রকিবুল হাসান
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৩:২৫ পিএম
টেলিগ্রাম বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পাওয়া মেসেজিং প্লাটফর্মগুলোর মধ্যে একটি। এর জনপ্রিয়তার মূল কারণ হলোÑ গোপনীয়তা, বড় সাইজের ফাইল শেয়ারিং এবং শক্তিশালী চ্যানেল-গ্রুপ সিস্টেম।টেলিগ্রামে প্রতারণা বাড়ার সবচেয়ে বড় কারণ হলো অ্যানোনিমিটিÑ অর্থাৎ যে কেউই চাইলে ভুয়া নাম, ছবি ও তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারে। কারণ তারা জানে, তারা আসল না ভুয়া তা যাচাই করার তেমন কোনো সুযোগ নেই। তাই ভুয়া তথ্য দিয়েই প্রতারণার কার্যক্রম পরিচালনা করতে পারে। ফলে এই পন্থাকে অবলম্বন করেই প্রতারণায় নেমেছে বেশ কয়েকটি চক্র। আর লোভে পড়ে সর্বহারা হচ্ছেন ভুক্তভোগীরা!
তাদের প্রতারণার কৌশলগুলো কেমন আর কীভাবেই ফাঁদে ফেলে?
বর্তমানে অধিকাংশ টেলিগ্রাম ব্যবহারকারী প্রতিনিয়ত বিভিন্ন অপরিচিত অ্যাকাউন্ট থেকে অনলাইন ইনভেস্টমেন্ট, অনলাইন জব, ক্রিপ্টো ইনভেস্টমেন্ট অথবা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আয়ের সুযোগ দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলছে।
এরা প্রথমে সুকৌশলে সামাজিক মাধ্যমে (ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি) ‘দ্রুত ইনকাম’, ‘নিরাপদ অনলাইন ইনভেস্টমেন্ট’, ‘রিমোট জব’, ‘প্রতিদিন আয় করুন’, ‘ঘরে বসে আয় করুন’ ইত্যাদি লোভনীয় বিজ্ঞাপন প্রচার করে।
আগ্রহী ব্যক্তিদের একটি টেলিগ্রাম গ্রুপ বা ওয়েবসাইটে যুক্ত করে সেখানে আকর্ষণীয় লভ্যাংশ (যেমন ২০%-৫০%) প্রদর্শন করে বিশ্বাস অর্জনের চেষ্টা করে। যেমন ধরুন ১ হাজার টাকা ইনভেস্ট করলেই পাবেন ২-৩ হাজার টাকা।
প্রাথমিক পর্যায়ে সংঘবদ্ধ প্রতারক চক্র ২-৩টি ছোট ইনভেস্টমেন্ট বা কাজের পেমেন্ট সময়মতো প্রদান করে ভিকটিমদের আস্থা অর্জন করে। পরবর্তীতে বড় অঙ্কের ইনভেস্টমেন্টের প্রস্তাব দেয় যেমনÑ ‘VIP মেম্বার হোন’, ‘বড় টাস্ক নিন’, ‘এককালীন ইনভেস্ট করুন’ ইত্যাদি। বড় অঙ্কের টাকা ইনভেস্ট করার পর প্রতারকরা গ্রুপ/ওয়েবসাইট বন্ধ করে, সদস্যদের ব্লক করে বা নকল সার্ভার প্রদর্শন করে টাকা আত্মসাৎ করে নেয়।
কিছু আলোচিত ঘটনা (বাংলাদেশ ও আন্তর্জাতিক)
ঘটনা-১
টেলিগ্রামে ইনভেস্ট করে ৫ কোটি টাকার প্রতারণার শিকার হয়ে ঢাকার পল্টন থানায় মামলা দায়ের করেছিলেন একজন ভুক্তভোগী। এই বিষয়ে CID (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) বাংলাদেশে একটি গ্যাংয়ের দুজন সদস্যকে গ্রেপ্তার করেছে। যারা টেলিগ্রামে ‘ফেক ফরেন ইনভেস্টমেন্ট প্লাটফর্ম’ নামে গ্রুপ চালিয়ে সফলতার মিথ্যে গল্প শুনিয়ে ইনভেস্ট করতে উদ্বুদ্ধ করত।
সিআইডির অনুসন্ধানে দেখা গেছে গ্যাংয়ের নেতা গাড়ি কিনে বিক্রি করত (পেপার লস দেখিয়ে), যাতে তারা সহজেই প্রতারণার অর্থ ক্যাশ আউট করতে পারে।
ঘটনা-২
পাবনায় পরিচালিত ‘মার্লিং এক্সপ্লোর প্রপার্টি কোম্পানি’ নামে একটি টেলিগ্রাম গ্রুপ অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যামের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছিলেন সিআইডি। পরবর্তীতে ঘটনার তদন্ত করে এক গ্রুপের প্রধান সন্দেহভাজন মোহাম্মদ মিনহাজুল ইসলাম নামক এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি।
সিআইডির ‘ঢাকা মেট্রো ইস্ট ইউনিট’ জানায়, গ্রুপটি ভুক্তভোগীদের উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে টেলিগ্রামে আকৃষ্ট করত। ভুক্তভোগীদের ‘এজেন্ট’ হিসেবে কিছু টাস্ক করতে বলা হতো এবং সেই টাস্ক করার নাম করে আগাম পেমেন্ট নেওয়া হতো। টাকা দেওয়ার পর প্রতারকরা হঠাৎই লাপাত্তা হয়ে যেত।
সিআইডির একজন কর্মকর্তা জানান, ‘আমরা শুধু গ্রেপ্তারদের ধরে আনছি না বরং এর পেছনে আর কারা আছে, প্রতারণার অর্থগুলো কোথায় যাচ্ছে, কীভাবে ফিরিয়ে আনা যায় সব বিষয় নিয়েই কাজ করছি।
এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো প্রতিহত করতে সরকারি আইন প্রয়োগকারী সংস্থাগুলো সতর্ক করেছেন যে, টেলিগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে পরিচালিত যেকোনো ইনভেস্টমেন্ট স্কিম যাচাই ছাড়া গ্রহণ করা উচিত নয়।
বিএসইসি এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাও জনগণকে অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যামের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।