× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাহিত্য জার্নাল

ঈশ্বর হওয়ার আস্বাদ

ইমতিয়ার শামীম

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১২:৪৭ পিএম

অলংকরণ: তানভীর মালেক

অলংকরণ: তানভীর মালেক

এই যে লেখালেখি কিংবা বাদ যাক সে প্রসঙ্গÑ এই যে আমাদের এত সব বলাবলি, এত সব কানাকানি কথা দুজনের,Ñ এসবই যে আসলে কত কঠিন, সেটি অনুভব করা যায় আমাদের সেই লেখালেখি কিংবা বলাবলির ভাষা নিয়ে চিন্তা করতে গেলে। মানুষ কি ভাষা বানাতে পারে? ভাষা এই আমাদের, মানে মানুষেরই বানানোÑ এ কথার খানিকটা সত্য বটে, কিন্তু খানিকটা অসত্যও রয়েছে তাতে; রবীন্দ্রনাথ এ কথা জানিয়ে গেছেন ওই প্রশ্নের উত্তরে। সত্যও বটে আবার সত্যও নয়Ñ এই যে এই অবস্থান, সেটার পক্ষে তার যুক্তিও একটি আছে বটে। তিনি বলেছেন, ভাষা যদি একজন মানুষ কিংবা একটি দলের অবদান হতো, তাহলে সেটিকে বানানো বলা যেত; কিন্তু ভাষা তো কেবল একজন মানুষ কিংবা কয়েকজন মানুষের একটি দলের অবদান নয়। বরং ভাষা গড়ে উঠেছে একটি সমগ্র জাতের মনন থেকে, সার্বিক যাত্রার মধ্য দিয়ে। তাতে রয়েছে মিথস্ক্রিয়া, রয়েছে গ্রহণ আর বর্জন, রয়েছে পরিশীলন। ফলত তা একই সঙ্গে বানানো আবার মোটেও বানানো নয়। পাঠক হিসেবে আমরা যখন কোনো গল্পকে বানানো বলি, সেটির কারণ বোধকরি তাতে থাকে ‘জাতছুট’ হয়ে পড়ার যাবতীয় চিহ্ন; অন্যদিকে কোনো গল্প পুরো বুনোট বেঁধে গড়ে তোলার পরও যে বলি, এটা বাস্তবসম্মত, এটা যেন রূঢ় সত্য, এটা যেন জীবনের দর্পণ ইত্যাদি ইত্যাদি। সে রকম বলার কারণ তার অতলে কোথাও না কোথাও থাকে সমগ্রের অস্তিত্বের প্রবল স্বীকৃতি, কালের সত্তার ধারাবাহিকতার নীরব উপস্থিতি।

মানুষের বুদ্ধি সাধনার ভাষার, বিজ্ঞানচর্চার ভাষার বিকাশ শীর্ষে পৌঁছেছে বোধকরি দর্শনশাস্ত্রে আর হৃদয় সাধনার ভাষার বিকাশ ঘটেছে কথাসাহিত্য ও কবিতার মাধ্যমে; যা আবার চূড়ান্ত বিকশিত রূপ পেয়েছে কবিতাতেই। আমাদের কালে এসে বুদ্ধি সাধনার কিংবা বিজ্ঞানচর্চার লেখালেখির ভাষা আর লিখনশৈলী এত চিত্তাকর্ষক, আকর্ষণীয় আর আনন্দদায়ক হয়ে উঠেছে যে, আমাদের মতো অনেক পাঠকই নিজেদের ব্যবহারিক ও প্রাত্যহিক জীবনে প্রয়োজন না থাকলেও অহরহ দর্শন, বিজ্ঞান কিংবা ইতিহাসের বই পড়েন। যারা এসব বই লেখেন, তাদের বেশিরভাগও আবার এমন যে, তারা ওই শাস্ত্রের লেখক হয়ে উঠেছেন মুগ্ধ পাঠকের আবরণ ভেদ করে, আরও দশজন মানুষের রসাস্বাদনের জন্য সেই বিষয়গুলো উপস্থাপন করতে। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’ গল্পের ভিখু ও প্রাচীর মতো এই জগতের প্রতিটি মানুষই তাদের শরীরের মধ্যে মাতৃগর্ভ থেকে যে অন্ধকার সংগ্রহ করে লুকিয়ে রাখে, তা কেবল অবর্ণনীয় সহমর্মী এক আদলের সঙ্গে জীবনযাপনের দুর্বার টান নয়, প্রবল যৌনতৃষ্ণা নয় না; সংগৃহীত সেই অন্ধকারে আরও লুকিয়ে থাকে জানার, বোঝার অব্যক্ত, সতৃষ্ণ আকাঙ্ক্ষা, পৃথিবীর পথে হেঁটে হেঁটে চলার আনন্দ থেকে বিস্ময়ে প্রাণ জাগিয়ে তোলার আকাঙ্ক্ষা। তাই নিজের অজান্তেই প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে তার নিজস্ব জ্ঞানচর্চার রস পৌঁছে দেয় আশপাশের মানুষজনের কাছেÑ জ্ঞানচর্চার এও এক গভীর রহস্যময় অব্যক্ত পরিভ্রমণ। লেখার বিবিধ ক্ষেত্রের ক্রমপ্রসার ও ক্রমপ্রকাশ তাই থেকে একদিকে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে গভীর ও গূঢ়তর অলিখিত চিন্তার বিবর; অন্যদিকে প্রতিনিয়ত বিলয় ঘটছে নিজেরই কত-শত সংগ্রহ করে রাখা অনুভূতির।

এক দিন এ কারণেই খুব ভালো লেগেছিল প্রাবন্ধিক সাহিত্যিক ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই কথাটি, ‘কেন লিখি’Ñ এমন প্রসঙ্গে যা লিখেছিলেন তিনি। লিখেছিলেন, এ প্রশ্নের উত্তর কখনও অনেস্ট হতে পারে না। নিজের মতো করে এর একটি ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। তবে প্রশ্নের ওই উত্তর যত অকপট মনে হয়েছিল, যত সরল লেগেছিল, উত্তরের ব্যাখ্যাটিকে আবার মনে হয়েছিল সে তুলনায় ভালোই জটিল। অবশ্য এমন জটিল নয় যে, থেমে যেতে হবে, হোঁচট খেতে হবে। অকপট সত্য কথাটিকে শিল্পের স্ফুরণে বাঁধতে গেলে কখনও কখনও ভাবনার অথৈ সমুদ্র চোখের সামনে চলে আসে, যেদিকে তখন কেবল ইচ্ছা করে তাকিয়ে থাকার অথবা পায়ে চলার বন্ধুর, কিন্তু মগ্ন কোনো পথ সামনে চলে আসে, যে পথে হেঁটে হেঁটে এগিয়ে যাওয়ার ইচ্ছাটাই প্রবল হয়ে জেগে ওঠে। গন্তব্য কিংবা পথের শেষ নেই, জানার পরও শেষ কোথায়, তা জানার অনুরণন থেকে। ব্যাখ্যাটিকে মনে হয় ঠিক তেমন। এমন প্রশ্নটির উত্তর কেন সৎ হতে পারে না, সেটির সন্ধান করতে করতে তিনি চলে যান সাহিত্যের স্কুলিংয়ের প্রসঙ্গেÑ যার সম্পর্কে তিনি জানতে পেরেছিলেন বইয়ের পাতা থেকে। এসব স্কুলিংয়ের পাঠ সমালোচকদের হয়তো আনন্দ দেয়, কাঠামোবদ্ধ চিন্তকদের হয়তো অনেক চিন্তার খোরাক জোগায়, কিন্তু আপনাআপনিই হয়ে ওঠা পাঠকদের কতখানি আনন্দ দেয়, তা আমার মনে হয় বলা মুশকিল।

এইখানে ফুটনোট হিসেবে হলেও একটা কথা বলে রাখা ভালো। আমার মতো অনেকেই সাহিত্য-সংস্কৃতির সংস্পর্শে এসেছেন কোনো স্কুলিং ছাড়াই। আমাদের সাহিত্যপাঠের অভিজ্ঞতার সঙ্গে, লেখালেখি চর্চার প্রক্রিয়ার সঙ্গে তাদের অভিজ্ঞতার কোনো মিল নেইÑ যারা পড়াশোনা করেছেন ভালো কোনো স্কুলে, যেখানে ছিল বা আছে কোনো রিডিং ক্লাব, যেখানে পাঠচক্র হয় নিয়মিত, যেখানে বই নিজে থেকে বেছে নেওয়া যায় না, বই বেছে দেওয়া হয়। ধূর্জটিপ্রসাদ পড়তে গিয়ে তাই একটু থেমে যেতে হয়। এ রকম কি কোনোদিন শুনেছি? শুনেছি কি সাহিত্যের আছে তিনটি স্কুলÑ ক্লাসিসিজম, রোমান্টিসিজম আর রিয়ালিস্টিক স্কুল? অথচ ধূর্জটিপ্রসাদ কী স্বাচ্ছন্দ্যে বলে চলেনÑ ক্লাসিসিজম স্কুলের মানুষজন বলে, শৃঙ্খলার আবিষ্কারের কথা; রোমান্টিসিজম স্কুলের লেখকরা বলেন, প্রেরণা-ভাব ইত্যাদির কথা আর রিয়ালিস্টিক স্কুলের মানুষজন বলে, পর্যবেক্ষণ, দৃষ্টিভঙ্গি এসবের কথা। সমাজতন্ত্রী ঘরানার মানুষদের ঝোঁকওÑ ধূর্জটিপ্রসাদের মতে, এই রিয়ালিজমের দিকে। এইভাবে ‘কেন লিখি’Ñ প্রশ্নটি একদিকে তত্ত্বের মধ্যে, অন্যদিকে আবার ভঙ্গিমার মধ্যে হাবুডুবু খায়। রসিক ধূর্জটিপ্রসাদের মতে, দুটোর মাঝখান থেকে তখন নাকি ‘কেন, কেন কেন’ করে কেঁদে চলে ‘বঙ্কিমী সুরে’।

কেন লিখির মতোই বিচিত্র আরও এক প্রশ্ন, লেখকরা প্রায়ই যার মুখোমুখি হন; চৌকস প্রশ্নকর্তা থেকে শুরু করে অবুঝ সবুজ পাঠকটিও বারবার জানতে চান, ‘লেখার প্রেরণা পেলেন কেমন করে, কার কাছে থেকে?’ এই প্রশ্নও দেখতে খুব সরলসোজা, কিন্তু আসলে ভারী গোলমেলে। কারণ কোনো প্রেরণাই একজন মানুষকে শেষ পর্যন্ত লেখক করে তুলতে পারে নাÑ যদি না তিনি নিজে থেকে লিখে চলার মতো শূন্যতা, তৃষ্ণা ও তাড়না অনুভব না করেন। কেউ একজন ভালো বলায়, বাহবা দেওয়ায় আমি দিনকয়েক লিখতে পারি, না হয় ধরা যাক, এক বছরই লিখতে পারি; কিন্তু শেষ পর্যন্ত লেখাও ওই মাটি কাটার মতো একটা কাজ, কর্ষণ-বপনের মতো তীব্র আচ্ছন্নতায় মোড়ানো একটা কাজ। কাজটাকে আপনার নিজের প্রয়োজন, তাগিদ আর স্বাচ্ছন্দ্য থেকেই করতে হয়। বিষয়টিকে সহজেই অনুভব করা যায় কোনো শিশুর দিকে তাকালে। তার মধ্যে সকাল-বিকাল কত প্রতিভাই না আবিষ্কার করি আমরা, আর সেজন্য কতভাবেই না তাকে উৎসাহ দেই আমরা। কিন্তু বাস্তবতা হলো, সে নিজের মতো করেই বেড়ে ওঠে। কৃতজ্ঞতা প্রকাশের জন্য সে কারও নাম বলতেই পারে, আমরা নিজেরাও পুলকিত বোধ করতে পারি, এ কথা ভেবে যে তার পাশেই ছিলাম। কিন্তু বাস্তবতা হলো, সে তার রূপনারানের কূলে জেগে উঠেছে নিজের মনের অপার বিস্ময়ের তাড়নায়, অব্যক্ত যন্ত্রণার তাড়নায়। 

আপনি যদি কাছে থাকতেন, যদি দূরে না থাকতেন, তাহলে আমি লিখতাম নাÑ এ রকম বলেছিলেন অন্নদাশঙ্কর রায়। কে না জানে, কেউ না কেউ সব সময়ই দূরে থাকে। অথবা নাইবা থাকুক দূরে, কাছের মানুষটিকেও কি সব সময় কাছে পাওয়া যায়? অথচ মানুষ চায় নিজেকে ব্যক্ত করতে। সেই ব্যক্ত করার একটি উপায় লেখালেখি। রবীন্দ্রনাথকে অন্নদাশঙ্কর মনে করতেন প্রবল এক মুক্ত পুরুষ; কারণ আমৃত্যু তিনি নিজেকে ব্যক্ত করেছেন। তিনিও চেয়েছেন সেই রবীন্দ্রনাথের মতো ব্যক্ত হতে, মুক্ত হতে, তাই লিখেছেন নিজের মুক্তির জন্য। মানিক বলতেন, অভিমান করা লেখকের সাজে না। লেখকের অভিমান বড় বেশি হাস্যকর বিষয়। নিজের অভিজ্ঞতা বড় বেশি গুরুত্বপূর্ণ ছিল তার কাছে। গুরুত্বপূর্ণ ছিল সেই অভিজ্ঞতা অন্য সবার কাছেও তুলে ধরার। তিনি যা জেনেছেন, তা কি তার মতো করে আর কেউ জেনেছেন? জানতে পেরেছেন? কিন্তু সেই জানাটুকু কি অন্য সবাই পাবে না? সেই জানাটুকু সবার হয়ে উঠবে না? তিনি তাই তার সেই অভিজ্ঞতা, তার সেই জানা অন্য সবার করে তুলতে লিখেছেন আজীবন। সেইখানে অভিমানের কোনো ঠাঁই ছিল না।

তাহলে দেখা যাচ্ছে, ব্যক্ত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু একজন লেখক যা ব্যক্ত করেন, প্রথম দফায় তা আসলে ব্যক্ত করেন নিজের কাছে। প্রথম বোঝাপড়াটা হয় তার নিজের সঙ্গেÑ পাঠক সেখানে গুরুত্বপূর্ণ থাকেন না, পাঠক কোন ভাষায়, কোন কথা শুনতে চান, সেটিও তার কাছে গুরুত্বপূর্ণ থাকে না। কারণ নিজের সঙ্গে বোঝাপড়াটা যদি ঠিকমতো হয়, নিজেকে ছাড় না দিয়ে লেখক যদি পারেন অবগুণ্ঠন তুলে নিজেকে ব্যক্ত করতেÑ তাহলে অন্য যে কারও সঙ্গে বোঝাপড়ায় আর সমস্যা হয় না। অসুবিধা হয় না। পাঠকপ্রিয়তা না পেলেও লেখাটি নিয়ে লেখকের নিজের অনেক অতৃপ্তির পরও অন্তত এই পরিতৃপ্তিটুকু থাকে, তিনি যা লিখেছেন, নিজের অনুভূতির সঙ্গে বোঝাপড়া করেই লিখেছেন; লিখতে লিখতে তিনি ঈশ্বর হওয়ার আস্বাদ পেয়েছেন। হতে পারে সেই লেখা পূর্ণ থেকে পূর্ণতর হওয়ার ঘ্রাণে উন্মন, হতে পারে অপূর্ণ, হতে পারে বিকলাঙ্গ, হতে পারে মোহনীয় প্রতিভাদীপ্ত, হতে পারে প্রতিবন্ধীÑ কিন্তু তা তার আপন রক্তের, তার সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনের; যেমনই হোক না কেন, তা তাকে দিয়েছে সৃষ্টির অনাস্বাদিত আনন্দ।


৩ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা