প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৭:৩২ পিএম
'প্রাকৃত সমাজ' এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী ‘প্রাকৃত সমাজের আলাপ ও গান’ অনুষ্ঠিত
প্রাণ-প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা এবং প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের পথ অনুসন্ধানের প্রত্যয় নিয়ে ‘প্রাকৃত সমাজ’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী ‘প্রাকৃত সমাজের আলাপ ও গান’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাজধানীর পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আয়োজন চলে।
অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত রণজিৎ বাওয়ালীকে, যিনি একজন ‘প্রাকৃতজন’ হিসেবে বিশুদ্ধ প্রাণ-প্রকৃতি রক্ষায় আমৃত্যু লড়াই করে গেছেন।

দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা, সংগীত পরিবেশনা এবং ‘প্রাকৃত’ সাময়িকীর প্রথম সংখ্যার উন্মোচন। ‘প্রাকৃত সমাজের আলাপ’ পর্বে "ভূমির ব্যক্তিগত মালিকানা বহাল রেখে সকল প্রাণের সহাবস্থান কিভাবে সম্ভব?", সকল প্রাণের মমঙ্গলজনক চিকিৎসা পদ্ধতি ও ব্যবস্থা কি, শিক্ষা ব্যবস্থায় আত্মপ্রকৃতির সন্ধান এবং জাতীয় পর্যায়ে পরিবেশ, স্বাস্থ্য ও কৃষি সংকটের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন অধ্যাপক আনু মুহাম্মদ, খন্দকার নিয়াজ রহমান, পাভেল পার্থ, অধ্যাপক ডা. হারুন-অর-রশিদ, ডা. সুমন কে বিশ্বাস, ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান, ড. সামিনা লুৎফা, কৃষিবিদ মো. মাহমুদ হোসেন, ড. মোহাম্মদ নাজিমউদ্দিন, পাভেল পার্থ ও দেলোয়ার জাহান। বিভিন্ন পর্ব সঞ্চালনা করেন মুসা কলিম মুকুল, আয়ুর্বেদাচার্য দেবজ্যোতি দত্ত ও মো. ইফতেখার আলী।
এছাড়া ‘প্রাকৃত সমাজের গান’ পর্বে সংগীত পরিবেশন করেন অরূপ রাহী, মুসা কলিম মুকুল ও কুয়াশা মূর্খ।
প্রথম বর্ষপূর্তির এই আয়োজনের মধ্য দিয়ে প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও মানুষের পারস্পরিক সহাবস্থানকে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা করে মাঠ পর্যায়ে কাজ শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছে ‘প্রাকৃত সমাজ’।