শরতের নাসিরনগর
শাহরিয়ার কাসেম
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১১:৫৯ এএম
জলরাশির মাঝখানে দাঁড়িয়ে থাকা অশ্বত্থগাছটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা কোনো ছবি ছবি: লেখক
এখন শরৎকাল। বর্ষার পানি এখনও রয়েছে। বর্ষা এলেই আমাদের চেনা বাংলাদেশটা যেন একটু অন্যরকম হয়ে ওঠে। নীচু অঞ্চলগুলো পানিতে টইটম্বুর হয়ে যায়। মাঠের পর মাঠ ডুবে যায় জলের নিচে। গ্রামের চেনা মেঠোপথ হারিয়ে যায় পানিতে। যে পথ দিয়ে প্রতিদিন মানুষের হাঁটাচলা, কৃষকের গরু নিয়ে যাওয়া কিংবা বিকালে ছেলেদের ছুটে চলা- সেই পথটিই তখন হয়ে ওঠে ছোট্ট একটি জলপথ। কোথাও উঠান ছুঁয়ে পানি, কোথাও ঘরের দরজার কাছে থইথই জল। দূর থেকে তাকালে মনে হয়, মাটি আর জল যেন একাকার হয়ে গেছে।
-6a8bdc55a7911.jpeg)
আজ বলব ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কথা। নাসিরনগরকে ভাটি অঞ্চল বলা হয়। কারণ, উপজেলার বেশ কিছু ইউনিয়ন বর্ষার পানিতে চারদিক থেকে ঘেরা থাকে। বর্ষা যেমন মানুষের জীবনে কিছুটা দুর্ভোগ নিয়ে আসে, তেমনি এই বর্ষাই নাসিরনগরের প্রকৃতিকে সাজিয়ে তোলে এক অনন্য রূপে।
আকাশজুড়ে মেঘের আনাগোনা। কখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টি, কখনও মুষলধারে। বৃষ্টির ফোঁটা যখন টিনের চালে পড়ে, তখন তার একটানা শব্দে চারপাশের নীরবতা যেন আরও গভীর হয়ে ওঠে। পুকুরের জলে বৃষ্টির ফোঁটায় তৈরি হয় ছোট ছোট বৃত্ত। খালের পানি উপচে পড়ে, নদী ফুলে-ফেঁপে ওঠে। দূরের গাছগুলো বৃষ্টির পর্দার আড়ালে আবছা হয়ে থাকে। প্রকৃতির এই বদলে যাওয়া রূপে নাসিরনগর যেন হয়ে ওঠে এক জীবন্ত জলরঙের ছবি।
নাসিরনগর উপজেলা ডাকবাংলোটিও এ সময়ে এক ভিন্ন সৌন্দর্য ধারণ করে। ডাকবাংলোটির পাশেই নৌকাঘাট। এক পাশে বিশাল জলরাশি- চোখ মেললেই দিগন্তজুড়ে শুধু পানি আর পানি। বর্ষার এই অপরূপ দৃশ্য দেখতে অনেক দর্শনার্থী এখানে ছুটে আসেন। নৌকায় চড়ে ঘুরে বেড়ান বিস্তীর্ণ জলরাশির বুকে, উপভোগ করেন ভাটির দেশের অনন্য সৌন্দর্য।
-6a8bdc683d52f.jpeg)
তবে এ সময়ে নাসিরনগরের অন্যতম প্রধান আকর্ষণ দুল মন্দিরের অশ্বত্থগাছ। মন্দিরকে ঘিরে বছরের পর বছর ধরে টিকে থাকা এই গাছটি এখন বর্ষার সৌন্দর্যের সঙ্গে মিশে গেছে একাকার হয়ে। চারদিকে যখন থইথই পানি, তখন জলরাশির মাঝখানে দাঁড়িয়ে থাকা অশ্বত্থগাছটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা কোনো ছবি। দূর থেকে দেখলে মনে হয়Ñ বিস্তীর্ণ জলের বুক চিরে একাকী দাঁড়িয়ে আছে সবুজের এক প্রহরী।
দর্শনার্থীদের কাছে গাছটিকে কাছ থেকে দেখার আকর্ষণও কম নয়। চারপাশে যতদূর চোখ যায় শুধু পানি, আর সেই পানির মাঝখানে একটি বিশাল গাছ- দৃশ্যটি যে কাউকেই মুগ্ধ করবে। বর্ষার দিনে তাই নাসিরনগরের এই স্থানটি হয়ে ওঠে প্রকৃতিপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র।
আমার বাড়ি উপজেলার পাশের গ্রাম বুড়িশ্বরে হওয়ায় নাসিরনগরের এই জলময় সৌন্দর্য দেখার সুযোগ আমার প্রায়ই হয়। ডাকবাংলো থেকে ছোট ছোট নৌকা ভাড়া করে অনেকেই ঘুরে দেখেন বিস্তীর্ণ জলরাশি, হাওর আর সেই অশ্বত্থগাছ। নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, চারপাশের নীরব জলরাশি, দূরের সবুজ আর মাথার ওপর মেঘলা আকাশÑ সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম অনুভূতি।
-6a8bdc7eee46a.jpeg)
বিশেষ করে মেদেনী হাওরের বর্ষার সৌন্দর্য সত্যিই চোখ জুড়িয়ে দেওয়ার মতো। বর্ষায় নাসিরনগরকে তখন আর শুধু একটি উপজেলা মনে হয় না; মনে হয়, এ যেন জল, মেঘ, সবুজ আর নৌকার মিলনে আঁকা বাংলাদেশের এক জীবন্ত জলচিত্র।
বর্ষা আসে, আবার চলে যায়। পানি কমে যায়, হারিয়ে যাওয়া মেঠোপথগুলোও ধীরে ধীরে জেগে ওঠে। কিন্তু বর্ষা ও শরতের শুরুতে নাসিরনগরের যে রূপ চোখে পড়ে- দিগন্তজোড়া জলরাশি, নৌকার চলাচল, মেঘলা আকাশ, বৃষ্টির শব্দ আর জলের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই অশ্বত্থগাছ- সেই সৌন্দর্য মনের ভেতর অনেকদিন থেকে যায়।
যেভাবে যাবেন : ঢাকা থেকে রেলপথে বা বাসে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড। বিশ্বরোড থেকে সিএনজি দিয়ে নাসিরনগর।
বি: দ্র: একদিনেই ভ্রমণ করতে পারবেন। যাতায়াত ভালো। তবে রাত্রি যাপনের মতো ভালো আবাসিক হোটেল নেই।
ছবি: লেখক