× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজা হাসানের একগুচ্ছ কবিতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১২:৩৭ পিএম

গ্রাফিক্স: শাকিল

গ্রাফিক্স: শাকিল

লুপ্তভাষা

আমরা কোথায় কোথায় চলে যেতাম… মনে পড়ে!

গগনশিরিষের সঘন হাওয়ায়

আলাপচারিতায়Ñ

আমাদের শরীরে গজিয়ে উঠতো ডানা,

আমরা উড়ে যেতাম কতদূর…

দিগন্তের হাতছানিতে সাড়া দিয়ে 

আমরা যেন মার্ক শাগালের উড্ডীন চিত্রাবলী।

কোথায়ও পাথর ছড়ানো ছিল না।

পৃথিবীর প্রাচীন প্রবচনগুলোÑ

আমাদের গড়িয়ে দিতো মসৃণতার দিকে। 


যেটুকু নিজস্ব

কোথায় কোথায় ঘুরে এলে? শরীরে মুখে 

এখনও কিছুটা সবুজ লেগে আছে।

পাহাড় জঙ্গল একা হওয়ার অবকাশ দিয়েছিলো? 

জানি এই প্রশ্নের উত্তর পাবো না।

সবকিছু কেন কাহিনী হবে? বুঝি না।

ব্যক্তিগত অনন্তের মধ্যে ছায়া ও কুয়াশায়

নিমজ্জিত পরিত্যক্ত রেলস্টেশনের কথা,

কেন জানাতে হবে? যা নির্জনতার বন্ধ কৌটো।

আবছায়ায় কত প্রস্থান, জঙ্গলে ঢেকে যাওয়া, ভুলে যাওয়া

কুয়োর কথা মনে করিয়ে দেয়। যা এখন স্বচ্ছ নয়। 

নিবেদনের মলিনতা চাঁদের অবয়বে দূরে স্থাপিত,

শেষ হয়ে যাওয়া গানের আবহ শুধু তাকে স্পর্শ করতে পারে।

সংযোজনে খুঁজে পাই না সবুজ পাতার নিবিড়তা।

গল্পে যু্ক্তি-অর্থের গ্রন্থনা কীটদষ্ট।

বিড়বিড় করার মধ্যে দিয়ে যতোটুকু উন্মোচন…

এরবেশি কখনো কিছু বলেছি?


অনুপস্থিতি

বাড়িটি আর কোনোদিনই হেসে উঠবে না।

দমবন্ধ ঘোরের মধ্যে দাঁড়িয়ে থাকবে।

বাড়িটির ঘরে ঘরে এখন

মায়ের ফোঁপানির স্যাঁতসেঁতে অন্ধকার।

আয়নার বিচ্ছুরিত আলো ঘরগুলোতে আর ছড়িয়ে পড়বে না,

এ বাড়ির যে সামান্য কয়েকজন,

স্তব্ধতায় চুরমার হয়ে গেছে।

একজনের অনুপস্থিতি, একমাত্র একজনের, 

কী ভয়াবহ আশ্রয়হীনতায়, লেলিহান সর্বনাশ,

কীভাবে দগ্ধ সবুজতা, মায়া।

শোকের ভেতর ছায়ারা হাঁটাচলা করে।

এই সেই নৃশংস নিভৃতি,

যেখানে বাঘ আঁচড় কাটে।

মাসের হিসাবে ওলট-পালট,

বারবার বদলে যায়, মনে হয় ১৯ ডিসেম্বর।


উত্তরাধিকার

অকাল প্রয়াত কবি, তরুণ কবিদের জন্য

কিছু সাদা পৃষ্ঠা রেখে যায়।

যা দীর্ঘশ্বাসের অভিনিবেশ দাবি করে।

দ্বিধা-সংশয় কত সম্পর্ক মুছে দেয়।

অকাল প্রয়াত কবি সেখানেও দেখতে চায় একফোঁটা জল।

সন্দেহপ্রবণ সন্ধ্যাগুলো,

মেয়েদের নিচুস্বরে বলা কথাগুলো

প্রয়াত কবির কবিতার কাছে পৌঁছে দেয়।

যা এখন নিরর্থক ধ্বনিমাত্র।

স্পষ্ট কিছু বোঝা যায় না,

কূটভাসে ছেয়ে থাকে পরিপার্শ্ব।

অকাল প্রয়াত কবির বিহ্বলতা,

তরুণ কবির কবিতার খাতায় নিরন্তর কাটাকুটির সূচনা…



তাকে উৎসর্গ করে

তোমার রহস্য কুহক এখন আমার মুখস্থ হয়ে গেছে।

এইযে কথা বলতে বলতে হঠাৎ অন্যমনস্কতা,

এটা তোমার এক ধরনের প্রতিরোধ বর্ম।

তোমার উদ্বিগ্নতা, খেয়ালি খেলা, মিথ্যা কথনের পূর্ব-প্রস্তুতি।

তোমার কথার অলিগলি আমাকে অনেক রাত জেগে

চিনতে হয়েছে। স্বপ্ন সন্ধিপত্র ছিঁড়ে ফেলেছি।

একার রাত্রি ফিসফিস করে বলেছে,

‘তুমি কিন্তু ছায়ায় মিশে গেছো,

কুয়াশা অস্পষ্টতা তোমাকে কিছু বুঝতে দেয়নি।’

আমার যা কিছু দুর্বোধ্য কবিতার মধ্যে গোপন রেখেছি।

তোমার নেশা-চূর্ণে অন্ধ হলেও

আমি ইতোমধ্যে শিখে নিয়েছি ব্রেইল পাঠ পদ্ধতি।



সেই বাড়ি

এখনো যাই। ছায়ার নিচে পুরনো সেই বাড়ি,

শ্যাওলাঢাকা উঠোন সিঁড়ি,

ঝরাপাতার স্তূপে বেড়াল ঘুমিয়ে থাকে এককোণে।

একেই তবে নির্জনতা বলে?

অব্যক্ত যে, কী পরিচয়ে তাকে

ঘাসের পরিণয়ে যুক্ত করি?

চাঁদের প্রান্তে দূরদেশ থেকে

জ্যোৎস্নার চিহ্ন খুঁজে খুঁজে সে ফিরবে?

ছায়ার নিচে পুরনো সেই বাড়ি বিধুর 

এখনো ঝিম ধরে দাঁড়িয়ে…



অনুজের অনুপস্থিতি

একাকী অশ্রুপাতের জন্য নির্জন মেঠোপথ আর বিষাদ বিছানো 

থমথমে গোরস্তান। অনুজের কবরের ওপর ঝুঁকে থাকে

ডিসেম্বরের চিরন্তন কুয়াশা ও আবছায়। আর নিজেকে 

বলি ‘তোর সঙ্গে ঠিক দেখা হয়ে যাবে, তখন তোকে

স্তব্ধ থাকতে দেবো না।’ ভাইয়ের মৃত্যু মলিনতায়

কতজনের কত কথা ডালপালা মেলে দেয়।

আমার আচ্ছাদন কোথায়?

তাই এই মফস্বল সঙ্গ তোকে দিয়েছিলো দিগ-দিগন্ত।

এতসব ভ্রান্তির মধ্যেও তুই সবুজের বিবিধ কারুকাজ

জড়িয়ে রেখেছিলি অন্তহীন। অসুখেরকালে 

জলপট্টি হাতে তোর উপস্থিতিÑ আমরা ভুলে গেছি।




প্রেম, পরাগ ও কবিতার ত্বরিত প্রবাহ

শিবলী মোকতাদির


কবিতা লেখার কাজে যারা আত্মনিয়োগ করেন, তারা কবিতা না লিখে জানি থাকতে পারেন না। সকাল-দুপুর কবিতা বিষয়ক সংবেদনা তাদের তাড়িয়ে নিয়ে ফেরে। তবে বিশেষ দৃষ্টি বা মনোভাব তখনই সৃজনের স্তরে উন্নীত হতে পারে, যখন কবির দৃষ্টি তার জীবনানুভূতির সঙ্গে একাত্ম হয়ে যায়। তখন বিশেষ উদ্দেশ্যকে ভেদ করে, সেটি হয়ে যায় কবির অন্তর অস্তিত্ব। এই অস্তিত্বের সংকটকে যিনি তার লেখনী দিয়ে আভূমের আসনে দাঁড় করাতে পারেন তিনিই কবি।

যাপিত জীবনের শাশ্বত বাক্যগুলোই কবি রাজা হাসান তার কবিতায় ধারাবাহিকতার দৃষ্টান্তে আনতে চেয়েছেন। কাহিনীকে সঙ্গী করে, কবিতার ব্যাখ্যায় তিনি কখনও সন্ধ্যার বিষণ্ন কবরের মতো নিশ্চুপ। কখনও শৈশব আর সমুদ্রের স্মৃতির চাদরে ঢেকে রাখা জোনাকির আলোকরতন।

তার কবিতায় ঘুরেফিরেই এসেছে মায়া, অন্য অর্থে মতিভ্রম। নির্ভেজাল সত্যের সাদামাটা কাহিনীর পাশাপাশি তিনি আঁকতে চেয়েছেন সম্মিলিত পরাবাস্তবের দমবন্ধ করা নৈশ কোলাহল, যা একমুঠো কার্পাস তুলোর পাখি হয়ে তৃণের শয্যায় অপেক্ষা করে থাকে, দূরের বন্দরে নিত্য বালিকার নৈশভোজের আমন্ত্রণে। তার উচিত ও ন্যায়ের কথাকলির মাঝে মুহুর্মুহু মিশে যায় অরণ্যতারিত জিরাফ। অ্যামেচার চোখে মিশে যায় ঋতুর নগ্নতা নিয়ে শতাব্দীর সমুদ্রের সুবাতাস। যেখানে আলুথালু চুলের বিন্যাসে ফের এসে দাঁড়ায় কুহকের মতো প্রকৃতির রূপ ধরে প্রেয়সী। হয়তো ক্ষণস্থায়ী, তবুও তা অনির্বচনীয় উত্তেজনার তুঙ্গে তুলে রাখে। কবিতাকে করে, লোভনীয় টকের রসায়নে রসসিক্ত। জল আসা জিভের জৈব হন্তারক।

কবি রাজা হাসানকে বিস্তারিত পাঠ করতে পারলে ভালো হতো। সরবরাহকৃত কতিপয় কবিতা নিয়ে সিদ্ধান্তের শিয়রে যাওয়া দুষ্কর। তবু মনে হলো তার লেখনীতে ঝরার সম্ভাবনা আছে বিরামহীন অবিশ্রান্ত শ্রাবণ। যেখানে শুধুই দৃশ্যের পর দৃশ্য গ্রন্থিত হয়ে আছে। আছে অভিজ্ঞতার বিবৃতিÑ সে এক ভয়ানক, মানুষ আর মানষীর, ফুল ও ফলের, মেঘ হতে বাষ্পে, নক্ষত্রের সঙ্গে মিশে আছে মৃত্যুর করতালি।

তার কবিতায় আছে জন্ম-মৃত্যুর অবারিত আয়োজন, বৃষ্টি-বেদনার ফরিয়াদ, খনি ও খননের অসীম সম্ভাবনা। হয়তো আমরা পাইনি রকমারি দর্শনের মৈত্রেয় মিতালি। তবু নানা দিক হতে বিবিধ উৎসের আলোকসম্পাত করে, স্বপ্ন আর বাস্তবের যষ্টিমধুর সীমিত আস্বাদ দিয়েছেন তিনি আমাদের।

কবিতার নীতিবিদ্যার দৃষ্টিভঙ্গিকে যারা বড় করে দেখেন, কবিতার ভাষা, উপমা-চিত্রকল্প, বিষয় ইত্যাদির মধ্যে প্রচলিত শ্লীলতার অনুসন্ধান করেন তাদের উদ্দেশে রাজা হাসান ড্যাশ ড্যাশ দূরত্বে থেকে আপন সংস্কার বর্ণগন্ধে রক্ষণশীল ধনিকশ্রেণির শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে লিখছেন তার নিজস্ব কাহিনীধর্মী সহজাত কবিতা।

যেখানে রাগ, অভিমান প্রেমের সঙ্গে ঢলে পড়েছে প্রকৃতি, যা কখনও হাসি কখনও বা রাগের সাদা ফেনায় ফুঁসে উঠেছে। আত্মজীবনী নয়, তিনি লিখতে চেয়েছেন আত্মার বিবরণী।

কবিতার ঝিলিক এখানেইÑ যখনই তা লেখা হয় সেটা আজকের নয়, গতকালের। গত মানেই স্মৃতি। তবে কি স্মৃতির এসব গহন হাতছানি নিয়তির মতো ভবিষ্যলুব্ধ? রাজা হাসান তার কবিতায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে শুধু অস্তিত্বের পুনঃনবায়ন করেননি। সময়কে টপকে গিয়ে তিনি সৃজন করতে চেয়েছেন যে সৃষ্টি, যে তত্ত্ব আরেকজনকে মুগ্ধ করে, আক্রান্ত করে এবং চিন্তিত করে। 

কোথাও বর্ষা হলে ভিজে যায় বন, ভাসে নদী। সংকট চিরকালই কবির জন্য অপেক্ষা করে থাকে। নিকট ও সুদূরের ফারাক বুঝতে লেগে যায় অনেকটা সময়। বেদনা, শোকের স্রোত থেকেই একজন কবির মধ্যে তৈরি হয় একধরনের রস, যা করুণাক্রান্ত। যার পাচনপ্রক্রিয়ার শেষ ভাগে এসে জন্ম নেয় শ্লোক। সৃষ্টির উপজীব্য মহান শুভ্রকথন। কবি রাজা হাসানের বেলাতেও কি তাই ঘটেছে? একটু সন্দেহ হয়। যদিও দুঃখের দুয়ার চেনা অতীব দুরূহ, বলা চলে দূর-অন্ত।



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা