× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রচ্ছদ রচনা

প্রথম মহাজাগতিক ভোর

জাহাঙ্গীর সুর

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৪:৩২ পিএম

ছবি: ফিজিক্স ওয়ার্ল্ড

ছবি: ফিজিক্স ওয়ার্ল্ড

মানবসভ্যতার ঊষালগ্ন থেকেই মানুষ রাতের আকাশের দিকে তাকিয়ে বিস্ময়ে অভিভূত হয়েছে। নক্ষত্রখচিত এই বিশাল আঙিনা কেবল আমাদের সৌন্দর্যপিপাসাই মেটায়নি, বরং জন্ম দিয়েছে অস্তিত্বের গভীরতম জিজ্ঞাসাÑ কোথা থেকে এলো এই মহাবিশ্ব? কীভাবে জন্ম নিল আলো? আর এই আলোর পেছনে যে অনন্ত অন্ধকার বিস্তীর্ণ হয়ে আছে, তারই বা রহস্য কী? বিজ্ঞান ও দর্শন যুগ যুগ ধরে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছে। 

‘অন্ধকারের উৎস-হতে উৎসারিত আলো/সেই তো তোমার আলো!’ রবীন্দ্রনাথ ঠাকুর যখন ব্যাকুলতার এই পঙ্‌ক্তিটি উচ্চারণ করেছিলেন, তখন কি তিনি উপনিষদের ‘তমসো মা জ্যোতির্গময়’ দর্শনের কথাই ভাবছিলেন? শতবর্ষ পরে এসে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের দিকে তাকালে আজ মনে হয়, এই বাক্য কোনো আধ্যাত্মিক গীতি আলেখ্য নয়; বরং এ যেন মহাবিশ্বের জন্ম-ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক সত্য এক।

ঋগ্বেদের নাসদীয় সূক্তেও সৃষ্টির আদিম অবস্থার বর্ণনায় বলা হয়েছে যে, শুরুতে কেবল এক নিশ্ছিদ্র অন্ধকার দ্বারা আবৃত ছিল অতলান্ত অন্ধকার। আধুনিক মহাকাশ সৃষ্টিতত্ত্বও ঠিক একই কথা বলে। সৃষ্টির শুরুতে কোনো আলো ছিল না, কোনো কাঠামো ছিল না; ছিল কেবল এক পরম বিন্দু (সিঙ্গুলারিটি)। আজ থেকে প্রায় ১৩৮০ কোটি বছর আগে এক অকল্পনীয় মহাবিস্ফোরণের (বিগ ব্যাং) মাধ্যমে সেই বিন্দুর সম্প্রসারণ শুরু হয়। জন্ম নেয় স্থান ও কাল। 

বিজ্ঞানী স্টিভেন ওয়াইনবার্গ তার বিখ্যাত ধ্রুপদী বিজ্ঞানগ্রন্থ ‘দ্য ফার্স্ট থ্রি মিনিটস’Ñ এ মহাবিশ্বের জন্মের ঠিক পরের তিন মিনিটের যে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন, তা পড়লে গা শিউরে ওঠে। মহাবিস্ফোরণের ঠিক এক সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যে মহাবিশ্ব এক অভাবনীয় স্ফীতির মধ্য দিয়ে গিয়েছিল। সেই অতি-উত্তপ্ত, ঘন ও সংকুচিত অবস্থায় স্থান-কালের বুনন প্রসারিত হচ্ছিল আলোর চেয়েও দ্রুত গতিতে। তখন পদার্থবিজ্ঞানের চারটি মৌলিক বলÑ মহাকর্ষ, তড়িৎ-চুম্বকীয়, সবল ও দুর্বল নিউক্লিয় বলÑ একীভূত অবস্থা থেকে ধীরে ধীরে আলাদা হতে শুরু করে। 

মহাবিস্ফোরণের সেই আদিমতম মুহূর্তে চারপাশ আলোয় উদ্ভাসিত ছিল না; বরং তা ছিল প্রচণ্ড উত্তপ্ত, ঘন ও ঘোলাটে আলোর স্যুপ। এই অবস্থাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ওপেক’ বা অস্বচ্ছ অবস্থা, যেখানে দৃষ্টিসীমা ছিল একেবারেই শূন্য। ফোটন কণাগুলো (আলো) ইলেকট্রন পরিমণ্ডলের সাথে অবিরত সংঘর্ষে লিপ্ত থাকায় তারা সোজা পথে চলতে পারছিল না। সেখানে আলো ছিল, কিন্তু সেই আলোর কোনো মুক্তি ছিল না। কণা আর প্রতিকণার প্রবল ধাক্কাধাক্কিতে আলো তখন এক বন্দি সত্তা। মহাবিশ্বের বয়স যখন প্রায় ৩ লক্ষ ৮০ হাজার বছর হলো, তখন তাপমাত্রা কিছুটা কমল। ইলেকট্রন আর প্রোটন হাত ধরাধরি করে তৈরি করল প্রথম পরমাণু। মুক্ত ইলেকট্রনের বাধা সরে যাওয়ায় আলো প্রথমবারের মতো স্বাধীন হলো, যাকে আমরা বলি ‘মহাজাগতিক পট বিকিরণ’ বা সিএমবি। 

১৯৬৪ সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী আর্নো পেনজিয়াস ও রবার্ট উইলসন তাদের রেডিও অ্যান্টেনার মাধ্যমে এই সিএমবি আবিষ্কার করার পর বিশ্বতত্ত্বে এক নতুন যুগের সূচনা হয়। তারা প্রমাণ পেলেন, মহাবিশ্বের প্রতিটি কোণায় আজও সেই আদিম বিস্ফোরণের প্রথম আলোর রেশ ছড়িয়ে আছে। তবে এই আলো মুক্তির ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আদিম মহাবিশ্ব কিন্তু একদম নিস্তব্ধ ছিল না। ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী আমেদিও বালবি তার ‘দ্য মিউজিক অব দ্য বিগ ব্যাং’ গ্রন্থে এক চমৎকার সত্য উন্মোচন করেছেন। তিনি দেখিয়েছেন, সেই আদিম প্লাজমার ঘন অন্ধকারের ভেতর এক ধরনের মহাজাগতিক শব্দতরঙ্গ তৈরি হয়েছিল। আলো তখনও সোজা পথে চলতে পারছে না, কিন্তু কণাগুলোর ঘনত্বের তারতম্যের কারণে পুরো মহাবিশ্ব জুড়ে একটা বিশাল বাদ্যযন্ত্রের মতো সুর তৈরি হয়েছিল। বালবি একেই বলেছেন মহাবিশ্বের ‘প্রথম সুর’। 

বিজ্ঞানের পরিভাষায় এই আদিম শব্দতরঙ্গকে ব্যারিওন অ্যাকুস্টিক অসিলেশন বলা হয়। এখানে একটি অত্যন্ত গভীর দার্শনিক ও বৈজ্ঞানিক ঐক্য লুকিয়ে আছে। আমরা সাধারণ অর্থে নীরবতাকে কেবল শব্দের অনুপস্থিতি বা শূন্যতা হিসেবে ভাবি। কিন্তু যদি আমরা নীরবতার বিজ্ঞান নিয়ে গভীরভাবে চিন্তা করি, তবে দেখব এই নীরবতাও একপ্রকার শক্তিশালী, পরিমাপযোগ্য ও গতিশীল অবস্থা। মহাজাগতিক প্রেক্ষাপটে, আদিম মহাবিশ্বের সেই আপেক্ষিক নিস্তব্ধতা কোনো মৃত শূন্যতা ছিল না। বরং তা ছিল সৃষ্টির পূর্বমুহূর্তের এক প্রবল বিকাশমুখী নীরবতা, যার ভেতরে ক্রিয়াশীল ছিল মহাকর্ষ ও কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। এই নীরবতার ভেতরেই লুকিয়ে থাকা আদিম সুরের কম্পনই আসলে মহাবিশ্বের পর্দায় এমন কিছু ভাঁজ বা নকশা তৈরি করে দিয়েছিলÑ যা পরবর্তীকালে নক্ষত্র ও ছায়াপথ তৈরির বীজ হিসেবে কাজ করেছে।

কিন্তু এই আদিম সুর ও আলোর প্রথম মুক্তির পরেই মহাবিশ্ব এক অদ্ভুত, অতলান্তিক নিস্তব্ধতায় তলিয়ে গেল। জন্ম হলো মহাজাগতিক অন্ধকার যুগের। কোটি কোটি বছর ধরে মহাবিশ্বে কোনো নক্ষত্র ছিল না, কোনো ছায়াপথ ছিল না। ছিল কেবল এক আদিম, নিশ্ছিদ্র ও চিরন্তন অন্ধকার। এই অন্ধকারই ছিল মহাবিশ্বের আদিম রূপ। এক অনন্ত শূন্যতা ও হাহাকারের গর্ভগৃহ।

দুই. অন্ধকারের মনস্তত্ত্ব ও মহাকর্ষের টান

এই দীর্ঘ অন্ধকারের যুগে মহাবিশ্ব কিন্তু স্থবির ছিল না। সাইমন সিং তার ‘বিগ ব্যাং : দি অরিজিন অব দ্য ইউনিভার্স’ বইতে দেখিয়েছেন, কীভাবে এই দৃশ্যমান অন্ধকারের আড়ালে এক অদৃশ্য খেলা চলছিল। বালবি তার বইয়ে যে আদিম শব্দতরঙ্গের নকশার কথা বলেছিলেন, সেই নকশা অনুযায়ী হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের মেঘগুলো এবার মহাবিশ্ব জুড়ে বিন্যস্ত হতে শুরু করল। এর সাথে যুক্ত হলো গুপ্ত পদার্থ (ডার্ক ম্যাটার), যার রহস্য আজও বিজ্ঞানীরা পুরোপুরি ভেদ করতে পারেননি।

মহাজাগতিক অন্ধকার তার ডানা মেলে রেখেছিল কোটি কোটি আলোকবর্ষব্যাপী। কিন্তু এই অন্ধকারের ভেতরেই কাজ করছিল প্রকৃতির সবচেয়ে আদিম ও অমোঘ শক্তিÑ মহাকর্ষ। এই বলের টানে দূর-দূরান্তের হাইড্রোজেন গ্যাসের পরমাণুগুলো একে অপরের কাছে আসতে শুরু করল। তারা যেন এক অদৃশ্য ইশারায় অন্ধকারের বুক চিরে এক জোট হতে চাইল।

যত গ্যাসের কণা কাছে আসতে লাগল, তাদের ভেতরের পারস্পরিক সংঘর্ষ আর চাপ তত বাড়তে থাকল। যেখানেই গুপ্ত পদার্থের ঘনত্ব বেশি ছিল, সেখানেই হাইড্রোজেন গ্যাস জমে তৈরি হতে লাগল বিশাল বিশাল মহাজাগতিক মেঘ বা গ্যাসীয় পিন্ড। বিজ্ঞান যাকে বলছে মহাকর্ষীয় সংকোচন, আধ্যাত্মিক পরিভাষায় তা যেন এক পরম মিলনের আকুলতা। অন্ধকার নিজেই নিজের ভেতরে সংকুচিত হয়ে এক চরম বিস্ফোরণের দিকে এগিয়ে যাচ্ছিল।

তিন. প্রথম নক্ষত্র ও মহাজাগতিক ভোর 

বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক আমেরিকানে প্রকাশিত রিচার্ড লারসন ও ভলকার ব্রমের বিখ্যাত নিবন্ধ ‘দ্য ফার্স্ট স্টার্স ইন দ্য ইউনিভার্স’ আমাদের নিয়ে যায় সেই মাহেন্দ্রক্ষণে, যা ইতিহাসের প্রথম ভোর। গ্যাসের মেঘগুলো সংকুচিত হতে হতে যখন তাদের কেন্দ্রের তাপমাত্রা কোটি ডিগ্রিতে পৌঁছাল, তখন প্রকৃতির এক জাদুকরি ঘটনা ঘটল। শুরু হলোÑ নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। হালকা হাইড্রোজেন পরমাণুগুলো জোড়া লেগে তৈরি হতে লাগল ভারী হিলিয়াম, আর তার উপজাত হিসেবে মুক্ত হতে লাগল বিপুল পরিমাণ শক্তি।

ঠিক এই মুহূর্তেই কোটি কোটি বছরের নিশ্ছিদ্র অন্ধকার ভেদ করে জ্বলে উঠল মহাবিশ্বের ইতিহাসের একদম প্রথম নক্ষত্রটি। একে বিজ্ঞানীরা বলেন ‘পপুলেশন-৩’ নক্ষত্র। এই নক্ষত্রগুলোর জীবনকাল ছিল খুবই সংক্ষিপ্ত। মাত্র কয়েক মিলিয়ন বছরের মধ্যেই তারা তাদের ভেতরের পারমাণবিক জ্বালানি ফুরিয়ে ফেলে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে মৃত্যুবরণ করে। কিন্তু এই মৃত্যুই ছিল জীবনের বীজ। মহাবিস্ফোরণের সময় কেবল হাইড্রোজেন ও হিলিয়াম তৈরি হয়েছিল। কিন্তু এই প্রথম প্রজন্মের নক্ষত্রগুলো তাদের মৃত্যুকালীন বিস্ফোরণের সময় মহাকাশে ছড়িয়ে দিল কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন ও লোহার মতো ভারী মৌলিক পদার্থ। অর্থাৎ, আমাদের শরীরে যে কার্বন, আমাদের রক্তে যে লোহাÑ তার সবকিছুই জন্ম নিয়েছিল কোনো না কোনো আদিম তারার বুকের ভেতর। 

এই সব আদি নক্ষত্রের কাছে আমি-আপনি সবাই ঋণী; কারণ ওদের মৃত্যুর মধ্য দিয়েই জন্ম নিয়েছিল ভবিষ্যতের সূর্য ও প্রাণ সম্ভাবা এই শ্যামল পৃথিবী। আমরা নক্ষত্রের সন্তান। এই কথা বিধৃত আছে বাংলার বাউল সাধকদের বাণীতে, ‘যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে’।

‘পপুলেশন-৩’ গোত্রের নক্ষত্রগুলো আজকের সূর্যের মতো শান্ত বা ছোট ছিল না। এরা ছিল সূর্যের চেয়ে শয়ে শয়ে গুণ বড়, নীলচে আলো ছড়ানো এক একটি দানবীয় নক্ষত্র। তারা যখন একসাথে জ্বলে উঠতে শুরু করল, তখন কোটি কোটি আলোকবর্ষব্যাপী বিস্তৃত আদিম অন্ধকারের পর্দা কুঁচকে গিয়ে ছিঁড়ে পড়তে লাগল। জন্ম নিল প্রথম মহাজাগতিক ভোর। এ যেন এক অনন্ত রাত্রির পর মহাবিশ্বের প্রথম চোখ মেলা। অন্ধকার সাগর মন্থন করে উঠে আসা প্রথম আলোর লহরী। সেই আলোর প্রতি কৃতজ্ঞতা জানাতে রবীন্দ্রনাথের ভাষায় বলতে পারিÑ ‘আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে’। 

মহাবিশ্ব যেন সেদিন তার কোটি কোটি বছরের অন্ধকারের চোখ মেলে প্রথম আলোর স্পর্শ পেয়েছিল। সেই প্রথম আলোই কোটি কোটি আলোকবর্ষ দূরের মহাজাগতিক কুয়াশাকে তাড়িয়ে দিয়ে নক্ষত্র, ছায়াপথ ও আমাদের মতো গ্রহ ও জীবনের পথ সুগম করেছিল।

চার. অন্ধকারের শেষ কোথায় 

আজ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাশূন্যের গভীর থেকে গভীরতর অতীতে উঁকি দিয়ে সেই প্রথম মহাজাগতিক ভোরের আলো ধরার চেষ্টা করছে। বিজ্ঞানীরা যত পিছনের দিকে তাকাচ্ছেন, তত তারা বিস্মিত হচ্ছেনÑ এই ভেবে যে, অন্ধকারের শক্তি কত তীব্র ছিল এবং আলো কত অসম্ভবকে জয় করে জন্ম নিয়েছে।

স্টিভেন ওয়াইনবার্গ, সাইমন সিং বা আমেদিও বালবি আমাদের যে বিজ্ঞান-দর্শন উপহার দিয়েছেন, এতে অন্ধকার কোনো নেতিবাচক সত্তা নয়; অন্ধকার হলো আলোর গর্ভধারিণী মা, আর মহাবিস্ফোরণের সেই আদিম নিস্তব্ধতা হলো মহাজাগতিক সংগীতের আদি উৎস। মহাবিশ্বের ৯৫ শতাংশ আজও গুপ্ত পদার্থ ও গুপ্ত শক্তির (ডার্ক এনার্জি) অন্ধকারে ঢাকা, যাকে বিজ্ঞান এখন অব্দি ছুঁতে পারেনি। কিন্তু আমরা জানি, যেমনটা ১৩৮০ কোটি বছর আগে ঘটেছিল, আজও সেই অন্ধকারের উৎস হতেই উৎসারিত হচ্ছে নতুন নতুন আলো, নতুন নতুন সত্য।

বিশ্বতত্ত্বের এই মহাকাব্যে একটি বিষণ্ন অধ্যায়ও অপেক্ষমাণ। মহাবিশ্বের সম্প্রসারণ থেমে নেই, বরং গুপ্ত শক্তির প্রভাবে এই সম্প্রসারণের গতি ক্রমশ ত্বরান্বিত হচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, শত শত বিলিয়ন বছর পর মহাবিশ্ব হয়তো ‘তাপীয় মৃত্যু’ বা ‘মহাশীতলতা’র শিকার হবে। তখন নক্ষত্রগুলো নিভে যাবে এবং মহাবিশ্ব আবার তার আদিম, শীতল নীরবতায় ফিরে যাবে। কিন্তু সেই ভবিষ্যৎ কল্পনাতীত দূরের। 

মহাজাগতিক ভোর কোনো এককালীন ঘটনা নয়, তা মহাবিশ্বের বুকে প্রতিনিয়ত ঘটে চলা এক অনন্ত উৎসব। আর মানুষ তার সীমিত চেতনার আলো দিয়ে সেই অনন্ত অন্ধকারকে চেনার চেষ্টা করে যাচ্ছেÑ এটাই বিজ্ঞানের সবচেয়ে বড় সৌন্দর্য।

ফরাসি দার্শনিক ব্লেইজ প্যাসকেল বলেছিলেন, মহাবিশ্ব মানুষকে পিষে মারতে পারে, কিন্তু মানুষ তার চেয়েও মহান, কারণ সে জানে যে সে মারা যাচ্ছে, আর মহাবিশ্ব তার নিজের ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না। এই মহাবিশ্বের বুকে মানুষই সেই সচেতন সত্তা, যে তার মেধা ও মনন দিয়ে অন্ধকারের ইতিহাসকে পাঠ করতে পারে। মহাজাগতিক ভোরের সেই আদিম স্পন্দন আজও আমাদের ধমনীতে, আমাদের চেতনায় প্রবহমান। আর এভাবেই, কোটি কোটি বছরের নীরবতা ও অন্ধকারের বুক চিরে আলোর যে যাত্রা শুরু হয়েছিল, মানুষের জ্ঞান ও উপলব্ধির মাধ্যমে তা আজও অবিরাম চলছে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা