× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এআই যেভাবে বদলে দিচ্ছে আমাদের অভ্যাস ও জীবন

সাদিয়া মোস্তফা

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৩:১৫ পিএম

এআই যেভাবে বদলে দিচ্ছে আমাদের অভ্যাস ও জীবন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবনযাত্রা, শিক্ষা, কর্মক্ষেত্র এবং চিন্তার ধরন দ্রুত বদলে দিচ্ছে। একসময় আমাদের তথ্য খুঁজতে বই, সংবাদপত্র বা বিভিন্ন ওয়েবসাইটে দীর্ঘ সময় ব্যয় করতে হতো। এখন কয়েকটি নির্দেশনা বা প্রম্পট দিলেই এআই মুহূর্তের মধ্যে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং উপস্থাপন করতে পারে। ফলে আমাদের কাজের গতি যেমন বেড়েছে, তেমনি বদলে গেছে শেখা, কাজ করা এবং সিদ্ধান্ত নেওয়ার অভ্যাসও। তবে প্রযুক্তির এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে ভবিষ্যতে অনেকেই কর্মক্ষেত্রে পিছিয়ে পড়তে পারেন।

এআই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে অত্যন্ত দক্ষ হলেও মানুষের মতো বিচার বিশ্লেষণ, সৃজনশীল চিন্তা কিংবা নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। তাই বর্তমান সময়ে শুধু তথ্য মুখস্থ করাই যথেষ্ট নয়, বরং তথ্যের সত্যতা যাচাই, সমালোচনামূলক চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একজন শিক্ষার্থী চ্যাটজিপিটির সাহায্যে প্রবন্ধ লিখতে পারেন, কিন্তু সেই লেখার তথ্য কতটা নির্ভুল, যুক্তি কতটা শক্তিশালী এবং আরও ভালোভাবে উপস্থাপন করা সম্ভব কি না, তা একমাত্র মানুষের পক্ষেই সম্ভব। এসব মূল্যায়নের ক্ষমতা মানুষকেই অর্জন করতে হবে। 

১. শিক্ষাব্যবস্থায় এআইয়ের প্রভাব 

শিক্ষাব্যবস্থায়ও এআই বড় পরিবর্তন আনছে। আগে শিক্ষকের প্রধান দায়িত্ব ছিল জ্ঞান প্রদান করা। এখন সেই দায়িত্বের পাশাপাশি শিক্ষার্থীদের ডিজিটাল সাক্ষরতা, প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং স্বাধীনভাবে চিন্তা করার দক্ষতা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষক ও শিক্ষার্থী একসঙ্গে নতুন প্রযুক্তি শিখে বাস্তব সমস্যার সমাধান খুঁজবেÑ এমন শিক্ষাব্যবস্থাই ভবিষ্যতের জন্য বেশি কার্যকর হবে। একই সঙ্গে দলগত কাজ, যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্বের মতো দক্ষতাগুলো গুরুত্ব আরও বৃদ্ধি পাবে, কারণ এগুলো এআই দিয়ে পুরোপুরি প্রতিস্থাপন করা সম্ভব নয়।

২. কর্মক্ষেত্রে এআইয়ের প্রভাব

কর্মক্ষেত্রেও এআই কাজের ধরন বদলে দিচ্ছে। প্রোগ্রামিং, তথ্য বিশ্লেষণ, রিপোর্ট তৈরি কিংবা সাধারণ কনটেন্ট লেখার মতো অনেক কাজ এআই দ্রুত সম্পন্ন করতে পারে। তবে এর অর্থ এই নয় যে, মানুষের প্রয়োজন শেষ হয়ে যাবে। বরং মানুষের ভূমিকা আরও কৌশলগত হবে। ভবিষ্যতের কর্মীদের শুধু প্রযুক্তি ব্যবহার জানলেই হবে না, সঙ্গে সিস্টেম ডিজাইন, জটিল সমস্যা সমাধান, প্রকল্প পরিচালনা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মতো দক্ষতাও অর্জন করতে হবে। অর্থাৎ কীভাবে কাজ করতে হবে, তার পাশাপাশি কেন এবং কোনো সমস্যার সমাধানে সেই কাজ প্রয়োজন, সেটিও বুঝতে হবে। 

৩. মানবিক দক্ষতার গুরুত্ব 

বিজ্ঞান বা প্রকৌশলের বাইরের বিষয়গুলোও এআই যুগে সমান গুরুত্বপূর্ণ। সমাজবিজ্ঞান, সাহিত্য, ব্যবসা প্রশাসন বা যোগাযোগ বিষয়ে পড়াশোনা করা মানুষ সমাজ, সংস্কৃতি, আবেগ এবং মানুষের আচরণ গভীরভাবে বিশ্লেষণ করতে পারেন। এআই কোনো এলাকার দারিদ্র্যের পরিসংখ্যান দিতে পারে, কিন্তু সেই সমস্যার সামাজিক ও মানবিক কারণ ব্যাখ্যা করতে পারে না। আবার একজন লেখক বা যোগাযোগ বিশেষজ্ঞ মানুষের অনুভূতিকে স্পর্শ করেÑ এমন বার্তা তৈরি করতে পারেন।

৪. ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা

এআই-নির্ভর ভবিষ্যতে সফল হতে হলে কিছু সাধারণ দক্ষতা সবার প্রয়োজন। এর মধ্যে রয়েছে সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা, আবেগীয় বুদ্ধিমত্তা, নৈতিকতা, যোগাযোগ দক্ষতা, ডিজিটাল ও এআই সাক্ষরতা, নেতৃত্ব, সহযোগিতা এবং পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা। পাশাপাশি কারিগরি ক্ষেত্রে উপাত্ত বিশ্লেষণ, সাইবার নিরাপত্তা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ক্লাউড কম্পিউটিং এবং সফটওয়্যার আর্কিটেকচারের মতো দক্ষতার চাহিদাও দ্রুত বাড়ছে। 

সব শেষে এআই আমাদের জীবনকে সহজ, দ্রুত এবং আরও দক্ষ করে তুলছে। তবে প্রযুক্তির ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে এটিকে সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে। যে মানুষ প্রযুক্তির সঙ্গে নিজের সৃজনশীলতা, মানবিকতা এবং বিশ্লেষণী চিন্তাশক্তির সমন্বয় ঘটাতে পারবেন, ভবিষ্যতের এআই-নির্ভর বিশ্বে তারাই সবচেয়ে সফল হবেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা