শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।
এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘স্মরণে ও সৃজনে, শ্রদ্ধায় ও শিল্পে কাজী নজরুল ইসলাম’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির সহযোগিতায় অন্তর কথা সংস্কৃতি চর্চা ও বিকাশ কেন্দ্র এ আয়োজন করে।
তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীটি চলবে সোমবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারি-৭-এ প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনী অনুষ্ঠানের প্রথমদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আরিফুর রহমান, পিএইচডি, সাহিত্যিক ও গবেষক এবং অর্থ নিয়ন্ত্রক (সেনাবাহিনী), ঢাকা সেনানিবাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আলফ্রেড খোকন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কবি ও নজরুল গবেষক মজিদ মাহমুদ। সভাপতিত্ব করেন অন্তর কথা সংস্কৃতি চর্চা ও বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক, নির্মাতা ও অভিনেতা রহিম সুমন।
অন্তর কথা সংস্কৃতি চর্চা ও বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে অতিথিসহ চারজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, জাকারিয়া আল মামুন, আলোকচিত্র প্রদর্শনীর কিউরেটর, কবি ও লেখক শাহীন রেজা রাসেল এবং সহ-কিউরেটর ও অভিনেতা এরশাদ হাসান।
নজরুলকে নতুনভাবে পাঠ, উপলব্ধি এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আলোকচিত্র প্রদর্শনীতে নজরুলের জীবন, কর্ম, সময়, সংগ্রাম, শিল্প-সাহিত্য ও বহুমাত্রিক সৃষ্টিশীলতার বিভিন্ন দিক আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পাশাপাশি আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নজরুলের কবিতা, গান, নৃত্য ও মানবিক দর্শনকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী ঘোষিত নজরুল বর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠান শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, গবেষক, শিক্ষার্থী এবং সর্বস্তরের দর্শনার্থীদের জন্য একটি অর্থবহ সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।