ চপস্টিক দিয়ে।
সন্ধ্যার হালকা লালচে আলোয় আমি খেতে খেতে সবার চেহারা দেখছি। কত কত দেশের মানুষ। অন্য মহাদেশ থেকে এসেছে তারা। ইউরোপীয়, সাউথ আমেরিকান, জাপানি, চীনা, রাশিয়ান, আফ্রিকান ও এশিয়ান।
-6a8be068a54e2.jpeg)
চার.
পাহাড়ের ঢালুতে ল্যাভেন্ডার ক্ষেত। সারি সারি ফুলগাছ। মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা। পার্পেল রঙের ল্যাভেন্ডার ফুলে ভরে আছে উপত্যকা। বাতাসে দুলছে ল্যাভেন্ডার ফুল। কিছুটা সুবাস ছড়িয়ে আছে বাতাসে। আমি হেঁটে হেঁটে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে এলাম। কয়েকটি ফুলের শাখা আমার ট্রাউজারে এসে লুটিয়ে পড়ল।
আমার সামনে একটা লেক। লেকের পানি ফিরোজা রঙের। ওপাশে পাহাড়। দূরে সবুজ গাচ্ছে আচ্ছাদিত ফ্রেন্স টাউন। লেকের পানির সামনে একটা গাছের ছায়ায় আমি বসে পড়লাম। আমার মাথার ওপর দুলছে সবুজ রঙের অ্যাভোকাডো। ওপরে গনগনে নীল আকাশ। ল্যাভেন্ডার ক্ষেতের মাঝখান দিয়ে দুটি কিশোরী মেয়ে হেঁটে আসছে। মাথায় বেণি করা চুল। হাঁটার তালে তালে তাদের বেণি দুলছে।
দালাতকে বলা হয় চিরবসন্তের শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরশ মিটার উচ্চতায় শহরটির অবস্থান। ফরাসি ঔপনিবেশিক শাসনামলে এটিকে তারা লিটল প্যারিসের মতো গড়ে তুলেছিল। ভিলা, ক্যাথেড্রাল, বেকারি, কফিশপ রাস্তার দুইপাশে। রেলস্টেশন, হ্রদ ও ফুলের বাগান। আর ঢেউ খেলানো সবুজ পাহাড়। এই সব পাহাড়ের ভাঁজে ভাঁজে আছে কফি বিনের বাগান। অ্যাভোকাডো ফলের গাছ। স্ট্রবেরি ও সবজি চাষ। আরও আছে মধু চাষ। পাহাড়ে লুকিয়ে আছে বুনো সব ঝরনা। আজ আমি চলে যাচ্ছি। আমার গন্তব্য প্রায় চারশ কিলোমিটার দূরে সাইগন শহরে। ব্যাগ কাঁধে তুলে নিতে গিয়ে বেশ ভারী মনে হলো। দরজার হাতলটা শীতল। হোস্টেলে ম্যানেজার এসে হালকা করে জড়িয়ে ধরলেন। বললেন, আবার যদি দালাত আসো, এখানে আমাদেরকে দেখতে আসবে। আমার হাতে গুঁজে দিলেন একটা চিরকুট। পুরোটা কলমের কালিতে লেখা। চারপাশে আঁকা ডুডল। হোস্টেল ম্যানেজার দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। রাস্তার বাঁক ঘুরতে লাল টালির বাড়িটি চোখের আড়াল হয়ে গেল। সেই বন পেরিয়ে যাচ্ছি এখন। পায়ের তলায় কালো পিচের রাস্তা। তাতে পড়ে আছে অচেনা সেই ফুল।